নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিজয়ী হয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমানকে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। তবে ভোট গণনায় ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি।

সরাসরি কভারেজ

  1. তারেক রহমানকে 'ভাই' সম্বোধন করে অভিনন্দন মমতার

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    তিনি আজ বৃহস্পতিবার দুপুর একটায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।

    তিনি তার পোস্টে বলেন, "বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।"

    "আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি," যোগ করেন তিনি।

  2. নেতাকর্মীশূন্য জামায়াত কার্যালয়ে দুপুরে হাজির হলেন শফিকুর রহমান, জুমার পর বৈঠক-ব্রিফিং

    মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়
    ছবির ক্যাপশান, মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়

    মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল, আজ সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।

    নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু এখন সেখানে খাঁ খাঁ পরিবেশ।

    বিবিসি সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল আজ সকাল গুটিকয়েক জামায়েত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখতে পান।

    গতকালও দলটির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো যে তারা সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু এখন এটি স্পষ্ট যে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়যুক্ত হয়েছে বিএনপি এবং তারাই সরকার গঠন করতে যাচ্ছে।

    জামায়াত নির্বাচনে জয়লাভ না করায় সরকার গঠনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও এ যাবৎকালে তারা যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেগুলোর মাঝে এবারই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে তারা।

    এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই ভেতরে চলে যান।

    জানা গেছে, আজ শুক্রবার জুমার নামাজের পর দলের নেতারা বৈঠক করবেন। এরপর প্রতিক্রিয়া জানাবে জামায়াতে ইসলামী।

    দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন
    ছবির ক্যাপশান, দুপুর সাড়ে ১২টার দিকে দলের আমির শফিকুর রহমান জামায়াত কার্যালয়ে উপস্থিত হন
  3. আগামী পাঁচ বছর জনকল্যাণের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে: নজরুল ইসলাম

    বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান
    ছবির ক্যাপশান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান

    আগামী পাঁচ বছর এ দেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি ও দলের নেতা তারেক রহমানের ওপর অর্পণ দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

    আজ এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, এই নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে এবং বিএনপি'র সঙ্গে যারা জোটে যুক্ত ছিলেন, তাদের অনেকেও বিজয়ী হয়েছেন।

    এসময় তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে তিনি নির্বাচন নিয়ে শতভাগ সন্তুষ্ট কি না। উত্তরে তিনি বলেন যে শতভাগ সন্তুষ্টি অনেক কঠিন। এরপর তিনি উল্লেখ করেন যে তিনি মোটামুটি সন্তুষ্ট। কারণ, "এর আগের অনেক নির্বাচনে অনেক প্রাণহানি হয়েছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদহানি হয়েছে। এবার তেমন কিছু হয়নি।"

    "তবে ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে সংস্কৃতি জনগণের মাঝে গড়ে উঠেছিলো, সেটিকে আমরা পুরোপুরি ফিরিয়ে আনতে পারি নাই। আশা করি, আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আগ্রহী করবো।"

  4. নির্বাচনে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে: ইসি

    নির্বাচন ভবন

    ছবির উৎস, AFP via Getty Images

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

    ইসির জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়।

    এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।

    এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা নয় ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

    এর আগের ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে।

    এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।

  5. বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

    আনুষ্ঠানিকভাবে এখনো ফল ঘোষণা না করা হলেও ইতোমধ্যে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

    তিনি আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ কথা জানান।

    পাশাপাশি, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন।

    তিনি বলেছেন, "আমি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ-এর সঙ্গে আমাদের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম, বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা যায় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ স্বপ্ন এগিয়ে নেওয়া যায়।"

  6. বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    ছবির ক্যাপশান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বাংলাদেশের রাজনীতিতে "জামায়াতে ইসলামীর উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী" বলেও মন্তব্য করেছেন তিনি।

    সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই তিনি এ কথা বলেন।

    তার ভাষায়, "জামায়াতে ইসলামীর উত্থান হয়েছে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে। এটা পলিটিক্যাল সায়েন্সের অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাধা দেওয়া হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সেটাই হয়েছে। আজকে জামায়াতে ইসলামীর যে উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণে"।

    তিনি জানান, "আওয়ামী লীগের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের নির্বাচন করতে না দেওয়া'র ফলে এগুলো হয়েছে। তবে জনগণ তাদেরকে (জামায়াতে ইসলামীকে) ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপি তো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে"।

  7. হেরেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

    তাসনিম জারা

    ছবির উৎস, Dr Tasnim Jara/Facebook

    ছবির ক্যাপশান, তাসনিম জারা

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে হেরেছেন সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।

    ওই আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি মোট এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়েছেন। অর্থাৎ, তিনি তাসনিম জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি পেয়েছেন।

    আজ সকালে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন।

  8. আপিল নিষ্পত্তি না হলে বিজয়ী হবেন না বিএনপি'র দুই প্রার্থী

    বাঁয়ে আসলাম চৌধুরি, ডানে সরওয়ার আলমগীর
    ছবির ক্যাপশান, বাঁয়ে আসলাম চৌধুরি, ডানে সরওয়ার আলমগীর

    ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপি'র সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপি'র আসলাম চৌধুরি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

    কিন্তু অর্থ ঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিজয়ী হিসেবে গেজেটভুক্ত করা হবে না।

    তবে প্রার্থীদ্বয় বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার হাইকোর্টের কার্যক্রম চালু হলে আপিল নিষ্পত্তির বিষয়টি সুরাহা হবে বলে আশা করছেন তারা।

  9. সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    বিজয়ের দ্বারপ্রান্তে থাকা বংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি বেলা ১১টা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছে।

    বেসরকারি ফলাফলে এর মধ্যেই শতাধিক আসনে বিজয়ী হয়েছে বিএনপি।

    এর আগে একটি বিজ্ঞপ্তিতে দলটি বিপুল সংখ্যক আসনে নিজেদের বিজয় দাবি করে দোয়া কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

  10. বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা” পাওয়ার কারণে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। যদিও নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণসমর্থন রয়েছে এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।

    ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে বলেও তিনি আশা করেন।

  11. তারেক রহমানকে নরেন্দ্র মোদীর অভিনন্দন

    তারেক রহমান ও নরেন্দ্র মোদী
    ছবির ক্যাপশান, তারেক রহমান ও নরেন্দ্র মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

    সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য মি. তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই”।

    “এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে,” লিখেছেন তিনি।

    বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, “আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম”।

    এক্সে নরেন্দ্র মোদীর পোস্ট

    ছবির উৎস, Narendra Modi/x

  12. প্রায় ৩৩ হাজার ভোটের ব্যবধানে জয় পেলেন শামা ওবায়েদ জয়ী

    শামা ওবায়েদ

    ছবির উৎস, BSS

    ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ জয়ী হয়েছেন। শামা ওবায়েদ পেয়েছেন এক লাখ ২১ হাজার ৬৯৪টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫টি ভোট।

    শামা ওবায়েদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

    ১১৮টি ভোটকেন্দ্রের ভোটগণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।

    এই আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে দুই লাখ ১৪ হাজার ৯১৬টি। ভোটের শতকরা হার ৬৫ দশমিক ৯০ শতাংশ।

    শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়।। তার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন।

  13. কুমিল্লা-১ আসনে জয়ী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন

    খন্দকার মোশাররফ হোসেন

    ছবির উৎস, BSS

    কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন।

    মোশাররফ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৪৪০টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন ৯৪ হাজার ৮৪৫টি ভোট। এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৬ হাজার ৫৯৫।

    ১৪৫টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল প্রকাশ করা হয়।

    এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট নয় জন প্রার্থী। আসনটিতে মোট ভোটারের সংখ্যা চার লাখ ৩৮ হাজার ৯১৬টি। এরমধ্যে বৈধ ভোট পড়েছে দুই লাখ ৪৪ হাজার ৮৯০টি। ভোটার পড়ার হার ৫৭ দশমিক ০১ শতাংশ।

  14. জয়ের দ্বারপ্রান্তে বিএনপি

    জয়ের দ্বারপ্রান্তে বিএনপি। বিবিসি বাংলার লাইভ বুলেটিন ও বিশ্লেষণ। অতিথি- লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মারুফুল ইসলাম।

    Skip YouTube post
    Google YouTube কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

    এই নিবন্ধে Google YouTubeএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Google YouTube কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

    সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না YouTube কনটেন্টে বিজ্ঞাপন থাকতে পারে

    End of YouTube post

  15. বিএনপির আবদুল মঈন খানকে নরসিংদী-২ আসনে জয়ী ঘোষণা

    ড. আবদুল মঈন খান

    ছবির উৎস, BSS

    নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল মঈন খান জয়ী হয়েছেন।

    এই আসনের ৯২টি কেন্দ্রের চূড়ান্ত ফল অনুযায়ী মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৭৩৯টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আমজাদ হোসাইন পেয়েছেন ৫৫ হাজার ৯২০টি ভোট।

    এই দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩৬ হাজার ৮১৯টি।

    একই আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. গোলাম সারোয়ার পেয়েছেন ১৪ হাজার ৫৬৭টি ভোট। এই আসন থেকে মোট ছয় জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ২১৭ জন। ভোট পড়েছে এক লাখ ৭০ হাজার ৪২৭টি। ভোটের শতকরা হার ৬০ দশমিক ৯৬ শতাংশ।

  16. ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির শফিকুর রহমান

    ডা. শফিকুর রহমান

    ছবির উৎস, Getty Images

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

    দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭টি ভোট।

    প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন। ১২৮টি কেন্দ্রের ভোট গণনা থেকে এই ফলাফল জানা যায়।

    এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। ভোট পড়েছে এক লাখ ৫২ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে দুই হাজার ২৮৮টি ভোট।

    ভোট পড়ার হার ৪৪ শতাংশ।

    বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়।

  17. এক লাখের বেশি ভোটের ব্যবধানে হাসনাত আবদুল্লাহ বিজয়ী

    হাসনাত আবদুল্লাহ।

    ছবির উৎস, facebook.com/hasnat.ab1

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী হয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ৫৮৩টি ভোট। প্রাথমিক বেসরকারি ফলাফল শিটে তার নাম মো. আবুল হাসনাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫টি ভোট।

    ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৬টি ভোটকেন্দ্রের ভোট গণনায় এই ফলাফল জানা যায়।

    এই আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ ১০ হাজার ৫৫৯টি। বৈধ ভোট পড়েছে দুই লাখ ১৯ হাজার ৩৭৫টি। ভোটের শতকরা হার ৫৪ দশমিক ৪৮ শতাংশ।

  18. হবিগঞ্জ-১ আসনে জয়ী বিএনপির রেজা কিবরিয়া

    রেজা কিবরিয়া

    ছবির উৎস, BSS

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী রেজা কিবরিয়া বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

    ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া পেয়েছেন এক লাখ ১১ হাজার ৯৯৯ ভোট।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।

    বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭টি ভোট।

    নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ৫৫ হাজার ৮৬৭ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

    তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে। নির্বাচনের কিছুদিন আগে তিনি বিএনপিতে যোগ দেন।

    একই সঙ্গে এই আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ১৬ হাজার ৪০০ এবং ‘না’ ভোট ৬৮ হাজার ৪০৯।

  19. ফেনী-৩ আসনে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আবদুল আউয়াল মিন্টু

    আবদুল আউয়াল মিন্টু

    ছবির উৎস, BSS

    ফেনী-৩ আসন জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

    তিনি দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার ১৬১ কেন্দ্রে সর্বমোট এক লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন এক লাখ আট হাজার ১৬০টি ভোট।

    মানিক থেকে ৪৯ হাজার ২৬৫টি ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন আবদুল আউয়াল মিন্টু।

    এ আসনে পাঁচ লাখ আট হাজার ১৯২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন দুই লাখ ৮২ হাজার ৯০০ জন। তার মধ্যে বাতিল হয়েছে সাত হাজার ২৭৮টি ভোট। এ আসনে ভোট প্রদানের হার ছিল ৫৫ দশমিক ৬৭ শতাংশ।

  20. চট্টগ্রাম-৭ আসনে নির্বাচিত বিএনপির হুমাম কাদের চৌধুরী

    হুমাম কাদের চৌধুরী

    ছবির উৎস, BSS

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী এক লাখ এক হাজার ৪৪৫টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

    তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মেজ ছেলে।

    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯টি ভোট।

    ৯৩টি কেন্দ্রের ভোট গণনা শেষে এই ফলাফল জানানো হয়।

    এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৭ হাজার ১৮৫ টি। আর ‘না’ ভোট পড়েছে ৬৭ হাজার ৩৭৮টি।

    এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৯ হাজার নয় জন।