আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নির্বাসন শেষ, ঢাকায় তারেক রহমানকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের সংবর্ধনা

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসন শেষে ঢাকায় ফিরে এসেছেন। তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা; আর বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

সরাসরি কভারেজ

  1. সিলেটে যাত্রা বিরতিতে তারেক রহমান

    সিলেটে যাত্রা বিরতিতে আছেন বিএনপি নেতা তারেক রহমান।

    এর আগে বৃহস্পতিবার সকালে ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশবিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

    তার আগে, বাংলাদেশ সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওয়ানা করেন তিনি।

    তাকে স্বাগত জানাতে ঢাকার ৩০০ফিটের সংবর্ধনাস্থলে অপেক্ষা করছে হাজার হাজার মানুষ।

  2. 'দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!'

    সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান।

    তার আগে, ৯টা ৩৪ মিনিটে নিজের ভ্যারিফাইড ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে তারেক রহমান লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

  3. ছবিতে ঢাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি

  4. ঢাকার সড়কে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড়

    বড়দিন ও সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে টানা তিনদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকুরিজীবীরা। ফলে সকাল থেকেই রাজধানীর সড়কগুলো তুলনামূলক ফাঁকা।

    তবে ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা সংবধর্নাস্থলে এসে উপস্থিত হচ্ছেন।

    বনানী থেকে এয়ারপোর্টমুখী রাস্তা যান চলাচলের জন্য ফাঁকা রাখা হয়েছে। তবে এয়ারপোর্ট থেকে বনানীমুখী রাস্তায় যানজট রয়েছে।

    সকাল পৌনে নয়টার দিকে বিমানবন্দর এলাকা বেশ ফাঁকা দেখা যাচ্ছে বলে জানান বিবিসি সংবাদদাতা। লোকাল বাস চলাচল করছিল। তবে দূরপাল্লার বাস সড়কটিতে কম দেখা গেছে।

    এসময় বিএনপি নেতাকর্মীদের বাসে করে আসতে দেখা গেছে। দলে দলে মিছিল নিয়েও আসতে দেখা গেছে।

    তবে মহাখালীর দিকে যাওয়ার রাস্তায় ব্যাপক যানজট দেখা গেছে। বিজয়সরণীতে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের যেতে দেওয়া হচ্ছে।

    রাস্তার মোড়ে মোড়ে ওভারব্রিজে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে।

    কুড়িল থেকে নেতা-কর্মীরা পায়ে হেটে মূল মঞ্চের দিকে যাচ্ছেন। কুড়িল ফ্লাইওভারে সেনাসদস্যরা অবস্থান নিয়েছেন। নিচে মূল সড়কেও সেনাসদস্যদের দেখা যাচ্ছে।

    সড়কের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ডকুমেন্টারি দেখানো হচ্ছে। পাশাপাশি মঞ্চ থেকে তারেক রহমানের ফ্লাইটের সর্বশেষ অবস্থানও ঘোষণা করতে দেখা গেছে।

  5. দেশের পথে তারেক রহমান

    দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টার দিকে তার পৌঁছানোর কথা রয়েছে।

    এর আগে, বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া দশটা নাগাদ পরিবারসহ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি পৌঁছান বলে বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফাইড ফেসবুক পাতায় জানানো হয়।

    দলটির এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিএনপির সিনিয়র নেতারা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

    এরপর ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে তার ভাষণ দেয়ার কথা রয়েছে। তাকে সংবর্ধনা জানাতে প্রস্তুত রয়েছে মঞ্চ। তারেক রহমানকে স্বাগত জানাতে সেখানে ব্যাপক সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন।

    সংবর্ধনাস্থল থেকে হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।

  6. বুধবার যা যা হয়েছে

    • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরছেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাচ্ছেন বলে তার দল জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকায় তাকে স্বাগত জানাবেন দলের সিনিয়র নেতারা। এরপর তিনি ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে ভাষণ দিবেন। এরপর হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যাবেন তিনি।
    • ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় আজ বুধবারও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিজেপিসহ বিভিন্ন সংগঠন। আগরতলায় বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপিও। এসব বিক্ষোভে ময়মনসিংহে এক হিন্দু যুবককে আগুনে জ্বালিয়ে হত্যার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকাও পোড়ানো হয়।
    • ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। পুলিশের ধারণা, মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিলো। ঘটনাস্থলের কাছেই একটি চার্চ রয়েছে। তবে 'বড়দিনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই' বলে মনে করছেন পুলিশ।
    • পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ চলাকালীন মুর্শিদাবাদে জাফরাবাদে বাসিন্দা পিতা ও পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত।
    • আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে শরিক সাতটি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে আটটি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন।
  7. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।