আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ছবির উৎস, BBC/COLLECTED
গণঅভ্যুত্থানের সময় গত অগাস্টে আশুলিয়ায় ভ্যানে ছয় জনের লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
আজ বুধবার সকালে এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
মি. তামিম বিবিসি বাংলাকে বলেন, "ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানি হবে আজ।"
এ মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাতসহ সাতজনকে সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।
গত ১৯ শে জুন এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।
সেসময় প্রসিকিউশন জানিয়েছে, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেয়নি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।
গত বছরের পাঁচই অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।
এ ঘটনায় ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।


