বুধবার যা যা হলো
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
- ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজ বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন। আগরতলায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপিও। এসব বিক্ষোভে ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন বলে তার দল জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দিবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।
- ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে। তবে 'বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই' বলে মনে করছেন পুলিশ।
- পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে জাফরাবাদে বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত।
- আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শরিক সাতটি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

















