বুধবার যা যা হলো:
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে। নয়াদিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন। শেখ হাসিনা জানান, তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন।
- রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, ইন্টারভিউ যারা করছেন তারা যেন কনটেক্সট ভুলে না যান। “এটা প্রতিষ্ঠিত যে একবিংশ শতাব্দীতে ওনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনী বা মানবাধিকার লঙ্ঘন এত ভয়ানকভাবে আর কেউ করেননি। যারা ইন্টারভিউ করছেন (শেখ হাসিনার) এই কনটেক্সট যেন কেউ ভুলে না যান,” এক সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।
- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সরকার ও ঐকমত্য কমিশনের ভূমিকায় হতাশা প্রকাশ করে বলেছেন, এভাবে রেফারিকে কখনো গোল দিতে দেখিনি। তিনি বলেন কমিশনের সুপারিশে কিছু দলের প্রস্তাব ও কমিশনের চিন্তা ভাবনা জাতির ওপর জবরদস্তি করে আরোপের চেষ্টা লক্ষ্য করেছেন তিনি।
- সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক সভায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর ও বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, বড় শক্তি নিয়ে বানচালের জন্য চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বৈঠকের বিষয়বস্তু জানিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ আমলের তিনটি নির্বাচনে যাদের ন্যুনতম সংশ্লিষ্টতা ছিলো তারা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্বে থাকবেন না।
- ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসা জ্যামাইকা তছনছ করার পর আঘাত হেনেছে কিউবায়। ঝড়ের প্রভাবে জ্যামাইকার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ ও ফোন সেবা হীন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ক্যাটাগরি-৫ মাত্রাকেই সবচেয়ে শক্তিশালী বোঝায়। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫৭ মাইল বা এর বেশি থাকলে এই মাত্রাকে বোঝানো হয়।
- গাজায় মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ‘কয়েক ডজন সন্ত্রাসী ও সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা করেছে।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের আরও খবর এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূলপাতায়।











