বৃহস্পতিবার সারাদিন যা যা হলো
- সতের বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরিবার ও বিএনপির শীর্ষ নেতারা।
- বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি।
- ঢাকায় ফিরে পূর্বাচল তিনশ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। বলেন, দেশের জন্য ‘পরিকল্পনা’ আছে, “যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই”।
- তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক।
- তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
- তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
- জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, এর পরই বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মি. হক নিজেই।
- মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা গেছে লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার। ১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।