সোমবার সারাদিন যা যা হয়েছে
- ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত ল্যান্ডমার্ক লাল কেল্লার কাছে সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে তীব্র বিস্ফোরণের ঘটনায় অন্তত দশজন নিহত ও আরও কম করে ২৪জন আহত হয়েছেন।
- বাংলাদেশের রাজধানী ঢাকায় সোমবার ভোর থেকে রাত পর্যন্ত অন্তত ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইদিনে তিনটি বাসেও আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
- দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার। প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
- রাজধানীতে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
- জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট এলাকা ও এর আশেপাশে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
- বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
- নির্বাচন ও সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনাকে অনেকে ভিন্ন ভিন্নভাবে দেখলে জামায়াতে ইসলামী বিষয়টিকে একসাথে এক প্যাকেজে দেখছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।
- বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে বাগেরহাটের সংসদীয় আসন চারটিই থাকবে। গাজীপুরে ছয়টি নয় বরং পাঁচটি সংসদীয় আসন থাকবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।
- রাজধানীর পুরানো ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্যে গুলি করে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের আরও খবর, বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি মূল পাতায়...
















