আজ মঙ্গলবার যা যা হলো:
- চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোট ৩৮ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এর মধ্যে মি. দাসকে প্রধান আসামি করা হয়েছে।
- বাংলাদেশের বিদ্যমান অবস্থায় ও ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এ মুহূর্তে বাংলাদেশের জন্য সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা কতটা উপযোগী কিংবা উপযোগী কি-না তা ভেবে দেখার অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনি ব্যবস্থা ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে ওঠতে পারে কি-না তা সব রাজনৈতিক নেতাকে ভেবে দেখার অনুরোধ করেছেন তিনি।
- ইউরোপজুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিসসহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রার সতর্কতা। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ।
- প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এ এম এম নাসির উদ্দীন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। ওই বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, নির্বাচন কমিশন 'ফুল গিয়ারে' জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
- জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মাসব্যাপি কর্মসূচির উদ্বোধন করার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তারা প্রতিবছর এ সময়কালটা উদযাপন করবেন। তিনি বলেন “আমরা প্রতি বছর এটা করব যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি”।
- ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি সাহায্য সংস্থা এবং আরও কিছু এনজিও। মে মাসের শেষ দিকে এই সংস্থাটি গাজায় কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে গিয়ে প্রায় ৫০০ ফিলিস্তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
- থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সাথে ফোনালাপ ফাঁস হওয়ার পর তার ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছিলো।
বিবিসি বাংলার আরও খবর পড়তে ওয়েব সাইটের মূল পাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বুধবার লাইভ পেইজটি পুনরায় চালু হবে।






















