কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার বদলে 'জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার' প্রচেষ্টা নিয়েছে: সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপি জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে জুলাই কোনো গণভোট আয়োজনের বিষয়ে তারা একমত নয়। তবে জামায়াতে ইসলামী নির্বাচনের আগে, নভেম্বরেই গণভোটের দাবি করেছে। প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত করেছে ভারতের উপকূলে।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার যা যা হলো:

    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই জাতীয় সনদ ২০২৫' বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে, তাহলে গণভোটে পাশ হওয়া বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে বলে তাদের সুপারিশে বলা হয়েছে।
    • বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে তা নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিবসে সংস্কারগুলো বাস্তবায়ন করতে না পারলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হওয়ার প্রস্তাবকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন তিনি।
    • জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে বলেছে, জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে এবং নভেম্বরেই সেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
    • কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সেখানে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে ভৈরবের লঞ্চঘাট ও কার্গোঘাটে অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেওয়া হয়।
    • আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
    • কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দুই সপ্তাহ পর সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করে একটি অফিস আদেশ জারি করেছে। সরকারি বার্তা সংস্থা বাসস আজ এ খবর দিয়ে বলেছে, কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
    • ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর ঘোষণা করেছে যে, প্রবল ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়িয়ে পড়েছে। ভারতীয় সময় রাত নয়টায় এক্স হ্যান্ডেলে আবহাওয়া বিজ্ঞান দফতর জানিয়েছে, তিন থেকে চার ঘণ্টা চলতে পারে এই ‘ল্যান্ডফল’।
    • বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা আগামী কয়েক ঘণ্টার মধ্যে জ্যামাইকা উপকূলে আঘাত হানতে যাচ্ছে। এর প্রভাবে পুরো দ্বীপ জুড়ে ব্যাপক বর্ষণ ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে। ক্যারিবিয় দ্বীপপুঞ্জের জন্য একটিকে ‘স্টর্ম অব দ্যা সেঞ্চুরি’ বলা হচ্ছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশংকা করা হচ্ছে।
    • সুদানের পশ্চিমাঞ্চলে শহর এল-ফাশ বিদ্রোহী মিলিশিয়া বাহিনীর দখলে চলে যাওয়ায় সেখানে গণহত্যার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও বাহিনীটি হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেছে। এর আগে দেশটির আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ শহরটির নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

    দেশ-বিদেশের আরও খবর এবং বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূলপাতায়

  2. সুদানে মিলিশিয়া গ্রুপের দখলে যাওয়া শহরে গণহত্যার আশঙ্কা

    আরএসএফ মধ্য সুদানের নিয়ন্ত্রণ নিয়েছে

    ছবির উৎস, Telegram

    ছবির ক্যাপশান, আরএসএফ মধ্য সুদানের নিয়ন্ত্রণ নিয়েছে

    সুদানের সামরিক বাহিনীর প্রধান দেশটির পশ্চিমাঞ্চলে সর্বশেষ ঘাঁটি এল-ফাশের থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগেই দেশটির আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ শহরটির নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে।

    এল-ফাশের নর্দার্ন দারফুর রাজ্যের রাজধানী। এটি খার্তুম থেকে প্রায় আটশ কিলোমিটার এবং সাউথ দারফুরের রাজধানী নায়ালা থেকে ১৯৫ কিলোমিটার দূরে।

    জাতিসংঘ সেখানে নৃশংসতার খবরে সতর্ক করে আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পথ করে দেওয়ার আহবান জানিয়েছে।

    আরএসএফ অবশ্য বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে। গোষ্ঠীটি এখন দেশটির সব রাজ্যের রাজধানী নিয়ন্ত্রণ করছে। কিছু জায়গায় তারা বিকল্প প্রশাসন চালু করেছে।

    সুদানের গৃহযুদ্ধের ইতিহাসে এল-ফাশের শহরের পতনকে বড় টার্নিং পয়েন্ট বলে বিবেচনা করা হচ্ছে। ২০২৩ সালে এই গৃহযুদ্ধ শুরু হয়েছে।

    এল-ফাশের থেকে এক ব্যক্তি বিবিসিকে জানিয়েছেন, বহু মানুষ সেখানে আহত হয়ে আটকা পড়ে আছে।

    দেশজেুড়ে সামরিক বাহিনী ও আরএসএফ এর মধ্যে এই সংঘাতে দেড় লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

    আরএসএফ তৈরি হয়েছিলো ২০১৩ সালে

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, আরএসএফ তৈরি হয়েছিলো ২০১৩ সালে
  3. ‘স্টর্ম অব দ্যা সেঞ্চুরি’ আঘাত হানতে যাচ্ছে জ্যামাইকায়

    ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে জ্যামাইকায়

    ছবির উৎস, CIRA/NOAA via Reuters

    ছবির ক্যাপশান, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে জ্যামাইকায়

    বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা আগামী কয়েক ঘণ্টার মধ্যে জ্যামাইকা উপকূলে আঘাত হানতে যাচ্ছে। এর প্রভাবে পুরো দ্বীপ জুড়ে ব্যাপক বর্ষণ ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

    ক্যারিবিয় দ্বীপপুঞ্জের জন্য একটিকে ‘স্টর্ম অব দ্যা সেঞ্চুরি’ বলা হচ্ছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশংকা করা হচ্ছে।

    সেখানকার বহু অধিবাসীকে ইতোমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে বলে জ্যামাইকার স্থানীয় সরকারমন্ত্রী ডেসমন্ড ম্যাকেঞ্জি জানিয়েছেন।

    মেলিসা যেখানে আঘাত করতে পারে সেই সেন্ট এলিজাবেথ ও ওয়েস্টমরল্যান্ডে এখনো যারা আছেন তাদের দ্রুত জরুরি আশ্রয় শিবিরে যেতে বলা হয়েছে।

    দেশটির জ্বালানিমন্ত্রী ড্যারিল ভ্যাজ জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে বহু জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি বলেছেন, ঘুর্ণিঝড়টি এখন খুবই কাছে।

    তিনি সবাইকে নিরাপদে থাকা ও সর্বোচ্চ সতর্কতার আহবান জানিয়েছেন।

    ঝড়ের প্রভাবে জ্যামাইকাতে ৭৬ সে.মি. পর্যন্ত বৃষ্টিপাত ও বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৮২ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

    জ্যামাইকার রাজধানীর একটি এলাকার দৃশ্য

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, জ্যামাইকার রাজধানীর একটি এলাকার দৃশ্য
  4. প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’ আঘাত করেছে ভারতের উপকূলে

    ঘূর্ণিঝড় যেসব এলাকায় প্রভাব ফেলতে পারে, সেখানে মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, ঘূর্ণিঝড় যেসব এলাকায় প্রভাব ফেলতে পারে, সেখানে মোতায়েন হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা

    ভারতের আবহাওয়া বিজ্ঞান দফতর ঘোষণা করেছে যে, প্রবল ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণ ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়িয়ে পড়েছে।

    ভারতীয় সময় রাত নয়টায় এক্স হ্যান্ডেলে আবহাওয়া বিজ্ঞান দফতর জানিয়েছে, তিন থেকে চার ঘণ্টা চলতে পারে এই ‘ল্যান্ডফল’।

    মছলিপটনম ও কলিঙ্গপটনমের মাঝামাঝি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে ল্যান্ডফলের সময়ে ওই অঞ্চলে হাওয়ার গতিবেগ প্রতিঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

    অন্ধ্র প্রদেশ সরকারের বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে কৃষ্ণা, এলুরু, ইস্ট এবং ওয়েস্ট গোদাবরীসহ সাতটি জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। ওই সাত জেলায় ভারতীয় সময় রাত সাড়ে আটটা থেকে কাল ভোর ছটা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সরকার।

    অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানার বিভিন্ন বিমানবন্দর থেকে মোট ৩৫টি বিমান বাতিল করা হয়েছে। দক্ষিণ-মধ্য রেলওয়ে জানিয়েছে তারা মঙ্গলবার ও বুধবার মিলিয়ে ৭২টি ট্রেন বাতিল করে দিয়েছে।

    ওড়িশা রাজ্যের অন্ধ্র প্রদেশ লাগোয়া অঞ্চলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে বলে জানা যাচ্ছে।

    ত্রাণ ও উদ্ধার তৎপরতার জন্য জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে। আনা হয়েছে ভূমিধস সরানোর বড় বড় যন্ত্র এবং গাছ কাটার জন্য বৈদ্যুতিক করাত।

    অন্ধ্র প্রদেশে প্রায় আটশো এবং ওড়িশায় প্রায় দুই হাজার আশ্রয় শিবির খোলা হয়েছে।

    অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে যেসব এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে, সেখানকার বাসিন্দাদের সতর্ক করার জন্য মঙ্গলবার বিকেলের মধ্যে সাড়ে তিন কোটিরও বেশি মেসেজ বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে।

    প্রবল ঘূর্ণিঝড় মন্থা আঘাত করেছে ভারতের অন্ধ্র প্রদেশে

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, প্রবল ঘূর্ণিঝড় মন্থা আঘাত করেছে ভারতের অন্ধ্র প্রদেশে
  5. আগামী নির্বাচনে বড় প্রতিনিধি দল পাঠাবে ইইউ

    প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার

    বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বড় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

    মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান বলে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে।

    রাষ্ট্রদূত মিলার বলেন, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন।

    রাষ্ট্রদূত আরও জানান, ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইইউ সহায়তা করবে।

    মিলার আসন্ন নির্বাচনকে ‘দেশের ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ’ বলে মন্তব্য করেন।

    বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা এবং বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধানের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। এছাড়া মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে তারা একমত হন।

    বৈঠকে নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

  6. বেসরকারি অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও প্রভাষকদের নতুন যোগ্যতা নির্ধারণ

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ জারি করা পরিপত্রে বলেছে, বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগ পেতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

    একই সাথে তাদের স্কুলের অধ্যক্ষ বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কিংবা এমপিওভুক্ত কলেজ বা স্কুলে অন্তত ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

    এছাড়া সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেতে হলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজে প্রভাষক হিসেবে এমপিও ভুক্ত পদে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

    আর প্রভাষক হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

    আজ পরিপত্রটি জারি করা হয়েছে

    ছবির উৎস, https://shed.portal.gov.bd/

    ছবির ক্যাপশান, আজ পরিপত্রটি জারি করা হয়েছে
  7. প্রকৃত বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

    বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন।
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকার আসন্ন জাতীয় নির্বাচনে প্রকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে, তবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পর্যবেক্ষণ মিশনের অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকবে।

    আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চান, আমরা তাদের অবশ্যই উৎসাহিত করব। কিন্তু আমরা চাই না কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে পর্যবেক্ষণের নামে আমাদের সুনাম ক্ষুণ্ন করতে আসুক।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

    তিনি জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং কমনওয়েলথসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে বাংলাদেশে প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠিয়েছে। আমরা মনে করি এটি একটি ইতিবাচক লক্ষণ।

    পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও প্রতিনিধিদল বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসবে।

    তিনি বলেন, আমরা চাই নির্বাচন পর্যবেক্ষণ হোক, যাতে নির্বাচন কতটা স্বচ্ছ, স্বাধীন ও সুষ্ঠু হয়, তা সবার সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

    তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশনগুলো নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও আস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যদি তাদের কাজ নিরপেক্ষ এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়।

    তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততাকে গুরুত্ব দেয় এবং গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়ক গঠনমূলক সহযোগিতাকে স্বাগত জানায়।

    এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ আদালতের আদেশ অনুযায়ী এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে। তবে এখনো ভারতের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

    তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের আদেশ অনুযায়ী তার প্রত্যর্পণ চেয়েছি। তারা বিষয়টি তাদের দিক থেকে পর্যালোচনা করবে। এখনো তারা কোনো জবাব দেয়নি।

    বাংলাদেশ গত বছরের ডিসেম্বর মাসে ভারতকে প্রয়োজনীয় দলিলসহ একটি কূটনৈতিক নোট পাঠায় এবং আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে।

  8. কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক মর্যাদা স্থগিত

    কক্সবাজার বিমানবন্দরে
    ছবির ক্যাপশান, কক্সবাজার বিমানবন্দরে

    কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার দুই সপ্তাহ পর সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম স্থগিত করে একটি অফিস আদেশ জারি করেছে।

    সরকারি বার্তা সংস্থা বাসস আজ এ খবর দিয়ে বলেছে, কক্সবাজার বিমানবন্দরে নির্ধারিত সকল আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    নির্দেশনায় সংশ্লিষ্ট সকলকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু না হওয়া পর্যন্ত নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট এবং জরুরি/ডাইভার্সন কার্যক্রমের জন্য কক্সবাজার বিমানবন্দর ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে।

    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

    এর আগে, ১২ অক্টোবর সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে একটি গেজেট জারি করেছিল।

  9. ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হবে, সমঝোতা স্মারক সই

    কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে

    ভারত ও রাশিয়ার দুটি কোম্পানি ভারতে যাত্রীবাহী বিমান তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

    সমঝোতা অনুযায়ী, কোম্পানি দুটি যৌথভাবে ভারতে এসজে১০০ যাত্রীবাহী বিমান তৈরি করবে।

    কোম্পানি দুটি হলো: হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড ও ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশন।

    ভারতীয় কোম্পানি তাদের বিবৃতিতে বলেছে, “এসজে১০০ বিমান দুই ইঞ্জিনের ছোটো এয়ারক্রাফট। এ পর্যন্ত এ ধরনের দুশোর মতো বিমান তৈরি হয়েছে এবং ১৬টির বেশি এয়ারলাইন তা ব্যবহার করছে”।

    হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের ভাষ্য অনুযায়ী, এই প্রথম ভারতে যাত্রীবাহী বিমান তৈরি হতে যাচ্ছে।

    দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে

    ছবির উৎস, X/@HALHQBLR

    ছবির ক্যাপশান, দুই কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
  10. লিবিয়া থেকে ফিরেছে ১৭৪ বাংলাদেশি, অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার

    লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।

    ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলো।

    “এদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন,” মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে

    ছবির উৎস, Foreign Ministry

    ছবির ক্যাপশান, লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
  11. বিএনপি-জামায়াত আন্ডারস্ট্যান্ডিং করে ভং ধরেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    নাসীরুদ্দীন পাটওয়ারী

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সামনে যে নির্বাচন আসছে এটি হলো ‘লাউ কদুর ইলেকশন’।

    “লাউ হলো বিএনপি আর কদু হলো জামায়াত। চারদলীয় জোটে লাউ কদু একসাথেই ছিলো। জুলাই আন্দোলনেও ছিলো। আপনারা যে লাউ কদুর ইলেকশন করতে যাচ্ছেন তার আগে অনেক কিছু প্রসেস আছে। আমরা বাংলাদেশে কোনো লাউ বিএনপি আর কদু জামায়াত- এ দুটির কোনও ইলেকশন দেখতে চাচ্ছি না,” জুলাই সনদ বাস্তবায়ন রুপরেখা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

    তার দাবি “বিএনপি ও জামায়াত নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এখন এসে একটা ভং ধরেছে যে আমরা বিরোধী, আর তোমরা সরকারে। একটি দলের এক পা ইন্ডিয়ার মধ্যে, আরেকটি দল পাকিস্তানে’।

  12. কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার বদলে 'জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার' প্রচেষ্টা নিয়েছে: সালাহউদ্দিন, অটোমেটিক সংবিধানে প্রতিস্থাপনের প্রস্তাব হাস্যকর বলে তিনি মনে করেন

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

    বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন তাদের সুপারিশে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে তা নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি।

    এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিবসে সংস্কারগুলো বাস্তবায়ন করতে না পারলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হওয়ার প্রস্তাবকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন তিনি।

    “আসন্ন নির্বাচন হবে সংসদের। সংসদ সদস্যরা নির্বাচিত হবেন। এখন তাদের যদি সংবিধান সংস্কার পরিষদের কাজ করতে হয় সেটা তো সংসদেই করতে হবে। এটা তো আলোচনা হয়নি কমিশনে,” সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের বলছিলেন তিনি।

    সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচন হবে সংসদের জন্য। সংবিধান সংস্কারের জন্য নয়। নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট হলো সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা। অটোপাসের মতো কিছু তো সংবিধানে থাকতে পারে না”।

    তিনি বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে যা তিনি দেখেছেন তাতে তার মনে হয়েছে কমিশন ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েছেন।

    “জুলাই জাতীয় সনদ বহির্ভূত অনেক কিছু এই আদেশে সংযুক্ত করা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের নাম একটা আইডিয়া সংযুক্ত করা হয়েছে, যা নিয়ে কখনো আলোচনা হয়নি,” বলেছেন মি. আহমদ।

    ঐকমত্য কমিশনের সুপারিশে ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠনের যে সুপারিশ করা হয়েছে তেমন কোনও সিদ্ধান্তও কমিশনের সভায় হয়নি বলে জানান বিএনপির এই নেতা।

    সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে আলোচনা শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে।’

    তিনি বলেন, ‘আমরা আশা করছি উপদেষ্টা পরিষদ ও সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এমন প্রক্রিয়া গ্রহণ করবে।’

  13. দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার

    আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    তার প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ এক বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনকালীন সময়ের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

    "সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তাঁরা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান," বলছিলেন তিনি।

    বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    মি. ইউনূস বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।”

    বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি আরও জানান, বডি-অন-ক্যামেরার সাহায্যে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

    রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বেঠকটি অনুষ্ঠিত হয়েছে

    ছবির উৎস, CA PRESS WING

    ছবির ক্যাপশান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বেঠকটি অনুষ্ঠিত হয়েছে
  14. জরুরি সেবা হচ্ছে ডাকসেবা এবং আসছে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত “অধিকারী ডাকসেবা”

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় “ডাকসেবা অধ্যাদেশ, ২০২৫”এর খসড়া ওয়েবসাইটে প্রকাশ করে জানিয়েছে যে, এ বিষয়ে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত জনসাধারণ তাদের মতামত জানাতে পারবে।

    মন্ত্রণালয় জানিয়েছে, এই অধ্যাদেশে, ডাকঘর সঞ্চয় ব্যাংক ও ডাক জীবন বীমা-কে রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত “অধিকারী ডাকসেবা” হিসেবে ঘোষণা করা হয়েছে।

    নতুন অধ্যাদেশে প্রবাসী ও অনাবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সেবা নিশ্চিত করা হয়েছে, যা গণতান্ত্রিক অংশগ্রহণের সুযোগ আরও প্রসারিত করবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

    এছাড়া এই অধ্যাদেশে ডাকসেবাকে জরুরি সেবা হিসেবে ঘোষণা করা হয়েছে।

    ফলে জাতীয় সংকটকালে ডাকযান ও কর্মীদের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। এছাড়া চিফ কন্ট্রোলার অফ স্ট্যাম্পস দপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আইনে ডিজিটাল ডাকটিকিট (E-stamping) চালুর পাশাপাশি একটি কেন্দ্রীয় ট্র্যাকিং প্ল্যাটফর্ম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে, যাতে সব অপারেটরের সেবার আন্তঃপরিচালন নিশ্চিত হয়।

    এছাড়া এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য পার্সোনাল ডেটা প্রটেকশন অর্ডিন্যান্স, ২০২৫ এর নীতিমালা অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

  15. ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪১

    বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দেশে গত চব্বিশ ঘণ্টায় আরও চার জন মারা গেছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪১ জন।

    এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই সর্বোচ্চ ২৩০ জন আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, আর তিনজন নারী। অন্যদিকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭১ জনই ঢাকার বাইরের।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৩ জন, যাদের মধ্যে ১৪৪ জন পুরুষ ও ১২৯ জন নারী।

  16. দেখুন বিস্তারিত কী আছে ঐকমত্য কমিশনের জুলাই সনদ আদেশে

    অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে।

    আদেশটির খসড়া গণমাধ্যমে পাঠিয়েছে কমিশন। কিন্তু বিস্তারিত কী আছে এই আদেশে? জানতে হলে পড়ুন:

    জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫

    যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে; এবং

    যেহেতু উক্ত গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট ২০২৪ (২১ শ্রাবণ ১৪৩১) তারিখে তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে, ৬ আগস্ট ২০২৪ (২২ শ্রাবণ ১৪৩১) তারিখে জাতীয় সংসদ ভাঙ্গিয়া দেওয়া হয় এবং ৮ আগস্ট ২০২৪ (২৪ শ্রাবণ ১৪৩১) তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ওস্বীকৃতি লাভ করিয়াছে; এবং

    যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে৬টি সংস্কার কমিশন গঠন করে এবং উক্ত কমিশনসমূহ স্ব স্ব প্রতিবেদন সরকারের নিকট পেশ করে; এবং

    যেহেতু উপরিউক্ত প্রতিবেদনগুলিতে অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৫ (২৯ মাঘ ১৪৩২) তারিখে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে; এবং

    যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করে; এবং

    যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার অপরিহার্য; এবং

    যেহেতু উপরে বর্ণিতমতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন,

    সেহেতু সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল:-

    ১। সংক্ষিপ্ত শিরোনাম- এই আদেশ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ নামে অভিহিত হইবে, যাহা অতঃপর “এই আদেশ” বলিয়া উল্লেখিত।

    ২। আদেশের প্রবর্তন কার্যকরতা- জুলাই গণঅভ্যুত্থানের ফল হিসাবে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশ অবিলম্বে সরকারি গেজেটে প্রকাশ করা হইবে, এবং-

    (ক) উক্তরূপে গেজেট প্রকাশের তারিখে ইহার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩ ও ১৬ অনুচ্ছেদ কার্যকর হইবে; এবং

    (খ) ৮, ৯, ১০, ১১, ১২, ১৪ ও ১৫ অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে।

    ৩। সংজ্ঞা- বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আদেশে,-

    (ক) “গণভোট” অর্থ এই আদেশের অধীনে অনুষ্ঠিত গণভোট;

    (খ) “জাতীয় সংসদ” অর্থ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুসারে গঠিত জাতীয় সংসদ;

    (গ) “জুলাই গণঅভ্যুত্থান” অর্থ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থান, যাহার পরিণতিতে ৫ আগস্ট ২০২৪ তারিখে তৎকালীন সরকারের পতন ঘটে, ৬ আগস্ট ২০২৪ তারিখে সংসদ ভাঙ্গিয়া দেওয়া হয় এবং ৮ আগস্ট ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়;

    (ঘ) “জুলাই জাতীয় সনদ” অর্থ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দল ও জোটসমূহ এবং উক্ত কমিশন কর্তৃক স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ ২০২৫;

    (ঙ) নির্বাচন কমিশন অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন;

    (চ) “নির্বাচিত প্রতিনিধি” অর্থ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের (২) দফা অনুসারে গঠিত জাতীয় সংসদের সকল সংসদ-সদস্য;

    (ছ)পরিষদঅর্থ এই আদেশের ৮ অনুচ্ছেদ অনুসারে গঠিত সংবিধান সংস্কার পরিষদ;

    (জ) “সভাপ্রধান” অর্থ এই আদেশের ১০ অনুচ্ছেদ অনুসারে পরিষদের সভায় সভাপ্রধান হিসাবে দায়িত্ব পালনকারী ব্যক্তি;

    (ঝ) “সংবিধান” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিদ্যমান সংবিধান; এবং

    (ঞ) “সংসদ নির্বাচন” অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিত জাতীয় সংসদের সাধারণ নির্বাচন।

    ৪। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার বিষয়ে গণভোট- জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশ এবং ইহার তফসিল-১ এ সন্নিবেশিত জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কার সম্পর্কিত অংশ গণভোটে উপস্থাপন করা হইবে।

    ৫। গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন - (১) গণভোটে নিম্নরূপ প্রশ্ন উপস্থাপন করা হইবে -

    আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং হার তফসিল- সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’

    (২) ব্যালটের মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হইবে এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালটে প্রত্যেক ভোটার গোপনে ভোটদান করিবেন।

    ৬। গণভোট অনুষ্ঠান- এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা উক্ত নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হইবে।

    ৭। গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়ন- গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হইবে।

    ৮। সংবিধান সংস্কার পরিষদ গঠন উহার কার্যাবলি- (১) গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ‌্যাগরিষ্ঠ ভোট ইতিবাচক (হ‌্যাঁ সূচক) হইলে-

    (ক) এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে, যাহা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা (Constituent Power) প্রয়োগ করিতে পারিবে;

    (খ) উক্ত নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণ একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসাবে এবং এই আদেশ অনুসারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করিবেন;

    (গ) পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে ২৭০ পঞ্জিকা দিবসের মধ্যে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মাধ্যমে এই আদেশের তফসিল-১ এ বর্ণিত জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তাহা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে।

    (২) পরিষদের কার্যধারায় অংশগ্রহণের সময় নির্বাচিত প্রতিনিধিগণ পরিষদ-সদস্য হিসাবে অভিহিত হইবেন।

    (৩) এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে, পরিষদ ইহার অধিবেশন আহ্বান ও মুলতবি, সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, উক্ত প্রস্তাব বিবেচনা গ্রহণ এবং অন‌্য সকল বিষয়ে কার্যপ্রণালি নির্ধারণ করিবে

    (৪) জাতীয় সংসদ সচিবালয় পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবে।

    ৯। শপথ এবং শপথ-পাঠ পরিচালনা- (১) নির্বাচিত প্রতিনিধিগণ সংসদ-সদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল-২ অনুযায়ী পরিষদ-সদস্য হিসাবে শপথ গ্রহণ বা ঘোষণা (এইঅনুচ্ছেদে “শপথ” বলিয়া অভিহিত) করিবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর দান করিবেন।

    (২) সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ-সদস্যদের ক্ষেত্রে যিনি শপথ-পাঠ পরিচালনা করিবেন তিনিই এই আদেশের তফসিল-২ এ বিধৃত ফরমে পরিষদ-সদস্যদের শপথ-পাঠ পরিচালনা করিবেন।

    ১০। পরিষদের সভাপ্রধান, ইত্যাদি- (১) পরিষদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে পরিষদ-সদস্যগণ ইহার সভাপ্রধান ও উপ-সভাপ্রধান নির্বাচন করিবে; এবং উক্তরূপ নির্বাচনের পূর্ব পর্যন্ত পরিষদের বয়োজ্যেষ্ঠ একজন সদস্য বৈঠকে সভাপ্রধান হিসাবে দায়িত্ব পালন করিবেন।

    (২) সভাপ্রধান ও উপ-সভাপ্রধান উভয়ের অনুপস্থিতিতে পরিষদের কার্যপ্রণালী অনুযায়ী কোন পরিষদ-সদস্য সভাপ্রধানের দায়িত্ব পালন করিবেন।

    ১১। পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান, ইত্যাদি- (১) সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে।

    (২) পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ন্যূনতম ৬০ (ষাট) জন পরিষদ-সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে।

    (৩) সংবিধান সংস্কার সংক্রান্ত কোনো প্রস্তাব অনুমোদনের জন্য পরিষদের মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হইবে; এবং অন্যান্য বিষয়ে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিষদে সিদ্ধান্ত গৃহীত হইবে:

    তবে শর্ত থাকে যে, সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপ্রধান ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করিবেন।

    ১২। পরিষদ উহার সদস্যদের বিশেষ অধিকার দায়মুক্তি- পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ-সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি জাতীয় সংসদ ও সংসদ-সদস্যদের অনুরূপ হইবে।

    ১৩। জুলাই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্তকরণ- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত হইবে।

    ১৪। সংবিধান সংস্কার অবিলম্বে কার্যকর করা।- (১) এই আদেশের ৮ অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (১)(গ) অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর যে সমস্ত সংস্কার অবিলম্বে কার্যকর করা সম্ভব তা অবিলম্বে কার্যকর করা হইবে এবং এক্ষেত্রে সরকার সকল যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে।

    (২) এই অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (১) এর সাধারণতা ক্ষুণ্ন না করিয়া [without prejudice to the generality of sub-article (1)] এই আদেশের ৮ অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (১)(গ) অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন হইবার পর ৪৫ পঞ্জিকা দিবসের মধ্যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation-PR) পদ্ধতিতে একটি উচ্চকক্ষ গঠন করা হইবে।

    (৩) এই অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (২) অনুসারে গঠিত উচ্চকক্ষের মেয়াদ শপথ গ্রহণের তারিখ হইতে এই আদেশ জারির অব্যবহিত পরে গঠিত নিম্নকক্ষের (জাতীয় সংসদের) মেয়াদের শেষ দিবস পর্যন্ত হইবে।

    (৪) এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হইবে না।

    (৫) এই অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ (২) অনুসারে উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যেকোনো প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে পরিষদ প্রয়োজনীয় বিধান প্রণয়ন করিতে পারিবে এবং সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারিবে।

    ১৫। পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার চূড়ান্তকরণ প্রকাশ- (১) সার্বভৌম জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তির ভিত্তিতে পরিষদ গঠিত বিধায় তৎকর্তৃক গৃহীত সংবিধান সংস্কার চূড়ান্ত হইবে এবং উক্তরূপ সংস্কার বিষয়ে অন্য কোনোভাবে অনুমোদন বা সম্মতির প্রয়োজন হইবে না।

    (২) পরিষদ কর্তৃক গৃহীত সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ পাঠ এবং উক্তরূপে সংস্কারকৃতসংবিধানের পূর্ণাঙ্গ পাঠ অনতিবিলম্বে সরকার সরকারি গেজেটে প্রকাশ করিবে।

    ১৬। সরকার কর্তৃক নির্দেশনা ইত্যাদি জারি- এই আদেশের বিধানাবলি বাস্তবায়নের লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারিবে।

  17. নির্বাচনের প্রতীক নিয়ে বিএনপির প্রস্তাবে জামায়াতের ‘ঘোর আপত্তি’

    বাংলাদেশের নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও প্রার্থীদের নিজের দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় যে বিধান আনা হয়েছে, তার পক্ষে অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী।

    ওই বিধানে সংশোধন চেয়ে নির্বাচন কমিশনে যে দাবি বিএনপি উপস্থাপন করেছে তার বিরুদ্ধে ‘ঘোর আপত্তি’ করেছেন বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকের সময় তারা তাদের এ আপত্তি তুলে ধরেছেন বলে জানিয়েছেন তিনি।

    বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মি. পরওয়ার বলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ১৮ দফা দাবি তুলে ধরেছেন কমিশনের সামনে।

    তিনি বলেন সংশোধিত আরপিওতে বলা হয়েছে জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, যার বিরুদ্ধে একটি দলের পক্ষ থেকে আপত্তি করা হয়েছে।

    “ওনারা বলেছেন এই সংশোধন পরিবর্তন করতে হবে। তারা বলেছেন তাদের সঙ্গে একজন উপদেষ্টার জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে। আমরা ঘোর আপত্তি দিয়েছে। সংশোধিত বিধানেই নির্বাচন হতে হবে,” বলছিলেন মি. পরওয়ার।

    প্রসঙ্গত, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় নিজ দলের প্রতীকে নির্বাচন করার বিধান পরিবর্তন চেয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিএনপি। দলটির দাবি এটি আগের মতোই রাখ হোক অর্থাৎ জোট বা দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ উন্মুক্ত থাকুক।

    এ বিষয়ে আরও পড়ুন:

  18. গণভোট হতে হবে জাতীয় নির্বাচনে আগে এবং নভেম্বরেই, দাবি জামায়াতের

    জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে বলেছে, জুলাই সনদ নিয়ে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে এবং নভেম্বরেই সেই নির্বাচন সম্পন্ন করতে হবে।

    “জাতীয় সনদে যেসব সংস্কারে আমরা ঐকমত্য হয়েছি সেটা তো জাতিকে জানতে হবে। জানার পরেই তো তারা ভোট দিতে পারবে। একই দিনে ভোট হলে তো তারা জানতে পারবে না,” নির্বাচন কমিশনের সাথে এক বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বলছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    তিনি বলেন, “একই দিনে ভোট হলে সহিংসতা হতে পারে। ২/৪ কেন্দ্রে ভোট বন্ধ হতে পারে। প্রতীক প্রার্থীর দ্বন্দ্বে ভোট বন্ধ হলে গণভোটের দশা কি হবে। একই ভেন্যুতে তো হবে। ভোট কাস্টিং কমে যাবে”।

    এর আগে দুপুরে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, “জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা উক্ত নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হইবে”।

    ওদিকে বিএনপি তার প্রতিক্রিয়ায় বলেছে, গণভোট সংসদ নির্বাচনের সাথে একই দিনে দুই ব্যালটের মাধ্যমে হতে হবে।

  19. নির্বাচনের আগে গণভোট নয়: বিএনপি

    ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের সাথে বিএনপি একমত নয়।

    “পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিলো গণভোট ও নির্বাচন একই দিনে হবে দুটি ব্যালটের মাধ্যমে। এটি দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়কে সামনে আনার সুযোগ নেই। এ বিষয়ে আলোচনার কোনও সুযোগ নেই,” দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলছিলেন তিনি।

    ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠকের পর এ সংবাদ সম্মেলনে মি. চৌধুরী বলছিলেন, “নির্বাচনের দিন দুটো ব্যালটে গণভোট হবে আর প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে । এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা প্রথম দিন থেকেই বিএনপির অবস্থান। এখনও সেই অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। আগামী দিনেও পরিবর্তন হবে না”।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐকমত্য দিয়েই সবকিছু সমাধান হতে হবে এবং ঐকমত্যের বাইরে গিয়ে কোনও সিদ্ধান্তের সুযোগ নেই।

    “যেহেতু বিএনপি এখানে (নির্বাচনের আগে গণভোট) ঐকমত্য পোষণ করে না তাই সেদিকে যাওয়ার সুযোগ নেই,” বলছিলেন তিনি।

    অন্তর্বর্তী সরকারের বিতর্কিত লোক

    ব্রিটিশ হাইকমিশনারের সাথে আলোচনার বিষয় সম্পর্কে অবহিত করতে গিয়ে সংবাদ সম্মেলনে মি. চৌধুরী জানান তাদের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটিও উঠে এসেছে।

    “তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গত এক দশকের বেশি সময় আলোচিত হয়েছে। কারণ তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হয় না সেটা শেখ হাসিনার সব নির্বাচন দখলের সময় দেখা গেছে। সেটা আজকের প্রেক্ষাপটেও ভিন্ন কিছু নয়,” বলছিলেন তিনি।

    এ সময় তিনি বলেন, “ অন্তর্বর্তী সরকারে কিছু লোক আছে যারা প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা বিতর্কিত হয়ে গেছে ইতোমধ্যেই। সেই প্রেক্ষাপটে এই আলোচনা উঠে এসেছে। যদিও ইন্টেরিম সরকার নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে কিন্তু এটাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালনার বিষয় উঠে এসেছে”।

  20. ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সড়ক, নৌ ও রেল অবরোধের ঘোষণা

    কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সেখানে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

    মঙ্গলবার সকালে ভৈরবের লঞ্চঘাট ও কার্গোঘাটে অবস্থান কর্মসূচি শেষে এই ঘোষণা দেওয়া হয়।

    এর আগে আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে আসছিলেন। সোমবার আন্দোলনকারীদের সমাবেশ শেষে রেলে পাথর নিক্ষেপ করে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় প্রায় দুই ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।