আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতের কয়েকটি জায়গায় বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ও ত্রিপুরায় বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি দেশে পৌঁছাবেন বলে জানিয়েছে বিএনপি।

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো

    • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
    • ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজ বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন। আগরতলায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপিও। এসব বিক্ষোভে ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন বলে তার দল জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দিবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।
    • ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে। তবে 'বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই' বলে মনে করছেন পুলিশ।
    • পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে জাফরাবাদে বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত।
    • আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শরিক সাতটি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

    মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

    মি. চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

    তিনি এমন এক সময়ে পদত্যাগ করলেন যখন তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সরকারের প্রতি ইনকিলাব মঞ্চের একটি আলটিমেটাম ছিল।

  3. রাতেই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাতেই দেশের উদ্দেশে রওনা হচ্ছেন বলে তার দল জানিয়েছে। ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার তিনি ঢাকায় আসছেন।

    বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পাতায় জানানো হয়েছে যে, মি. রহমান তার লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে বাংলাদেশ সময় রাত সোয়া দশটা নাগাদ হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে তার স্ত্রী ও মেয়েও রয়েছেন।

    বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারা ঢাকায় পৌঁছাবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

    বিএনপির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দেবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন।

    এদিকে মি. রহমানকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তার দলের নেতাকর্মী ও সমর্থকরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। সংবর্ধনাস্থলে বুধবার রাতেই অনেকের ভিড় দেখা গেছে।

    সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা মি. রহমানের দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

    এছাড়া তারেক রহমানের নিরাপত্তার বিষয়েও তার দলের চাহিদা অনুযায়ী সরকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন তিনি।

  4. ঢাকার মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

    ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে।

    ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভ ফুটেজ ও সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে।

    তিনি সাংবাদিকদের বলেন, এর আগেও ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বিভিন্ন সময়। ভীতি ছড়ানোর জন্য এটা করা হয়।

    "বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই" বলে মনে করছেন তারা।

    জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার কিছু সময় পর মগবাজার মোড় এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে মূল সড়কে ককটেলটি বিস্ফোরিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের পরেই একটি চার্টের গেট।

    এজি চার্চের একজন কর্মকর্তা জানিয়েছেন, মগবাজার মুক্তিসংসদ গলিতে দুটি চার্চ আছে এবং এর একটি গলির মুখেই প্রধান সড়কের কাছে। সেখানে প্রধান সড়কে ঘটনাটি ঘটেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

    এদিকে পুলিশ জানায়, ককটেলটি যখন নিক্ষেপ করা হয়, তখন সেখানে অবস্থান করছিলেন একটি গাড়ি ডেকোরেশন প্রতিষ্ঠানের একজন কর্মী। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

    ঘটনার পরপরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে।

    পুলিশ বলছে, নিহত ব্যক্তির নাম সিয়াম, বয়স ২২ বা ২৩ বছর। তিনি সেখানে একটি দোকানে চা খেতে গিয়েছিলেন।

  5. বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আগরতলায় আরএসএস-এর ছাত্র সংগঠনের বিক্ষোভ

    ভারতের আগরতলায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি।

    এ সময় তারা বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।

    পাশাাপাশি বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পুড়িয়েছেন সেখানে।

    এছাড়াও ভারতের কয়েকটি জায়গায় আজও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও কয়েকটি সংগঠন।

  6. হাদি হত্যা : ফায়ার কার্তুজ-ফায়ার বুলেটের ব্যালিস্টিক পরীক্ষা করার নির্দেশ

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করা ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ বস্তুর ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত প্রদানের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।

    মামলার আবেদনে বলা হয়েছে, গত ১২ই ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর দুষ্কৃতিকারীরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ বস্তু আলামত জব্দ করা হয়।

    “মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আলামতসমূহ ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত প্রদান করার জন্য সিআইডির ব্যালিস্টিক শাখার বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা একান্ত প্রয়োজন,” আবেদনে বলা হয়েছে।

  7. ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার আবেদন খারিজ

    বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপি তালিকা থেকে নিজের নাম বাদ চেয়ে যে রিট করেছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সেটি আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

    তার আইনজীবীদের একজন জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেছেন যে তারা হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল বিভাগে যাবেন।

    আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখলে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না মাহমুদুর রহমান মান্না।

    তিনি বগুড়া-২ আসনে নির্বাচন করার কথা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজই এক সংবাদ সম্মেলন মি. মান্নার প্রতি তার দলের সমর্থনের কথা জানিয়েছেন।

    জানা গেছে, বগুড়ার একটি প্রতিষ্ঠানে মাহমুদুর রহমান মান্নার ৫০ শতাংশ অংশীদারিত্ব আছে। সেই প্রতিষ্ঠানটির কাছে একটি বেসরকারি ব্যাংকের বগুড়ার একটি শাখায় ৩৮ কোটি টাকার বেশি ঋণ ছিল।

    ব্যাংকের তরফ থেকে গত ১০ই ডিসেম্বর ওই প্রতিষ্ঠানকে নোটিশ দিয়ে বলা হয় যে, ১৮ই ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না কররে তারা আইনি ব্যবস্থা নেবে।

    ঋণ পরিশোধ না করায় মি. মান্নার নাম ঋণখেলাপি তালিকায় আসে। এরপর ওই তালিকা থেকে তার নাম বাদ চেয়ে রিট আবেদন করেন।

  8. তারেক রহমানের নিরাপত্তায় দল যেভাবে চাইছে সরকার সেভাবেই সহযোগিতা করছে, প্রেস সচিব

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তার দল দেখছে এবং তারা সরকারের কাছ থেকে যা যা সহযোগিতা চাচ্ছেন সেটি সরকার দেখছে।

    “আমরা তার প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে সিকিউরিটি তা নিয়ে আমাদের সাথে তার পার্টির আলোচনা হচ্ছে। যতটা তারা চাচ্ছেন বিএনপির সাথে কথা বলেই সেটুকু দেখা হচ্ছে। আমাদের দিক থেকে সর্বোচ্চ অ্যাফোর্ট আছে তাকে ভালো সিকিউরিটি দেওয়ার,” প্রেস ব্রিফিংয়ে বলেছেন তিনি।

    প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে।

    এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।

    “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। সেজন্য এ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না”।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত হচ্ছে।

    “সব নিরাপত্তা সংস্থা এটা নিয়ে কাজ করছে। মূল সন্দেহভাজন না হলেও আশেপাশে ছিলেন এমন অনেককে আটক করা হয়েছে। সর্বোচ্চ চেষ্টা আছে আমাদের,” বলছিলেন মি. আলম।

    ময়মনসিংহে দিপু চন্দ্র দাস ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় ভিডিও ও ভিজুয়ালস দেখে কমপক্ষে ১২ জনকে আটক করা হয়েছে।

    “এ মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। সংখ্যালঘুদের সুরক্ষায় সর্বোচ্চ অ্যাফোর্ট দিচ্ছি। দুর্গাপূজায় ও অন্য ধর্মীয় উৎসবে দেখেছেন যথেষ্ট নিরাপত্তা ছিল। উৎসবগুলো যেন আনন্দের সাথে হয় ও নিরাপত্তা থাকে সেই চেষ্টা করেছি,” বলেছেন তিনি।

  9. মহাসচিব বিএনপিতে গেলেন, এককভাবে নির্বাচনের ঘোষণা অলি আহমদের

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগামী সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

    বিএনপির সাথে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দুপুরে মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

    এদিকে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ আজ বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

    অলি আহমদ বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির কেউ তার সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন।

    “আমি নিজে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদের কাছে দলের মনোনয়নের তালিকা পাঠিয়েছি। কিন্তু আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তাই আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমরা এককভাবেই নির্বাচন করব,” বলেছেন মি. আহমদ।

  10. পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

    গত কয়েকদিনের মতো বুধবারও ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও কয়েকটি সংগঠন।

    এদিন একটি বিক্ষোভ হয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত চেকপোস্ট পেট্রাপোলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন যে বুধবার তারা সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখাবেন। সেই অনুযায়ী পেট্রাপোলে হাজির হয়েছিলেন বিজেপি সমর্থকরা।

    বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে তারা স্লোগান যেমন দিয়েছেন, তেমনই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।

    বিজেপির স্থানীয় নেতাকর্মীরাই পেট্রাপোলের ওই বিক্ষোভে হাজির হয়েছিলেন। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবশ্য সীমান্তের কিছুটা দূরেই আটকিয়ে দেয় বিক্ষোভকারীদের।

    আবার কলকাতা লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেছেন বিজেপির কর্মীরা। কলকাতার প্রতীক যে বিখ্যাত হাওড়া ব্রিজ তার আগেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল বিজেপি কর্মীদের আটকাতে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়।

    পরে বিজেপিকর্মীরা হাওড়া ব্রিজ অবরোধ করেন। তারাও বাংলাদেশে, তাদের কথায় হিন্দুদের ওপরে অত্যাচারের অভিযোগতুলে এর বিরুদ্ধে স্লোগান দেন।

    অন্যদিকে ত্রিপুরা থেকে খবর পাওয়া গেছে যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আগরতলায় বিক্ষোভ করছে বিশ্ব হিন্দু পরিষদ।

  11. টেলিযোগাযোগ অধ্যাদেশে নজরদারির বিষয়ে নতুন প্রস্তাব, এনটিএমসি বিলুপ্ত

    প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব পাশ করেছে উপদেষ্টা পরিষদ, যাতে রাষ্ট্রের নজরদারি কাঠামোতে ‘গঠনমূলক’ পরিবর্তন আনা হয়েছে।

    এতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার বা এনটিএসি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তবে বিচারিক ও জরুরি আইনানুগ ইন্টারসেপশনের বা নজরদারির প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট’ প্রতিষ্ঠা করা হয়েছে।

    আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশাধনীর প্রস্তাব পাশ হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রেস উইং।

    “নতুন সংশোধনীতে স্পিচ অফেন্স সম্পর্কিত নিবর্তনমূলক ধারা পরিবর্তন করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ধারাবাহিকতায় কেবল সহিংসতার আহ্বানকেই অপরাধের আওতাভুক্ত রাখা হয়েছে,” প্রেস উইং জানিয়েছে।

    যদিও সংশোধনী অনুযায়ী "জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা, জরুরি প্রাণরক্ষার প্রয়োজনে, বিচারিক বা তদন্তের প্রয়োজন এবং আন্তঃসীমান্ত সংক্রান্ত কাজে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি অনুসরণ করে আইনানুগ ইন্টারসেপশন করতে পারবে"।

    সংশোধনীতে বলা হয়েছে, “সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে কোনো নাগরিককে নজরদারি বা অযথা হয়রানি করাকে আইনত দণ্ডনীয় অপরাধ করা হয়েছে”।

    প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ইন্টারনেট বা টেলিযোগাযোগ সেবা কখনোই বন্ধ করা যাবে না এমন বিধান রাখা হয়েছে”।

    প্রসঙ্গত, ২০০৮ সালে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং মোবাইল অপারেটরদের অর্থায়নে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র ভবনে গঠিত হয় ন্যাশনাল মনিটরিং সেন্টার – এনএমসি। পরে ২০১৩ সালে তা নাম বদলে এনটিএমসি হয়।

    জুলাই অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনেও সংস্থাটিকে বিলুপ্ত করার এবং জনগণের ওপর বেআইনি নজরদারি বন্ধের সুপারিশ করা হয়েছিল।

  12. আতাউর রহমান বিক্রমপুরিকে গ্রেফতারের পর তিন মাসের আটকাদেশ

    বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতারের পর আটকাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের প্রেক্ষাপটে তাকে বুধবার সকালে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

    ওই আদেশে আতাউর রহমান বিক্রমপুরীকে তিন মাসের আটকাদেশ দেওয়ার কথা বলা হয়েছে।

    এর আগে তাকে নরসিংদী থেকে গ্রেফতারের কথা জানিয়েছিল ঢাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বাংলাদেশে সম্প্রতিক প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অনুসারীদের প্রতি উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠার পর তিনি নতুন করে আলোচনায় এসেছেন।

    সামাজিক মাধ্যমে তিনি সবশেষ লাইভ বক্তব্য দিয়েছিলেন ২২শে ডিসেম্বর রাত সাড়ে দশটায়। সেই লাইভের ভিডিও পোস্ট করে তাতে নিজেই তার ক্যাপশন দিয়েছেন “প্রথম আলোর মামলায় আমাকও গ্রেফতার করুন”।

    প্রায় ৩৯ মিনিটের লাইভ বক্তৃতায় তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করেছেন।

    তিনি তার ফেসবুক পাতায়, যেটি ভেরিফায়েড নয়, নিজেকে ‘ফাউন্ডার, প্রিজনার্স রাইটস মুভমেন্ট’, ‘আমির আজাদি আন্দোলন বাংলাদেশ’, ‘প্রিন্সিপাল হুনাফা ইসলামিক স্কুল’, ‘ফাউন্ডার মারকাজুল হুনাফা’ এবং ‘সিইও হুনাফা শপ’- হিসেবে পরিচয় দিয়েছেন।

    মঙ্গলবার তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপি এবং দলটির কয়েকজন নেতাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন- সেটিও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।

  13. মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

    পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে জাফরাবাদে বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত। নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    ভারতে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অংশে বিক্ষোভ দেখা গিয়েছিল। সেই বিক্ষোভকে কেন্দ্র করেই এপ্রিল মাসে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। ক্রমে সেই সহিংস বিক্ষোভ সাম্প্রদায়িক রূপ নেয়।

    পুলিশ জানিয়েছে- ১২ই এপ্রিল, মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানা এলাকার জাফরাবাদ গ্রামে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে হত্যা করে উত্তেজিত জনতার একটি দল। ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল এবং ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়।

    পুলিশ জানিয়েছে এই নতুন ফৌজদারি বিধির মামলায় গণপিটুনির ধারাও যোগ করা হয়েছিল। দেশে এটিই দ্বিতীয় মামলা যেখানে ওই ধারা মেনে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় সাজা দেওয়া হয়েছে।

    বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অবশ্য জানিয়েছেন নিহতের পরিবার এই রায়ে সন্তুষ্ট নয়। সর্বোচ্চ শাস্তি দাবি করে উচ্চতর আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি যাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

  14. বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

    রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ ডিসেম্বর আইন সচিব লিয়াকত আলী মোল্লা সাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

    নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

    সংবিধান অনুযায়ী, ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন দেশের ২৫তম প্রধান বিচারপতিড. সৈয়দ রেফাত আহমেদ।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজকোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।

  15. বিএনপি এবার সাতটি শরিক দলের জন্য আটটি আসন ছাড়লো

    আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শরিক সাতটি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বন্টন করেছে বিএনপি।

    বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কারযালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।

    বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যেজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আসন ছেড়ে দেওয়া হয়েছে।

    এছাড়া ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়ীয়া -৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

    মির্জা ফখরুল বলেন, “আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলোতে আমরা সমঝোতা করেছি। তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই তালিকার পরও আলোচনা চলবে, তারপরে সিদ্ধান্ত হলে আমরা জানাব।”

    বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবংৎ ঢাকা- ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদোয়ান আজ বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন।

    তিনি বলেন, ‘‘যাদের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন”।

    এর আগে গতকাল মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। এসব আসনে বিএনটি কোনো প্রার্থী দেবে না, জমিয়ত উলামায়ের প্রার্থীরা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

  16. মঙ্গলবারের গুরুত্বপূর্ণ কিছু খবর

    • ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • এর আগে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসে কাছে দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। হিন্দুত্ববাদীরা এক পর্যায়ে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললেও বামপন্থিরা সেই চেষ্টা করেনি।
    • বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার। দিল্লি, কলকাতায় বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভের কারণে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
    • দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মঙ্গলবার বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ কয়েকটি হিন্দু সংগঠন বিক্ষোভ মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।
    • নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার খবর বিবিসি বাংলাকে নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।
  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে