প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরাও অংশ নিয়েছেন। অন্যদিকে সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদেশে রমজান মাস শুরু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. ব্রেকিং, নতুন এমপিদের শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার

    শপথগ্রহণ অনুষ্ঠান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

    মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির এমপিদের শপথ পড়ানো হয়।

    এরপর জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ হবে।

    সাধারণত নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশ বা গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ পড়ানো হয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের।

    কিন্তু চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতে সংসদ নেই, স্পিকারও নেই। এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে। তাই এবার শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

    শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন
    ছবির ক্যাপশান, শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন
  2. নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার মালদ্বীপের প্রেসিডেন্ট

    ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ

    বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ।

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফরে এসছেন।

    ঢাকায় তাকে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজকে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
    মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

  3. সংসদ ভবনে আসতে শুরু করেছেন নতুন এমপিরা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ ভবনে আসতে শুরু করেছেন।

    আজ সকাল ১০টায় তাদের শপথ পাঠ করানোর কথা রয়েছে।

    বিবিসির ক্যামেরায় ধরা পড়েছেন তাদের কয়েকজন...

    বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
    ছবির ক্যাপশান, বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যিনি এবার ঢাকা-৮ আসন থেকে বিজয়ী হয়েছেন
    ফরিদপুর-৩ আসনে বিএনপির এমপি নায়াব ইউসুফ
    ছবির ক্যাপশান, ফরিদপুর-৩ আসনে বিএনপির এমপি নায়াব ইউসুফ
    সংসদ ভবন এলাকায় কড়া প্রহরায় র‍্যাব
    ছবির ক্যাপশান, সংসদ ভবন এলাকায় কড়া প্রহরায় র‍্যাব
    সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় ঠেলে একে একে প্রবেশ করছে নির্বাচিত এমপিদের গাড়ি
    ছবির ক্যাপশান, সংসদ ভবন এলাকায় উৎসুক জনতার ভিড় ঠেলে একে একে প্রবেশ করছে নির্বাচিত এমপিদের গাড়ি
  4. এমপি ও মন্ত্রীদের শপথ ঘিরে আজ যা যা হবে

    আজ সকালে জাতীয় সংসদ ভবন
    ছবির ক্যাপশান, আজ সকালে জাতীয় সংসদ ভবন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে।

    একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

    এমপিদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

    শপথ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সংসদ ভবন প্রাঙ্গনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

    এমপিদের শপথের পর আজ বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

    এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

    এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

    রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে।

  5. সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে চলাচল নিয়ন্ত্রণ, বিভিন্ন এলাকায় যানজট

    ঢাকার রামপুরার ইউলুপে আজ মঙ্গলবার সকালের দীর্ঘ যানযট
    ছবির ক্যাপশান, ঢাকার রামপুরার ইউলুপে আজ মঙ্গলবার সকালের দীর্ঘ যানযট

    আজ নবনির্বাচিত সংসদ সদস্য ও নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান। এ দিন সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষেরা।

    শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল সীমিত রাখার নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

    ডিএমপি জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন সংসদ ভবন এলাকার খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) হতে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে।

    যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সাময়িক অসুবিধার জন্য রোড ডাইভারশনের মাধ্যমে যানবাহনের প্রবাহ সচল রাখার কথা জানিয়েছে পুলিশ।

  6. সোমবারের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

    • ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শেষ সময়ের প্রস্তুতি নেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং বিকেল চারটায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
    • জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদায় চেয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, "ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন সেটির একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে।"
    • ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
    • সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ, "এটা যদি কন্সটিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের দ্বিতীয় তফসিল ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে হলে হতে পারে”।
    • ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুইটি আসনে বিজয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া - ৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা - ১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।
    • সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে বিদায়ী সাক্ষাৎ বলে অভিহিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
    • রোজায় মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। এর ফলে, রোজায় স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্তই বহাল থাকবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আটই মার্চ থেকে রমজানের ছুটি শুরু হবে।
    • নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
    • জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
    • নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। পরে বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তিনি।
    • বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের অভিযোগ তুলে সোমবার বিকেলে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।
    • জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে