আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ হয়নি

বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটি প্রকাশ হচ্ছে না। এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অর্ন্তবর্তী সরকার। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ওসমান হাদি মারা গেছেন

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন।

    মাথায় গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

    বৃহস্পতিবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

    ফেসবুক পোস্টে লেখা হয়েছে, "ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।"

    এছাড়া, তার প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়েছে।

    জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

    গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়।

    তিনদিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

    সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

  2. নেতাকর্মীদের ঢাকায় আনতে সাত রুটে বিশেষ ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ চায় বিএনপি

    বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় নেতাকর্মীদের জমায়েতের জন্য সাতটি রুটে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ চেয়ে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দলটি।

    তারেক রহমানের ২৫শে ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। তার আগের দিন অর্থাৎ ২৪ তারিখ দিবাগত রাতে বিএনপি এই রিজার্ভ ট্রেন বা বগি চেয়েছে।

    দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে যে সাতটি রুটের কথা বলা হয়েছে, সেগুলো হলো:

    কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা এবং কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

    এসব রুটে একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি চেয়ে অনুরোধ করা হয়েছে।

    সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করার কথাও বলা হয়েছে চিঠিতে।

  3. গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজিসহ ১৩ জনের বিচার শুরু

    জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসিতে গুম করে নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এ সংবাদ জানিয়েছে।

    সংবাদে আরো বলা হয়েছে, আগামী ১৯শে জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

    বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন করার আদেশ দেন।

    "আসামিদের মধ্যে গ্রেফতার যে তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, তারা হলেন - প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী," বলা হয়েছে সংবাদটিতে।

    এতে আরো জানানো হয়, "ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ এ মামলায় পলাতক অপর আসামিরা হলেন - ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।"

  4. রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা

    রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশন অভিমুখে মিছিল করেছে 'ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই ৩৬ মঞ্চ' নামে একটি সংগঠন।

    বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভদ্রা মোড় থেকে পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশনের দিকে মিছিল নিয়ে যায় সংগঠনটি। অফিস থেকে কিছুটা দূরে পুলিশের বাধার মুখে পড়ে তারা।

    সেখানে মিছিলকারীদের সাথে কিছুক্ষণ পুলিশের টানাহেঁচড়ার ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শিবলী নোমান।

    পরে ব্যারিকেডের সামনেই নামাজ আদায় করেন তারা।

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজনরা ভারতে পালিয়ে গেছেন, এমন অভিযোগের মুখে গত কয়েকদিন ধরে ভারতের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ দেখা যাচ্ছে বাংলাদেশে।

  5. পাঁচ বছর ধরে গুম থাকলে তাকে আনুষ্ঠানিকভাবে 'গুম' ঘোষণা করা যাবে, গুম সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

    উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে বলে এক বার্তায় জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

    এতে বলা হয়েছে, "এর ফলে গুম হওয়া ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসাপিয়ার্ড’ বা ‘গুম’ ঘোষণা করতে পারবে।"

    আরো যোগ করা হয়েছে, "সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’ এর জন্য মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারীও ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পুর্বানুমতি ব্যাতিরেকে গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন।"

  6. এনসিপি নেতা রুমীর মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব বিষয় সামনে আসছে

    ঢাকার জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে বৃহস্পতিবার ভোরে এনসিপি নেতা জান্নাতারা রুমী'র মরদেহ উদ্ধারের ঘটনায় 'রাজনৈতিক হুমকি ও পারিবারিক জটিলতা' এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

    হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

    মি. রহমান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা রুমীকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    রুমি জাতীয় নাগরিক পার্টি, এনসিপি'র ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

    তিনি জানান, প্রায় দুই মাস ধরে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন রুমী।

    "তিনি হত্যা ও ধর্ষণের হুমকিও পেয়ে আসছিলেন। এসব কারণে গত কিছুদিন ধরে ট্রমাটাইজড্ ছিলেন। দলের কর্মসূচিতে আসলেও বিমর্ষ থাকতেন রুমী," বলছিলেন মি. আদীব।

    গত ১৪ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 'ঢাকা লকডাউন' চলাকালে ধানমন্ডি ৩২ নম্বরে মধ্য বয়সী এক নারী মারধোরের শিকার হন। সেই মারধরে জড়িত থাকার ঘটনায় আলোচনায় আসেন জান্নাতারা রুমী।

    রুমীর বর্তমান ঠিকানা, পারিবারিক পরিচয়, গ্রামের ঠিকানা সবই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব।

    তিনি যোগ করেন, "রুমীর পরিবারের সদস্যরাও একই রকম হুমকি-ধামকির মুখে পড়ায়, সেটি পারিবারিক জটিলতা বা চাপের কারণ হয়ে থাকতে পারে। এটি হত্যা না আত্মহত্যা তা পুলিশ তদন্ত করে দেখবে। কিন্তু, যদি আত্মহত্যাও হয় এর পেছনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা আওয়ামী লীগের কর্মীদের ক্রমাগত হুমকি-ধামকি দায়ী বলে আমি মনে করি।"

    ভোরে উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

    প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ সম্ভাব্য সকল বিষয় আমলে নিয়ে তদন্ত করছে বলে জানান হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

    তিনি বলেন, "রাজনৈতিক কারণে জান্নাতারা রুমী হুমকি ও হয়রানির শিকার হচ্ছিলেন বলে তার দলের পক্ষ থেকে যে অভিযোগ, তা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। একই সাথে পারিবারিক ও ব্যক্তিজীবনেও তিনি কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।"

  7. দূতাবাসগুলোকে নিরাপত্তার বিষয়ে ‘আশ্বস্ত’ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি দূতাবাসগুলোকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়এই আয়োজনে বিদেশি দূতাবাসগুলোর প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালেয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    এতে বলা হয়, ব্রিফিং-এ নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবে, তা তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

    এছাড়া দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয় বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

  8. মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    গত বছর জুলাই-অগাস্টে গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ সাত আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    সেই সাথে ওবায়দুল কাদের ও বাহাউদ্দিন নাছিমসহ এই মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

    বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

    এই মামলার অপর পাঁচ আসামি হলেন— সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান (নিখিল) এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

    প্রসিকিউসনের আবেদনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেয়।

    আগামী ২৯ ডিসেম্বর এই মামলায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

  9. তাইওয়ানের কাছে ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের

    ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন বা ১১০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত রকেট লঞ্চারসহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র।

    এই প্যাকেজটিকে এখন মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে। জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তাইওয়ানের কাছে দ্বিতীয় ধাপের অস্ত্র বিক্রি।

    চীন, যা স্বশাসিত তাইওয়ানকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, সামরিক মহড়া ও নিয়মিত জলসীমা ও আকাশসীমায় অনুপ্রবেশের মাধ্যমে দ্বীপটির ওপর চাপ বাড়িয়ে আসছে।

    তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছে, এই চুক্তি দ্বীপটিকে “দ্রুত শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে” সহায়তা করবে।

    যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে বেইজিংয়ের সঙ্গে, তাইওয়ানের সঙ্গে নয়, এবং দীর্ঘদিন ধরে তারা সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য বজায় রেখেছে। তবে যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানের শক্তিশালী মিত্র এবং দ্বীপটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী।

    চীন এই ঘোষণার বিষয়ে মন্তব্য করেনি। তবে গত মাসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছিল যে নভেম্বরের আগের একটি চুক্তি, যেখানে ৩৩ কোটি ডলারের যুদ্ধবিমান ও অন্যান্য বিমান যন্ত্রাংশ বিক্রি করার কথা ছিল, সেটি“গুরুতরভাবে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করেছে”।

    এই বারের অস্ত্র বিক্রির চুক্তি যদি অনুমোদন পায়, তবে জো বাইডেন প্রশাসনের সময়ে হওয়া ১৯ দফা অস্ত্র বিক্রি, যার মূল মূল্য ৮.৩৮ বিলিয়ন ডলার, তার চেয়ে অনেক বেশি।

    প্রথম মেয়াদে ট্রাম্প তাইওয়ানের কাছে মোট ১৮.৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন—যার মধ্যে সবচেয়ে বড় প্যাকেজ ছিল ৮ বিলিয়ন ডলারের।

  10. মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকালে ফিরছেন তারেক রহমান

    আগামী ২৫শে ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব আব্দুস সাত্তার।

    লন্ডন থেকে সিলেট হয়ে তিনি ঢাকায় আসবেন বলেও জানান মি. সাত্তার।

    তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মেয়েকেও সঙ্গে নিয়ে আসবেন।

    প্রসঙ্গত, গত ১২ই ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, 'সবকিছু ঠিক থাকলে' আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

    বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান। এক সপ্তাহ পরে, ১১ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে ঢাকা ছেড়েছিলেন তিনি।

    ১৭ বছরেরও বেশি সময় পর তিনি দেশে ফিরতে যাচ্ছেন।

  11. খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’

    বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

    আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

    ডা. জাহিদ বলেন, মেডিক্যাল বোর্ড প্রতিদিন সকালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং সন্ধ্যায় আবার পর্যালোচনা করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যে চিকিৎসা দিচ্ছেন তা গ্রহণ করতে পারছেন।

    খালেদা জিয়া “ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন” বলে আশা প্রকাশ করেন তিনি।

    তবে উনার বয়স ও অসুস্থতার কথা মনে রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

    এর আগে গত ১১ই ডিসেম্বর এক লিখিত বার্তায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বার্তায় বলা হয়, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়াসহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপার্সনের ডায়ালাইসিস শুরু হয়।

    গত ২৩শে নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওইদিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২৭শে নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয়।

    এরপর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে।

  12. ভারী বৃষ্টি গাজাবাসীর জন্য আরো দুরবস্থা তৈরি করেছে, জাতিসংঘের সতর্কতা

    গাজা উপত্যকায় শোচনীয় পরিস্থিতির মধ্যে বসবাসরত বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে আরো দুর্ভোগের মধ্যে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

    ইউনিসেফের মুখপাত্র জোনাথন ক্রিক্স বিবিসিকে বলেছেন, রাতের আবহাওয়া ছিল ‘ভয়াবহ’, বৃষ্টি এতটাই তীব্র ছিল যে তিনি তার অফিসের কাছে মাটিতে প্রায় ১৫ সেন্টিমিটার (ছয় ইঞ্চি) পানি জমতে দেখেছেন।

    তিনি বলেন, তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাসরত শিশুরা ভেজা পোশাকে থাকায় হাইপোথারমিয়া (শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার পর সৃষ্ট জটিলতা) ও অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অত্যন্ত বেশি।

    গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাইপোথারমিয়ায় একটি শিশুর মৃত্যু হয়েছে এবং ভয়াবহ আবহাওয়ার কারণে ভবন ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

    গাজায় নয় সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের সংস্থাগুলো তাঁবু, কম্বল ও পোশাক সরবরাহ বাড়িয়েছে। তবে তারা বলছে, এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছাচ্ছে না।

    জাতিসংঘ ও এর সহযোগীরা অনুমান করছে, এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার পরিবার বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আশ্রয় ও জিনিসপত্র নষ্ট বা ধ্বংস হয়েছে।

    সোম ও মঙ্গলবারের বৃষ্টির পর ৪০টিরও বেশি নির্ধারিত জরুরি আশ্রয়কেন্দ্র মারাত্মকভাবে প্লাবিত হয়েছে, ফলে অনেক মানুষকে আবারও স্থানান্তরিত হতে হয়েছে।

    “গত রাতটি পরিবারগুলোর জন্য সত্যিই ভয়াবহ ছিল। বৃষ্টি এতটাই তীব্র ছিল যে আমাদের অফিস ও অতিথিশালা থেকে ১০ থেকে ১৫ সেন্টিমিটার (চার থেকে ছয় ইঞ্চি) পানি দেখা যাচ্ছিল। আর বাতাসও ছিল খুব শক্তিশালী,” ইউনিসেফ স্টেট অব প্যালেস্টাইনের যোগাযোগ প্রধান জোনাথন ক্রিক্স বুধবার বিবিসির টুডে প্রোগ্রামে বলেন।

    “আজ সকালে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আমি দেখেছি, অনেক মানুষ বালতি দিয়ে পানি সরানোর চেষ্টা করছে,”বলেন তিনি।

    তিনি উল্লেখ করেন, অনুমানিক ১০ লাখ মানুষ যারা তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন, তারা গত দুই বছরের ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে বহুবার বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের কাছে পোশাকের কোনো বাড়তি মজুত নেই বা খুবই কম।

    তিনি আরও বলেন, অনেক তাঁবু শক্তিশালী বাতাসে উড়ে যাওয়ার বা ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ এগুলো শুধু একটি ত্রিপল বা প্লাস্টিকের শিট দিয়ে তৈরি, যা দুর্বল কাঠের কাঠামোয় পেরেক দিয়ে আটকানো।

  13. ওবায়দুল কাদের, আলী আরাফাতসহ সাত জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

    গত বছর জুলাই-অগাস্টে 'আন্দোলন নির্মূলে হত্যাযজ্ঞের' অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয় বলে প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

    প্রসিকিউশন আরও যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে, তারা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

    এর আগে গত ৮ই ডিসেম্বর প্রসিকিউশন এই সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার বিষয়টি জানায়।

  14. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে