আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধ বন্ধ চেয়েছিলো: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো তার সামাজিক মাধ্যমে সোশ্যাল ট্রুথে পোস্টে লিখেছেন, “সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য বড় সম্মানের বিষয় ছিলো”। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখাবে। এদিকে, ইরানে সরকার পরিবর্তন চান কি-না, এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “না। আমি এটা চাই না।”। সর্বশেষ সব তথ্য জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়....

সরাসরি কভারেজ

  1. হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয়: ইরান

    সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ঘাঁটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের এই পদক্ষেপটি ছিল আত্নরক্ষামূলক।

    মি. বাঘাই এক্স পোস্টে লিখেছেন, "কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশিদের সাথে আস্থা ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"

    "আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সংকল্পবদ্ধ,” যোগ করেন তিনি।

  2. মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি

    কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে ‘চরম বিপজ্জনক উসকানি’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে বলা হয়েছে, এই হামলা কাতারের 'সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন'।

    চিঠিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।

    বিবৃতিতে কাতার জোর দিয়ে বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে।

    দেশটি জানিয়েছে, তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে।

    সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছিল তারা ইরান থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

  3. 'আগ্রাসন হলে জবাব দেওয়া হবে'- ইরানের শীর্ষ নিরাপত্তা কাউন্সিলের সতর্কতা, ঘোনচেহ হাবিবিয়াজাদ, বিবিসি পার্সিয়ান, ওয়ার্ল্ড সার্ভিস প্রতিবেদক

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, "পরবর্তী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান একটি সিদ্ধান্তমূলক, দৃঢ় এবং সময়োপযোগী প্রতিক্রিয়া দেখাবে"।

    বিবৃতিতে কাউন্সিল ইরানি জনগণের "সচেতনতা, স্থিতিস্থাপকতা এবং ঐক্য"র প্রশংসা করে বলেছে যে "শত্রুদের পরাজয়" ইরানিদের "দৃঢ় সংকল্প, কৌশলগত ধৈর্য এবং অপমান বা একতরফা আপস মেনে নিতে অস্বীকৃতির" ওপর নির্ভরশীল।

    বিবৃতিতে ইরান এবং তার বাহিনীর ইরানের ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে "নির্ধারক এবং পরিকল্পিত আঘাত" প্রদানের জন্যও প্রশংসা করা হয়েছে।

  4. ব্রেকিং, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করলো ইরান

    ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

    তারা বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর অস্বীকার করছে ইরান।

    এর আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করে, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

    এরপর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে "তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালোভাবে জবাব দেওয়ার" নির্দেশ দিয়েছেন।

  5. ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, 'কঠোর’ জবাব দেওয়ার অঙ্গীকার

    ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে "তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেওয়ার" নির্দেশ দিয়েছেন।

    উল্লেখ্য, ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ ভোরে বলেছিলেন যে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাবদেওয়া বন্ধ করবেন।

  6. যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

    ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

    তারা বলেছে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা "হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে"। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

    তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনো স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি।

    ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন যে তারা কেবল তখনই আক্রমণ বন্ধ করবে যদি ইসরায়েল একই কাজ করে।

  7. গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

    ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, "আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো!"

  8. ইরানের উত্তরাঞ্চলে 'সন্ত্রাসী হামলায়' ৯ জন নিহত ও ৩৩ জন আহতের দাবি

    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ইরানে এক হামলায় কমপক্ষে নয় জন নিহত এবং চারটি বাড়ি ধ্বংস হয়েছে।

    গিলানের গভর্নরের কার্যালয় জানিয়েছে, আস্তানেহ-ইয়ে আশরাফিয়া শহরে "সন্ত্রাসী" হামলায় ৩৩ জন আহত হয়েছেন।

    ইরানি গণমাধ্যম দাবি করছে, এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে।

    গিলানের ডেপুটি গভর্নর বলেছেন, নিহত বা আহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু। কিছু গণমাধ্যম জানিয়েছে যে নিহতদের মধ্যে পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদ্দিকিও রয়েছেন।

    ইসরায়েলি সেনাবাহিনীও রাতের বেলায় একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীর হত্যার কথা উল্লেখ করেছে।

  9. আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের, ধন্যবাদ জানিয়েছে ট্রাম্পকে

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার।

    এক বিবৃতিতে বলা হয়েছে, “এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে।”

    ইসরায়েল সরকার জানিয়েছে, ইরানের চালানো হামলায় তাদের লক্ষ্য অর্জিত হওয়ায় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, ইসরায়েল “ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।”

    গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারী লক্ষ্যবস্তুতে মারাত্মক হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে, বিবৃতিতে দাবি করা হয়েছে।

    এই মিলিশিয়া বাহিনীটিকে ইরান সরকার প্রায়ই বিক্ষোভ দমন করতে ব্যবহার করতো।

    একই সাথে ইসরায়েল জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে তারা।

    বিবৃতির শেষে প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল।

  10. যুদ্ধবিরতির আগে শেষ মিসাইল হামলা চালানো হয়েছে, দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে

    ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরায়েলের দিকে “শেষ দফা ক্ষেপণাস্ত্র” ছুড়েছে ইরান।

    এর আগের রিপোর্টেই আমরা জানিয়েছিলাম, ইসরায়েল দাবি করেছে যে ভোর থেকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে দক্ষিণ ইসরায়েলসহ বেশ কয়েকটি জায়গায়। এতে অন্তত চারজন নিহতের খবর দিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও জানিয়েছে, ইরানের কয়েক দফার হামলার পর ইসরায়েলের ওপর এই যুদ্ধবিরতি ‘চাপিয়ে দেওয়া হয়েছে’।

    তবে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়নি।

  11. যুদ্ধবিরতির জন্য ইসরায়েল ও ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল কারা?

    নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপের যুদ্ধবিরতির প্রসঙ্গ তোলেন।

    আর তার প্রশাসনের অন্য কর্মকর্তারা ইরানের সঙ্গে কথা বলেন বলেও ওই কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে।

    তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল।

  12. ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর, দাবি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না”।

    উল্লেখ্য, কয়েক ঘণ্টা আগে থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানান। কিন্তু ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি।

    এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প 'মিনতি' করেছিলেন।

  13. ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত ও ২২ আহতের খবর

    মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

    ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসির অ্যারাবিক সার্ভিস।

    এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছে।

    তারা বলছে, এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে ও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং ২০ জনের অবস্থা সামান্য।

    এর আগে ইসরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহতের কথা জানিয়েছিল দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

    তারা জানিয়েছিল, যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে ফায়ার সার্ভিস একাধিক ভবনে ধ্বংসযজ্ঞ দেখতে পায়।

  14. যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি- ট্রাম্প ‘মিনতি' করেছিলেন

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেয়া হয়েছে।

    রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য 'মিনতি' করেছিলেন এবং এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।

    বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয় এবং ইরানিদের প্রতিরোধকে সম্মানও জানান হয়েছে।

  15. ইসরায়েলের দক্ষিণে হামলায় তিনজন নিহতের দাবি

    মঙ্গলবার সকালে পরপর তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

    ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, “যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উড়ছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ভবনের ভেতর ঢোকার পর আমরা একজন নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় পাই।"

    ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসেছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

  16. মার্কিন ঘাটিতে হামলার আগে ইরান কেন সতর্ক করেছিল?

    আগের রিপোর্টেই বলা হয়েছে কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকেই সর্তক বার্তা দিয়েছিল এখন সেই প্রশ্নই সামনে আসছে।

    নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত “প্রতীকী”।

    তিনি বলেন, “এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না।”

    ফ্রুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে।

    তিনি যোগ করেন, এই সতর্কতা যুক্তরাষ্ট্র ও কাতারকে এক ধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই। কারণ, সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে।

    ফ্রুহলিং বলেন, এর আগেও ইরান এমন ‘লোক দেখানো’ হামলা চালিয়েছিল, যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর।

  17. 'ইসরায়েল-ইরান প্রায় একই সাথে এসে বলেছিল, শান্তি!' - ট্রাম্প

    ইসরায়েল এবং ইরান "প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি"; এই মুহূর্তে "আমি জানতাম এখন সময়"- ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী। উভয় জাতিই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে"।

    ইরান বা ইসরায়েল কেউই প্রকাশ্যে যুদ্ধবিরতি মেনে নেয়নি, যদিও ইরান ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে। আর ইসরায়েল দাবি করেছে, ইরানের দিক থেকে নতুন ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে।

  18. যুদ্ধ ও শান্তি ঘোষণার ক্ষমতা ইরানের নেতৃত্বের হাতে: তেহরানের এমপি

    ইরানের পার্লামেন্টে তেহরানের প্রতিনিধি হামিদ রাসাই সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুসারে, নেতৃত্বের অন্যতম ক্ষমতা হলো যুদ্ধ এবং শান্তি ঘোষণা করা।"

    এরপর তিনি উপসংহারে পৌঁছান যে "এটি মেনে নেওয়া রাষ্ট্রনায়ক বা সামরিক কমান্ডারদের ওপর নির্ভর করে না।"

    মি. রাসাই বলেন, "ট্রাম্প দাবি করেছেন যে ইরান যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং কিছু লোক তা বিশ্বাস করেছে!"

    তেহরানের প্রতিনিধি এই বলে শেষ করেন, "নেতৃত্ব আরও ঘোষণা করেছেন- চাপিয়ে দেওয়া যুদ্ধের পক্ষে নয়, চাপিয়ে দেওয়া শান্তির পক্ষেও নয়।"

  19. ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ইসরায়েলি বাহিনীর

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলে সাইরেন বাজছে।

    আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে যে, কিছুক্ষণ আগে ইরানের ভূখণ্ডের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং এটি প্রতিহত করতে কাজ করছে তারা।

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা পাওয়ার পর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদে থাকতে বলা হয়েছে।

    এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, ইরানের সামরিক অভিযান তেহরান সময় ভোর ৪টা পর্যন্ত চলেছে।

  20. ইরানের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত এক কর্মকর্তাকে হত্যা

    পরমাণু কর্মসূচির সাথে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সেদ্দিকি সাবেরকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম।

    দেশটির সরকারি সংবাদমাধ্যম ইরান নিউজপেপার জানিয়েছে, গত রাতে গিলান প্রদেশের আস্তানেহ আশরাফিয়া শহরে ইসরায়েলি হামলায় সেদ্দিকি সাবেরকে লক্ষ্যবস্তু করা হয়।

    দুই মাস আগে, মার্কিন ট্রেজারি বিভাগ পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগে সেদ্দিকি সাবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।