ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর

ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ। এদিকে, ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন, যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়.....

সরাসরি কভারেজ

  1. ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে ইরান

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের ইস্তাম্বুলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, আরাঘচি আজ সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন।

    তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি বলেছেন, “এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী, আমাদের দেশের ওপর জায়নিস্টদের (ইসরায়েলের) হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে।”

    জায়নবাদ মূলত ইসরায়েল রাষ্ট্রের পক্ষে অবস্থান নির্দেশ করে। বর্তমানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সুরক্ষা, উন্নয়ন ও সম্প্রসারণে যারা বিশ্বাসী তাদেরকে জায়োনিস্ট বলা হয়।

  2. ইরান- ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে, পারমাণবিক আলোচনায় ইরানের শর্ত

    ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিম তীরের হেবরনের আকাশে দেখা যাচ্ছে।

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিম তীরের হেবরনের আকাশে দেখা যাচ্ছে।

    ইসরায়েল আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার ভোরে ইরানের কেন্দ্রস্থল ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে।

    খবরে বলা হয়েছে, ইরানি বিমান প্রতিরক্ষা বাহিনী এই হামলার জবাব দিয়েছে, যার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় কোনো ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়েনি, যদিও জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ এখনো এই স্থাপনা সম্পর্কে কোনো হালনাগাদ তথ্য দেয়নি।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের গুদাম ও অবকাঠামোর ওপর “একাধিক হামলা” চালিয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে তারা ইরানের চালানো একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

    এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন, ইরান চলমান হামলার মধ্যে কোনো পারমাণবিক আলোচনা করবে না।

    শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, “হামলা বন্ধ হলে এবং আগ্রাসনের জন্য দায়ীদের জবাবদিহি করানো হলে, ইরান আবার কূটনৈতিক পথ বিবেচনা করতে প্রস্তুত।”

  3. হেজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

    ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে, তারা দক্ষিণ লেবাননের নাকৌরার কাছে হেজবুল্লাহর স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে।

    শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের নৌবাহিনী হেজবুল্লাহর রাদওয়ান বাহিনীর একটি স্থাপনায় আঘাত হেনেছে, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল।

    গত শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হেজবুল্লাহকে সতর্ক করে বলেছিলেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে জড়ালে এর পরিণাম ভয়াবহ হবে। তার এই হুঁশিয়ারির একদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটলো।

    ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, "গতরাতে, ইসরায়েলি নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণ লেবাননের নাকৌরা এলাকায় হেজবুল্লাহর রাদওয়ান বাহিনীর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।"

    ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই স্থাপনাটি হেজবুল্লাহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করছিল।

  4. ইরান নিয়ে 'ভুল তথ্য' দিয়েছেন গ্যাবার্ড, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    তাকে প্রশ্ন করা হয়, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এমন কোন গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোন প্রমাণ নেই।

    ট্রাম্প জবাব দেন, “তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে?”

    সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড।

    ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, “সে ভুল বলেছে।”

    গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান ২০০৩ সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি। যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান, সর্বোচ্চ পর্যায়ে ছিল।

  5. ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা

    ইসফাহান গভর্নরের ডেপুটি সিকিউরিটি অফিসার আকবর সালেহি বলেছেন, শনিবার সকালে ইসরায়েল ইসফাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি পারমাণবিক স্থাপনাও রয়েছে।

    তিনি বলেন, হামলার পর সাদা ধোঁয়া দেখা গেছে। তবে কোন ক্ষতিকর পদার্থের গ্যাস বা তরল নির্গমন ঘটেনি।

    মি. সালেহি আরো বলেন, ইসফাহান রিফাইনারি (পরিশোধনাগার) ইসরায়েলি হামলার লক্ষ্য ছিল না।

    ইসফাহান গভর্নরের কর্মকর্তার মতে, ইসফাহান, লাঞ্জান, মোবারাকে ও শাহরেজা শহরের কিছু এলাকা আজ সকালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

    মি. সালেহি আরো জানান, এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে ।

  6. ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার হামলায় নিহত, দাবি ইসরায়েলের

    গত বছর দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় বেঁচে যান মোহাম্মদ সাঈদ ইজাদি।

    ছবির উৎস, tasnim

    ছবির ক্যাপশান, গত বছর দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় বেঁচে যান মোহাম্মদ সাঈদ ইজাদি।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এ কথা জানিয়েছেন।

    এই খবর স্থানীয় সংবাদমাধ্যম এবং রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে।

    ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের কুমে হামলার লক্ষ্য ছিল মুহাম্মদ সাঈদ ইয়াজিদি, যিনি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের বিদেশি শাখার ফিলিস্তিনি শাখার কমান্ডার।

    কাৎজ বলেন, গত ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাঈদ ইজাদি।

    তিনি এক বিবৃতিতে বলেন, "এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেয়া গিয়েছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।"

    ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কোর বাহিনীর একটি শাখা, যেটি বিদেশে অভিযান পরিচালনা করে, বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়।

    তবে এখনও ইরানের কোনও বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

  7. ইসরায়েল আগে থেকেই ইরানের ওপর হামলার পরিকল্পনা করছিলো

    ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির

    ছবির উৎস, IDF

    ছবির ক্যাপশান, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির

    ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ওপর হামলার জন্য "বছরখানেক আগে থেকেই" প্রস্তুতি নিচ্ছিল।

    ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির বলেছেন সাম্প্রতিক মাসগুলোয় এই প্রস্তুতির বিষয়ে সব তথ্য যতোটা সম্ভব গোপন রাখা হয়েছে।

    মি. জামির বিস্তারিত তথ্য না জানিয়েই বলেছেন যে এই অভিযান সম্ভব হয়েছে "অপারেশনাল ও কৌশলগত পরিস্থিতির কারণে,”। দেরি করলে পরিস্থিতি হারানোর ঝুঁকি ছিল এবং ইসরায়েল দুর্বল অবস্থায় পড়তে পারত।

    তিনি বলেন, "প্রথমেই একটি শক্তিশালী ও অপ্রত্যাশিত হামলার কারণে আমরা অসাধারণ ফলাফল অর্জন করেছি।"

  8. জেনেভায় ইরানের সঙ্গে আলোচনা হলেও সমাধান আসেনি, তবে ইরান আলোচনায় আগ্রহী, লিস ডুসেট, বিবিসি আন্তর্জাতিক সংবাদদাতা, জেনেভা থেকে

    শুক্রবার জেনেভায় ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। আলোচনাটি তিন ঘণ্টারও বেশি সময় ধরে চললেও কোনো বড় সাফল্য পাওয়া যায়নি।

    তবে ইউরোপীয় নেতারা মনে করছেন, ইরান এখন আগের চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে এবং এমন কিছু বিষয়ে আলোচনা করতে রাজি, যেগুলো আগে আলোচনায় ছিল না।

    তারা সবাই জোর দিয়ে বলেছেন, ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে হবে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে প্রস্তুত, তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা তখনই চিন্তা করবেন যদি ইসরায়েলি হামলা বন্ধ হয় এবং, তার ভাষায়, হামলাকারীকে জবাবদিহির আওতায় আনা হয়।

    ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, যিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সরাসরি জেনেভায় আসেন, তিনি জানান যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি বাস্তব এবং আসন্ন, তবে কূটনীতির পথ এখনো খোলা আছে।

    তিনি সতর্ক করে বলেন, এটা একটি “বিপজ্জনক মুহূর্ত”।

    ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের বার্তা ছিল, শুধু আলোচনার মাধ্যমেই ইরানের পারমাণবিক কর্মসূচির দীর্ঘমেয়াদি সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা সম্ভব, যুদ্ধের মাধ্যমে নয়।

  9. ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে: তুলসি গ্যাবার্ড

    যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ড

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বাহিনীর পরিচালক তুলসি গ্যাবার্ড

    যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।

    তিনি গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে মিডিয়ার বিরুদ্ধে তার বক্তব্য বিকৃত করার অভিযোগ করেন।

    মিসেস গ্যাবার্ড সেই সময়ে বলেছিলেন যে গোয়েন্দা সম্প্রদায় বিশ্বাস করে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে।

    এই মন্তব্যগুলো এমন সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন, মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন।

    ইরান বারবার জোর দিয়ে বলেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধ করার সার্বভৌম অধিকার রয়েছে।

  10. ইসরায়েল বলেছে তারা ঘাজারের কাছে 'আকাশে সন্দেহজনক বস্তু' ভূপাতিত করেছে

    ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তাদের বিমান বাহিনী আকাশে থাকে একটি "সন্দেহজনক বস্তু" আটকে দিয়েছে।

    এই ঘোষণা এসেছে যখন লেবাননের সীমানার কাছে ঘাজার অঞ্চলে একটি ড্রোন দেখা যাওয়ায় সাইরেন বাজানো হয়।

    ইসরায়েলি সামরিক বাহিনী এখনো জানায়নি যে এই ড্রোনটি কোথা থেকে এসেছে।

  11. ইস্তান্বুলে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

    ছবির উৎস, EPA

    ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইস্তান্বুলে গেছেন।

    সংবাদমাধ্যম একতাসেদ লিখেছে যে মি. আরাগচি ইস্তানবুল গেছেন "ইসলামিক কোঅপারেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় অংশগ্রহণ নিতে।"

    সংবাদ সংস্থা তাসনিম লিখেছে যে এই শীর্ষ সম্মেলনে ইসরায়েলি হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করার জন্য ইরানের প্রস্তাব করেছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগে জেনেভায় গেছেন ব্রিটেন, ফ্রান্স, এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করতে।

  12. আমরা আমেরিকানদের কিভাবে বিশ্বাস করবো বুঝতে পারছি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ছবির ক্যাপশান, বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    “আমরা জানি না কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।” মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

    তিনি বলেন, “ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না, এবং ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে, তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।”

    এনবিসি’র পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, দুই সপ্তাহের মধ্যে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধান সম্ভব কিনা।

    তখন আরাগচি বলেন, “এটা নির্ভর করছে আমেরিকানদের ওপর। তারা কি আদৌ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী, নাকি তাদের অন্য কোন উদ্দেশ্য আছে এবং তারা কি ইরানে হামলা করতে চায়?”

    তিনি আরো বলেন, “তাদের হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো ওই পরিকল্পনা ঢাকতে আলোচনার নাটক করছে।”

  13. জেনেভা বৈঠকের ফলাফল কী ছিল?, বেহরাং তাজদিন, বিবিসি পার্সিয়ান, জেনেভা থেকে

    জেনেভায় আলোচনা

    ছবির উৎস, Photothek via Getty Images

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং তিন ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জেনেভায় যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তা দুই ঘণ্টা চলার কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়।

    কিন্তু বৈঠক শেষে মনে হয়নি দুই পক্ষের অবস্থান যে খুব একটা কাছাকাছি এসেছে।

    আব্বাস আরাগচি সাংবাদিকদের উদ্দেশে একটি বিবৃতি পড়ে শোনান। ইসরায়েলি হামলার বিষয়ে ইরানের জোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, যতদিন হামলা চলবে, ততদিন কোনো চুক্তি সম্ভব নয়।

    এরপর তিনি বলেন, তিনি আশা করছেন শিগগিরই আবার যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারবেন।

    এর জবাবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, যিনি তিনটি ইউরোপীয় দেশের পক্ষ থেকে বক্তব্য দেন, তিনি চলমান পরিস্থিতিকে “বিপজ্জনক” বলে অভিহিত করেছেন এবং ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার জন্য জোর পরামর্শ দেন।

    তিনি বলেন, ইউরোপ এই ধরণের আলোচনার পথ সহজ করতে প্রস্তুত।

    ডেভিড ল্যামি আরও বলেন, ইউরোপের অবস্থান, ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই, ইরানে পারমানবিক “শূন্য সমৃদ্ধকরণ” অর্থাৎ ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে।

    এটি এমন একটি বিষয়, যেটি ইরান সব সময় তার “রেড লাইন” বা শেষ সীমা বলে এসেছে। ল্যামি বলেন, ইউরোপ ইরানের জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করতে চায়।

    ইউরোপীয়দের বক্তব্য থেকে পরিষ্কার যে, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার আশঙ্কাকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যে দুই সপ্তাহের কূটনৈতিক সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটাও তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

    কিন্তু তারা জানে, এই সংকট থেকে কূটনৈতিকভাবে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো তেহরান ও ওয়াশিংটনের একসঙ্গে এগিয়ে আসা।

    শুধু ইরানের সঙ্গে চুক্তি করেই কিছু হবে না, যদিও ইরানি কূটনীতিকেরা সেটি উপেক্ষা করছেন বলে মনে হচ্ছে। সার্বিকভাবে মনে হয়, আমরা আরেক দফা “আলোচনা নিয়ে আলোচনার” সাক্ষী হলাম।

    প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে যখন বোমা বর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা ও সময়সীমার চাপ চলছে, এমন অবস্থায় সময় নষ্ট করে আসলে লাভ কার?

  14. কোমে একটি ভবনে বিস্ফোরণ

    কোমে একটি আবাসিক ভবন টার্গেট করা হয়েছে।

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, কোমে একটি আবাসিক ভবন টার্গেট করা হয়েছে।

    ইরান থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, "কোমে একটি আবাসিক ভবন" টার্গেট করা হয়েছে।

    দেশটির পত্রিকা হামশাহরি লিখেছেন, "কোমের একটি ভবনের কয়েকটি তলা" টার্গেট করা হয়েছে।

    কোম প্রদেশের প্রশাসন প্রধান কার্যালয়ের মুখপাত্র মোর্তেজা হিদারি হামলার খবর নিশ্চিত করেছেন এবং বলেছেন, "সালারিয়েহ এলাকার একটি ভবনের চতুর্থ তলা আঘাতপ্রাপ্ত হয়েছে।"

    এই হামলায় দুজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন।

    স্থানীয় কর্মকর্তার মতে, "বিস্ফোরণে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছেন এবং "দুই জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।"

  15. ইরানি ক্ষেপণাস্ত্রের ছিন্নভিন্ন অংশ থেকে তেল আভিভে আগুন

    তেল আভিভের দক্ষিণে আগুন লেগেছে।

    ছবির উৎস, Screen grab

    ছবির ক্যাপশান, তেল আভিভের দক্ষিণে আগুন লেগেছে।

    বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তেল আভিভের দক্ষিণে আগুন লেগেছে।

    মিডিয়া রিপোর্ট অনুসারে, আগুন লাগার কারণ হলো ইরানে ক্ষেপণাস্ত্র আটকে দেয়ার পর এর ছিন্নভিন্ন অংশ নিচে নেমে আগুন ধরিয়ে দেয়।

    ইসলামিক রিপাবলিক টেলিভিশন জানিয়েছে যে ইরানের ১৮তম বারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

  16. শুক্রবার যা যা ঘটেছিল:

    • ইরানের সবশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ, ম্যাগেন ডেভিড অ্যাডম।
    • ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে যে, তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।
    • ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ বলেছেন, ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্ররা।
    • গাজায় ত্রাণকেন্দ্রের কাছে জড়ো হওয়া ভীড়ের ওপর গুলি চালিয়ে ২৩ জন ফিলিস্তিনিকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
    • হাসপাতালে এসব হামলার প্রভাব এবং এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, "শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।"
    • ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
    • ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন,"যারা ইসরায়েলকে হুমকি দেয়, সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে।"
    • ট্রাম্প বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে নাকি না।
  17. ইসফাহানে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইরানের ইসফাহান শহরে একটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইরানি পত্রিকা হামশাহরি জানিয়েছে, একদিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে আরেকদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

  18. ইসরায়েল-লেবানন সীমান্তে সাইরেন বাজানো হয়েছে

    ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলের ঘাজার এলাকায় ড্রোন দেখা যাওয়ায় সাইরেন বাজানো হয়েছে।

    টাইমস অব ইসরায়েল লিখেছে, "ইসরায়েলি সেনাবাহিনী কমান্ড সন্দেহজনক ড্রোনের ব্যাপারে সতর্কতা জারি করেছিলো।"

  19. তেহরানে আকাশ প্রতিরক্ষা সক্রিয়

    ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি (ইলনা) জানিয়েছে, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    ইরানের অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে যে, "তেহরানের পশ্চিমে এবং পরে পূর্বে তীব্র প্রতিরক্ষা সংঘর্ষ ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।"

    শার্ক নামে আরেকটি পত্রিকাও একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, কারাজ, কুম ও ইসফাহান শহরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা গেছে।

  20. সেমনানের ভূমিকম্পে কোনো ক্ষতি হয়নি: রেড ক্রিসেন্ট

    সেমনান প্রদেশের রেড ক্রিসেন্টের প্রধান নির্বাহী হোসেন দেরাখশান জানিয়েছেন, গত রাতের ভূমিকম্পে “কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

    মি. দেরাখশান বলেন, “মূল্যায়ন দলের রিপোর্টের ভিত্তিতে” তিনি এই তথ্য জানিয়েছেন।

    তার ভাষ্য অনুযায়ী, “সেমনান রেড ক্রিসেন্ট এখনো সব শাখা ও ঘাঁটিতে সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।”

    ইরানি বিমানবন্দর ও বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগও এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতের ভূমিকম্পে “সেমনান মারটায়ার্স বিমানবন্দরের কোনো ক্ষতি হয়নি।”