জামায়াতের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপির, ‘লাইলাতুল গুজব চলছে’- দাবি জামায়াত আমিরের
দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা টাকা দিয়ে ভোট কেনাসহ নানা অনিয়ম-বিশঙ্খলা করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে, “লাইলাতুল গুজব চলছে”। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ছবির উৎস, Dr. Shafiqur Rahman/facebook
ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ফেসবুকে তার ভেরিফায়েড পেজে আজ একটি পোস্টে দাবি করেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।
“জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি,” লিখেছেন তিনি।
আজ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে নীলফামারির সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বেলাল উদ্দিন প্রধানের ভাষ্যমতে তার কাছে ৫০ লাখের বেশি টাকা ছিল।
গণমাধ্যমে এই খবর আসার কিছু পরে জামায়াত আমির ওই স্ট্যাটাস দিলেন।
ত্রয়োদশ নির্বাচন পর্যবেক্ষণ করবেন কতজন?
দেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন অন্তত ৩৯৪ জন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক ও ১৯৭ জন বিদেশি সাংবাদিক।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগত পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। দ্বিপক্ষীয় দেশসমূহ, যার মধ্যে স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকেরাও রয়েছেন, থেকে এসেছেন ২৪০ জন।
এছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ২০২৪ সালের সাতই জানুয়ারির বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুলনামূলকভাবে একাদশ, দ্বাদশ ও দশম জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে ১৫৮, ১২৫ এবং মাত্র চার জন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।
পর্যবেক্ষক পাঠানো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে রয়েছে – এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন। এছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) থেকে দু'জন করে এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন প্রতিনিধি এসেছেন।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকরা এসেছেন। এর মধ্যে রয়েছে পাকিস্তান (৮), ভুটান (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), ইন্দোনেশিয়া (৩), ফিলিপাইনস (২), মালয়েশিয়া (৬), জর্ডান (২), তুরস্ক (১৩), ইরান (৩), জর্জিয়া (২), রাশিয়া (২), চীন (৩), জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) ও নাইজেরিয়া (৪)।
এছাড়া ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
চন্দনাইশে মাইক্রোবাস থেকে সাড়ে ১০ লাখ টাকা জব্দ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারী হাট এলাকায় গত মঙ্গলবার দিবাগত
গভীর রাতে একটি মাইক্রোবাস থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করেছে সেনাবাহিনী। এ
সময় তিনজনকে আটক করা হয়।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহান বিষয়টি নিশ্চিত
করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা এই টাকা চট্টগ্রাম–১৪ আসনের এক স্বতন্ত্র
প্রার্থীর বলে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশে টাকা ও গাড়ি থানায় হস্তান্তর করা
হয়েছে। বিষয়টির সত্যতা যাচাই শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের
সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
এবারের নির্বাচনে আলোচিত প্রার্থী ও ব্যক্তিদের কে কোথায় ভোট দিবেন
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এবারের নির্বাচনী প্রচারণায় যেসব প্রার্থী বা ব্যক্তি আলোচনায় ছিলেন, তারা কে কোথায় ভোট দিবেন, তা নিয়ে অনেকের মধ্যে এক ধরনের কৌতুহল আছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল গুলশান-২-এর মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেবেন। তার দপ্তর থেকে বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোট দিবেন গুলশান-২ নম্বরের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। তিনি এবার ঢাকা-১৭ এবং তার পৈতৃক নিবাস বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন।
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ভোট দিবেন ঢাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে।
জামায়াতের জোটসঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হক মোহাম্মদপুরে সাত মসজিদ রোডে অবস্থিত সরকারি শারীরিক শিক্ষা কলেজের ২য় ও ৩য় তলায় স্থাপিত ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
ছবির উৎস, Election Commission
ছবির ক্যাপশান, সিইসি এ এম এম নাসির উদ্দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা সাতটায়
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি),
বাংলাদেশ
বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে এই ভাষণ সম্প্রচার
করা হবে।
বার্তা সংস্থা বাসস এই তথ্য জানিয়েছে। যদিও এর আগে ছয়টা সিইসি ভাষণ দেবেন বলে জানানো হয়েছিল।
এর আগে গত বছরের
১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল
ঘোষণা করেছিলেন তিনি।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিমানবন্দরে অর্ধ কোটির বেশি টাকাসহ আটক
নির্বাচনের আগের
দিন ঠাকুরগাঁও
জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর
এয়ারপোর্ট থেকে আটক করা হয়েছে।
নীলফামারীর
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল
উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন - এই গোপন সংবাদের
ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাঁকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
পুলিশ সুপার আরও
জানান, বেলাল
উদ্দিন প্রধানের ভাষ্য মতে টাকা ৫০ লাখ টাকার ওপরে।
বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে জানান।
দেশে এসেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ প্রবাসীর পোস্টাল ব্যালট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো চার লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে।
আজ বুধবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস’কে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন। ইতোমধ্যে ভোট দিয়েছেন পাঁচ লাখ ১৫ হাজার ৬১৯ জন।
এ ছাড়া পাঁচ লাখ সাত হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে চার লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
এক নজরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন - ২০২৬
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, যা ঢাকার শের-এ-বাংলা নগরে অবস্থিত
আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনেই এবার গণভোটও অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। দলগুলোর পাশাপাশি অনেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।
এবারের সংসদ নির্বাচনে মোট আসন সংখ্যা ২৯৯টি। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনে ভোট স্থগিত করা হয়েছে।
এসব আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৩ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।
ইসির তথ্য অনুযায়ী, মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন এবং স্বতন্ত্র ২৫৩ জন।
নওগাঁর বদলগাছী উপজেলা থেকে বিস্ফোরক উদ্ধার
নওগাঁর বদলগাছী উপজেলার একটি দোকান থেকে বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বদলগাছী থানার ওসি লুৎফুর রহমান বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরকগুলো ছিল। কেউ বা কারা সেগুলো দেখে র্যাবকে খবর দেয়। পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশও ঘটনাস্থলে যায়।
কী ধরণের বিস্ফোরক ছিল জানতে চাইলে তিনি বলেন, "চারটা ককটেল সদৃশ জিনিস পাওয়া যায়। কিন্তু সকাল ৮টার দিকে সেগুলোর সবই নিষ্ক্রিয় করা রয়েছে। পরে ওগুলো র্যাব নিয়ে গেছে।"
ওগুলো আসলেই কী ধরনের বিস্ফোরক, তা আরও পরে জানা যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, ওগুলো কে বা কারা কী উদ্দেশ্যে এখানে রেখেছে, তা এখনও স্পষ্ট না।
কানাডায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, কানাডার একটি স্কুলে বন্দুকধারীরা হামলা করেছে, প্রতীকী ছবি
কানাডার পশ্চিমাঞ্চলের ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ১০জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সন্দেহভাজন হামলাকারীসহ মোট সাতজনকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এছাড়া, পাশের এক বাড়িতে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে। '
পুলিশের ধারণা, পাশের বাড়িতে পাওয়া ওই দুইজন নিহত ব্যক্তি বন্দুক হামলার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
নিহতের সংখ্যা বাড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ।
এই ঘটনায় আহত হয়েছে প্রায় ২৫ জন, যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্কুলে হামলার উদ্দেশ্য এখনো অজানা। তবে সন্দেহভাজন ব্যক্তি একজন মহিলা হতে পারেন বলে মনে করছে পুলিশ।
রকি পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট শহর টাম্বলার রিজ, যা কলাম্বিয়া প্রদেশের সবচেয়ে বড় শহর ভ্যাঙ্কুভার থেকে প্রায় এক হাজার দুইশ কিলোমিটার উত্তরে এবং সেখানে আড়াই হাজারেরও কম মানুষ বসবাস করে।
পুলিশ সেখানকার বাসিন্দাদেরকে ঘরের ভেতরে দরজা বন্ধ করে নিরাপদে থাকার জন্য বলেছে।
টাম্বলার রিজ মূলত কয়লাখনি এবং ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার হওয়ার জন্য বিশেষভাবে পরিচিত।
দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
ছবির উৎস, Getty Images
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট।
আজ বুধবার রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্স'সহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। আর ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে আজ সন্ধ্যায়।
এরপর আগামীকাল ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বার্চনে ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন।
একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমও জানিয়েছেন যে নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স – এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার মতে, "যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি নাই কারো। কোথাও একটা ক্রাইম হতে পারে, ডাকাতি হতে পারে, খুন হয়ে যেতে পারে। কিন্তু ইলেকশন বাধাগ্রস্ত করতে পারবে না।"
তবে তিনি এও বলেছেন, এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।
গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল যাই হোক না কেন, তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বিতর্কিত বক্তব্যের জেরে জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সিকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্পদ গত এক বছরে এক কোটি ৬১ লক্ষ চার হাজার ৩৯২ টাকা বেড়েছে। ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা গ্রহণের সময় তার মোট সম্পদ ছিল ১৪ কোটির চেয়ে সামান্য বেশি। আর এখন তা বেড়ে হয়েছে ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি।
২০২৫ সালের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩তম। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশ ছিল ১৪তম অবস্থানে। জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে তালিকা করেছে, সেখানে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে ‘একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে’ বলে অভিযোগ করেছে তার দল।
একটি দল নিশ্চিত পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বাংলাদেশে এবার ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি বাহারুল আলম বলেছেন, প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকরা মাঠে আছেন এবং নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।
বিবিসি বাংলা'র লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।
দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।