হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে মি. হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে, ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

সরাসরি কভারেজ

  1. পে কমিশন গঠন করেছে সরকার

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

    প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

    আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়।

    প্রাক্তন অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবেন এবং কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় বিবৃতিতে।

  2. ঝড়ো হাওয়া বইতে পারে, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    সমুদ্র

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ঝড়ো হাওয়া বইতে পারে, সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সংকেত দেখানোর নির্দেশ

    উত্তর বঙ্গোপসাগর ও এ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ ববির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর পুনরায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

  3. মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ঘোষণা সরকারের

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক

    ছবির উৎস, Chief Adviser’s Press Wing

    ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিমান বিধ্বস্তে নিহতদের জন্য দোয়া করা হয়

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

    মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

    স্কুলের নিহত দুইজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিষয়ে বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

    প্রেস উইং জানায়, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

  4. দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি

    বাংলাদেশ বিমান

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি

    দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

    আজ বৃহস্পতিবার সকাল সাতটা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর আটটা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে সেখানে পৌঁছাতে পারেনি।

    বিমানবন্দর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে আটটা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।

    বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সাংবাদিকদের জানিয়েছেন, যাত্রীরা নিরাপদে রয়েছে এবং বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে।

  5. হত্যা মামলাসহ পাঁচ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

    সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস

    ছবির উৎস, KAMOL DAS

    ছবির ক্যাপশান, পাঁচ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের আদালত

    চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট পাঁচ মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

    আজ বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এ আদেশ দিয়েছেন। এই শুনানিকে কেন্দ্র করে আদালতে ব্যাপক আইন - শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

    সকাল সোয়া এগারটায় এই আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে। সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

    নিরাপত্তাজনিত কারণে আদালতে আসা বিচারপ্রার্থীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় বলে জানিয়েছেন মি. চৌধুরী। ‌

    পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে যাওয়া আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে শুনানি করেন। আবার পুলিশী প্রহরায়ই তারা আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।

    মি. দাসকে গ্রেফতারের পর গত ২৬শে নভেম্বর করা জামিন আবেদনকে ঘিরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গন রণাঙ্গনে পরিণত হয়েছিল। ওইদিন সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয় এবং আহত হন অন্তত ২০ জন।

    চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহীতার মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়।

  6. মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা

    খালেদা জিয়া

    ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP/Facebook

    ছবির ক্যাপশান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মাঝ রাতে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে রাতেই পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন তিনি।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

    বুধবার দিবাগত রাত দুইটা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত দুইটা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদটিতে।

    এর আগে, বুধবার দিবাগত রাত একটা ৪৮ মিনিটে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

    বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান,“ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষাগুলো শেষে তিনি বাসায় ফিরে গেছেন।”

  7. সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আটক

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

    ছবির উৎস, Md. Bahauddin Al Imran

    ছবির ক্যাপশান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

    বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আটক করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ বা ডিবি। এই প্রথম বাংলাদেশের সাবেক কোনো প্রধান বিচারপতিকে আটক করা হলো।

    আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডি এলাকায় তার বাসা থেকে তাকে আটক করে বলে জানানো হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সকাল দশটায় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

    তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে তা জানানো হয়নি।

    মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান। গত পাঁচই অগাস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার পতনের পর তার বিরুদ্ধ দুটি মামলা হয়।

    এর মধ্যে গত ২৭ শে অগাস্ট রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন শাহবাগ থানায়।

    সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় করা হয় আরেকটি মামলা।

    মি. হক ২০১০ সালের পহেলা অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ ই মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের জুলাইয়ে তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে গত ১৩ই অগাস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন বিচারপতি এ বি এম খায়রুল হক।

  8. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন;

    গতকালের উল্লেখযোগ্য সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে