নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। তবে ভোট গণনায় ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি।

সরাসরি কভারেজ

  1. বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে জয়ী রুমিন ফারহানা

    রুমিন ফারহানা

    ছবির উৎস, BSS

    ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন রুমিন ফারহানা।

    'হাঁস' প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি এক লাখ ১৮ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব 'খেজুর গাছ' প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪টি ভোট।

    এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী এস. এন. তরুণ দে 'কলার ছড়ি' প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৬০ ভোট। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আশরাফ উদ্দিন মাহদি 'শাপলা কলি' প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০১টি ভোট।

    ১৫২টি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল জানানো হয়।

    এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এরমধ্যে বৈধ ভোট পড়েছে দুই লাখ ৩৭ হাজার ৯৭৬টি ভোট।

  2. পটুয়াখালী-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আলতাফ হোসেন চৌধুরী

    আলতাফ হোসেন চৌধুরী

    ছবির উৎস, BSS

    পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    তিনি মোট এক লাখ ৫২ হাজার ৮৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ফিরোজ আলম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮ হাজার ১৬১টি ভোট।

    ১৬৪টি আসনের ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

    ২০০১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আলতাফ হোসেন চৌধুরী। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।

  3. দুই হাজার ভোটের ব্যবধানে জিতলেন এনসিপির নাহিদ

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

    ছবির উৎস, Nahid Islam/Facebook

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

    জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গড়ে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে জয়লাভ করেছেন।

    জানা গেছে, মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে দুই হাজার ৩৯ ভোট কম।

    আজ শুক্রবার সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

    ঢাকার এই আসনে ৪৪ দশমিক ৭২ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

  4. বিএনপিকে ‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের

    মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্ট

    ছবির উৎস, U.S. Embassy Dhaka/Facebook

    ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করারজন্য যুক্তরাষ্ট্র আগ্রহী”।

  5. সিরাজগঞ্জ-২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী

    ইকবাল হাসান মাহমুদ টুকু

    সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী হয়েছেন।

    ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৭ হাজার ৫৭৮টি ভোট পেয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ৩৮ হাজার ৭৯৭টি ভোট পেয়েছেন।

    দু’জনের ভোটের ব্যবধান ৩৮ হাজার ৭৮১টি।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ১৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বীতা করেন মোট সাতজন প্রার্থী।

    এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে তিন লাখ ২০ হাজার ৭৬৬টি।

  6. এখন পর্যন্ত গণভোটে কত ভোট পড়েছে?

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা চলছে এখন।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা'র (বাসস) খবর অনুযায়ী, আজ শুক্রবার সকাল ৭টা পর্যন্ত গণভোটে হ্যাঁ ভোট পড়েছে আট লাখ ৬১ হাজার ৩৮৭টি এবং না ভোট পড়েছে চার লাখ ২০ হাজার ৩৫৬টি।

    এবারই বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়েছে।

  7. বিজয়ের পর আনন্দ মিছিল নয়, দেশব্যাপী দোয়া কর্মসূচি বিএনপির

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বাদ জুম’আ ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনা করা হবে।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা করা হবে না।

    দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দেশব্যাপী আয়োজিত দোয়া কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    এছাড়া সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

  8. ভোটগণনার পরে এখন ফলাফল প্রকাশ করা হচ্ছে

    বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোটগ্রহণের পর এখন ভোট গণনা চলছে।

    নির্বাচন কমিশন থেকে সারা দেশের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হচ্ছে।

    জাতীয় সংসদ নির্বাচনে এবার সংসদীয় আসনগুলোর পাশাপাশি গণভোটের ভোটগ্রহণও করা হয়েছে।

    এবারই বাংলাদেশে প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়েছে।

    এখন পর্যন্ত যেসব আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে বেশিরভাগ আসনেই বিএনপি সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

    তবে নির্বাচনে ফলাফল ঘিরে একে অপরের বিরুদ্ধে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের দলগুলো।

  9. গতকালের গুরুত্বপূর্ণ কিছু খবর:

    • বাংলাদেশে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন নির্বাচনের ফলাফল প্রকাশ চলছে।
    • বেসরকারিভাবে প্রকাশিত প্রাথমিক ফলাফলে বেশিরভাগ আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন
    • নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছে
    • নির্বাচনে বিজয়ী হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
    • নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছে হেরে গেছেন আলোচিত কয়েকজন প্রার্থী যাদের মধ্যে সারজিস আলম, মামুনুল হক, নাসীরুদ্দীন পাটওয়ারী, রাশেদ খান।
    • নির্বাচন শেষ হওয়ার পর ১২ ঘণ্টা পার হয়ে গেলেও ভোট পড়ার হার ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সব আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে এটি জানানো হবে বলে কমিশন বলছে।

    নির্বাচন ঘিরে নানা ঘটনা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

  10. বিবিসি বাংলা'র লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত।

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ভোট গণনা ও ফলাফল প্রকাশ চলছে।

    এর মধ্যেই ঘোষণা করা বেশিরভাগ ফলাফলে বিএনপি এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছে বিএনপি ও জামায়াত জোট।

    নির্বাচন ঘিরে সর্বশেষ সব খবর, প্রতিক্রিয়া, বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার লাইভ পাতায় যুক্ত থাকুন।

    গতকালের উল্লেখযোগ্য ঘটনাগুলো জানতে এখানে ক্লিক করুন:

    এছাড়া বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে