আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, বাংলাদেশে ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের দাম কমলো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। এদিকে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে তেহরান গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করলো 'ঋতব্রত শিবির'

    ভারতের নির্বাচন কমিশনের কাছে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী। তার নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী সদস্যদের নিয়ে তৈরি ১০ জনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে।

    তৃণমূলের তহবিলে থাকা টাকার মালিকানা ও জোড়া ফুলের প্রতীক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলের কাছে থাকবে, না কি ঋতব্রত ব্যানার্জীর শিবির তা পাবে- সে বিষয়ে জল্পনা চলছে।

    এদিকে, কমিশনের সঙ্গে বৈঠকের পর ঋতব্রত ব্যানার্জী সাংবাদিকদের বলেন, “২২শে জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন ছিল। অধিবেশনের পরপরই আমরা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জানাই এবং কলকাতায় নির্বাচন কমিশনে দেখা করি। সেই সময় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছিলাম।”

    “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা আজ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। আমরা নিজেদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন শিগগিরই আমাদের সঙ্গে যোগাযোগ করবে।”

    অন্যদিকে, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জীর মতো নেতারা বরাবরই ঋতব্রত ব্যানার্জী এবং তার সমর্থনে থাকা সদস্যদের বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়কদের নতুনভাবে নির্বাচনে জেতার জন্য চ্যালেঞ্জও জানিয়েছেন।

    সেই প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জী বলেন, “আমি (মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূলের) দাবির বিষয়ে কথা বলতে চাই না। ২৯১টি আসনের সর্বত্র মমতা ব্যানার্জীর ছবি ছিল, তবুও টিএমসি হেরেছে। বাংলার জনরায় তৃণমূলের বিরুদ্ধে গেছে।”

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জন মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় অভ্যন্তরীণ সংকট আরো তীব্র হয়ে উঠেছে। বিদ্রোহী দলটি পরে বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জীকে সমর্থন জানায় এবং মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে একটি নতুন ৩০ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটি (এনডব্লিউসি) ঘোষণা করে।

  2. ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের দাম কমলো

    ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    যেখানে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

    এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    গত দোসরা জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

  3. আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা হন তিনি।

    জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী চৌঠা জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

    আয়াতুল্লাহ খামেনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় নিহত হন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিনেও তার শেষকৃত্য সম্পন্ন করতে পারেনি তেহরান।

  4. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
    • বুধবার বাংলাদেশের আবহাওয়া অফিস আগামী তিন মাসের পূর্বাভাসে জানিয়েছে, এসময় বাড়তে পারে তাপমাত্রা, তবে স্বাভাবিক থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে।
    • ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে, একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে বেইজিং।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
    • বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে মৃতের সংখ্যা চার জনে পৌঁছেছে।
  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে