হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে মি. হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে, ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটলো:

    • সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে মি. হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
    • ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
    • মাইলস্টোনের ঘটনায় বৃহস্পতিবার আরও দু'জনের মৃত্যু, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৩১।
    • উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অজ্ঞাত পাঁচ শিশুর মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।
    • পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক হবে ২৯শে জুলাই, জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
    • প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
    • সমালোচনার মুখে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পেশাদার ও মার্জিত' পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।
    • ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার।
    • 'সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫' এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সেখানে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর ও চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।
    • গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
    • গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
    • তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়ে চীন যে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ঘোষণা দিয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
    • ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘ।
    • রাশিয়ার ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
    • শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ঘিরে সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের মামলায় গ্রেফতার চার শিক্ষার্থীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হচ্ছে। অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূলপাতায়।এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈঠক ২৯শে জুলাই

    এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা করেছিল বাংলাদেশের প্রতিনিধি দল

    ছবির উৎস, BSS

    ছবির ক্যাপশান, চলতি মানের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক নিয়ে আলোচনা করেছিল বাংলাদেশ (ফাইল ছবি)

    যুক্তরাষ্ট্র সরকারের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯শে জুলাই আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস।

    বৈঠকটি সশরীরে হলে আগামী ২৭শে জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে প্রতিনিধি দল। তবে আলোচনাটি ভার্চুয়ালিও হতে পারে বলে বাসসের খবরে উল্লেখ করা হয়েছে।

    যদিও বাংলাদেশ সরকারের তরফ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেও আলোচনা হতে দেখা গেছে, কিন্তু তাতে পাল্টা শুল্ক সেভাবে কমেনি।

    তবে এ দফায় আলোচনা শেষে শুল্ক কমতে পারে বলে আশা করছেন বাংলাদেশের কর্মকর্তারা।

  3. গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন

    গোপালগঞ্জে সহিংসতার

    ছবির উৎস, Sardar Ronie

    গোপালগঞ্জে এনসিপি'র কর্মসূচিকে ঘিরে সহিংসতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সরকারি স্থাপনায় হামলা, জানমালের ক্ষয়-ক্ষতি ও নাগরিক নিরাপত্তা ব্যাহতের ঘটনা উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে ছয় সদস্যের তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।

    বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে আগামী তিন সপ্তাহের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

    তদন্ত কমিশনের প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে।

    কমিশনের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন: জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।

    গত ১৬ই জুলাই এনসিপি'র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষ, সহিংসতার ঘটনা ঘটে, যাতে অন্তত পাঁচজন প্রাণ হারান। এছাড়া আহত হন আরও অনেকে।

  4. ব্রহ্মপুত্র উজানে চীনের বাঁধ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

    পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

    ছবির উৎস, TV Screen Grab

    তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে বাঁধ দিয়ে চীন যে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার ঘোষণা দিয়েছে, সেটি নিয়ে বাংলাদেশের বিচলিত হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা বলেন মি. হোসেন।

    "চীনের রাষ্ট্রদূত এসেছেন, তিনি আমার কাছে এক্সপ্লেইন করেছেন যে, তারা এটা ঠিক একটা বাঁধ দিয়ে যে হাইড্রোপাওয়ার করার সিস্টেম, ওইটাতে তারা যাচ্ছেন না। এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন, অনেকটা কয়েক ধাপে তারা এটা ব্যবহার করবেন পানির প্রবাহটাকে।"

    "এবং নিশ্চয়তা দিয়েছেন, কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নেই এটাতে এবং কোনো পানি প্রত্যাহারের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। কাজেই, আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই," বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

  5. শেখ রেহানার স্বামী ও ছেলের জমি জব্দের আদেশ আদালতের

    শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ১৮টি দলিলের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

    দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।

    এর আগে, গত ৩০শে এপ্রিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা জমি ও প্লট জব্দের আদেশ দিয়েছিলো আদালত।

    একই সঙ্গে, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে বাংলাদেশে থাকা জমি ও প্লট জব্দেরও আদেশ দেওয়া হয়।

  6. হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

    ছবির উৎস, Md. Bahauddin Al Imran

    ছবির ক্যাপশান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

    সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রাতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্ল্যাহ।

    এর আগে, বৃহস্পতিবার সকালে ধানমন্ডির বাসা থেকে মি. হককে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর তাকে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ই জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকার কাজলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

    বৃহস্পতিবার সন্ধ্যায় মি. হককে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

    মি. হক দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবং আইন কমিশনের সাবেক চেয়ারম্যান। গত পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধ দু'টি মামলা হয়।

  7. সচিবালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার শিক্ষার্থীদের পাঠানো হলো কারাগারে

    মঙ্গলবার বিক্ষোভের একপর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, মঙ্গলবার বিক্ষোভের একপর্যায়ে সচিবালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর করেন বিক্ষোভকারীরা

    শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি ঘিরে সচিবালয়ে ভাঙচুর ও সংঘর্ষের মামলায় গ্রেফতার চার শিক্ষার্থীকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

    মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেয়।

    এর আগে, গ্রেফতার শিক্ষার্থীদের জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। পরে বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

    উল্লেখ্য যে, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই ডজনেরও বেশি মানুষ নিহত হয়। এ ঘটনার পর সোমবার মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

    কিন্তু খবরটি না জানার কারণে মঙ্গলবার সকালে পরীক্ষার্থীদের অনেকেই কেন্দ্রে গিয়ে ফিরে আসে, যা নিয়ে ক্ষোভ দেখা যায়।

    পরে ঢাকার শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের ভেতরে ঢুুকে বিক্ষোভ ও ভাঙচুর করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।

    ওই মামলায় অজ্ঞাতনামা এক হাজারের বেশি আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলা গ্রেফতার হওয়া চার শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

  8. সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে 'বিশেষ বিবেচনায়' প্লট বরাদ্দ: দুদক

    দুর্নীতি দমন কমিশন

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ জন গাড়িচালকের নামে 'বিশেষ বিবেচনায়' সরকারি জমিতে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে।

    বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

    তিনি বলেন, ওইসব চালকদের নামে ঝিলমিল আবাসিক প্রকল্পে তিন ও পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে রাজউককে চিঠি দিয়েছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

    ২০২৪ সালের সাতই ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠিটি স্বাক্ষর করেছিলেন মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব মো. মিজানুর রহমান।

    প্লট বরাদ্দের তালিকায় থাকা ওই ১৫ চালকের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের ভিভিআইপি, ভিআইপি, সচিব, প্রটোকল অফিসার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীদের চালকেরা রয়েছেন বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

  9. আওয়ামী লীগের শাসনের ১৫ বছরে নিহতদের তালিকা তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

    বৃহস্পতিবার ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা

    ছবির উৎস, CA/Facebook Page

    ছবির ক্যাপশান, ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা

    গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    সেইসঙ্গে, আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যাদের মৃত্যু হয়েছে, তাদেরও তালিকা প্রস্তুত করতে বলেছেন তিনি।

    বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন বলে রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসসের খবরে বলা হয়েছে।

    তালিকা তৈরির পর প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন বলেও খবরে বলা হয়েছে।

  10. ত্রাণ নিতে যাওয়া এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

    গাজায় খাদ্য সংকট

    ছবির উৎস, Getty Images

    ইসরায়েলি অবরোধের মুখে গাজায় খাদ্য সংকট ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এ অবস্থায় খাবারের সন্ধানে ছোটাছুটি করতে দেখা যাচ্ছে সেখানকার বাসিন্দাদের।

    কিন্তু সেই খাবার নিতে গিয়ে গত ২৭শে মে থেকে এখন পর্যন্ত, দুই মাসে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১০৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

  11. মাইলস্টোনের ঘটনায় আজ আরও দুই জনের মৃত্যু, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৩১

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা
    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ বৃহস্পতিবার আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে।

    আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নিহতের সংখ্যা ৩০ জন বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    আজ মারা যাওয়া দু্ইজনই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। এ নিয়ে সেখানে মোট ১৩ জনের মৃত্যু হলো।

    এর বাইরে, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

    এছাড়া বর্তমানে আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

  12. কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

    হাতকড়া

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, কাউকে গ্রেফতার করলে তার স্বজনেদের জানাতে হবে ১২ ঘণ্টার মধ্যেই, প্রতীকী ছবি

    ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।

    বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

    উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে, কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে। এছাড়া গ্রেফতারের সঙ্গে সঙ্গে ব্যক্তির পরিবার ও স্বজনদের জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

    কিন্তু অতীতের বহু ঘটনায় এর ব্যত্যয় ঘটতে দেখা গেছে। বিশেষ করে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি, এমন নজিরও রয়েছে।

    মূলত সেই প্রেক্ষাপটেই ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

  13. ডিএনএ পরীক্ষায় মাইলস্টোনের অজ্ঞাত পাঁচ শিশুর মরদেহের পরিচয় পাওয়া গেলো

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু

    উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অজ্ঞাত পাঁচ শিশুর মরদেহের পরিচয় শনাক্ত করতে পেরেছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি।

    তারা হলো–– ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া।

    ডিএনএ পরীক্ষা করে নিহত এসব শিশুর পরিচয় শনাক্ত করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সিআইডি কর্মকর্তা নজরুল ইসলাম।

    এর আগে, শিশুগুলোর স্বজনদের কাছ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল সিআইডি। সেগুলো পরীক্ষা করেই পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মি. ইসলাম।

  14. সরকারি হিসাবে মাইলস্টোনে নিহতের সংখ্যা বাড়লো

    মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সরকার
    ছবির ক্যাপশান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে সরকার

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত সর্বশেষ আপডেটে জানানো হয়, নিহতের সংখ্যা আরও একজন বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।

    বিবৃতিতে জানানো হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেভর্তি আছে ৪৩ জন ও মৃত ১২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে ভর্তি ১১ জন ও মৃত ১৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত একজন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মৃত অজ্ঞাত পরিচয় একজন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মৃত একজন।

    আহত ৫৫ জন এবং মৃত ৩০ জনের হিসাব জানানো হয়েছে প্রেস উইয়ের বিবৃতিতে। টেলিফোনে এই তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

  15. সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

    গেজেট

    ছবির উৎস, BD Ministry of Law

    'সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫' এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার রাতে প্রকাশিত অধ্যাদেশের গেজেট অনুযায়ী, সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে, তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে বলে খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত গেজেটটিতে সরকারের ‘বৈধ আদেশ’ অমান্য করাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    সংশোধিত অধ্যাদেশের ৩৭ ধারায় 'সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধানে’ বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসংগত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ, পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়ন বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, তাহলে সেটি সরকারি কাজে বাধা সৃষ্টিকারী 'অসদাচরণ' গণ্য হবে।

    একইভাবে, ছুটি বা যুক্তিসংগত কারণ ব্যতিত সরকারের অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকেন কিংবা অন্য কর্মচারীদের কাজ করতে বাধা দেন, তাহলে সেটিও 'অসদাচরণ' বলে বিবেচিত হবে।

    এ ধরনের অসদাচরণের জন্য শাস্তি হিসেবে সরকারি চাকরিজীবীদের নিম্নপদে বা নিম্নবেতন গ্রেডে নামিয়ে দেওয়া, বাধ্যতামূলক অবসর, এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    এছাড়া শাস্তি নিশ্চিতে এক সদস্যের বদলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। কমিটিতে একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে। রয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগও।

    তবে আগের অধ্যাদেশের মতো রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ সংশোধিত অধ্যাদেশে রাখা হয়নি।

  16. পাহাড় ধসে সাজেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক পর্যটক আটকা

    পার্বত্য এলাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বর্ষাকালে বাংলাদেশের পার্বত্য এলাকায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটতে দেখা যায় (ফাইল ছবি)

    ভারী বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন কেন্দ্র সাজেকে কয়েকশ' পর্যটক আটকে পড়েছেন বলে জানান স্থানীয় সাংবাদকরা।

    বুধবার রাতের টানা বৃষ্টির পর ভোরের দিকে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দরাম এলাকার তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে বলে জানিয়েছেন তারা।

    ঘটনার পর সকালে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।

  17. রাশিয়ায় ৪৮ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

    একটি পাহাড়ের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে

    ছবির উৎস, Emercom

    ছবির ক্যাপশান, একটি পাহাড়ের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে

    রাশিয়ার ৪৮ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো। দেশটির পূর্বে আমুর অঞ্চলে গন্তব্য থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

    জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ৪২ জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে আঙ্গারা এয়ারলাইন্সের এএন-টোয়েন্টিফোর বিমানটি চীনা সীমান্তের কাছে ব্লাগোভেশচেনস্ক ছেড়েছিল এবং টাইন্ডা বিমানবন্দরের কাছে পৌঁছানোর সাথে সাথে রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল।

    আমুরের আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন যে বিমানটি খুঁজে বের করার জন্য "প্রয়োজনীয় সব ব্যবস্থা" রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিমানে পাঁচজন শিশুও ছিল।

    এর কিছুক্ষণ পরেই রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে যে একটি রাশিয়ান বেসামরিক বিমান চলাচল হেলিকপ্টার বিমানের জ্বলন্ত অংশ দেখতে পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

    তাস সংবাদ সংস্থা আমুরের বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রেরবরাত দিয়ে জানিয়েছে, বিমানটি টাইন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ের কাছে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে ঘন বনভূমিতে বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে দেখা গেছে।

    জরুরি কর্মকর্তাদের মতে, খারাপ আবহাওয়ার কারণে, নাকি পাইলটের ভুলে, নাকি কারিগরি ত্রুটির কারণে এইদুর্ঘটনা হলো তা প্রাথমিক তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

    আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ টোয়েন্টিফোর বিমান প্রায় ৫০ বছরের পুরোনো এবং অতীতে এর সমস্যা ছিল বলে জানা গেছে।

    ২০১৯ সালের জুলাই মাসে নিজনিয়াঙ্গারস্ক বিমানবন্দরে অবতরণের সময় একটিএএন-টোয়েন্টিফোর আরভি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানের দুই ক্রু নিহত হন।

    ২০১১ সালে সাইবেরিয়ার ওব নদীতে আরেকটি আঙ্গারা এএন-টোয়েন্টিফোর বিধ্বস্ত হয়, যার ফলে সাত যাত্রী নিহত হন।

  18. স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

    ছবির উৎস, Asif Mahmud Shojib Bhuyain/Facebook

    ছবির ক্যাপশান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ

    স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব।

    আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান।

    মি. মাহমুদ লিখেছেন, “স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”

  19. চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

    বৃষ্টি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, চার বিভাগে বিকেল থেকে আগামী ৭২ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রতীকী ছবি

    উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাগুলোর পাহাড়ি এলাকারও কোথাও কোথাও ভূমিধ্বসের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে অধিদপ্তর।

    সেইসাথে ভারী বর্ষণজনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

  20. ‘পেশাদার ও মার্জিত’ পোশাক পরার নির্দেশনা প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের

    বাংলাদেশ ব্যাংক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশ ব্যাংক

    সমালোচনার মুখে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পেশাদার ও মার্জিত' পোশাক পরার নির্দেশনাটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

    আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আগের নির্দেশনাটি প্রত্যাহার করে বিবৃতি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংকে কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ প্রদানের বিষয়ে স্ব স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে, এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এ সংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।”

    এতে আরও বলা হয়েছে, “মিডিয়ার মাধ্যমে অভ্যন্তরীণ এ বিষয়টি বিদেশে অবস্থানরত মাননীয় গভর্নর মহোদয়ের গোচরীভূত হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তার নির্দেশনা মোতাবেক বিষয়টি এ মুহূর্তে প্রত্যাহার করা হলো।”

    গত ২১শে জুলাই সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়ে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ নির্দেশনা জারি করে। গতকাল বুধবার রাতে তা গণমাধ্যমে প্রকাশের পর সমালোচনা শুরু হয়।

    কর্মকর্তা-কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং অন্যান্য 'শালীন পোশাক' পরার নির্দেশনা দেওয়া হয়েছিল। ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরিহার করতে বলা হয়েছে।

    ওই নির্দেশনায় ফরমাল স্যান্ডেল বা জুতা, সাদামাটা হেড স্কার্ফ বা হিজাব পরতে বলা হয়।

    পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফরমাল (আনুষ্ঠানিক) শার্ট ও ফরমাল প্যান্ট পরতে বলা হয়। এছাড়া পরিহার করতে বলা হয় জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট।

    নির্দেশনা না মানলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছিল।