আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

কিছু উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম

অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোনোমতে দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে "সেফ এক্সিট" বা নিরাপদে সরে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে, নতুন করে হাসপাতালে ভর্তি সাত শতাধিক রোগী।

সরাসরি কভারেজ

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোনোমতে দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে "সেফ এক্সিট" বা নিরাপদে সরে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাদেরকে উদ্দেশ্য করে মি. আলম বলেছেন, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।
    • মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    • সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। তিনি দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন। তবে ক্রীড়া উপদেষ্টা মি. ভুঁইয়া অবশ্য শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।
    • চলতি ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
    • দেশে মেডিকেল অক্সিজেনকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
    • বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা দলীয় পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
    • ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এবছর তিনজন গবেষককে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন: জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের প্রাণ গেছে। তারা দু'জনই নারী এবং ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২১৭ জনএ দাঁড়ালো।
    • থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর আগে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল থাই সরকার।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো।

    বুধবার নতুন খবর নিয়ে পুনরায় লাইভ পাতা চালু হবে। ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. আসিফ মাহমুদের বিরুদ্ধে ভোটারদের ডেকে নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আমিনুলের

    সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

    তিনি দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন।

    "তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে," মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের বলেন মি. হক।

    ভোটে আর্থিক লেনদেনের অভিযোগও তুলে তিনি।

    "আমার কাছে তথ্য আছে যে, আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এটি তাদের হাতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনা এবং এই প্রশ্নবিদ্ধ নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না," বলেন আমিনুল হক।

    উল্লেখ্য যে, "পাতানো নির্বাচনের" অভিযোগ তুলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ এক ডজনেও বেশি প্রতিদ্বন্দ্বী ভোটের আগেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। তারাও নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ করেন।

    তবে শুরু থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ক্রীড়া উপদেষ্টা মি. ভুঁইয়া।

  3. কিছু উপদেষ্টা সেফ এক্সিট নিতে চাচ্ছে, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম

    অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কোনোমতে দায়সারাভাবে দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে "সেফ এক্সিট" বা নিরাপদে সরে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

    তাদেরকে উদ্দেশ্য করে মি. আলম বলেছেন, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।

    মঙ্গলবার নওগাঁয় এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    "কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন, আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না," বলেন মি. আলম।

    "তারা যদি এতকিছু এত বড় ত্যাগ এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে, সবাই না- গুটি কয়েক, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে, আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করে দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না।"

    "কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে," বলেন সারজিস আলম।

  4. চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮%, বিশ্বব্যাংকের পূর্বাভাস

    চলতি ২০২৫-২৬ অর্থবছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার চার দশমিক আট শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

    মঙ্গলবার বিশ্বব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের অক্টোবর সংস্করণে জিডিপি প্রবৃদ্ধির এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

    রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় খরচ বেশি হওয়ায় দেশে বেসরকারি বিনিয়োগ কম বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিনিয়োগে ভাটা, কর্মসংস্থানে ঘাটতি, ঝুঁকিপূর্ণ ব্যাংক খাত, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল রাজস্ব আদায় এখন অর্থনীতির জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মনে করে বিশ্বব্যাংক।

    বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে কর্মসংস্থান সংকুচিত হয়েছে এবং দারিদ্র্য আগের চেয়ে বেড়েছে।

    এছাড়া গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমতে শুরু করলেও এখনো তা বেশি বলে জানাচ্ছে বিশ্বব্যাংক। গেল আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি ছিল আট দশমিক তিন শতাংশ।

  5. মেডিকেল অক্সিজেনকে প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত করা হবে: ডা. সায়েদুর রহমান

    দেশে মেডিকেল অক্সিজেনকে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

    মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    "অক্সিজেন একটা ওষুধ, তাই এর ওই গুরুত্বটা পাওয়া দরকার। এটা এসেনসিয়াল মেডিসিনের তালিকায় যুক্ত হওয়া দরকার," বলেন ডা. রহমান।

    কেউ যেন ইচ্ছামত মেডিকেল অক্সিজেনের দাম রাখতে না পারে, সে ব্যাপারেও সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়।

    "অক্সিজেনের দাম হাসপাতাল অনুযায়ী ভেরি করতে থাকবে, একেক হাসপাতালে একেক দাম। সেটা একই মানের অক্সিজেন হলেও। আমরা এটাকে এসেনসিয়াল মেডিসিন হিসেবে ডিক্লেয়ার করব এবার। এটা হলে দাম নিয়ন্ত্রণ এবং অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত হবে," বলেন ডা. রহমান।

  6. ডেঙ্গু জ্বরে আরও দু'জনের মৃত্যু, নতুন করে ৭২৫ জন হাসপাতালে ভর্তি

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের প্রাণ গেছে। তারা দু'জনই নারী এবং ঢাকার বাসিন্দা।

    এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২১৭ জনএ দাঁড়ালো।

    এদিকে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    সবমিলিয় এ বছর মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জন হলো।

  7. যে হামলার জেরে দুই বছর আগে গাজা যুদ্ধ শুরু হয়েছিল

    আজ সাতই অক্টোবর। ২০২৩ সালের এই দিনে ইসরায়েলে হামাসের হামলায় অন্তত ১২০০ জন নিহত হয়েছিলেন। এছাড়া হামাসের সদস্যরা প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল।

    সেই ঘটনার জেরে গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর পেরিয়ে গেছে দু'টি বছর। দীর্ঘ এই সময়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রাণ গেছে সেখানকার ৬৭ হাজারেরও বেশি মানুষের।

    ইসরায়েল এখনও হামলা অব্যাহত রয়েছে। যদিও যুদ্ধ বন্ধে কাতার ও মিশরের মধ্যস্থতায় গতকাল থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আশা করা হচ্ছে যে, এই আলোচনার মধ্য দিয়ে গাজা যুদ্ধের অবসান হবে।

    এদিকে, হামাসের সাতই অক্টোবরের হামলার বর্ষপূর্তির দিনে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করছে ইসরায়েলিরা।

    যে স্থানে হামলার ঘটনা ঘটেছিল, সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হচ্ছে বলে বিবিসি'র সাংবাদদাতা জানিয়েছেন।

    অন্যদিকে, গাজা যুদ্ধের অবসান ও গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার দাবিতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হতে দেখা যাচ্ছে।

    যুক্তরাজ্যে এ ধরনের বিক্ষোভে অংশ না নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন বিক্ষোভে অংশ নেওয়া "অ-ব্রিটিশসুলভ" আচরণ হবে বলে মন্তব্য করেছেন তিনি।

  8. নির্বাচনে কোনো কর্মকর্তা দলীয় পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা: সিইসি নাসির উদ্দিন

    বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা দলীয় পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

    মঙ্গলবার ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

    "আগে এমন একটা সংস্কৃতি ছিল যে কর্মকর্তাদের ওপর চাপ থাকত-একটা নির্দিষ্ট পক্ষে কাজ করতে হবে। এখন সেই পরিবেশ আর থাকবে না। আগে মেসেজ ছিল, আমার পক্ষে কাজ না করলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

    "কিন্তু এখন মেসেজ হবে-তুমি যদি কোনো পক্ষের হয়ে কাজ কর, তাহলে তোমার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এখন মেসেজটা একদম স্পষ্ট। আমরা এ কথা একাধিকবার বলেছি এবং বারবার বলবো," বলেন সিইসি মি. উদ্দিন।

    তিনি আরোও বলেন, "আমরা চাই, এই নির্বাচনের মাধ্যমে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হোক। দেশের মানুষ দেখুক, এবার নির্বাচন সত্যিই স্বাধীন, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হচ্ছে। আমাদের লক্ষ্যই হলো, আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন উপহার দেওয়া।"

  9. এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন যারা

    ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য এবছর তিনজন গবেষককে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

    তারা হলেন: জন ক্লার্ক, মাইকেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস।

    এর মধ্যে জন ক্লার্ক যুক্তরাজ্যে এবং জন এম মার্টিনিস যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। বর্তমান তারা দু'জনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় অধ্যাপনা করছেন।

    অন্যদিএক, ফ্রান্সে জন্ম নেওয়া মাইকেল এইচ ডেভোরেট অধ্যাপনা করছেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে।

    তাদের গবেষণাকর্ম নতুন প্রজন্মের শক্তিশালী কম্পিউটার তৈরির পথ দেখাচ্ছে।

    বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের স্টকহোম থেকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

  10. থাইল্যান্ডে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২

    থাইল্যান্ডে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সৃষ্টি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর আগে, সোমবার ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল থাই সরকার।

    মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন যে, তাদের উত্তরাঞ্চলের ছয়টি, মধ্যাঞ্চলের আটটি, উত্তরপূর্বাঞ্চলের চারটি এবং পূর্বাঞ্চলের একটি প্রদেশ বন্যায় আক্রান্ত হয়েছে।

    সব মিলিয়ে দেশটির ১৯টি প্রদেশের প্রায় পৌনে চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে উত্তরাদিত এবং আয়ুথায়ার বাসিন্দারা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    এ অবস্থায় দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে থাই সরকার। এর আগে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সোমবার জরুরি ত্রাণ তৎপরতা শুরু করার নির্দেশ দেন থাই প্রধানমন্ত্রীঅনুতিন চার্নভিরাকুল।

  11. দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

    ইতোমধ্যেই তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্তে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো রাজনৈতিক দলের নাম উঠে এলে তাদের বিরুদ্ধেও আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    “এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারেই (তদন্ত) শুরু হয়েছে। ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দল এর সাথে ইনভলভ আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন,” সাংবাদিকদের বলেন মি. ইসলাম।

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন-

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে