ফেসবুকে পাসপোর্টের ছবি দেখেই কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা

ঢাকার ফার্মগেট এলাকায় রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই ঘটনার পর উত্তরা থেকে মতিঝিলে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে এশিয়ায় সফরে রোববার মালয়েশিয়ায় গেছেন ডোনাল্ড ট্রাম্প, এরপরে তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রোববার সারাদিন যা যা হলো-

    • ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।
    • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনায় আগারগাঁও থেকে মতিঝিলের রেল চলাচল বন্ধ রয়েছে।
    • বিকেলে প্রথমে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত আংশিক মেট্রোরেল চলাচল চালু হয়। পরবর্তীতে মতিঝিল থেকে শাহবাগ সেকশনে চালু হয় মেট্রোরেল চলাচল।
    • মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর ঘটনায় সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
    • ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।
    • আদালতের আদেশে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বা বিআরপি নামে একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। একই সাথে দলটিকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে হাতি।
    • প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
    • নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়ায় সফরে রয়েছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের শীর্ষে দুই দেশের বাণিজ্য বিরোধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে সোমবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর রয়েছে আমাদের মূলপাতায়

  2. মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পর পাঁচ সদস্যরে তদন্ত কমিটি গঠন

    ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ার পর পথচারীর মৃত্যুর ঘটনায় সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খানের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে দুপুরে ফার্মগেটের দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রেল উপদেষ্টা। এসময় উপদেষ্টা নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের কর্মক্ষম কোনো সদস্য থাকলে মেট্রোরেলে তার চাকরির ব্যবস্থা করার কথা জানান।

    রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর পর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

    পরে বিকেল তিনটায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

  3. ফেসবুকে পাসপোর্টের ছবি দেখেই কালামের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা

    নিহত আবুল কালাম

    ছবির উৎস, FAMILY HANDOUT

    ছবির ক্যাপশান, নিহত আবুল কালাম

    ছেলেটির বয়স পাঁচ বছর আর মেয়েটির বয়স মাত্র তিন। এই বয়সেই পিতৃহারা হয়েছে ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দুই সন্তান।

    নিহত মি. কালামের পরিবারের সদস্যরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ট্রাভেল এজেন্সি পরিচালনা করতেন। পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জে। ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

    প্রতিদিনের মতো রোববার সকালে নারায়ণগঞ্জ থেকে মতিঝিলে আসেন আবুল কালাম। এরপর কাজের জন্য সেখান থেকে বের হয়ে দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট এলাকায় যান। সেখানেই মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

    নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার জানান, দুপুরে আমরা টিভিতে খবর দেখি মেট্রোরেলের নিচে একজন মারা গেছে। পরে যখন ফেসবুকে একটা পাসপোর্টের ছবি দেখি তখনই আমরা বুঝতে পারি আমাদের কালাম মারা গেছে।

    তিনি জানান, ছোটবেলায় বাবা মা হারান মি. কালাম। এরপর বেড়ে ওঠেন ভাইবোনের কাছে। রোববার দুপুরে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই কথা বলেছিলেন পরিবারের সাথে।

    কালামের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এমন দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় শোকে স্তব্ধ পরিবারসহ এলাকার বাসিন্দারা।

  4. বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ

    বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়

    ছবির উৎস, ISPR

    ছবির ক্যাপশান, বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়

    ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী।

    রোববার বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশের সহায়তায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

    গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযানটি পরিচালিত হয়। এক পর্যায়ে ট্রেনের একটি নির্দিষ্ট বগি থেকে সেনা সদস্যরা আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, গান পাউডার এবং প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।

  5. যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের রিপাবলিকান পার্টিও পেলো হাতি মার্কা

    হাতি প্রতীক নিয়ে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, হাতি প্রতীক নিয়ে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি

    আদালতের আদেশে বাংলাদেশ রিপাবলিকান পার্টি বা বিআরপি নামে একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

    একই সাথে দলটিকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে হাতি। ফলে বাংলাদেশের রিপাবলিকান পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে হাতি মার্কা নিয়ে।

    রোববার দলটির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়ের হাতে নিবন্ধন সনদ তুলে দেয় নির্বাচন কমিশন।

    ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১১১২২/২০১৮ এর সূত্রে গত ২৩শে জুলাই আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)-কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত, ইসি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলের জন্য হাতী প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।

    হাতি প্রতীক পাওয়ার পর পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি ন্যায়বিচার পেয়েছি”।

    উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দলের নামও রিপাবলিকান পার্টি। দলটির নির্বাচনী প্রতীকও হাতি।

    রোববার বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন

    ছবির উৎস, HUMAYUN KABIR

    ছবির ক্যাপশান, রোববার বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন
  6. উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু, অন্য অংশে চালু করতে মেরামত কাজ চলছে

    কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে

    ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার পর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হয়েছে মেট্রোরেল।

    বিকেল তিনটা থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বিবিসি বাংলাকে এ তথ্য জানান।

    মি. শরিফী জানান, বিকেল তিনটা নাগাদ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

    ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলছে।

    এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

    দুর্ঘটনার পর থেকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

  7. ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ

    ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনায় শনিবার সন্ধ্যায় দুইজনকে আটক করেছে পুলিশ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ল্যুভ মিউজিয়ামে চুরির ঘটনায় শনিবার সন্ধ্যায় দুইজনকে আটক করেছে পুলিশ

    প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।

    লে প্যারসিয়ান পত্রিকার তথ্য বলছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি প্যারিসের সেন-সাঁ-দেনি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে বিমানে চড়ার চেষ্টা করছিলেন।

    গত রোববার বিশ্বের সবচেয়ে দর্শকপ্রিয় এই ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান অলংকার চুরির ঘটনা ঘটে। চারজন ব্যক্তি দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে জাদুঘরে প্রবেশ করে।

    ফ্রান্সের আইনমন্ত্রী স্বীকার করেছেন যে, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভয়াবহ এই চুরির ঘটনা ঘটেছে।

    ফ্রান্সের গণমাধ্যমের খবরে বলা হয়, এই চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুইজনকে গ্রেফতার করা হয় শনিবার সন্ধ্যায়।

    আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তও করছে পুলিশ।

  8. আরপিও সংশোধন: আপত্তি জানিয়ে ইসিতে চিঠি বিএনপির

    রোববার ইসিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল

    ছবির উৎস, MAHMUDUL HASAN

    ছবির ক্যাপশান, রোববার ইসিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল

    নির্বাচনী জোট করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর সংশোধনীর বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি।

    রোববার বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এ-সংক্রান্ত একটি চিঠি দেয়।

    বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাঈল জবিউল্লাহ সাংবাদিকদের এই তথ্য জানান।

    এসময় তিনি জানান, আরপিও’র ২০ ধারায় যেই সংশোধনী এনেছে ইসি, তার সাথে একমত নয় বিএনপি। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই এই সংশোধন তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে বলেও মনে করছে বিএনপি।

    মি. জবিউল্লাহ বলেন, “এক্ষেত্রে আগের নিয়ম ফেরত চায় বিএনপি। আরপিওর ২০ অনুচ্ছেদ পুনর্বহাল করতে আমরা ইসির পাশাপাশি আইন উপদেষ্টাকে জানাবো”।

    এর আগে জোটবদ্ধ নির্বাচন করতে হলে শরীক দলের প্রতীকেও ভোট করতে পারতো অন্য দলের প্রার্থীরা। সম্প্রতি নির্বাচন কমিশন আরপিরও এই ধারায় সংশোধন এনে খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠায়।

    পরে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুমোদিত হয়েছে।

  9. এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প, বৈঠক হতে পারে চীনের প্রেসিডেন্টের সঙ্গে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী সফরে এশিয়ায় এসেছেন।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী সফরে এশিয়ায় এসেছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সপ্তাহব্যাপী সফরে এশিয়ায় এসেছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে। তার এই সফরের শীর্ষে দুই দেশের বাণিজ্য বিরোধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

    সফরের অংশ হিসেবে শুরুতেই রোববার মালয়েশিয়ায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানে তিনি আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

    এরপর তিনি জাপান সফরে যাবেন।

    সেখান থেকে তার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানেই চীনের প্রেসিডেন্ট শী জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

  10. ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারীর মৃত্যু

    ২০২৩ সাল থেকে ঢাকা চালু হয় মেট্রোরেল

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ২০২৩ সাল থেকে ঢাকা চালু হয় মেট্রোরেল

    ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এই ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে।

    তেজগাঁও থাকার ওসি মোবারক হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।

    পুলিশ জানিয়েছে, ফার্মগেট এলাকার কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ বা কেআইবি এর সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন মি. কালাম নামের ওই পথচারী। এসময় মেট্রো রেলের ৪৩৩নং পিলারের বিয়ারিং প্যাড খুলে তার মাথার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান ওই পথচারী।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের ব্যাগে থাকা পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

    বিয়ারিং প্যাড খুলে পড়ার পর দুপুর থেকেই ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এই খবর লেখা পর্যন্ত মেট্টোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে