আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন, সাধারণ ছুটি ঘোষণা, দেশ-বিদেশের শোক বার্তা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা হবে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে। তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, অন্যদিকে বিএনপি সাতদিনের শোকপালনের ঘোষণা দিয়েছে। শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারত, ভূটানের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. খালেদা জিয়ার মৃত্যুর খবরে জকসু নির্বাচন স্থগিত

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।

    মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম।

    নির্বাচনের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

    আজ সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

    কিন্তু ভোরে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানার পর জরুরিভিত্তিতে সিন্ডিকেটের সভা ডেকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  2. খালেদা জিয়ার মৃত্যুর পর এভারকেয়ার হাসপাতালের সবশেষ পরিস্থিতি

    খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতাল এলাকায় আসতে শুরু করেছেন।

    ঢাকায় থাকা দলটির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই ইতোমধ্যে হাসপাতালের ভেতরে অবস্থান করছেন।

    হাসপাতালে আছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা।

    এছাড়াও আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মিসেস জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে।

    বাইরে হাসপাতালের ফটকের সামনে অবস্থান করছেন তৃণমূলের নেতাকর্মীরা। দলের চেয়ারপার্সনের মৃত্যুতে তারা সবাই শোকাহত। অনেকে কান্নাকাটিও করছেন।

    খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি'র পক্ষ থেকে কিছুক্ষণ আগে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

  3. খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    "বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত," মঙ্গলবার সকালে প্রকাশিত বিবৃতিতে বলেন অধ্যাপক ইউনূস।

    মিসেস জিয়ার মৃত্যুতে তার পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তিনি।

    "রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল," বলেন প্রধান উপদেষ্টা।

    খালেদা জিয়াকে 'বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়' উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, তার অবদান ও তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।

    "শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।"

    "বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে," বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টা।

  4. খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালনের কর্মসূচি বিএনপির

    দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    মঙ্গলবার থেকে আগামী একসপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এই সময়ে কালো ব্যাজ ধারণ করবেন দলের নেতাকর্মীরা।

    সেইসঙ্গে, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়সহ সব কার্যালয়ে শোক বই খোলা রাখবে বিএনপি।

    মঙ্গলবার সকাল নয়টায় দলের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানোর পর এই কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    "এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি। পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে," কর্মসূচি ঘোষণার আগে সাংবাদিকদের বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    এছাড়া জানাজা ও দাফনের ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বিএনপি।

    "এই শোক, এই ক্ষতি অপূরণীয়। জাতি কখনোই এটি কাটিয়ে উঠতে পারবে না। বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে," ব্রিফিংয়ে বলেন বিএনপি মহাসচিব মি. আলমগীর।

  5. জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফনের পরিকল্পনা বিএনপি'র

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।

    বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

    বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

  6. খালেদা জিয়ার জানাজা হতে পারে বুধবার

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার হতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

  7. খালেদা জিয়ার মৃত্যুর খবরে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড়

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা গেছেন।

    দলের পক্ষ থেকে তার এই মৃত্যুর খবর নিশ্চিত করার পর থেকে বিএনপি’র নেতাকর্মীরা ঢাকার এভারকেয়ার হাসপাতালের সামনে আসতে শুরু করেছেন।

    তাদের অনেকে হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছেন। তবে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের আটকে রেখেছে।

  8. সোমবার সারাদিন যা যা হলো:

    • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মনোনয়ন দাখিল হয়েছে দুই হাজার ৫৮২টি। তবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিন হাজার ৪০৭টি।
    • ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া দেড় যুগ পরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    • ঢাকাসহ দেশের প্রায় সব অঞ্চলে ঘন কুয়াশার কারণে আজ সোমবার সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন।
    • ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামীদের গ্রেফতারের দাবিতে চতুর্থ দিনের মতো ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ মোড় অবরোধ করেন।
    • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এনসিপিতে যোগ দিয়েছেন। তাকে দলের মুখপাত্রের ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
    • এনসিপি থেকে ৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে তাদের আসন সমঝোতা এখনও হয়নি।
    • নির্বাচনী পরিবেশ সৃষ্টি না হওয়ার কারণ দেখিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বিরত থাকার ঘোষণা দিয়েছে।
    • আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
  9. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে