বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটলো:
- সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে মি. হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
- ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
- মাইলস্টোনের ঘটনায় বৃহস্পতিবার আরও দু'জনের মৃত্যু, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৩১।
- উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অজ্ঞাত পাঁচ শিশুর মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
- পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক হবে ২৯শে জুলাই, জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
- প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
- সমালোচনার মুখে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পেশাদার ও মার্জিত' পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
- ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার।
- 'সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫' এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সেখানে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
- গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়ে চীন যে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ঘোষণা দিয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
- ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘ।
- রাশিয়ার ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
- শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ঘিরে সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের মামলায় গ্রেফতার চার শিক্ষার্থীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়।এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।



















