আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন, সাধারণ ছুটি ঘোষণা, দেশ-বিদেশের শোক বার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা হবে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, অন্যদিকে বিএনপি সাতদিনের শোকপালনের ঘোষণা দিয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, ভূটানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন।
    • বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
    • খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
    • খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
    • খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সাতদিন শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
    • রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধসহ তিনটি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
    • বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
    • খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
    • ভারতের সরকার ও জনগণের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এছাড়া ভুটানসহ আরো কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরাও আসবেন।
    • খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও।
    • খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলও।
    • বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
    • দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. জানাজার দিনে যানবাহন চলাচল নিয়ে পুলিশের ১১টি নির্দেশনা

    বুধবার দুপুরে ঢাকার সংসদ ভবন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত জনসমাগমের কারণে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

    ডিএমপির নির্দেশনাগুলো হচ্ছে-

    ১. এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডস্থ ফার্মগেটে নামার র‌্যাম্প বন্ধ থাকবে। এক্ষেত্রে এফডিসি র‌্যাম্প ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

    ২. সোনারগাঁও মোড় হতে ফার্মগেট বা বিজয় সরণি রোডে সীমিত গাড়ি চলাচল করবে।

    ৩. কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক পরিহার করতে হবে।

    ৪. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং হতে দক্ষিণ দিকে বিজয় সরণি বা ফার্মগেটে সীমিত গাড়ি চলাচল করবে।

    ৫. বনানী-মহাখালী-গুলশান বা এয়ারপোর্ট রোড থেকে রমনা-শাহবাগ-মতিঝিল-পল্টন-গুলিস্থানগামী গাড়িসমূহকে মহাখালী-জাহাঙ্গীরগেট- কাজী নজরুল ইসলাম এভিনিউ সড়ক এড়িয়ে মহাখালী বাস টার্মিনালের সামনের রাস্তা ও মগবাজার ফ্লাইওভার ব্যবহার করে ব্যবহার করতে হবে।

    ৬. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডি-মোহাম্মদপুরগামী গাড়িসমূহ মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকা এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল-শ্যামলী রিং রোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

    ৭. মিরপুর অঞ্চল থেকে রমনা-মতিঝিলগামী যানসমূহ মিরপুর রোডের শ্যামলী থেকে বামে টার্ন নিয়ে আগারগাঁও ক্রসিং হয়ে ফকরুদ্দিন রোড বা লিংক রোড (বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড) হয়ে জাহাঙ্গীরগেট-মহাখালী-তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

    ৮. পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং-এর দিকে গাড়ি চলাচল সীমিত করা হবে।

    ৯. ধানমন্ডি ৩২ নাম্বার ক্রসিং ও প্রয়োজনে সায়েন্সল্যাব ক্রসিং থেকে গাড়ি ডাইভারশন হবে।

    ১০. প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিক সীমিত গাড়ি চলাচল করবে।

    ১১. জানাজা স্থলকে খালি রাখার নিমিত্তে ফার্মগেট পুলিশ বক্স, ফার্মগেট ইন্দিরা রোড, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা ও গণভবন ক্রসিং সমূহে যান চলাচল বন্ধ থাকবে।

    ফলে রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত বা আড়ং পর্যন্ত, বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং এবং উড়োজাহাজ ক্রসিং হয়ে খেজুরবাগান ক্রসিং হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।

    ঢাকা মহানগরের যানবাহন পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করা যাবে।

    এছাড়া ঢাকার বাহির থেকে আগত জনসাধারণের বাসসহ অন্যান্য যানবাহনসমূহ মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নং সেক্টরের বৌ বাজার বা গরুর হাট এলাকা, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ৩০০ ফিট সার্ভিস রোড এলাকায় পার্কিং করা যাবে।

    ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ সকল ডাইভারশনসমূহ বুধবার সকাল সাতটা থেকে কার্যকর থাকবে।

  3. তিনদিন ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টিসহ আরো যা যা করা যাবে না

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

    এছাড়া তার জনাজা উপলক্ষে আগামীকাল অর্থাৎ বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের সময় কী কী করা যাবে না তা জানিয়ে মঙ্গলবার রাতে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।

    ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তিনটি নির্দেশনা জারি করা হয়েছে।

    এতে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকা মহানগর এলাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো নিষিদ্ধ থাকবে।

    এই সময়ে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‍্যালী বা শোভাযাত্রা করা যাবে না।

    আর উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো বা গণ-উপদ্রব সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    বুধবার বছরের শেষ দিনে ঢাকাসহ সারাদেশে থার্টি ফাস্ট উদযাপনের সময় প্রতি বছর পটকা, আতশবাজীসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন অনেকে।

  4. খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

    মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

    প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথকভাবে এ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং এতে নারীরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারবেন।

    বুধবার জোহরের নামাজের পর দুপুর দুইটায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

    জানাজায় অংশগ্রহণে আগ্রহী সকলকে নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

  5. খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না: নির্বাচন কমিশনার

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

    মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    নির্বাচন কমিশনার মি. মাছউদ বলেন, “নির্বাচন কমিশনের যাচাই বাছাই এখনো হয়নি। উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার মৃত্যুতে নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবে না। নির্বাচনের সময় সূচী সঠিক থাকবে”।

    নির্বাচন কমিশনার মাছউদ বলেন, ''উনি যে সব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এই বিষয়টা এমনিই সুরাহা হয়ে যাবে”।

    মি. মাছউদ জানান, ''এসব কারণে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেওয়া আসনগুলোতে নতুন করে তফসিলে কোন পরিবর্তন করতে হবে না''।

    আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া।

    সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

    মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই প্রধানমন্ত্রী।

  6. এভারকেয়ার থেকে যে পথে যাবে খালেদা জিয়ার মরদেহ

    বুধবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

    মঙ্গলবার ভোটের বিএনপি নেত্রীর মৃত্যুর পর ঢাকার এভারকেয়ার হাসপাতালেই রাখা হয়েছে তার মরদেহ।

    জানাজার আগে বুধবার খালেদা জিয়ার মরদেহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়।

    খালেদা জিয়ার মরদেহ যেই পথে নেওয়া হবে তা একটি বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, খালেদা জিয়া'র মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর হয়ে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছাবে।

    সেখান থেকে গুলশান-২ ও কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড দিয়ে মহাখালী ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং হয়ে বামে মোড় নিয়ে জাতীয় সংসদ ভবনের ৬ নম্বর গেট দিয়ে দক্ষিণ প্লাজায় পৌঁছাবে।

    ডিএমপি জানিয়েছে, খালেদা জিয়াকে বহনকারী কনভয়ের যাতায়াতের সময় সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

  7. খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ২৮ কূটনীতিকদের স্বাক্ষর

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।

    মঙ্গলবার সকালে মিসেস জিয়ার মৃত্যুর পর শোক বই খোলা হলে আন্তর্জাতিক প্রতিনিধি দল এতে স্বাক্ষর শুরু করেন।

    রাতে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকাল তিনটা থেকে এই শোক বইয়ে এখন পর্যন্ত ২৮টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন।

    এতে জানানো হয়, চীন, ভারত, পাকিস্তান জার্মান, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার,ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেনসহ, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ টি দেশের কূটনীতিকরা স্বাক্ষর করেছেন।

    এছাড়া আরো একটি শোক বইয়ে দেশের রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের জন্য রাখা হয়েছে এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকি, চিন্তাবিদ ফরহাদ মজহার, ফুটবলার জনাব কায়সার হামিদও এই শোক বইয়ে স্বাক্ষর করেন।

  8. খালেদা জিয়ার জানাজা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রোরেল

    বুধবার খালেদা জিয়ার জানাজায় মানুষের অংশগ্রহণের সুবিধার্থে সময়সূচির অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, আগামীকাল ৩১শে ডিসেম্বর ডিএমটিসিএল নিয়মিত সময়সূচির অতিরিক্ত বিশেষ মেট্রোট্রেন সার্ভিস পরিচালনা করা হবে।

  9. খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।

    “আমাদের উপপ্রধানমন্ত্রী এখানে (ঢাকায়) এসে জানাজায় যোগ দেবেন—এ ব্যাপারে নিশ্চিত হয়েছি,” মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা- বাসসকে জানিয়েছেন ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান।

    খান আরও জানান, ইসহাক দার আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন।

    এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট মিসেস জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  10. রুমিন ফারহানাসহ আলোচিত ৯ জন নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

    দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

    মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের কথা জানান।

    এই বহিষ্কারের তালিকায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    মি. রিজভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো।

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার। এই নির্বাচনে অংশ নিতে বিভিন্ন আসনে বিএনপি ও জোটের প্রার্থীদের মনোনয়ন দিয়েছিল বিএনপি।

    যে সব নেতাদের বহিষ্কার করা হয়েছে তাদের অনেককে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

    ধারণা করা হচ্ছে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা নির্বাচনে অংশ নেওয়ার কারণেই দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

    এর আগে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে পদত্যাগের কথাও বলেছিলেন।

  11. খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব

    খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব জানাজা পড়াবেন।

    জানাজার পুরো বিষয়টি সঞ্চালন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    জানাজা শেষে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

  12. খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি ভারতের সরকার ও জনগণের পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

    তিনি কাল ঢাকায় পৌঁছাবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বার্তায় জানানো হয়েছে।

  13. খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় পার্টি

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে।

    এই জানাজায় অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি।

    মঙ্গলবার সকালে জাতীয় পার্টির এক বিশেষ এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

    এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের নির্দেশে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানাজায় অংশ নিতে দলটির নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান।

    বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার আগে সকাল সাড়ে এগারোটায় ঢাকায় অবস্থানরত দলটির নেতাকর্মীদের সংসদ ভবন সংলগ্ন পাট গবেষণা ইন্সটিটিউটের সামনে অবস্থানেরও অনুরোধ জানানো হয়।

    মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

  14. খালেদা জিয়ার কবরের জায়গা দেখতে জিয়া উদ্যানে বিএনপি'র প্রতিনিধি দল

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরের জায়গা দেখতে জিয়া উদ্যানে গেছে বিএনপি'র প্রতিনিধি দল।

    মঙ্গলবার বিকেলে তারা সেখানে গিয়ে জায়গা নির্ধারণ করে কবরের মাপ নেয়।

    বুধবার দুপুরে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে মিসেস জিয়াকে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

  15. খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের ছুটির প্রজ্ঞাপন জারি

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেইসঙ্গে, সরকারের পক্ষ থেকে বুধবার যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেটিরও প্রজ্ঞাপন জারি হয়েছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার দুপুরে জারি করা এই প্রজ্ঞাপনে ৩১শে ডিসেম্বর বুধবার থেকে দোসরা জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

    উক্ত তিনদিন বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিতসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া নির্বাহী আদেশে ঘোষণা করা ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ৩১শে ডিসেম্বর সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

    তবে জরুরি সেবা ও হাসপাতাল এই ছুটির আওতার বাইরে থাকবে।

    সেইসঙ্গে, ব্যাংকের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

  16. খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় মাঠে থাকবে ১০ হাজার পুলিশ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

    বুধবার দুপুরে জানাজার আগে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

    সেখানে নেওয়ার সময় মিসেস জিয়ার মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও এপিবিএন সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সদস্যও দায়িত্বে থাকবেন বলে জানান তিনি।

    আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মি. আলম।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফনের পুরো প্রক্রিয়াটি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলেও জানান।

    "খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা ও কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। কিছুদিন আগে সংসদ ভবন এলাকায় বড় একটি জানাজা হয়েছে। খালেদা জিয়ার জানাজা আরও বড় আকারে হবে। সে আলোকে প্রস্তুতি নেওয়া হচ্ছে," বলেন মি. আলম।

  17. খালেদা জিয়ার জানাজা ও দাফনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান বিএনপির

    বুধবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় শান্তি শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

    মঙ্গলবার দুপুরে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।

    জানাজা ও দাফনকে সামনে রেখে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে ফার্মগেট ও মিরপুর রোডে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

    সরকারের পক্ষ থেকে সকল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা প্রতিপালন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

  18. খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় জানাল সরকার

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার জোহরের নামাজ শেষে ঢাকার জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় মিসেস জিয়ার জানাজা সম্পন্ন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    জানাজা শেষে সংসদভবন এলাকাসংলগ্ন জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে মিসেস জিয়ার দাফন সম্পন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

    এক্ষেত্র সাধারণ জনগণ জানাজায় অংশ নিতে পারলেও দাফনের সময় তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।

    এছাড়া জানাজায় অংশ নেওয়ার সময় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না বলেও সরকারের তরফে জানানো হয়েছে।

  19. খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে: আসিফ নজরুল

    অসুস্থ হয়ে খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    মঙ্গলবার দুপুরে যমুনায় ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

    ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার মিসেস জিয়াকে "অন্যায়ভাবে গ্রেফতার করে সাজা দিয়েছে" বলেও মন্তব্য করেন তিনি।

    "সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বার বার করে বলা হয়েছে যে, বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্যপ্রণোদিত, জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেওয়া হয়েছিল," বলেন আইন উপদেষ্টা।

    "উনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, উনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং উনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে," বলেন অধ্যাপক নজরুল।

  20. খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাসদের শোক

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় শোক প্রকাশ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    "দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল," বলেন মি. ইসলাম।

    একইভাবে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও এক বার্তায় শোক প্রকাশ করেছেন।

    জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, "এরশাদের সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০-এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।"