মঙ্গলবার সারাদিন যা যা হলো:
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন।
- বুধবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
- খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
- খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
- খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া সাতদিন শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি।
- রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, শোভাযাত্রা নিষিদ্ধসহ তিনটি নির্দেশনা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি।
- বিএনপি চেয়ারপার্সনের মৃত্যুতে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
- খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার সকালে ঢাকায় আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
- ভারতের সরকার ও জনগণের পক্ষে বিএনপি চেয়ারপার্সনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। এছাড়া ভুটানসহ আরো কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরাও আসবেন।
- খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। শোক জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগও।
- খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে স্বাক্ষর করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক দলও।
- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
- দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্তত নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
















