ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর

ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ। এদিকে, ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন, যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে যুক্ত থাকুন বিবিসি বাংলার লাইভ পাতায়.....

সরাসরি কভারেজ

  1. শনিবার সারাদিন যা যা ঘটলো

    • ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। এ নিয়ে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
    • ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ।
    • সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
    • ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ইসরায়েল হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ। ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না বলে দাবি করেছেন তিনি।
    • তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা "এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা"। এদিকে ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে "সম্পূর্ণ বিপর্যয়ের" দিকে ঠেলে দিচ্ছে।
    • ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
    • গত ১৩ই জুন ইসরায়েলি হামলা শুরুর পর ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা। আর ইসরায়েল জানিয়েছে, সংঘাত শুরুর পর সেখানে ২৫ জন নিহত এবং দুই হাজার ৫১৭ জন আহত হয়েছেন।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, "আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না।"
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এ কথা জানিয়েছেন।
    • ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা ইরানের ওপর হামলার জন্য "বছরখানেক আগে থেকেই" প্রস্তুতি নিচ্ছিল।
    • যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসি তুলসি গ্যাবার্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।
    • মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “আমরা জানি না কীভাবে তাদের (আমেরিকানদের) বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

    ইরান-ইসরায়েল সংঘাতসহ বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রোববার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।

  2. ইরানে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলি বাহিনীর

    ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল, তেহরানের ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানে এক সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল, তেহরানের ছবি

    ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে এক ডজনেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাআইডিএফ।

    "আজ সকালে গোয়েন্দা বিভাগের (ইসরায়েলের) গোয়েন্দা নির্দেশনায় প্রায় ৩০টি বিমান বাহিনীর যুদ্ধবিমান দক্ষিণ-পশ্চিম ইরানের মাহভাজ এলাকায় ৫০টিরও বেশি যুদ্ধাস্ত্রসহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে," সামাজিক যোগযোগ মাধ্যম এক্স-এ লিখেছে আইডিএফ।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, মিসাইল লঞ্চার এবং অন্যান্য সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

    "ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য আইডিএফ ইরানি সরকারের সামরিক সক্ষমতার ওপর আক্রমণ তীব্রতর করে চলেছে," আইডিএফ জানিয়েছে।

  3. সাইপ্রাসে ইরানি গুপ্তচর সন্দেহে একজনকে গ্রেফতারের দাবি

    সাইপ্রাসের একটি বিমান ঘাঁটির কাছে একজন সন্দেহভাজন ইরানি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে বলেজানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, তিনি সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিলেন।

    স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ওই ব্যক্তি আজারবাইজানি বংশোদ্ভূত এবং ইরানের রেভোল্যুশনারি গার্ডের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

    যদিও সাইপ্রাসের আরএএফ আক্রোতিরি ঘাঁটি মধ্যপ্রাচ্যের কাছে অবস্থিত নয়, তবে এই অঞ্চলের জন্য যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিএটি। দ্রুত জেট, গোয়েন্দা, পরিবহন এবং জ্বালানি ভরার বিমানের আবাসস্থল - এবং পূর্বে ইরানের আক্রমণ থেকে ইসরায়েলি আকাশসীমা রক্ষায় সহায়তা করার জন্য ব্যবহৃত হয়েছে।

    গত সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে যুক্তরাজ্যের বিদ্যমান সম্পদ রক্ষার জন্য সেখানে আরও বিমান পাঠানো হবে।

    এক বিবৃতিতে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলেছে, "একজন ব্রিটিশ ব্যক্তির গ্রেপ্তারের বিষয়ে আমরা সাইপ্রাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।" ওই ব্যক্তির গ্রেপ্তার সম্পর্কে সাইপ্রাসের মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে একটি প্রশ্নের পর বিবিসিকে এই বিবৃতি দেওয়া হয়।

  4. ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার তথ্য নিশ্চিত করলো আইএইএ

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

    ইরানের ইসফাহানে একটি পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করেছে।

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইসরায়েল একটি সেন্ট্রিফিউজ কারখানায় হামলা চালিয়েছে, যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ব্যবহৃত মেশিন তৈরি করা হয়।

    "আমরা এই স্থাপনাটি ভালো করেই জানি। এখানে কোনো পারমাণবিক উপাদান না থাকায় কোনো তেজস্ক্রিয় প্রভাবের শঙ্কা নেই," গ্রোসি বলেছেন।

  5. ইসরায়েলি হামলায় ইরানের জরুরি কেন্দ্র ক্ষতিগ্রস্ত, জানিয়েছে ইরানি মিডিয়া

    ইরানের খুজেস্তান প্রদেশের হোভেইজেহ শহরের একটি জরুরি কেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলে ইরানের গণমাধ্যম জানিয়েছে।

    প্রতিবেদন অনুসারে, ওই জরুরি কেন্দ্র সম্পর্কে পৃথক বিবৃতি জারি করেছে প্রদেশটির জরুরি সেবা এবং আহভাজ মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

    বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, হামলায় কেউ আহত না হলেও কেন্দ্রটি "পুরোপুরি" ধ্বংস হয়ে গেছে।

    এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

  6. যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

    সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী ইরানে হামলা চালালে লোহিত সাগরে ভাসমান আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

    অতীতে অবশ্য লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

    ওই সময় হুথি বিদ্রোহীরা বলেছিল, তারা গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে জাহাজগুলোতে আক্রমণ করছে।

    এর প্রতিক্রিয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুথিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা শুরু করেন যা ড্রোনাল্ড ট্রাম্পের সময়ে আরও তীব্র হয়।

  7. ইরানের আকাশসীমা বন্ধ থাকার পরও কীভাবে বিদেশ গেলেন আরাঘচি?, হুসেইন ইসমায়েলি, বিবিসি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, Iran

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    আকাশসীমা বন্ধ থাকার পরও রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে নিয়ে জেনেভা ভ্রমণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    যেখানে তিনি তিনটি ইউরোপীয় দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন।

    ইসরায়েলি আক্রমণ এবং ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর এটিই প্রথমবারের মতো তার ইরানের বাইরে যাওয়ার ঘটনা।

    সংঘাত শুরুর পর আরাঘচি কীভাবে ইরান ত্যাগ করেছিলেন তা ঘোষণা করা হয়নি। তাই প্রশ্ন উঠেছে, ইরানের আকাশসীমা বন্ধ থাকার পরও দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীভাবে দেশের বাইরে এই মিশনে গেলেন?

    ইরানের আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত দেশটির সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের একটি অভ্যন্তরীণ সিদ্ধান্ত যা বাস্তবায়নের জন্য দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থাকে জানানো হয়।

    বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ থাকলেও প্রয়োজন ও ধরনের ভিত্তিতে ট্রানজিট, অবতরণ, ওভারফ্লাইট বা অন্য যেকোনো ধরনের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে পারে দেশগুলো।

    দেশের বাইরে মিশনে যেতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা সরকারি বিমান ব্যবহার করেন। যেগুলো ইরানের ইসলামী প্রজাতন্ত্রের মালিকানাধীন এবং বাণিজ্যিক বা যাত্রীবাহী বিমান হিসেবে বিবেচনা করা হয় না।

    পররাষ্ট্রমন্ত্রী যখন কোনো মিশনে যান কিংবা বিদেশ ভ্রমণ করেন, তখন জরুরি ভিত্তিতে একটি নির্দিষ্ট বিমান করিডোর খোলা হয় যাতে মন্ত্রীর বিমানটি যাত্রা শুরু করতে পারে। বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

    যুদ্ধ পরিস্থিতির কারণে এটা সম্ভব যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি চলাচলের জন্য এমনভাবে পথ বেছে নিয়েছিল যা বিমানটিকে ইরানের আকাশে সবচেয়ে কম সময়ের জন্য রাখে এবং যত দ্রুত সম্ভব ‘বেশি ঝুঁকিপূর্ণ’ এলাকা থেকে দূরে সরিয়ে নেয়।

    সীমান্ত ত্যাগ করার আগে এই বিমানটিকে যুদ্ধবিমান দিয়ে নিরাপত্তা দেওয়া হয়েছিল এটা ভাবাও খুব একটা অবাস্তব নয়। যেমন গত বছর ইরান-ইসরায়েল সামরিক সংঘর্ষের পর, কাতারে সরকারি সফরের সময় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানকে বহনকারী বিমানটিকে যুদ্ধবিমান দিয়ে নিরাপত্তা দেয়া হয়েছিল।

    যদি কোনো কারণে দেশের আকাশে বিমান উড্ডয়ন একেবারেই নিরাপদ মনে না হয়, তাহলে এটাও সম্ভব যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্থলসীমান্ত দিয়ে প্রতিবেশী কোনো দেশে প্রবেশ করেছেন এবং সেখান থেকে বাণিজ্যিক যাত্রীবাহী বিমানে তার গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

    সরকারের রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন যাকে যুদ্ধের সময়ও শারীরিক আক্রমণ কিংবা সামরিক হুমকি থেকে মুক্ত রাখা হয়।

  8. দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান, ঘোনচেহ হাবিবিয়াজাদ, বিবিসি পার্সিয়ান, ওয়ার্ল্ড সার্ভিস রিপোর্টার

    ইরানি গণমাধ্যম স্বীকার করেছে যে দেশটিতে ইসরায়েলি হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী মারা গেছেন। যার ফলে সরকারিভাবে মৃতের সংখ্যা বেড়ে ১০জনে দাঁড়িয়েছে।

    ইসার তাবাতাবেই ঘোমশেহ নামের ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর প্রথমে তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে ঘোষণা করা হয়েছিল, যেখানে তিনি একজন প্রাক্তন ছাত্র ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের নিউজলেটারে বলা হয়েছে যে তাকে "গত সপ্তাহের শেষের দিকে" তার স্ত্রী মানসুরেহ হাজিসালেমের সাথে তার বাড়িতে হত্যা করা হয়েছে।

    ইরান এর আগে আরও নয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

    ফেরেদুন আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ছিলেন, আর মোহাম্মদ মেহেদী তেহরানচি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    আব্দুলহামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি এবং আমিরহোসেন ফেঘি তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মী ছিলেন।

    আকবর মোতালেবিজাদেহ, আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজিও নিহত হয়েছেন।

    ইতোমধ্যে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে যে ‘অপারেশন নার্নিয়া’-এর অধীনে ইসরায়েল নয় জন ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে ‘একযোগে’ হত্যা করেছে এবং তার কিছুক্ষণ পরেই দশম ইরানি পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে।

  9. তিন ধর্মীয় নেতাকে খামেনির উত্তরসূরি নির্ধারণ করার দাবি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, WANA

    ছবির ক্যাপশান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি তার উত্তরসূরি হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন বলে দাবি করা হচ্ছে।

    নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সর্বোচ্চ নেতা জানেন যে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে।

    এই প্রেক্ষাপটে তিনি একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তারা বলছেন, সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্বে থাকা ধর্মীয় সংস্থা, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসকে প্রস্তাবিত তিনটি নাম থেকে দ্রুত তার উত্তরসূরি নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে।

    ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি সাধারণত কয়েক মাস ধরে চলে। ধর্মগুরুরা তাদের নিজস্ব তালিকা থেকে নাম বেছে নেন।

    কর্মকর্তারা বলছেন, যেহেতু দেশটি এখন যুদ্ধে লিপ্ত, তাই খামেনি চান "তার উত্তরাধিকার ঠিক রাখতে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য দ্রুত এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি নিশ্চিত করতে"।

    তবে তারা জোর দিয়ে বলেছেন, সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি প্রার্থীদের মধ্যে নেই আলী খামেনির ছেলে মোজতাবা।

  10. ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন ক্ষয়ক্ষতির চিত্র

    ইসফাহান পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র
    ছবির ক্যাপশান, ইসফাহান পারমাণবিক স্থাপনার উত্তর অংশে নতুন ক্ষয়ক্ষতি চিহ্নিত করেছে বিবিসি ভেরিফাই

    নতুন করে হামলা চালানোর পর ইরানের ইসফাহান পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

    গত সপ্তাহে ম্যাক্সারের তোলা স্যাটেলাইট ছবির সাথে এই ফুটেজের তুলনা করেছে বিবিসি ভেরিফাই, যার মাধ্যমে স্থাপনাটির উত্তর অংশে নতুন করে ক্ষয়ক্ষতি চিহ্নিত করা গেছে।

    পৃথক বিবৃতিতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যবহৃত "সেন্ট্রিফিউজ উৎপাদন স্থাপনায়" হামলার দাবি করছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

    প্রায় ০.৩ বর্গ কিলোমিটার এলাকায় নতুন করে ক্ষয়ক্ষতি হয়েছে। যেখানে সাতটি অবকাঠামো পুরোপুরি মাটির সাথে মিশে গেছে বলে মনে হচ্ছে।

    ১৪ই জুন ধারণ করা ম্যাক্সারের ছবিতে স্থাপনাটির কমপক্ষে দুটি ভবনে স্পষ্ট ক্ষত এবং পোড়া দাগ দেখা গেছে। সেই সময় কোনো কাঠামো অবশ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি।

    গতকাল, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি নিরাপত্তা পরিষদকে বলেছেন, "পরমাণু স্থাপনাগুলোতে হামলার ঘটনা ইরানের পারমাণবিক নিরাপত্তায় তীব্র অবনতি ঘটিয়েছে।"

  11. দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ, ইসরায়েল বলেছে আরও হামলা হবে

    ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে

    ইসরায়েলি সেনাবাহিনী আরও হামলা চালানোর খবর নিশ্চিত করার পরই দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো বর্তমানে দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।" তবে তিনি এ নিয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

    ইরানি গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ এবং বন্দর-ই মাহশাহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

  12. ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না- দাবি ফরাসি প্রেসিডেন্টের

    ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছ থেকে ফোন কল পাওয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ।

    এর আগে ম্যাক্রঁ জানিয়েছিলেন, ইউরোপ ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা ত্বরান্বিত করতে রাজি আছেন তিনি।

    সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে, ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, "আমি দাবি করছি- ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ কিনা সে নিশ্চয়তাও তাদেরকেই দিতে হবে।"

    "সংঘাত বন্ধ করে বড় বিপদ এড়ানোর অবশ্যই উপায় আছে," বলেন মি. ম্যাক্রঁ।

    তিনি বলেন, "আমরা ইরানের সাথে ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে আলোচনা ত্বরান্বিত করব।"

  13. ইরান-ইসরায়েল সংঘাতের সর্বশেষ অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

    ইরানের ক্ষেপনাস্ত্রের আঘাতে ইসরায়েলে ধ্বংস হওয়া একটি ভবনের সামনে উদ্ধারকর্মীরা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের ক্ষেপনাস্ত্রের আঘাতে ইসরায়েলে ধ্বংস হওয়া একটি ভবনের সামনে উদ্ধারকর্মীরা

    ইরানে

    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইসরায়েল-ইরানের চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া "খুবই বিপজ্জনক" হবে।
    • তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন "মধ্যপ্রাচ্যে শান্তির পথে ইসরায়েল সবচেয়ে বড় বাধা"। ইস্তানবুলে কূটনৈতিক আলোচনার জন্য তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির সাথে শনিবার দেখা করছেন।
    • ১৩ই জুন সংঘাত শুরুর পর থেকে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ইসরায়েলে

    • দুই ইরানি কমান্ডারকে (হামাস সমন্বয়কারী সাঈদ ইজাদি এবং কুদস ফোর্সের কমান্ডার বেহনাম শাহরিয়ারি) হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
    • ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার সকালে আটটি ইরানি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে।
    • সংঘাতে এখন পর্যন্ত ২৫ জন নিহত এবং দুই হাজার ৫১৭ জন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েল। যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

    এছাড়া, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স এর ডিরেক্টর তুলসি গ্যাবার্ড বলেছেন, তিনি এখন বিশ্বাস করেন যে "কয়েক সপ্তাহের মধ্যে" পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান।

    এর আগে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই বলে গ্যাবার্ড যে বক্তব্য দিয়েছিলেন তা “ভুল” বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। যে বক্তব্যের পরই সুর পাল্টালেন গ্যাবার্ড।

  14. ইরানে আজ রাতেই ইন্টারনেট সংযোগ ফেরার ঘোষণা

    ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ভবন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত ভবন

    আজ শনিবার রাতে (স্থানীয় সময় রাত ৮টায়) আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে ইরানের ইন্টারনেট। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।

    এদিকে, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, প্রায় ৬২ ঘণ্টা বিচ্ছিন্ন রাখার পর দেশটিতে ইন্টারনেট সংযোগ আংশিকভাবে চালু করেছে ইরান সরকার।

    কিন্তু নেটব্লকসের মতে, কিছু এলাকায় ইন্টারনেট সেবা এখনও ব্যাহত হচ্ছে এবং সংযোগ এখনো স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

    বুধবার থেকে ইরানে ইন্টারনেট সমস্যার শুরু হয়। যখন ইসরায়েলের সম্ভাব্য সাইবার আক্রমণের "উদ্বেগ" জানিয়ে ইন্টারনেটের গতি কমিয়ে দেয় দেশটির সরকার।

    মূলত, ইসরায়েলের সাথে সংঘাত শুরুর পর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ইরান।

    সংঘাতেরএই সময়টায় ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে দেখা গেছে দেশটির নাগরিকদের। অনেকেই ইরানের ভেতরে ও বাইরে তাদের পরিবার এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করতেও জটিলতায় পড়েন।

  15. ইসরায়েল এই অঞ্চলকে 'সম্পূর্ণ বিপর্যয়ের' দিকে নিয়ে যাচ্ছে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ছবির উৎস, EPA-EFE/Shutterstock

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাশে হাকান ফিদান (বামে)

    তুরস্কের ইস্তানবুলে শুরু হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও এই বৈঠকে উপস্থিত রয়েছেন। যিনি শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠকে করেছেন।

    ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করে বলেছেন, ইরানের ওপর ইসরায়েলের আক্রমণ এই অঞ্চলকে "সম্পূর্ণ বিপর্যয়ের" দিকে ঠেলে দিচ্ছে।

    যুদ্ধ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বশক্তিগুলোকে আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

    মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে সমর্থন করার আহ্বান জানান মি. ফিদান।

    তিনি বলেন, "গাজায় হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং এখন ইরানে হামলার পর এই অঞ্চলটি 'ইসরায়েল সমস্যার' মুখোমুখি।"

  16. মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা- এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    ছবির উৎস, dia images via Getty Images

    ছবির ক্যাপশান, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান

    তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হলো "আলোচনাকে নস্যাতের" চেষ্টা।

    তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এসময় তিনি ইসরায়েলের হামলাকে "সরাসরি ডাকাতি" উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা "এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা"।

    তিনি আরও বলেন, "১৩ই জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।"

  17. ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ঢাকা মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম।

    তিনি জানান, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    উল্লেখ্য, নিরাপদ ক্যাম্পাস, আবাসনসহ পাঁচদফা দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা।

    “শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই অ্যাকাডেমিক কার্যক্রম আবারো চালু করা হবে,” জানান মি. আলম।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে।

    তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে।

  18. সংঘাত শুরুর পর থেকে অন্তত ৪৩০ জন নিহত, জানিয়েছে ইরান

    ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত একটি ভবন

    ছবির উৎস, Majid Saeedi/Getty Images

    ছবির ক্যাপশান, ইসরায়েলের হামলায় তেহরানে ক্ষতিগ্রস্ত একটি ভবন

    গত ১৩ জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত এবং তিন হাজার ৫০০ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় নূর সংবাদ সংস্থা।

    কয়েকদিনের মধ্যে ইরানে মৃতের সংখ্যা সম্পর্কে এটি প্রথম সরকারি আপডেট।

    এরআগে, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। তবে একটি মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।

    এদিকেইসরায়েল জানিয়েছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহতহয়েছেন দুই হাজার ৫১৭ জন।

  19. এই সংঘাতে মার্কিন সম্পৃক্ততা হবে 'খুবই বিপজ্জনক'- ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

    “আমাদের জনগণের ওপর যখন বোমা হামলা করা হচ্ছে তখন আমরা আলোচনায় যেতে পারি না,” একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

    তিনি দাবি করেছেন, “যুক্তরাষ্ট্র এই আগ্রাসনে প্রথম দিন থেকেই যুক্ত আছে।” যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

    ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ‘খুবই বিপজ্জনক’ হবে বলে সতর্ক করেছেন আরাঘচি। যদিও ইস্তাম্বুলে সাংবাদিকদের সাথে আলাপে, কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে রাজি থাকার কথা জানিয়েছেন।

    অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি হয়, তাহলে তিনি হামলা থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, "আমাদের পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে আমরা সম্পূর্ণ প্রস্তুত"।

    ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কথিত অভিযোগ নিয়ে বছরের পর বছর উত্তেজনার পর ২০১৫ সালে, বিশ্বশক্তিগুলোর একটি পক্ষের সাথে নিজের পরমাণু কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছিল।

    আরাঘচি আরও বলেন, "কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। তবে কূটনীতিতে ফিরে আসতে হলে আগ্রাসন বন্ধ করতে হবে।"

  20. ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জন গ্রেপ্তার

    ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের কুম প্রদেশের গোয়েন্দা ও নিরাপত্তা পুলিশের প্রধান।

    তিনি বলেন, ইসরায়েলি হামলার পর এই ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

    তাদের বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ রাখা, জনমত বিভ্রান্ত করা, ইসরায়েলকে সমর্থন করা এবং প্রদেশের সংবেদনশীল এলাকায় ভিডিও ধারণ করা।