আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের কাছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সরাসরি কভারেজ

  1. আজ মঙ্গলবার যা যা হলো:

    • ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। হিন্দুত্ববাদীরা এক পর্যায়ে এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে ফেললেও বামপন্থিরা সেই চেষ্টা করেনি।
    • বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার। দিল্লি, কলকাতায় বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরেই ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
    • দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ কয়েকটি হিন্দু সংগঠন বিক্ষোভ মিছিল করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়।
    • দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে মব হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সরকারের উচিত দ্রুত এবং কার্যকরভাবে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা। আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
    • ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে খুনের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সরকারের পক্ষ থেকে মি. আবরার ময়মনসিংহে গিয়ে দি. দাসের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
    • নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম। মি. আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ওই চরের সক্রিয় থাকা বনদস্যুদের দুটি গোষ্ঠীর মধ্যে আজ সারাদিন ধরেই এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব

    ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে পাল্টা তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    তাকে কী বার্তা দেওয়া হয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কূটনৈতিক মহলে ধারণাই করা হচ্ছিল যে একটি পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডাকা হতে পারে।

    এর আগে মঙ্গলবার দুপুরে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় ঢাকা।

    পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রাঙ্গন এলাকায় সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে মি. ভার্মাকে তলব করে।

    এছাড়া শনিবার নয়াদিল্লিতে কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া 'অনাকাঙিক্ষত' ঘটনা, সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনায় এরকম ‘পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

    এর আগে গত ১৪ই ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

    পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।

    এর পর ১৭ই ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠায় বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে।

    বাংলাদেশে নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে বলে ভারত মনে করছে এবং এই পরিস্থিতিতে ভারত উদ্বিগ্ন ও বিচলিত, সেটা বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়ে দেওয়া হয় সেদিন।

  3. আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি

    বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের নিরাপত্তা বাড়িয়েছে ত্রিপুরা সরকার।

    দিল্লি, কলকাতায় বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাস এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের সামনে লাগাতার বিক্ষোভ চলছে। তারপরেই ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

    স্থানীয় সাংবাদিকরা দেখতে পেয়েছেন যে মঙ্গলবার থেকে ওই দফতরের সামনে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং পুলিশ ছাড়াও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

    পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমাদের সীমান্তের ঠিক অপর দিকেই বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি, তার দিকে নজর রেখে আমাদের পুলিশ প্রশাসন চূড়ান্ত সতর্ক রয়েছে”।

    “বাংলাদেশের সহকারী হাই কমিশনারের দফতরের মতো স্পর্শকাতর স্থাপনাগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছি। আমাদের গোয়েন্দা বিভাগও নজর রাখছে। বিএসএফও সীমান্তের দিকে কড়া নজর রেখেছে। আমরা আশা করব যে সাধারণ মানুষ শান্তি বজায় রাখবেন,” বলেন তিনি।

  4. জনরোষকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বিপজ্জনক, জাতিসংঘ বিশেষজ্ঞের প্রতিক্রিয়া

    জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে মব হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং সরকারের উচিত দ্রুত এবং কার্যকরভাবে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা।

    আজ মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

    এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতা শরিফ ওসমান হাদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর সারাদেশে ব্যাপক বিক্ষোভের সময় ডেইলি স্টার ও প্রথম আলো অফিস এবং ছায়ানটে হামলার পাশাপাশি নিউ এজ সম্পাদকের ওপর হামলা হয়েছে।

    “আমি অনুপ্রেরণাদায়ী নেতা হত্যার এবং তার মৃত্যু ঘোষণার পর স্বাধীনতা সাংবাদিকতা ও শিল্পীদের ওপর যে মব সহিংসতা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছি,” ওই বিজ্ঞপ্তিতে বলেছেন জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান।

    তিনি বলেছেন, “এই মব হামলা এমনি হয়নি বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদমাধ্যম ও শিল্পীদের স্বাধীনতার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতারই পরিণতি”।

    আইরিন খানকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জনরোষকে সাংবাদিক ও শিল্পীদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা যে কোনো সময়েই বিপজ্জনক, বিশেষ করে দেশ যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটা সংবাদপত্রের স্বাধীনতা, সংখ্যালঘুদের কণ্ঠ এবং ভিন্নমতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা গণতন্ত্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে”।

  5. পিটিয়ে পুড়িয়ে হত্যার শিকার দিপু চন্দ্র দাসের বাড়িতে গেলেন শিক্ষা উপদেষ্টা

    ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে খুনের শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে সহানুভূতি জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

    সরকারের পক্ষ থেকে মি. আবরার ময়মনসিংহে গিয়ে দি. দাসের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মি. দাসকে গত ১৮ই ডিসেম্বর রাতে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কারখানার ভেতরে ও বাইরে পিটিয়ে, পরে মহাসড়কের আইল্যান্ডে মৃতদেহ ঝুলিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিলো।

    যদিও এ ঘটনায় 'ধর্ম অবমাননার' কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব।

    প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

    “সরকারের পক্ষ থেকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার মঙ্গলবার ময়মনসিংহে পরিবারের সাথে দেখা করে সরকারের সহানুভূতি এবং এই কঠিন সময়ে সহায়তার আশ্বাস দিয়েছেন,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে জানানো হয় যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করেছে।

    বিবিসি বাংলায় আরও পড়ুন:

  6. কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থি দলগুলোর মিছিল

    দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা। দুপুরের মতোই এদের মিছিলও উপদূতাবসের দুশো মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ।

    বামপন্থিরা অবশ্য ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টাও করেননি।

    ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সংক্ষেপে সিপিআই (এম), সিপিআই, বিপ্লবী সমাজতন্ত্রী দল বা এসএসপি, একতা দল, ফরোয়ার্ড ব্লক এতে অংশ নেয়।

    বামপন্থি নেতাদের বক্তৃতায় মূল সুর ছিল- তাদের ভাষায় "বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে"।

    তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রসঙ্গের সঙ্গেই সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ওপরে হামলার বিরোধিতাও করেন প্রবলভাবে।

    তাদের কথায়, "ধর্মান্ধতার পাল্টা ধর্মান্ধতা হতে পারে না"।

    সিপিআই (এম) এর রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম তাদের এই মিছিলের বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশে যা হচ্ছে, সেকুলার ডেমোক্রেসিকে আক্রমণ করা হচ্ছে। যা কিছু মুক্ত চিন্তা প্রতীক, যা কিছু স্বাধীনতার প্রতীক এগুলো আক্রান্ত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি।”

    “সাম্প্রদায়িক রাজনীতি ধ্বংসের দিকে নিয়ে যায়” এবং সেটা বাংলাদেশে ও ভারতে দুই জায়গাতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি”।

    এর আগে দুপুরে ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করে।

    ডেপুটি হাই কমিশনের প্রায় দুশো মিটার দূর পর্যন্ত মোট তিনটি ব্যারিকেড দিয়েছিল পুলিশ। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই পুলিশের সাথে বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কি শুরু করে, এক পর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে তারা।

    এরপর দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে।

  7. হাতিয়ার জাগলার চরে সংঘর্ষ ও গুলিতে পাঁচ জন নিহত, জানিয়েছে পুলিশ

    নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরে সংঘর্ষে পাঁচ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

    মি. আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন, ওই চরের সক্রিয় থাকা বনদস্যুদের দুটি গোষ্ঠীর মধ্যে আজ সারাদিন ধরেই এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

    পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

    স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চর এলাকায় মেঘনা নদীতে নতুন জেগে ওঠা একটি চরের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে কিছুদিন ধরে মাঝেমধ্যেই স্থানীয় দুটি দলের মধ্যে সংঘর্ষ হয়ে আসছিলো।

    আজ সকাল থেকেই সেখানে গোলাগুলি ও থেমে থেমে সংঘর্ষ হচ্ছিলো। তবে যাদের মরদেহ পাওয়া গেছে তারা সকালের দিকেই সংঘর্ষে নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ বলছে।

    স্থানীয়রা বলছেন, ওই চরের জমি সরকারের দিক থেকে কাউকে বরাদ্দ বা বন্দোবস্ত দেওয়া হয়নি। তবে স্থানীয় সশস্ত্র কিছু গ্রুপ বিভিন্ন সময়ে নিজেদের মতো করে চরের বিভিন্ন জায়গায় জমি বিক্রির চেষ্টা করেছিলো গত এক বছর ধরেই।

    এ নিয়েই দু পক্ষের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ হয়ে আসছিলো। আজকের সংঘর্ষের পর চরের পরিস্থিতি এখন থমথমে।

  8. ভারত–বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ

    ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায়।

    প্রাপ্ত তথ্য অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স ৩৫ বছর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।

    ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, ওই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুইটা জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্ট্যাবল হয়েছে।

    বর্তমানে জিবি হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে।

    বিএসএফের স্থানীয় দফতর বা দিল্লিতে সদর দফতরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

  9. ‘একটা লাশ পুড়িয়ে দিয়েছে, এ ধরনের উসকানি অনেক হবে’- কর্মকর্তাদের সতর্ক করলেন সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

    “অনেকের অনেক রকম চিন্তা থাকে। একটা লাশ পুড়িয়ে দিয়েছে। এ ধরনের উসকানি অনেক হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই রক্ষা করতে হবে। প্রশাসন ও পুলিশকে অনুরোধ করছি যাতে সাম্পদ্রায়িক সম্প্রীতি রক্ষা হয় সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে,” আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেছেন।

    প্রসঙ্গত, সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিকে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। যদিও পুলিশ জানিয়েছে, ধর্ম কটূক্তির কোনো প্রমাণ তারা পাননি।

    সরকারি বার্তা সংস্থা বাসসের খবর অনুযায়ী, সিইসি আরও বলেছেন যে, “আগেও বলেছিলাম, আইনের শাসন কাকে বলে- সেটা আমরা দেখিয়ে দিতে চাই। কথাটা বলার কারণ হচ্ছে- আমাদের বিরুদ্ধে সামষ্টিকভাবে আনা যে কোনো অপবাদ আমরা ঘোচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক, সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব”।

    প্রধান নির্বাচন কমিশনার বলেন, “এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে গুরুদায়িত্ব এসে পড়েছে, যদি সঠিকভাবে সে দায়িত্ব পালনে ব্যর্থ হই আমরা, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। আমাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হবার কোনো অবকাশ নেই।”

  10. ২৫শে ডিসেম্বর আগেভাগে বিমানবন্দরে যেতে যাত্রীদের অনুরোধ বিমানের

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫শে ডিসেম্বর পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।

    ওই দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশঙ্কায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ করেছে বিমান।

    প্রসঙ্গত, ২৫শে ডিসেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মি. রহমান ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে রয়েছেন।

    বিমান তার বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫শে ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকা, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই দিন এলাকাগুলোতে বড় ধরনের যানজটের সৃষ্টি হতে পারে।

    “এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক— উভয় রুটের সম্মানিত যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা যেন নির্ধারিত সময়ের বেশ আগেই বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেন,” বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

  11. দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে নিরাপত্তা জোরদার

    দিল্লির চানক্যপুরীতে বাংলাদেশের হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

    আজ কয়েকটি হিন্দুত্ববাদী দলের বিক্ষোভকে ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

    দুপুরে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ হিন্দু সংগঠনগুলো সীমান্তের ওপারে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করে। এসময় তারা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

    তবে হাইকমিশন ভবন থেকে ৫০০ মিটার দূরে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের।

  12. শাহজালালসহ সব বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

    সরকারের এক তথ্যবিবরণীতে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সর্বসাধারণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

    এতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক পত্রে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে উল্লেখ করে বলা হয়েছে গত ১৯শে ডিসেম্বর শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দরে গ্রহণ করার সময়ে বিমানবন্দরে ড্রোন উড়িয়ে ছবি ধারণের কারণে বিমান চলাচলে মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয়।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

  13. গুমের মামলায় ১২সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

    আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার ঘটনায় করা মামলায় ১২ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আইনজীবীরা জানিয়েছেন, ২০১৬ সাল থেকে ২০২৪ সাল সময়ের মধ্যে ১৪ জন ভিকটিমের জন্য ১৭ জন আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। আজ সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ১০ সেনাকর্মকর্তাকে এনে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। এজলাসে থাকা ১০ সেনা কর্মকর্তার কাছে ট্রাইব্যুনাল জানতে চান, তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তারা স্বীকার করেন কি না।

    তারা নিজেদের নির্দোষ দাবি করার প্রেক্ষাপটে আগামি ২১শে জানুয়ারি ওপেনিং স্টেটমেন্ট ও প্রথম সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হতে যাচ্ছে বলে আইনজীবীরা সাংবাদিকদের বলেছেন।

    তারা বলেছেন, আসামিরা প্রত্যেকেই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

    এ মামলার অন্য আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, এম খুরশীদ হোসেন ও মো. হারুন অর রশিদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম পলাতক আছেন।

  14. কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

    ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে।

    বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছিল।

    বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী ঘটনাস্থল থেকে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১১টায় এই সমাবেশ শুরু হয়।

    কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার দাবিতে স্লোগান দিচ্ছিলো।

    বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, ডেপুটি হাই কমিশনের প্রায় দুশো মিটার দূর পর্যন্ত মোট তিনটি ব্যারিকেড দিয়েছিল পুলিশ।

    সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই পুলিশের সাথে বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কি শুরু করে, এক পর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা।

    এরপর দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে। দূতাবাসের অন্তত একশো মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।

  15. রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়া-২ সহ চারটি আসন জমিয়তকে ছাড়লো বিএনপি

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি, এসব আসনে তারা কোনো প্রার্থী দেবে না বলে জানিয়েছে।

    দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সমঝোতার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    জমিয়ত উলামায়ের প্রার্থীরা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না।

    যে চারটি আসন বিএনপি ছেড়েছে তার একটি হলো ব্রাহ্মণবাড়িয়া-২, যেখানে জমিয়ত উলামায়ের প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন পাবেন জুনায়েদ আল হাবিব।

    ওই আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

    গত শুক্রবারেই জেলার সরাইল উপজেলায় এক সভায় দলীয় মনোনয়ন না পেলেও সরাইল, আশগঞ্জ ও বিজয়নগরের একাংশকে নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি।

    জমিয়তে উলামায়েকে বিএনপির ছেড়ে দেওয়া বাকি তিনটি আসন হলো–– নীলফামারী-১ আসনে দলটির মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে দলের সভাপতি উবায়দুল্লাহ ফারুক।

    এর আগে বিএনপি দুই দফায় ২৭২টি নির্বাচনী আসনের জন্য দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

  16. ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

    ভারতের দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রাঙ্গন এলাকায় সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে মি. ভার্মাকে তলব করে।

    এছাড়া শনিবার নয়াদিল্লিতে কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে ঘটে যাওয়া অনাকাঙিক্ষত ঘটনা, সোমবার শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থি গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনায় এরকম ‘পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

    এতে বলা হয়, “এ ধরনের ঘটনা কেবল কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে দেয় না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার যে নীতি রয়েছে তাকেও ক্ষুণ্ন করে”।

    প্রসঙ্গত, গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন যে শনিবার রাতে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেস্টনি ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে 'হিন্দু চরমপন্থিদের' একটি দল।

    এ সময় হাইকমিশনারকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে "যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি"।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছিল, একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে স্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিল না।

    এর আগে গত ১৪ই ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।

    পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।

  17. দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল

    দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অভিমুখে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল।

    বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বাজরং দলসহ হিন্দু সংগঠনগুলো সীমান্তের ওপারে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে বিচার দাবি করছে।

    ময়মনসিংহে তরুণ হিন্দু শ্রমিক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনি দিয়ে হত্যা এবং মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানায় তারা।

    বিক্ষুব্ধরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং ‘বাংলাদেশ মুর্দাবাদ’ স্লোগান দিতে দিতে কুশপুত্তলিকা পোড়ায়। তবে বিক্ষোভকারীদের হাইকমিশন ভবন থেকে ৫০০ মিটার দূরে আটকে দেওয়া হয়েছে।

    ঘটনাস্থলে ভারতীয় নিরাপত্তা বাহিনী কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধাসামরিক বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

    গত শনিবার রাতে কূটনৈতিক পাড়ার একই জায়গায় বাংলাদেশের হাই কমিশনারের বাসভবনের সামনে হঠাৎ একদল লোক বিক্ষোভ করে। ওই সময় হাই কমিশনারকে 'প্রাণনাশের হুমকি' দেওয়া হয় বলে সেদিন অভিযোগ করেছিলেন বাংলাদেশি হাইকমিশনের কর্মকর্তারা।

    গতকাল ২২শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রের সামনেও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদ যৌথভাবে বিক্ষোভ করে।

    কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে দিল্লিতে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ রয়েছে।

  18. সোমবার যা যা হলো

    • ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা ও ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিনে ভারতে হাইকমিশনের সামনে ও বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলার ঘটনার পর বাংলাদেশের হাইকমিশন, উপদূতাবাস ও ভিসা সেন্টারগুলোতে নিরাপত্তা ইস্যু প্রকট হয়ে দাঁড়িয়েছে।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন। সম্পাদক পরিষদ ও নোয়াবের এক প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন।
    • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’
    • নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেছেন, প্রথম আলোতে আগুনের পর সরকারের সব সংস্থা ও ব্যক্তির কাছে অনুরোধ-অনুনয় করেও সাড়া পাননি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
    • বাংলাদেশের নাগরিক দীপুচন্দ্র দাসের হত্যার বিরুদ্ধে সোমবার কলকাতা ও আসামের নানা জেলায় হিন্দুত্ববাদী এবং বাঙালি সংগঠনগুলি বিক্ষোভ দেখিয়েছে।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়ে রেল মন্ত্রণালয় বলেছে, এ বাবদ আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আহরিত হবে।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে এক ফেসবুক পোষ্টে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
    • বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথম বারের মতো আউন্স প্রতি ৪ হাজার ৪০০ ডলার হয়েছে, যা এর দামের ক্ষেত্রে নতুন রেকর্ড।

    আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  19. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে