নির্বাসন শেষ, ঢাকায় তারেক রহমানকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের সংবর্ধনা

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসন শেষে ঢাকায় ফিরে এসেছেন। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা; আর বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো

    • সতের বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পরিবার ও বিএনপির শীর্ষ নেতারা।
    • বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি।
    • ঢাকায় ফিরে পূর্বাচল তিনশ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। বলেন, দেশের জন্য ‘পরিকল্পনা’ আছে, “যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই”।
    • তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক।
    • তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
    • তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
    • জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ নিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, এর পরই বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।
    • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মি. হক নিজেই।
    • মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা গেছে লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার। ১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়

  2. গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান

    হাসপাতালে মায়ের চিকিৎসার খোঁজখবর নেন তারেক রহমান

    ছবির উৎস, BNP PRESS WING

    ছবির ক্যাপশান, হাসপাতালে মায়ের চিকিৎসার খোঁজখবর নেন তারেক রহমান

    সতের বছরের নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করে গুলশানের বাসায় পৌঁছেছেন তিনি।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচল তিনশ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান।

    সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মায়ের চিকিৎসার খোঁজখবর নেন।

    পর বিএনপির প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, রাত সাড়ে আটটার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি।

    এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে পূর্বাচলের তিনশ ফিট সড়কে সংবর্ধনায় যোগ দেন মি. রহমান। সেখানে দেওয়া বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

    নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বাদ জুমা বাবা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে তার।

  3. মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান

    সংবর্ধনাস্থল থেকে মাকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংবর্ধনাস্থল থেকে মাকে দেখতে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান

    চিকিৎসাধীন মাকে দেখতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্বাচল তিনশ ফিট সড়কে সংবর্ধনা মঞ্চে বক্তব্য শেষে হাসপাতালে যান তিনি।

    গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া।

    সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী বাস

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে তারেক রহমানকে বহনকারী বাস
  4. তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: এনসিপি নেতা আখতার

    এনসিপির দলটির সদস্য সচিব আখতার হোসেন
    ছবির ক্যাপশান, এনসিপির দলটির সদস্য সচিব আখতার হোসেন, ফাইল ছবি

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    দলটির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, "দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো"।

    এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।

    তিনি বিবিসিকে বলেন, "তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কীভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়"।

  5. তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে, বিবিসিকে জামায়াতের আমির

    জামায়াতের আমির শফিকুর রহমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জামায়াতের আমির শফিকুর রহমান, ফাইল ছবি

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী।

    দলটির আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

    একইসঙ্গে মি. রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

    জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসিকে বলেছেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেত রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।

    তবে তিনিও মনে করেন, তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।

  6. মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালের পথে তারেক রহমান

    হাসপাতালের পথে তারেক রহমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, হাসপাতালের পথে তারেক রহমান

    মা খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

    তার আগে বেলা পৌনে ১২টার দিকে সপরিবারে ঢাকায় পৌঁছান তিনি।

    পরে একটি বুলেটপ্রুফ বাসে করে প্রায় চারঘণ্টা সময় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে পূর্বাচলের সংবর্ধনাস্থলে পৌঁছান তারেক রহমান।

    সেখানে প্রায় ১৭ মিনিটের একটি ভাষণ দেন তিনি।

    প্রসঙ্গত, গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া।

    ২৭শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

    সংবর্ধনাস্থল থেকে ওই বাসে করেই এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা হন তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, সংবর্ধনাস্থল থেকে ওই বাসে করেই এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা হন তারেক রহমান
  7. দেশ গড়ার 'পরিকল্পনা' বাস্তবায়নের আশা তারেক রহমানের

    সংবর্ধনাস্থলে তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষ করেছেন তারেক রহমান।

    দেশের জন্য ‘পরিকল্পনা’ আছে জানিয়ে তিনি তার বক্তব্যে বারবার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি তিনি তুলে ধরেছেন।

    তিনি বলেন, “যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই”।

    মার্কিন অধিকারকর্মী মার্টিন লুথার কিংয়ের কথা ‘আই হ্যাভ আ ড্রিমের' উল্লেখ করে তারেক রহমান বলেন, “দেশের জন্য, দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে”।

    বক্তব্যের শেষে তিনি আবার বলেন, "উই হ্যাভ অ্যা প্ল্যান"। তবে তার পরিকল্পনায় কী আছে সেব্যাপারে তিনি কিছু বলেননি।

    তারেক রহমান তার বক্তব্যে বাংলাদেশের ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ, ১৯৭৫ সালের সিপাহী বিপ্লব, ’৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরেন।

    ধর্ম, শ্রেণি, পেশা, বয়স, লিঙ্গ নির্বিশেষে দেশের সবার জন্য নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বলেন, “আমরা যেকোনো ধর্ম, শ্রেণি, দলের মানুষ হই - আমাদের নিশ্চিত করতে হবে আমরা শান্তি শৃঙ্খলা ধরে রাখবো। আমাদের নিশ্চিত করতে হবে যেন মানুষ নিরাপদে থাকতে পারে, যেন যেকোনো শ্রেণি, পেশা, ধর্মের মানুষ নিরাপদ থাকতে পারে"।

    “সবাই মিলে করবো কাজ, গড়বো মোদের বাংলাদেশ” স্লোগান দিয়ে ভাষণ শেষ করেন তিনি।

  8. যে কোনো মানুষ যেন নিরাপদ থাকুক এই আমাদের চাওয়া: তারেক রহমান

    সংবর্ধনাস্থলে বক্তব্য দেন তারেক রহমান

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সংবর্ধনাস্থলে বক্তব্য দেন তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের যে কোনো মানুষ নিরাপদ থাকুক এটাই তার চাওয়া।

    সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

    তারেক রহমান বলেন, “সবাই ঐক্যবদ্ধ হলে কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো"

    ১৫ বছর অনেক মানুষ গুম হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে- উল্লেখ করে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সব বয়স, পেশা এবং ধর্মের মানুষ যেন নিরাপদে থাকে।

    যেকোন মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান তিনি।

    সংবর্ধনাস্থলের মঞ্চে ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও

    ছবির উৎস, BNP MEDIA CELL

    ছবির ক্যাপশান, সংবর্ধনাস্থলের মঞ্চে ছিলেন বিএনপির সিনিয়র নেতারাও
  9. বক্তব্য দিতে শুরু করেছেন তারেক রহমান

    সংবর্ধনাস্থলে তারেক রহমান

    ছবির উৎস, BNP

    ঢাকার পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছে বক্তব্য দিতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    দুপুর পৌনে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি।

    সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।

  10. সংবর্ধনাস্থলে পৌঁছেছেন তারেক রহমান

    সংবর্ধনাস্থলে তারেক রহমান

    ছবির উৎস, bnp

    ছবির ক্যাপশান, সংবর্ধনাস্থলে তারেক রহমান

    পূর্বাচলের ৩০০ ফিটে সংবর্ধনাস্থলে পৌঁছেছেন তারেক রহমান।

    দুপুর পৌনে চারটার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান।

    সেখানে তাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে মঞ্চ। উপস্থিত হয়েছেন লাখো নেতাকর্মী ও সমর্থক।

    সেখানে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

    তার স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান গুলশান এভিনিউয়ের বাসায় পৌঁছেছেন।

    তারেক রহমানের সংবর্ধনাস্থল

    ছবির উৎস, bnp

    ছবির ক্যাপশান, তারেক রহমানের সংবর্ধনাস্থল
  11. 'এক নজর দেখছি, তাতেই খুশি'

    তারেক রহমানকে “এক নজর” দেখে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ। নড়াইল থেকে এসেছেন বলে জানান তিনি।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “এক নজর দেখছি, তাতেই খুশি। আমার মনে হইতেছে ঈদের দিন আজকে, ঈদের দিন”।

    “সারাবছর দেখছি টিভিতে বলছে, ওনার মুখ দিয়ে বলছে আমার আদেশটা পালন করেন। আমরা গণতন্ত্র ফিরায় দেবো। সেই আশায় আমরা আন্দোলন করেছি। আজকে তাকে দেখে পরানটা জুড়ায় গেল। আর কোনো দুঃখ নাই”।

    বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ
    ছবির ক্যাপশান, বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের কর্মী মোশাররফ
  12. জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা

    জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতা
    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতা

    জামায়াতে ইসলামীর সাথে এনসিপির আসন সমঝোতার আলোচনা চলছে। বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এনিয়ে একটি পোস্ট করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বিলুপ্ত হওয়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

    নিজের ফেসবুক পাতায় তিনি লেখেন, “তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারাদেশে মানুষের, নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটিকয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। আর এরইমধ্য দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে”।

    এছাড়াও আব্দুল কাদের লিখেছেন, জামায়াতের থেকে এনসিপি ৫০ আসন চাইলে দর কষাকষির শেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে।

    জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামায়াতকে সহযোগিতা করবে এনসিপি।

    আব্দুল কাদের এ-ও লিখেছেন, “সমঝোতার ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন, নাসির উদ্দিন পাটোয়ারী আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপি'র ৩০ জন প্রার্থী চূড়ান্ত করবেন”।

    তবে জামায়াতে ইসলামীর সাথে আলোচনা চললেও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য আরিফুল ইসলাম আদীব।

  13. প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

    প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।

    বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছে বিমানবন্দরে থাকা অবস্থাতেই প্রধান উপদেষ্টাকে ফোন করেন তিনি।

  14. তারেক রহমানকে সমর্থন ও নিজ দলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

    জাতীয় নাগরিক পার্টির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক

    ছবির উৎস, Mir Arshadul Hoque/Facebook

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক।

    বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন মি. হক।

    হোয়াটসঅ্যাপে দলের আহ্বায়ক ও সদস্য সচিবকে পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন বলে জানান তিনি।

    বিবিসি বাংলাকে তিনি বলেন, “অভ্যুত্থানের পরে দেশ গঠন ও দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এনসিপি।”

    জামায়াতে ইসলামীর সঙ্গে দলটির সখ্য নিয়ে অসন্তোষ জানান তিনি।

    প্রসঙ্গত, বুধবার বিএনপি তার শরিকদের সঙ্গে আসন সমঝোতা করার পর এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামী অনানুষ্ঠানিক বৈঠক করেছে, এমন একটি খবর প্রকাশ করছে জাতীয় দৈনিক সমকাল।

    মীর আরশাদুল হক চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।

    ফেসবুকে নিজের অবস্থান জানিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, তারেক রহমানের 'স্মার্ট অ্যাপ্রোচ' তাকে আকৃষ্ট করেছে। 'ব্যক্তিগতভাবে' তারেক রহমানকে 'পূর্ণ সমর্থন' জানাচ্ছেন বলেও তিনি লিখেছেন।

  15. বাসে করে বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

    বাসে করে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

    ছবির উৎস, bnp media cell

    ছবির ক্যাপশান, বাসে করে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

    বিমানবন্দর থেকে বেরিয়েই মাটি স্পর্শ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।

    পরে তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি।

    এসময় বাসটি ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।

    বাসটির সামনের অংশে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের প্রতি হাত নাড়তে থাকেন বিএনপির এই নেতা।

    'সবার আগে বাংলাদেশ' স্লোগান লেখা বাসে করে বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান

    ছবির উৎস, bnp media cell

    ছবির ক্যাপশান, 'সবার আগে বাংলাদেশ' স্লোগান লেখা বাসে করে বিমানবন্দর থেকে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান
  16. ১৭ বছর পর ঢাকায় তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

    তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি

    ছবির উৎস, screengrab

    ছবির ক্যাপশান, তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি

    বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

    ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করছে।

    এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরণ করেন নেন।

  17. ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

    ঢাকায় অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।

    বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

    তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরুসহ বিএনপির শীর্ষ নেতারা।

    এদিকে ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে তারেক রহমানের সংবর্ধনাস্থলে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মানুষ।

    দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকে স্বাগত জানাতে সেখানে জমায়েত হয়েছেন তারা।

  18. মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন দেয়া বিএনপি নেতার বড় মেয়েও

    প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার।

    ১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।

    এর আগে গত শুক্রবার গভীর রাতে (১৯শে ডিসেম্বর) লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা।

    এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হলে এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

    স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।

  19. সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান

    সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান।

    এর আগে বৃহস্পতিবার সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশবিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    পরে সকাল ১১টার দিকে ঢাকার পথে পরিবারসহ রওনা দেন তিনি।

  20. ৩০০ ফিটে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী

    তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জমায়েত হয়েছে বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী

    ছবির উৎস, BNP Media Cell

    ছবির ক্যাপশান, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ৩০০ ফিটে জমায়েত হয়েছে বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী

    তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থলে জমায়েত হয়েছেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী।

    দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৭ বছর নির্বাসনে থাকা দলটির ভারপ্রাপ্ত শীর্ষ নেতাকে দেশে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন দলটির কর্মী-সমর্থকেরা।

    তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।

    তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।