প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরাও অংশ নিয়েছেন। অন্যদিকে সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেদেশে রমজান মাস শুরু হয়েছে। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…

সরাসরি কভারেজ

  1. নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, তার একটি তালিকা দিয়েছে বিএনপি।

    তালিকায় দেখা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হবে বিএনপি'র সালাহউদ্দিন আহমদকে। ইকবাল হাসান মাহমুদ টুকু পাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। হাফিজ উদ্দিন আহমেদকে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।

    খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।আব্দুল আউয়াল মিন্টু পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয় পাচ্ছেন যথাক্রমে মিজানুর রহমান মিনু ও নিতাই রায় চৌধুরী।

    আ ম ন এহসানুল হক মিলন পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; সরদার মো. সাখাওয়াত হোসেন পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; ফকির মাহবুব আনাম পাচ্ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শেখ রবিউল আলম পাবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।

    আরিফুল হক চৌধুরী পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ পাচ্ছেন কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।

    আসাদুল হাবিব দুলু পাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান পাচ্ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দীপেন দেওয়ান পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

  2. প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ সরকার গঠন করছে।

    প্রধানমন্ত্রীর শপথ পড়ান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই সরকার।

    তারেক রহমান

    ছবির উৎস, BTV

    প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    ছবির উৎস, BTV

  3. নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে

    ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।

    এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সবাই ভীড় করেছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।
    ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।
    ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে।
  4. শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়ার যেসব নেতা

    বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশ নেওয়ার খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, বাসস।

    জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহামেদ মুইজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

    ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

    ভুটান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তার সফর বাংলাদেশের প্রতি ভুটানের অব্যাহত সমর্থন এবং দীর্ঘমেয়াদি বন্ধুত্বের প্রতিফলন। সফরটি দুই দেশের দৃঢ় দ্বিপাক্ষিক সহযোগিতাকে পুনর্ব্যক্ত করছে।

    ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা ভারতের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকসভা স্পিকারের অংশগ্রহণ দু’দেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং যৌথ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

    পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী পাকিস্তানের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম ও নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতিফলন।

    শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নলিন্দা জয়তিসা কলম্বোর প্রতিনিধিত্ব করবেন। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার অংশগ্রহণ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের স্পষ্ট উদাহরণ।

    দক্ষিণ এশিয়ার এসব শীর্ষ নেতাদের উপস্থিতি ও প্রতিনিধিদের অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রতি আঞ্চলিক আগ্রহকে স্পষ্ট করছে। এটি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতিও নির্দেশ করে।

  5. মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি

    মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    ইতিহাসে প্রথমবারের মতো এবারই খোলা আকাশের নীচে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে।

  6. বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

    বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন
    ছবির ক্যাপশান, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

    গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন এলাকা ৪১ বগুড়া-৬ এবং ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২) (ক) দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করিবার ইচ্ছা জ্ঞাপন করিয়া ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ হইতে নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইল।

    নির্বাচন কমিশনের আদেশক্রমে আখতার আহমেদ সিনিয়র সচিব।

  7. মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যাদের ডাক পাওয়ার তথ্য জানা যাচ্ছে

    জাতীয় সংসদ ভবন

    ছবির উৎস, BBC/Shyadul Islam

    ছবির ক্যাপশান, জাতীয় সংসদ ভবন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকালে শপথ নিতে যাচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যরা।

    এবার নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে এখন পর্যন্ত যারা ডাক পেয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে আছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ।

    বিএনপি নেতাদের মধ্যে আরো ডাক পেয়েছেন- ইশরাক হোসেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল। তারা প্রতিমন্ত্রী হতে পারেন বলে জানা যাচ্ছে।

    এছাড়া বিএনপি জোটে অংশ নিয়ে নির্বাচিত গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, (বিএনপি), গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ ডাক পেয়েছেন বলে জানা যাচ্ছে।

  8. বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন খলিলুর রহমান

    খলিলুর রহমান, ফাইল ছবি

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, খলিলুর রহমান, ফাইল ছবি

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হচ্ছে। খলিলুর রহমানের ঘনিষ্ট একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

    তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও জানিয়েছে সূত্রটি।

    তিনি ২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের এপ্রিলে তাকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

  9. 'এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব এই সংসদে নেই'- আওয়ামী লীগের না থাকা নিয়ে রুমিন ফারহানা

    রুমিন ফারহানা
    ছবির ক্যাপশান, রুমিন ফারহানা

    সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন – সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা বলেন, "এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে"।

    এসময় তিনি আরও বলেন যে আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।

    উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

  10. শপথ নিলেন এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

    সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির এমপিরা

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপির এমপিরা

    সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা।

    আজ দুপুর সোয়া একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান।

    একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন এনসিপির এমপিরা।

    এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটসঙ্গী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলো এনসিপি।

    জামায়াত এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

    তবে বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

  11. মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার জন্য ফোন পেয়েছেন জাহিদ হোসেন ও এহসানুল হক মিলন

    বিএনপির সরকারে মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন এবং আ ন ম এহসানুল হক মিলন।

    দুই জনই বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের কোন মন্ত্রণালয় দেওয়া হবে তা এখনো জানা যায়নি।

  12. মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে থাকবে না এনসিপি

    এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

    ছবির উৎস, National Citizen Party - NCP

    ছবির ক্যাপশান, এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

    বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ উপিস্থিত থাকবে না এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা।

    আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে এনসিপি তাদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পাতায় এই ঘোষণা দেয়।

    এর আগে, আজ সকাল ১০টার দিকে সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

  13. প্রতিমন্ত্রী হওয়ার জন্য ডাক পেয়েছেন নুরুল হক নুর

    নুরুল হক নুর
    ছবির ক্যাপশান, নুরুল হক নুর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।

    তিনি আজ বেলা সাড়ে ১২টার দিকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

    আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর।

    সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন তিনি।

    আরও পড়তে পারেন...

  14. সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা

    জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা

    সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।

    তিনি আজ সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন।

    কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন।

    সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে পরে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন মিজ ফারহানা।

    বিএনপির এমপি ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নিলেও তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

    উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির এমপিরা, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে অনুষ্ঠান শুরুর আগেই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

    তবে জামায়াতের এমপিরা দুটি শপথই নিয়েছেন।

  15. দুটি শপথ নিয়েছেন জামায়াত ইসলামীর এমপিরা

    জামায়াতে ইসলামীর এমপিরা দুটি শপথ নিয়েছেন

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর এমপিরা দুটি শপথ নিয়েছেন

    সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর এমপিরা।

    তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

    এর আগে বিএনপির এমপিরা সকাল পৌনে ১১টার দিকে শপথ নেন। তবে বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

    এবারের নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৬৮টি আসন।

    শপথ নেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, শপথ নেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
  16. জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

    ছবির উৎস, বাসস

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

    জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

    আজ মঙ্গলবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে এই কথা বলেন।

    উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরেছেন।

    মূলত, সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

    মি. আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে।"

    "এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো" উল্লেখ করে তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, “আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।"

  17. শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

    বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে– বিএনপির কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত বা ডিউটি-ফ্রি গাড়ি নেবেন না। একইসঙ্গে তারা সরকারি বরাদ্দে কোনো প্লটও নেবেন না।

    দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়।

    প্রসঙ্গত, মঙ্গলবার সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন এমপিরা শপথ নিয়েছেন। পরে বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

  18. সংসদনেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

    তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দলের সংসদ সদস্যরা

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, তারেক রহমানকে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দলের সংসদ সদস্যরা

    তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

    আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বেলা ১১টা ৩০ মিনিটে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়। বিএনপি চেয়ার‍ম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা।

    এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিতে সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

    বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এইটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

    বিএনপির সংসদীয় দলের বৈঠক

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

    ছবির ক্যাপশান, বিএনপির সংসদীয় দলের বৈঠক
  19. দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত ১১ দলীয় জোটের

    বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা দুটি শপথের কোনোটিই না নেওয়ার ইঙ্গিত দিয়েছে জামায়া।

    দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বিবিসি বাংলাকে বলেছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথ গ্রহণ করবে কি-না এটা নিয়ে জোটভুক্ত দলগুলোর সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    তিনি বলেন, “আগে থেকেই শিডিউল দেওয়া হয়েছে একই সাথে দুইটি শপথ পড়ানো হবে। এখন যদি বিএনপি সংস্কারের জন্য শপথ না নেয় তাহলে আমরা সংসদে গিয়ে কী করবো। ওই সংসদে গিয়ে কী হবে”?

    এর আগে সোমবার নির্বাচন কমিশনের একটি চিঠিতে জানানো হয়, মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার।

    সকাল পৌনে ১১টায় বিএনপির নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।

    পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জামায়াতে ইসলামী এবং একটা এনসিপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে।

  20. ব্রেকিং, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

    শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BTV

    ছবির ক্যাপশান, শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

    বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

    সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

    মি. আহমদ যখন এই ঘোষণা দেন তখন সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

    মি. আহমদ সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে"।

    "এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো”।

    এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, “আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম”।

    এর পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে শপথ নেন বিএনপির এমপিরা।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি এবং জোটগতভাবে ২১২টি আসনে জয়ী হয়েছে।