আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রতীক ছাড়াই এনসিপির নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দুটি রাজনৈতিক দল–– জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা হলো-

    • গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।
    • ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন, এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।
    • ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
    • প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
    • কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা ঘিরে নানা সমালোচনা দেখা গেছে। গত শনিবার সিলেট পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারসহ নানা নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে।
    • সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার পূজা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি। ছুটির এই সময়টায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
    • খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
    • ইন্দোনেশিয়ায় পড়া নির্মাণাধীন একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েক ডজন শিক্ষার্থী ও শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়

  2. দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে চারটি বিভাগের নদীর পানি

    সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে হচ্ছে বৃহস্পতিবার। পূজা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনের সরকারি ছুটি।

    তবে এবার পূজার ছুটিতে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার আবহাওয়া অফিস আগামী দুইদিন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

    এতে বলা হয়েছে, আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

    দুর্গাপূজার বিজয়া দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এদিকে এই বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এতে কোনো কোনো অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

  3. শান্তি পরিকল্পনা মানতে হামাসকে তিন থেকে চারদিনের আল্টিমেটাম ট্রাম্পের

    গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প যে ২০ দফা প্রস্তাবনা দিয়েছেন, তাতে সাড়া দিতে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন তিনি।

    সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট টাম্প বলেছেন, হামাস এই চুক্তি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের যে কোনো ধরনের তৎপরতায় পূর্ণ সমর্থন দেবেন তিনি।

    মঙ্গলবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকদের সাথে ওই ২০ দফা চুক্তি নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “আমরা শুধু হামাসের অপেক্ষায় আছি।”

    তিনি আরও বলেন, “সব আরব দেশ, মুসলিম দেশগুলো এতে সই করেছে। ইসরায়েলও সই করেছে। যদি হামাস এই চুক্তিতে সই না করে তবে তা হবে অত্যন্ত দুঃখজনক সমাপ্তি।”

    হামাস প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হতে পারে এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল তখন যা করতে চাইবে তাদের তাই করতে দেবেন।

    তবে ইসরায়েল কী করবে, সেই বিষয়ে কোনো ইঙ্গিত তিনি দেননি।

    মার্কিন প্রেসিডেন্ট এসময় বলেন, হামাস ইতোমধ্যেই চড়া মূল্য দিয়েছে এবং তাদের নেতৃত্ব "তিন দফায় হত্যার" শিকার হয়েছে।

  4. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    এই খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শেষ (৫৪ তম) সাক্ষী হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তার মো. আলমগীরের সাক্ষ্য গ্রহণ শুরু করেন। তৃতীয় দিনে আজ তার সাক্ষ্য গ্রহণ শেষে হলে জেরা শুরু করেন পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। জেরার পরবর্তী অংশ শুরু হবে আগামী সোমবার।

    মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ দেওয়া জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আইনশঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র নেতাকর্মীরা দেশের ৪১টি জেলার ৪৩৮টি স্পটে হত্যাকাণ্ড সংগঠিত করেছে। এছাড়া ৫০টিরও অধিক জেলায় আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

    মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    একপর্যায়ে এই মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদঘাটনে (অ্যাপ্রোভার) রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আবেদন মঞ্জুর করেন ট্র্যাইব্যুনাল। পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

    এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দু’টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের।

  5. প্রতীক ছাড়াই এনসিপির নিবন্ধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন

    প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দুটি রাজনৈতিক দল–– জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ।

    নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

    তিনি জানিয়েছেন, নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

    গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপির নিবন্ধন চূড়ান্ত করা হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। তবে ইসি জানিয়েছে, প্রতীক নিশ্চিত করতে চিঠি দেওয়া হবে দলটিকে।

    এর আগে এনসিপি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদনও করেছিল। কিন্তু গত সপ্তাতে ইসি যে রাজনৈতিক দলের প্রতীকের গেজেট করেছে সেখানে শাপলা প্রতীক নেই। যে কারণে নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত করলেও দলটির প্রতীক এখনো নির্ধারিত হয়নি।

    মঙ্গলবার নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এনসিপি ও জাতীয় লীগের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হলেও আরও তিনটি দলের বিষয় অধিকতর পর্যালোচনা করছে ইসি।

    এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)

    এছাড়া আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ এই নয়টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে সিদ্ধান্ত নেবে ইসি।

    অন্যদিকে, দ্বিতীয় ধাপের শর্ত পূরণ করতে না পারায় জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টিসহ সাতটি দলের নিবন্ধন আবেদন মঞ্জুর করেছে ইসি।

    এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল ইসি নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করে। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। সেখানে প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিল ২২টি রাজনৈতিক দল।

  6. সিলেটে প্রতিদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইজনকে আটকের নির্দেশনা কেন?

    কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।

    সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক-চোরাচালান বন্ধে সিলেটের পুলিশকে বিশেষ নির্দেশনার বিষয়গুলোও রয়েছে ওই চিঠিতে।

    সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত সেই বৈঠকের নির্দেশনার সংক্রান্ত চিঠি বিবিসি বাংলা পেয়েছে।

    ওই চিঠিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন যাতে প্রকাশ্যে এলাকায় না থাকতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে সিলেটের থানাগুলোর ওসি ও পুলিশ বিভাগকে।

    একই চিঠিতে প্রতিটি থানায় প্রতিদিন ১৫জন পুলিশ অফিসার ও ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে মাদক, চোরাচালানকারীসহ ১৩জন এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কমপক্ষে দুইজনকে আটকের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি থানার ওসিদের।

    মূলত এই নির্দেশনার বিষয়টি সামনে আসার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়।

    বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন এটি তাদের অভ্যন্তরীণ বৈঠকের সিদ্ধান্ত।

    তিনি বলেছেন, “এটি আমরা উদাহরণ হিসেবে বলেছি। যদি ছয়টি থানা একজন করে গ্রেফতার করে তাহলে ছয়জন হবে, দুইজন করে গ্রেফতার করা হলে ১২জন হবে। এটা ছিল শুধুই উদাহরণ। আর কিছু না”।

    গত ২৭শে সেপ্টেম্বর ওই সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে বৈঠকের নথিতে দেখা গেছে।

  7. পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর ১২ দিনের কর্মসূচি ঘোষণা

    জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোটসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    মঙ্গলবার দুপুরে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী পহেলা অক্টোবর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ই অক্টোবর সারা দেশের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

    জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, জুলাই-অগাস্টের গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ আওয়ামী লীগ সরকারের শরীক ১৪ দলের বিচারের দাবি করেছে দলটি।

    সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার যদি জনগণের দাবি উপেক্ষা করে, তাহলে দেশের জনগণ ন্যায্য দাবি আদায়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। সেজন্যই আমাদের এই দ্বিতীয় দফা কর্মসূচি।”

  8. শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা চলছে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন, এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

    আজ মঙ্গলবার সকালে তোলা ছবিতে গাজা সিটির বিভিন্ন এলাকা থেকে থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে।

    ইসরায়েলি সেনাবাহিনী আজ জানিয়েছে যে গতকাল ওই এলাকায় “সুনির্দিষ্ট হামলা” চালানো হয়েছে, যখন দেশটির বিমান বাহিনী গাজাজুড়ে ১৬০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

    অগাস্টের শুরুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষিত নতুন ইসরায়েলি অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গাজা সিটি।

    তখন থেকে গাজা সিটির বাসিন্দাদের চলে যেতে বলা হচ্ছে, অন্যদিকে হামলার ফলে শহরের বেশ কয়েকটি উঁচু ভবন ধসে পড়েছে।

    এদিকে, হোয়াইট হাউস সফরের পর নেতানিয়াহু তার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে গাজা থেকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার চেষ্টা করা বিরোধীদের লক্ষ্য করে তিনি বলছেন, "এটা ঘটছে না"।

    নেতানিয়াহু আরও বলেন যে, হামাস যদি গাজায় শান্তির জন্য ২০-দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

    "হামাসকে নির্মূল করার জন্য সামরিক অভিযান সম্পূর্ণ করুন এবং এজন্য আমি মনে করি এটি সব দিক থেকে একটি চমৎকার সফর ছিল," নেতানিয়াহু বলেছেন।

  9. খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

    খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

    মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কমিটি গঠনের তথ্য জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

    তবে, এই কাদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি জেলা প্রশাসক।

    এদিকে সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। এখনো জেলার পরিস্থিতি থমথমে রয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

  10. ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে তিন শিক্ষার্থী নিহত, এখনো আটকা অনেকে

    ইন্দোনেশিয়ায় পড়া নির্মাণাধীন একটি স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া কয়েক ডজন শিক্ষার্থী ও শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।

    সোমবার ভবনটি ধসে পড়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে তিনজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৯৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি নির্মাণাধীন স্কুল ভবন ধসের ঘটনা ঘটে। সেখানে আটকা পড়া ৩৮ জনকে খুঁজে বের করার জন্য তৎপরতা চলছে আজও।

    আটকে পড়াদের অনেকেই কিশোর বয়সী ছেলে যারা ভবন ধসের সময় নামাজের জন্য জড়ো হয়েছিল।

    কর্তৃপক্ষ জানিয়েছে, দুই তলা ভবনটির ভিত্তি ছিল দুর্বল এবং নির্মাণাধীন আরও দুটি তলার ওজন বহন করতে পারেনি সেটি।

    ধসের প্রকৃতি অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টাকে চ্যালেঞ্জিং করে তুলেছে, তাই "বিশেষ অভিযান" প্রয়োজন।

  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে