বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতেরা যে বৈঠক করেছেন, সেটির বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
- কিছু উপদেষ্টা 'সেফ এক্সিট' নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
- জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ আগামী শুক্রবারের মধ্যে সরকারের কাছে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ক্রিকেটের সব ধরনের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ ৩৮টি ক্লাব।
- আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দু'টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের আগামী ২২শে অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
- গত বছর জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় গুলি চালিয়ে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- ধাতব-জৈব কাঠামো নিয়ে কাজ করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন- জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি।
- ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
- পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
- বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
- গাজা যুদ্ধের অবসান ঘটাতে মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে তৃতীয় দিনের মতো পরোক্ষভাবে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মতো এই শান্তি আলোচনা এগিয়ে নিতে সেখানে যোগ দিয়েছেন শীর্ষ মার্কিন দূত এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।