তিন চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত: আসিফ নজরুল

আগামী তিন-চার দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এদিকে, জুলাই জাতীয় সনদে উল্লেখ থাকা বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে স্বাক্ষরকারী কোনো দলের জন্য সেটি মানার বাধ্যবাধকতা থাকবে না বলে উল্লেখ করেছে বিএনপি। এক নজরে দিনের ঘটনাপ্রবাহ দেখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. দিল্লি বিস্ফোরণে মৃতদের মধ্যে শনাক্ত ছয়জন

    দিল্লিতে বিস্ফোরণস্থলে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির মাঝে কাজ করছেন কয়েকজন তদন্তকারী

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দিল্লিতে বিস্ফোরণস্থলে কাজ করছেন তদন্তকারীরা

    ভারতের রাজধানী দিল্লিতে সোমবারের বিস্ফোরণের তদন্ত চলছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় নিহতদের মধ্যে এখনো পর্যন্ত ছয়জন ব্যক্তিকে শনাক্ত করা গেছে।

    দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “এখনো পর্যন্ত আমরা ছয়টি মৃতদেহ শনাক্ত করেছি। পাঁচটি দেহের ময়নাতদন্ত করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে”।

    নিহতদের একজন অশোক কুমার। পেশায় বাস কন্ডাক্টর মি. কুমার দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে কর্মরত ছিলেন।

    তার ভাই দেবেন্দ্র কুমার বার্তা সংস্থা এএনআইকে বলেন, “অশোক ওর কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। একটি ভাড়া ঘরে থাকতেন উনি”।

    দেবেন্দ্র কুমার জানিয়েছেন, সোমবারের বিস্ফোরণে নিহত আট জনের সরকারি তালিকায় তার ভাইও রয়েছেন।

    তিনি আরও বলেন, “অশোকের বয়স ২৬ থেকে ২৭ বছর। ওর তিন সন্তান রয়েছে - দুটি মেয়ে এবং এক ছেলে”।

  2. জুলাই সনদ নিয়ে সরকারকে 'সতর্ক' করলো বিএনপি

    গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/FB

    ছবির ক্যাপশান, গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা

    জুলাই জাতীয় সনদে উল্লেখ থাকা বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে স্বাক্ষরকারী কোনো দলের জন্য সেটি মানার বাধ্যবাধকতা থাকবে না বলে উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বা বিএনপি।

    মঙ্গলবার দুপুরে গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। জুলাই সনদের বিষয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি।

    লিখিত বক্তব্যে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে।

  3. ‘ষড়যন্ত্রকারীদের রেহাই দেওয়া হবে না’- বললেন মোদী

    ভুটানের থিম্পুতে নরেন্দ্র মোদী

    ছবির উৎস, NARENDRA MODI/FACEBOOK

    ছবির ক্যাপশান, ভুটানের থিম্পুতে নরেন্দ্র মোদী

    দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    তিনি দু’দিনের পূর্ব নির্ধারিত সফরে মঙ্গলবার ভুটানে গিয়ে পৌঁছেছেন। থিম্পুতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় একথা জানিয়েছেন তিনি।

    ভারতের সঙ্গে ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে মি. মোদী বলেছেন, “ভারতের সঙ্গে ভুটানের সম্পর্ক অত্যন্ত গভীর। ভুটানের সঙ্গে আত্মীয়তার এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সামিল হওয়া ভারতের এবং আমার কমিটমেন্ট (প্রতিশ্রুতি) ছিল। কিন্তু এখানে আমি খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি”।

    এরপরই তিনি দিল্লির লাল কেল্লার কাছে বিস্ফোরণের প্রসঙ্গ টানেন। তিনি বলেছেন, “কাল সন্ধ্যায় দিল্লির ঘটনা সবার হৃদয়কে ব্যথিত করেছে। ভুক্তভুগী পরিবারের যন্ত্রণা আমি বুঝি। আজ পুরো দেশ তাদের সঙ্গে রয়েছে”।

    “গতকাল গোটা রাত আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব এজেন্সি, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না। এর জন্য সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে”।

  4. ১৩ই নভেম্বর ঘিরে সরকার 'সতর্ক', কাউকে সন্দেহজনক মনে হলে জানানোর আহ্বান

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (ফাইল ছবি)

    আগামী ১৩ই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কাউকে সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাইব্যুনাল, মেট্রোরেলসহ কেপিআই বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাভুক্ত এলাকায় বাড়তি নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।

    আগামী ১৩ই নভেম্বর ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। ওই দিনই ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

    এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহিনীগুলোর প্রস্তুতি শেষ পর্যায়ে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

    “নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ, এক লাখ সেনাবাহিনীর সদস্য, ৩৫ হাজারের মতো বিজিবি এবং সাড়ে পাঁচ লাখের ওপরে আনসার সদস্য মোতায়েত থাকবে,” জানান তিনি।

  5. ঢাকায় আট দলের সমাবেশ শুরুর আগেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

    বায়ইতুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন অনেকে
    ছবির ক্যাপশান, বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার, ফেস্টুন হাতে অবস্থান নিয়েছেন অনেকে

    পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের ডাকা গণসমাবেশে অংশ নিতে রাজধানীর পল্টন এলাকায় আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

    সকাল ১১টার পর ঢাকার আশপাশের কয়েকটি জেলা থেকে আসা নেতাকর্মীদের বায়তুল মোকাররম মসজিদের আশপাশে ব্যানার-ফেস্টুন হাতে অবস্থান নিতে দেখা গেছে।

    জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ আট দল।

    এর আগে গত ছয়ই নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিল এই দলগুলো।

  6. ভুটান সফরে নরেন্দ্র মোদী

    ভুটানে পৌঁছেছে বিমান থেকে নামছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে

    ছবির উৎস, narendramodi/X

    ছবির ক্যাপশান, ভুটানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    দুই দিনের সফরে ভুটানে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব নির্ধারিত এই সফরে মঙ্গলবার সকালে ভুটানে পৌঁছান তিনি।

    এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে দিল্লি বিস্ফোরণের পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

    মি. মোদী ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন, যিনি ২০০৬ সালে সিংহাসন ত্যাগ করেছিলেন। তার ছেলে রাজা জিগমে সিংগে ওয়াংচুক এখন দেশটির রাজা।

    তার সঙ্গে এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সাথেও দেখা করবেন নরেন্দ্র মোদী।

  7. লাল কেল্লা তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

    লাল কেল্লা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, লাল কেল্লা

    দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনার পর ভারতজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

    ঘটনার তদন্ত চলছে। তবে বিস্ফোরণের পেছনে নাশকতার উদ্দেশ্য ছিল কি না এবং তেমন হলে নিশানায় কারা ছিলেন- এমন একাধিক প্রশ্নের উত্তর মেলেনি।

    এদিকে, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ-এর তরফে জানানো হয়েছে যে আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে লাল কেল্লা।

    বিস্ফোরণস্থলের তদন্ত চলাকালীন জনসমাগম কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

  8. অমিত শাহকে নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের

    টিএমসি সাংসদ মহুয়া মৈত্র

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, টিএমসি সাংসদ মহুয়া মৈত্র

    দিল্লি বিস্ফোরণের ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “ভারতের একজন দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এমন ব্যক্তি নয় যিনি পূর্ণকালীন ঘৃণা ছড়িয়ে বেড়ান। আমাদের সীমান্ত এবং শহর দুটোকেই রক্ষা করা কি অমিত শাহের কর্তব্য নয়? প্রতিটি ফ্রন্টে তিনি কেন এমন শোচনীয়ভাবে ব্যর্থ হচ্ছেন?"

    মহুয়া মৈত্রের এই মন্তব্যের জবাব দিয়েছে বিজেপিও।

    দলের তরফে বিজেপি নেতা সৈয়দ শাহনওয়াজ হুসেন বলেছেন , “স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে... এর পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টাও করা হচ্ছে। সব সংস্থা তদন্ত করছে। রিপোর্ট না আসা পর্যন্ত বিরোধীদের কোনো বিবৃতি দেওয়া উচিত নয়”।

  9. দিল্লির মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা জারি

    লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনাস্থল  ঘিরে রেখেছে পুলিশ

    ছবির উৎস, ANI

    ছবির ক্যাপশান, লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

    দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস।

    এতে বলা হয়েছে, "১০ নভেম্বর, ২০২৫ তারিখে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে স্থানীয় গণমাধ্যমে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ভারত সরকার বেশ কয়েকটি রাজ্যকে উচ্চ সতর্কতায় রেখেছে"।

    ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের দিল্লির লাল কেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের এলাকায় না যাওয়া এবং ভিড় এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।

    এছাড়া, সবশেষ তথ্যের জন্য স্থানীয় মিডিয়ায় নজর রাখা এবং চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  10. উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

    রাতে দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, রাতে দিল্লি বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা বৈঠক ডেকেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

    এই বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা, যাদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক এবং দিল্লি পুলিশের কমিশনার। বৈঠকে সভাপতিত্ব করবেন অমিত শাহ।

    সোমবার অমিত শাহ বিস্ফোরণের স্থান পরিদর্শন করার সময় জানান যে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক আহ্বান করবেন।

    বিস্ফোরণের কারণ এখনো অজানা। তবে অমিত শাহ এবং অন্যান্য কর্মকর্তারা বারবার বলেছেন- “সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে”।

  11. দিল্লি বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

    দিল্লিতে বিস্ফোরণের ঘটনাস্থলে একটি ভাঙা মোটর সাইকেলের পাশে তথ্য নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা, তাদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, দিল্লিতে বিস্ফোরণের ঘটনাস্থলের ছবি

    দিল্লির লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।

    দিল্লি উত্তরের ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট (ইউএপিএ) ও বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতার) অধীনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন এই ঘটনার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

    তিনি সাংবাদিকদের বলেছেন, “তদন্ত শুরু চলছে। দিল্লি পুলিশ, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং ন্যাশানাল সিকিওরিটি গার্ডের বিশেষ দল ঘটনাস্থলে রয়েছে এবং তদন্তে সহায়তা করার জন্য প্রমাণ সংগ্রহ করছে”।

  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে