নিষেধাজ্ঞা থাকা উচিত যেন শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান: শিক্ষামন্ত্রী

ছবির উৎস, SCREEN GRAB
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
শিক্ষকদের নির্বাচনমুখী হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চার হাজারের বেশি চেয়ারম্যান পদ এবং ৪৯৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।
“শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবেন, আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় যাবেন- দু’টি একসঙ্গে চললে এতে শ্রেণিকক্ষের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়,” বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু “নির্বাচন কমিশনের এমন একটি রেগুলেশন বা নিষেধাজ্ঞা থাকা উচিত; যেন শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে দিয়ে যান।”




