আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

গণভোটে রাজি হলেও বিএনপি এখন জটিলতা তৈরির চেষ্টা করছে, দাবি জামায়াতের

গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। তারা নভেম্বরের শেষ দিকে গণভোটের দাবি জানিয়েছে। এদিকে, বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো ভাগ-বাটোয়ারা শুরু করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো

    • সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া জুলাই সনদের কাগুজে মূল্য নয়, এর বাস্তবায়নের নিশ্চয়তা এবং সাংবিধানিক স্বীকৃতি পেলেই জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
    • সরকারের নিরপেক্ষতা নিয়ে 'নিশ্চিত থাকতে' বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
    • গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
    • বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো ভাগ-বাটোয়ারা শুরু করছে। আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর এক বারে ভরি প্রতি প্রায় সাড়ে আট হাজার টাকা কমলো স্বর্ণের দাম।
    • দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে, রাতে থাকা যাবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। আর ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।
    • আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরেও আসে তবুও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় আসন্ন নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়, বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে এই কথা বলেছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
    • সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।
    • অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন। “উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে সাংঘাতিক পেরেশানিতে পড়বেন,” বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
    • ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
    • বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. রেকর্ড ভাঙার পর কিছুটা কমলো স্বর্ণের দাম

    দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর এক বারে ভরি প্রতি প্রায় সাড়ে আট হাজার টাকা কমলো স্বর্ণের দাম।

    বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য প্রতি গ্রাম (১১.৬৬ গ্রাম = ১ ভরি) ১৭ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।

    বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে।

    সবশেষ তথ্য অনুযায়ী, দেশের বাজারে স্বর্ণের মূল্য ভরি প্রতি দুই লাখ ১৭ হাজার ৩৩২ টাকা। নতুন করে দাম নির্ধারণের পর যার মূল্য দাড়াবে দুই লাখ ৯ হাজার টাকার আশপাশে।

    গত কদিন ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমছিল। অবশেষে যার প্রভাব পড়লো দেশের বাজারের। যদিও আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে স্বর্ণের দাম অনেকটাই বেশি।

  3. নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির

    সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, কিছু কিছু দলের প্রতি ইসি পক্ষপাতিত্ব করছে।

    বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। এসময় নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান মি. ইসলাম।

    “সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে এর দায় সরকারের ওপর পড়বে তাই সরকারকে সেই বিষয়টি অবহিত করেছি,” বলেন তিনি।

    এছাড়া শাপলা প্রতীক পাওয়া ও নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “যে নির্বাচন কমিশন নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে আমাদের সঙ্গে ন্যায়বিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা ন্যায়বিচার এবং নিরপেক্ষতা বা সঠিক ফলাফল পাবো সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না”।

    এনসিপি কেন শাপলা প্রতীক পাবে না তার আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা দিলে তখন অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করবো বলেও উল্লেখ করেন মি. ইসলাম।

  4. সরকারের নিরপেক্ষতা নিয়ে ‘নিশ্চিন্ত থাকতে’ বললেন প্রধান উপদেষ্টা

    সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়াত নেতাদের নিশ্চিত থাকতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

    “আমাদের নিরপেক্ষতা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমরা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছি; সামনে আরও অনেক উদ্যোগ আপনারা দেখতে পাবেন,” জামায়াত নেতাদের সঙ্গে আলাপকালে বলেন প্রধান উপদেষ্টা।

    আজ বুধবার জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।

    আগামী সাধারণ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দলদুটির প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্ট আলাপ করেন বলে তার প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, গণভোট এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়েছে।

    এসময় প্রশাসনে বিশেষ রাজনৈতিক দলগুলোর প্রভাব নিয়ে দুটি দলই উদ্বেগ প্রকাশ করলে তিনি তাদের জানান, নির্বাচনের আগে প্রশাসনের যেকোনো রদবদল তিনি নিজেই সরাসরি তদারকি করবেন।

    বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রোডম্যাপ ও জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান।

    এসময় প্রধান উপদেষ্টা এনসিপিকে জুলাই সনদে স্বাক্ষরের আহ্বান জানান।

    এদিকে, জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে নয়, বরং তার আগেই জুলাই সনদের ওপর গণভোটের দাবি করেন জামায়াত নেতারা।

  5. সাংবিধানিক স্বীকৃতি পেলে জুলাই সনদে সই করবে এনসিপি

    জুলাই সনদের কাগুজে মূল্য নয়, এর বাস্তবায়নের নিশ্চয়তা এবং সাংবিধানিক স্বীকৃতি পেলেই জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে একথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের নানা ঘটনায় সারাদেশে যে মামলাগুলো হয়েছে সেগুলোর বিষয়ে সরকার কী পদক্ষেপ নিয়েছে সেটিও জানতে চেয়েছে তারা।

    এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের বিচারের রোডম্যাপ দেওয়ার দাবিও জানিয়েছে দলটি।

  6. গণভোটে রাজি হলেও বিএনপি এখন জটিলতা তৈরির চেষ্টা করছে, দাবি জামায়াতের

    গণভোটে রাজি হলেও এখন এটি নিয়ে বিএনপি জটিলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।

    বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, "গণভোট এবং জাতীয় নির্বাচন এক বিষয় নয়"।

    দলটি একটি বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

    “একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে। এ বিষয়ে উনি (প্রধান উপদেষ্টা) আমাদের সঙ্গে একমত হয়েছেন,” তিনি বলেন।

    নির্বাচন কমিশিন, সচিবালয় ও পুলিশ প্রশাসনে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ কর্মকর্তা একটি দলের অনুগত বলেও মন্তব্য করেন করেন মি. তাহের।

  7. নভেম্বরে রাতে থাকা যাবে না সেন্টমার্টিনে, নেওয়া যাবে না পলিথিন

    দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বরে শুধু দিনে ভ্রমণ করা যাবে, রাতে থাকা যাব না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ফেব্রুয়ারিতে দ্বীপে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে।

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত ১২ দফা নির্দেশনা জারি করেছে।

    নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এখন থেকে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

    এছাড়া পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট নিতে হবে। প্রতিটি টিকিটে থাকতে হবে ট্রাভেল পাস ও কিউআর কোড। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য হবে।

    দ্বীপে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, সামুদ্রিক জীব বা প্রবাল সংগ্রহ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

    এছাড়া দ্বীপে পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, শ্যাম্পুর মিনিপ্যাক ইত্যাদি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    সরকার মনে করে, এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হবে দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটনের একটি উৎকৃষ্ট উদাহরণ।

  8. নির্বাচনের আগে এসপি-ডিসি ভাগ বাটোয়ারা করছে বড় দলগুলো: নাহিদ ইসলাম

    বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনে নিজেদের মতো ভাগ-বাটোয়ারা শুরু করছে। আর উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন তিনি।

    মি. ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।

    এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় নির্বাচন কমিশনের কার্যক্রমের স্বচ্ছতার বিষয়েও নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার কথা জানান মি. ইসলাম।

    “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষ আচরণ করছে না নির্বাচন কমিশন। কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে,” অভিযোগ করেন তিনি।

    এছাড়া জুলাই সনদের কাগুজে মূল্য নয়, এটি কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে নিশ্চয়তা পেলেই এনসিপি ওই সনদে স্বাক্ষর করবে বলেও জানান তিনি।

  9. 'তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনের আগে গঠন সম্ভব নয়'

    আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরেও আসে তবুও বর্তমান সাংবিধানিক বাস্তবতায় আসন্ন নির্বাচনের আগেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয়।

    বুধবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষে এসব কথা বলেছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।

    এর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি হয়। যেখানে চূড়ান্ত আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন সর্বোচ্চ আদালত।

    আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে দেওয়ার পনের দিনের মধ্যে করা সম্ভব,” বলেন তিনি।

    ২০১১ সালের ১০ই মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন তৎকালীন আপিল বিভাগ। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নতুন করে আইনি লড়াই শুরু হয়। এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি।

  10. শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন হাইকোর্টে স্থগিত

    সরকারি কর্মকর্তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করেছেন হাইকোর্ট।

    বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান রিটের শুনানি শেষে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেন।

    সেই সঙ্গে সভাপতি পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত বিধি দুই মাসের জন্য স্থগিত করেন আদালত।

    গত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।

    সংশোধনের আলোকে আগামী ৩১শে নভেম্বরের মধ্যে নতুনভাবে কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী।

  11. অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে যেতে বললেন আমির খসরু

    অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

    মি. খসরু বলেন, "সরকারের ভেতরে ও বাইরে যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না"।

    দেশে স্থিতিশিলতার কারণে "বিএনপি অনেক কিছু সহ্য করেছে বলেই অসুভ শক্তি সেই সুযোগ নিয়েছে" উল্লেখ করে মি. খসরু বলেন, “আমরা লক্ষ্য করেছি অনেকগুলো বদলী, পদায়ন ও সরকারের ভূমিকা কিছু কিছু লোক প্রভাবিত করেছে।”

    এছাড়া দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

  12. উদ্দেশ্যমূলক কাজ করলে সাংঘাতিক পেরেশানিতে পড়বেন: উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি ইসি

    নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন।

    “উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে সাংঘাতিক পেরেশানিতে পড়বেন। আর সঠিকভাবে কাজ করার জন্য যা যা সহায়তা লাগে তা আমরা দেবো,“ ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষণে এই কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

    একই প্রশিক্ষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “নির্বাচন কমিশন কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না।”

    “আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ বা হুকুম দেবো না। আপনারা ধরে রাখতে পারেন, রিলেভেন্ট টু ইলেকশন (নির্বাচন সম্পর্কিত) যে আইন প্রচলিত আছে সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেভাবে দায়িত্ব পালন করবেন। একটা সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারার চেষ্টা করবেন।’

    প্রশিক্ষণে নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, “আমরা সাহসী হবো, তবে অতি সাহসী না। অতীতে অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কিছু করেছেন। এবার এসব করা যাবে না।“

  13. যুদ্ধবিরতির আলোচনা নিয়ে অচলাবস্থার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা

    ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ কমপক্ষে সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই হামলার ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।

    এর কয়েক ঘণ্টা আগেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বুদাপেস্টে আসন্ন শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করা হয়েছে কারণ তিনি "অকার্যকর বৈঠক" চান না।

    এর মধ্য দিয়ে ট্রাম্প এবং ইউরোপীয় নেতাদের সম্মুখ সারিতে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলো ক্রেমলিন।

    এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।

    রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় প্রবেশ করে চালানো এই হামলাকে "একটি সফল আঘাত" বলে অভিহিত করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

  14. বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি: আসিফ নজরুল

    বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়কের ভূমিকায় চেয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

    বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন তিনি।

    আইন উপদেষ্টা বলেন, “উনারা চেয়েছেন ইন্টেরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করেন, নিরপেক্ষ ভূমিকা পালন করেন। আমরা উনাদের বলেছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসুরেন্স (নিশ্চয়তা) দিয়েছেন- এখন থেকে প্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন।”

    ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় বা আস্থার সংকট তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “মাঠে-ঘাটে আস্থার সংকট হয়েছে কি না আমি জানি না। তবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে, উনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো এটা হয়েছে।”

    তবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখা গেলে এ বিষয়ে সকল সংশয় খুব দ্রুত কেটে যাবে বলেও মন্তব্য করেন মি. নজরুল।

  15. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে