ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের, দ্বিগুণ প্রতিশোধের হুঁশিয়ারি দিল তেহরান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি 'শেষ' এবং দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান বলেছে, তাদের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে এর জবাবে তারা অন্তত দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।

সরাসরি কভারেজ

  1. ইরান পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না:গালিবাফ

    মোহাম্মদ বাঘের গালিবাফ

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ একটি পোস্টে লিখেছেন, "আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।"

    যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেছেন, "দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।"

    "হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ", "নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি", "ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ", "তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ" এবং "লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা" কে যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ।

  2. বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানি সামরিক বাহিনীর

    ইরানি সামরিক বাহিনীর ড্রোন, প্রতীকী ছবি

    ছবির উৎস, WANA/Reuters

    ছবির ক্যাপশান, ইরানি সামরিক বাহিনীর ড্রোন, প্রতীকী ছবি

    বাহরাইনে অবস্থিত শেখ ইসা ঘাঁটিতে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার দাবি করেছে ইরানি সেনাবাহিনী।

    তাদের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক ও বেসামরিক এলাকায় আমেরিকার আগ্রাসী হামলা এবং সমঝোতা স্মারকের ১৪ নম্বর অনুচ্ছেদের বিধান লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে।

    সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 'হামলাকারী ড্রোন' ব্যবহার করে শেখ ইসা ঘাঁটিতে “শত্রু আমেরিকান বাহিনীর সমাবেশ কেন্দ্রগুলোকে” লক্ষ্যবস্তু করেছে।

    ইরানি সেনাবাহিনী “যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি” সম্পর্কে সতর্ক করে লিখেছে, “এই অঞ্চলের সব আমেরিকান ঘাঁটি ইরানি সেনাবাহিনীর ড্রোনের বৈধ লক্ষ্যবস্তু হবে।”

    রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ডজনখানেক হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পরই ইরানি সামরিক বাহিনীর এই হামলার খবর এসেছে।

  3. যুক্তরাষ্ট্রে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    পাকিস্তানের ইন্টেরিয়র (স্বরাষ্ট্র) মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    ছবির ক্যাপশান, পাকিস্তানের ইন্টেরিয়র (স্বরাষ্ট্র) মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে মঙ্গলবার এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে হওয়া ওই বৈঠকে পাকিস্তানের ইন্টেরিয়র (স্বরাষ্ট্র) মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন।

    বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের মানবিক সংকটের ব্যাপারটি তুলে জানান যে, প্রয়োজনীয় পারিবারিক নথিপত্রের অভাবে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক এবং তাদের পরিবারের সদস্যরা দেশটির ‘কম্পিউটারাইজড ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ প্রাপ্তিতে জটিলতার সম্মুখীন হচ্ছেন।

    এর ফলে তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

    এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বিষয়টিকে সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে এবং এর দ্রুত স্থায়ী সমাধানের জন্য পাকিস্তানের ন্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

    বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও দক্ষতা বাড়াতে পুলিশ কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণ প্রদানে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    এছাড়া, রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পাকিস্তানের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

  4. ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’- বললেন ট্রাম্প

    আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

    তুরস্কে নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে “অশুভ মানুষদের” শাসন বলে বর্ণনা করেন এবং প্রশাসনকে “উন্মাদ” বলে অভিহিত করেন।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার মনে হয় এটা শেষ।”

    নেটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।”

    "এরা দুষ্ট ও অসুস্থ লোক," মার্কিন প্রেসিডেন্ট বলেন, "এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে — শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।"

    এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে ট্রাম্প তার আলোচক দলের বিষয়ে বলেন, “তারা কথা বলতে পারে, কিন্তু আমার মনে হয় তারা সময় নষ্ট করছে।”

    “সত্যি বলতে, আমি তাদের পেছনে আমার সময় নষ্ট করতে চাই না।”

    “আমার দৃষ্টিতে এটা শেষ। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী।”

    একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন যে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না।

  5. গতকাল মঙ্গলবারের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • মৌসুমি স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, রংপুর ও সিলেটসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, টানা বৃষ্টির এই প্রভাব আরও অন্তত চারদিন অর্থাৎ ১১ই জুলাই পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
    • বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে দুদিনের টানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। এছাড়া জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচিতে পাহাড় ধসের তিনটি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
    • দুই দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়া এবং পাহাড়ধসের শঙ্কায় পার্বত্য জেলা বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো বন্ধ রাখা হয়েছে।
    • চট্টগ্রামে ভারী বৃষ্টিতে রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
    • চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
    • বাংলাদেশের শ্রমিকদের জন্য সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
    • অগাস্ট মাসে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
    • ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে নেটোর ইউরোপীয় মিত্রদের ভূমিকায় "খুবই হতাশ" বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সিরিয়া সফরের সময় দেশটির রাজধানী দামেস্কের কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
    • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, “ইরানের বিরুদ্ধে হুমকি যতদিন অব্যাহত থাকবে, ততদিন চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনা শুরু হবে না।”
    • পাকিস্তানের বেলুচিস্তানের জিয়ারত জেলার মাঙ্গি এলাকায় অস্ত্রধারীদের হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
  6. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে