সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে 'কিছু বলার নেই' পররাষ্ট্র উপদেষ্টার

কিছু উপদেষ্টা "সেফ এক্সিট" নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতেরা যে বৈঠক করেছেন, সেটির বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
    • কিছু উপদেষ্টা 'সেফ এক্সিট' নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
    • জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ আগামী শুক্রবারের মধ্যে সরকারের কাছে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
    • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ক্রিকেটের সব ধরনের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ ৩৮টি ক্লাব।
    • আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দু'টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের আগামী ২২শে অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
    • গত বছর জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় গুলি চালিয়ে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
    • ধাতব-জৈব কাঠামো নিয়ে কাজ করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন- জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি।
    • ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
    • পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
    • বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
    • গাজা যুদ্ধের অবসান ঘটাতে মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে তৃতীয় দিনের মতো পরোক্ষভাবে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মতো এই শান্তি আলোচনা এগিয়ে নিতে সেখানে যোগ দিয়েছেন শীর্ষ মার্কিন দূত এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

  2. শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’: আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    জুলাই সনদ বাস্তবায়নের ‘চূড়ান্ত রোডম্যাপ’ আগামী শুক্রবারের মধ্যে সরকারের কাছে দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    বুধবার বিকেলে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনার শুরুতে একথা বলেন তিনি।

    "গত দিনের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি একটি ধাপ হিসেবে। মনে করি, আজকের আলোচনার মধ্যে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো"

    “যদি প্রয়োজন হয়, আরও একদিন, বড় জোর দুদিন এজন্য ব্যয় করতে পারব। কিন্তু ১০ তারিখের মধ্যে আমরা এটা সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। আমরা চাই, আগামী ১৫-১৬ অক্টোবরের মধ্যে যাতে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান করতে পারি," বলেন অধ্যাপক রীয়াজ।

  3. গাজায় যুদ্ধ থামাতে শান্তি আলোচনায় যোগ দিলেন মার্কিন ও আঞ্চলিক মধ্যস্থাকারীরা

    ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, গাজা যুদ্ধ বন্ধে আলোচনায় অংশ নিতে মিশর গেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ

    গাজা যুদ্ধের অবসান ঘটাতে মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে তৃতীয় দিনের মতো পরোক্ষভাবে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা মতো এই শান্তি আলোচনা এগিয়ে নিতে সেখানে যোগ দিয়েছেন শীর্ষ মার্কিন দূত এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা।

    যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতোমধ্যেই মিশরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।

    সেইসঙ্গে, আলোচনায় যোগ দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন।

    তাদের এই প্রচেষ্টার মধ্য দিয়ে দুই বছরের গাজা যুদ্ধ শেষ হবে বলে আশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

    হামাসের কর্মকর্তারাও বিবিসিকে জানিয়েছেন যে, আলোচনা এখন পর্যন্ত 'ইতিবাচক' বলেই মনে হচ্ছে তাদের কাছে।

    ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিনিময়ে তারা নিজেদের কতজনকে মুক্ত করতে চান, সে বিষয়ে একটি তালিকাও জমা দিয়েছেন বলে জানিয়েছেন হামাস কর্মকর্তারা।

  4. আওয়ামী লীগ নেতার বাড়িতে তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতেরা যে বৈঠক করেছেন, সেটির বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    "তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে তো তাকে কাস্টডিতে রাখা হতো, সেটা তো হয়নি। রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন," বলেন মি. হোসেন।

    "তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন, এসবের ফলাফল কী- এগুলো নিয়ে বিতর্ক চলতে থাকতে পারে। তবে এমনিতে সেখানে গেছেন তারা। এগুলো নিয়ে আমার বলার কিছু নেই," যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

    উল্লেখ্য যে, ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের রাষ্ট্রদূত সম্প্রতি সাবের হোসেন চৌধুরীর বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমে খবর বের হয়েছে।

    তবে মি. চৌধুরী কিংবা ওইসব দেশের রাষ্ট্রদূত-কেউই বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

  5. জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ডিএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, ডিএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী

    বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি বলেছেন, "ইতোমধ্যে পাড়া-মহল্লায়, চায়ের দোকানে নির্বাচনের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। নির্বাচনি আমেজ বিরাজ করছে এবং জনগণ নির্বাচনমুখী। আর জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না।"

    বুধবার রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, "জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ চলমান রয়েছে। আমাদের সবার প্রচেষ্টা থাকবে নির্বাচনটা যেন অবাধ, নিরাপদ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।"

  6. বিসিবি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে ঘরোয়া ক্রিকেট লীগ বর্জনের ঘোষণা ৩৮টি ক্লাবের

    সংবাদ সম্মেলনে জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, সংবাদ সম্মেলনে জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে ক্রিকেটের সব ধরনের ঘরোয়া আসর বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ ৩৮টি ক্লাব।

    বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে ঘরোয়া লীগ বর্জনের ঘোষণা দিয়েছেন।

    "আমরা দেশে অনেক রকমের নির্বাচন দেখেছি আগে রাতের ভোট দেখেছি, দিনের ভোট দেখেছি, কারচুপি দেখেছি। সেসব কিছু ছাপিয়ে গেছে গত ছয় তারিখের নির্বাচন," সাংবাদিকদের বলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান।

    ওই নির্বাচনকে "অবৈধ" আখ্যা দিয়ে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে মানেন না বলে জানান তিনি।

    "আমরা নির্বাচনটাই মানছি না। উনি (বুলবুল) অবৈধ হয়েছেন। আমাদের হিসেবে তিনি অবৈধ," বলেন মাসুদুজ্জামান।

    তিনি আরও বলেন, "আমরা বলতে চাই, ক্রিকেটের সৌন্দর্য হারিয়েছে। আপনারা যদি এভাবে চলতে চান আমরা ক্রিকেট খেলব না...আমরা জেলা পর্যায় থেকেও ক্রিকেট বর্জন করব এবং যেকোনোভাবেই আমরা ঐক্যবদ্ধ থাকব।"

    "আপনারা যারা ক্লাব প্রতিনিধি আছেন কাউকে যদি হুমকি দেওয়া হয়, ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় আমরা ঐক্যবদ্ধ থাকব। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে। আমরা ঘোষণা দিচ্ছি," বলেন মাসুদুজ্জামান।

    সংবাদ সম্মেলনে জাতীয় পুরুষ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন। তিনি মনোনয়নপত্র জমা দিলেও শেষ মুহূর্তে নির্বাচন বর্জন করেন।

    বিষয়টি নিয়ে তিনি বলেন, "আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ব্যক্তিগতভাবে দাঁড়াতাম, আমার পক্ষে কোনো টিম আছে, বিপক্ষে কোনো টিম আছে...তারপরও আমি সহজেই পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না। কারণ, আমি এটা বিশ্বাস করি, আমরা সবাই ক্রিকেটের স্বার্থে আছি।"

  7. মিয়ানমারে সমাবেশে সেনাবাহিনীর প্যারাগ্লাইড বোমা হামলায় অন্তত ২৪ জনের মৃত্যু

    দুটি কফিনের পাশে স্থানীয় লোকজন ও মিলিশিয়া সদস্যরা দাঁড়িয়ে আছেন

    ছবির উৎস, PDF

    ছবির ক্যাপশান, সাগাইং অঞ্চলে ওই হামলায় দুই ডজন মানুষ নিহত হয়েছে

    মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে জড়ো হওয়া একটি প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনীর পাঠানো দুটি প্যারাগ্লাইড বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪৭ জন।

    সোমবার সন্ধ্যায় মধ্য মিয়ানমারের চাউং উ শহরে জাতীয় ছুটির দিন উপলক্ষে প্রায় ১০০ জন জড়ো হয়েছিলেন, এ সময় সেনাবাহিনী আক্রমণ করে।

    ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে হাজার হাজার মানুষ মারা গেছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার ফলে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী এবং জাতিগত মিলিশিয়াদের সাথে গৃহযুদ্ধ শুরু হয়েছে।

    দেশের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ হারানোর পর, সেনাবাহিনী আবারও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। তারা বিমান হামলা ও ভারী বোমাবর্ষণ করে যাচ্ছে।

    বিবিসি বার্মিজ সম্প্রতি জানিয়েছে যে বিমান ও হেলিকপ্টারের অভাবের মধ্যে জান্তা ক্রমবর্ধমানভাবে প্যারামোটর বেছে নিচ্ছে।

    সোমবার যে শহরটিতে হামলা চালানো হয়েছিল তা সাগাইং অঞ্চলে অবস্থিত, যা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ছিল। এর বেশিরভাগ অংশ সামরিক বা জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে।

    পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে পরিচিত এই দলগুলো স্থানীয় প্রশাসনও পরিচালনা করে। পিডিএফের একজন কর্মকর্তা বিবিসি বার্মিজকে জানিয়েছেন যে সোমবারের সমাবেশের সময় তারা সম্ভাব্য বিমান হামলার তথ্য পেয়েছিলেন।

    তারা দ্রুত বিক্ষোভ শেষ করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্যারামোটরগুলো প্রত্যাশার চেয়ে আগেই ঘটনাস্থলে পৌঁছে যায়।

    তিনি বলেন, সবকিছু সাত মিনিটের মধ্যে ঘটে। তিনি বলেন, বিস্ফোরণে তার পায়ে আঘাত লেগেছে। তবে তার কাছাকাছি থাকা কিছু লোক মারা গেছে।

    স্থানীয়রা জানিয়েছেন যে পরবর্তী সময়ে মৃতদেহগুলো শনাক্ত করা কঠিন ছিল।

  8. আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় বিজিবি ও পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    জুলাই আন্দোলনের সময় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে সামরিক রাইফেল থেকে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, জুলাই আন্দোলনের সময় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামকে সামরিক রাইফেল থেকে প্রকাশ্যে গুলি চালাতে দেখা যায়

    গত বছর জুলাই আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় গুলি চালিয়ে দুই ডজনেরও বেশি মানুষকে হত্যার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বুধবার প্রসিকিউটর ফারুক আহাম্মদ আনুষ্ঠানিক ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করলে আদালত তা আমলে নিয়ে এই পরোয়ানা জারি করে।

    গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন বিজিবির আরেক কর্মকর্তা মেজর রাফাত বিন আলম মুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

    জুলাই আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। সেসময় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলিবর্ষণ করেন পুলিশ ও বিজিবির সদস্যরা, যাদের প্রায় ২৮ জন প্রাণ হারান।

    বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলকে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে সরাসরি গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল।

  9. ধাতব-জৈব কাঠামো নিয়ে গবেষণা করে রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

    ধাতব-জৈব কাঠামো

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ধাতব-জৈব কাঠামো, প্রতীকী ছবি

    ধাতব-জৈব কাঠামো নিয়ে কাজ করে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন দেশের তিন বিজ্ঞানী।

    তারা হলেন–– জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি।

    তিন বিজয়ী এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (১১ লাখ ৬৭ হাজার ডলার বা ৮ লাখ ৭২ হাজার পাউন্ড) পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

    কীভাবে অণুগুলোকে একত্রিত করে কাঠামো তৈরি করা যায় সে সম্পর্কে গবেষণা করেছেন এই তিন বিজ্ঞানী। নোবেল কমিটি এটিকে ‘আণবিক স্থাপত্য’ বলে অভিহিত করেছে।

    তাদের কাজ পৃথিবীর গুরতর কিছু সমস্যা মোকাবিলা করতে পারে যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন ডাই অক্সাইড প্রশমিত করা, অথবা রসায়ন ব্যবহার করে প্লাস্টিক দূষণ কমানো।

    বাংলাদেশ সময় বুধবার বিকেল পৌনে চারটার দিকে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

    অধ্যাপক কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপক রিচার্ড রবসন অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এবং অধ্যাপক ওমর এম ইয়াঘি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন।

  10. সাবেক মন্ত্রী রুহুল হক ও তার পরিবারের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ

    সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক

    ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার স্ত্রী-সন্তানের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

    জব্দের আদেশ দেওয়া ৫৬টি ব্যাংক হিসাবের মধ্যে মি. হকের নামেই রয়েছে ৩৯টি। এর বাইরে তার স্ত্রী ইলা হকের নামে দুটি এবং ছেলে জিয়াউল হকের নামে ১৫টি ব্যাংক হিসাব রয়েছে।

    আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক হিসাবে মি. হক ও তার পরিবারের সদস্যদের অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল পরিমাণ অর্থ রেখেছেন, যা তারা এখন অন্যত্র সরানোর প্রচেষ্টা চালাচ্ছেন।

    এ অবস্থায় ব্যাংক হিসাবগুলো অবিলম্বে জব্দের আদেশ চাওয়া হলে আদালত সেটি মঞ্জুর করে।

  11. জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়

    শিক্ষা মন্ত্রণালয়

    ছবির উৎস, BSS

    পাঁচই অগাস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বন্ধ বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'বাসস'।

    চিঠির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকায় অনেকের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে আবেদনপত্রে জানিয়েছেন।

    এ অবস্থায় অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখা প্রয়োজন। সেজন্য পুনরায় তাদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

    এছাড়া কোনো কর্মকর্তা যদি বেতন-ভাতা চালুর ক্ষেত্রে অসহযোগিতা বা বাধা দেন, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

  12. 'সেফ এক্সিটের' অভিযোগে তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসানের

    পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

    কিছু উপদেষ্টা "সেফ এক্সিট" নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    "এটা উনি (নাহিদ ইসলাম) অভিমান থেকে বলেছেন, নাকি উনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এ বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে...তাকে তার বক্তব্যকে সাবসটেনশিয়েট করতে হবে," সাংবাদিকদের বলেন উপদেষ্টা মিজ হাসান।

    সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তখন সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি।

    "সেফ এক্সিটের" বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, "আমি একদম কোনো এক্সিট খুঁজছি না।"

    "এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে। ওই সব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাবো আপনাদের সাথে," সাংবাদিকদের বলেন মিজ হাসান।

    উল্লেখ্য যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলে সম্প্রতি অভিযোগ করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    ওইসব উপদেষ্টা নিজেদের "সেফ এক্সিটের" কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    দলের আহ্বায়কের এমন বক্তব্যের পর মঙ্গলবার এনসিপি'র আরেক কেন্দ্রীয় নেতা সারজিস আলমও একই অভিযোগ তুলেছেন।

    "কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুন, আর দেশের বাইরে থাকুক।"

    "কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, সেখানে বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে," বলেন সারজিস আলম।

  13. গুমের মামলায় শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    শেখ হাসিনা (ফাইল ছবি)

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা (ফাইল ছবি)

    আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দু'টি আলাদা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    তাদের আগামী ২২শে অক্টোবরের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।

    শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকও রয়েছেন।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে