আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

এনবিআরের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিলো সরকার

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের সাম্প্রতিক আন্দোলনে সক্রিয় ছিলেন এমন চার জন উর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে। এদিকে, আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সরাসরি কভারেজ

  1. আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    গণঅভ্যুত্থানের সময় গত অগাস্টে আশুলিয়ায় ভ্যানে ছয় জনের লাশ পোড়ানোর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

    আজ বুধবার সকালে এই অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

    মি. তামিম বিবিসি বাংলাকে বলেন, "ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। অভিযোগ গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে শুনানি হবে আজ।"

    এ মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

    এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাতসহ সাতজনকে সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

    গত ১৯ শে জুন এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

    সেসময় প্রসিকিউশন জানিয়েছে, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেয়নি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।

    গত বছরের পাঁচই অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

    এ ঘটনায় ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

  2. ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করেছে যুক্তরাষ্ট্র, জেমসচ্যাটার, বিবিসি নিউজ

    ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ তীব্রতর হওয়ার মধ্যে হোয়াইট হাউস জানিয়েছে, কিয়েভে কিছু অস্ত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

    মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, "অন্যান্য দেশগুলোকে সামরিক সহায়তা এবং সমর্থনের" নীতি পর্যালোচনার পর "আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য" প্রতিরক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কয়েক বিলিয়ন ডলার সামরিক সহায়তা পাঠিয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসনের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন মজুদ এখন খুব কম।

    ইউক্রেন সরকার এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জানাননি, কোন ধরনের অস্ত্রের চালান বন্ধ করা হচ্ছে।

    সংবাদ সংস্থা রয়টার্টের মতে, এসব অস্ত্রের মধ্যে আকাশ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র এবং নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম অস্ত্রগুলো রয়েছে বলে মনে করা হচ্ছে।

    একজন মার্কিন কর্মকর্তা বলেছেন যে মার্কিন সামরিক মজুত খুব কমে যাওয়ার উদ্বেগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

  3. জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

    আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর "৩০ বা ৩৫ শতাংশ" শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    গত দোসরা এপ্রিল ট্রাম্পের তথাকথিত "লিবারেশন ডে"-এর অংশ হিসেবে জাপানের ওপর যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, তার চেয়ে এটি অনেক বেশি হবে।

    তখন বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক পরবর্তীতে ৯০ দিনের জন্য ১০ শতাংশে নামিয়ে এনেছিলেন ট্রাম্প যাতে ওয়াশিংটনের সাথে তারা চুক্তি নিয়ে আলোচনা করার জন্য সময় পায়।

    সেই বিরতি ৯ জুলাই শেষ হওয়ার কথা এবং ট্রাম্প বলেছেন যে তিনি সময়সীমা বাড়ানোর কথা ভাবছেন না।

    টোকিওর সাথে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা সে বিষয়েও ট্রাম্প সন্দেহ প্রকাশ করে চলেছেন।

    "আমরা জাপানের সাথে লেনদেন করেছি। আমি নিশ্চিত নই যে আমরা কোনো চুক্তি করতে যাচ্ছি। আমার সন্দেহ আছে," তিনি মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন।

    ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকির বিষয়ে জাপান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

    "প্রেসিডেন্ট ট্রাম্প কী বলেছেন তা আমরা জানি, কিন্তু মার্কিন সরকারি কর্মকর্তাদের প্রতিটি মন্তব্যের ওপর আমরা মন্তব্য করি না," বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন দেশটির ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি।

    অন্যান্য অনেক দেশের মতো, জাপানের বেশিরভাগ রপ্তানি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্কের সম্মুখীন। জাপানি যানবাহন এবং যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ আমদানি করও রয়েছে। অন্যদিকে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়।

    এর আগে মঙ্গলবার জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি বলেছিলেন যে ওয়াশিংটনের সাথে চুক্তি করার জন্য তিনি এমন কোনো ছাড় দেবেন না যা তার দেশের কৃষকদের ক্ষতি করতে পারে।

  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য খবরগুলো পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে