আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে': পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করার ঘটনায় এই মন্তব্য করেন তিনি। এদিকে, ঢাকায় 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি ব্যারিকেড আটকে দিয়েছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা ঘটেছে:

    • ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের 'উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলেও জানিয়েছেন তিনি। এছাড়া অন্যদেশের কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বাংলাদেশের ভূমিতে সরকার আশ্রয় দেবে না বলেও জানিয়েছেন।
    • 'জুলাই ঐক্য' নামে একটি প্ল্যাটফর্মের ডাকা 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এদিকে, কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় ঢাকায় বেলা দুইটা থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা করে দূতাবাস।
    • ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার উসকানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছর একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি। নির্বাচনের পর আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত।
    • নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, নিরাপত্তা না পেলে 'সরেও দাঁড়াতে পারে' বলে জানিয়েছেন দলটি মহাসচিব শামীম পাটোয়ারী।
    • শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই মস্তিষ্কে অপারেশন হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
    • সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে এবং অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি যাতে প্রচার না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি।
    • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
    • সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে বিনা শর্তে সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
    • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২১শে ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
    • ঢাকা মহানগরীর 'নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি ব্যবস্থা জোরদার' করার তথ্য জানিয়েছে পুলিশ। বুধবার বিকেল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
    • ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
    • ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার ইসলামবাগের প্লাস্টিক কারখানার আগুন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো। বৃহস্পতিবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. একুশে বইমেলা ২০শে ফেব্রুয়ারি শুরুর সিদ্ধান্ত

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী বছর একুশে বইমেলা প্রায় তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

    নির্বাচনের পর আগামী ২০শে ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়ে চলবে ১৫ই মার্চ পর্যন্ত।

    বুধবার মেলার অংশীজনদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বাংলা একাডেমি।

    এর আগে, এ বছরের ডিসেম্বরে বইমেলা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল বাংলা একাডেমি। পরে গত ২৮শে সেপ্টেম্বর ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠানটি।

  3. নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, নিরাপত্তা না পেলে 'সরেও দাঁড়াতে পারে'

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 'পাতানো' হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতীয় পার্টি। তবে 'শঙ্কা থাকলেও' নির্বাচনে ৩০০টি আসনের সবগুলোতে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জিএম কাদের নেতৃত্বাধীন দলটি।

    বুধবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরুও করেছে।

    শীর্ষ নেতাদের বৈঠকের পর এদিন সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারী।

    "আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট বা মিডিয়া ভোট হতে পারে। কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না," বলেন মি. পাটোয়ারী।

    তারপরও জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি।

    "আমরা ভোটমুখী দল। নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। আমাদের আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা সরকার এবং নির্বাচন কমিশন দিতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।"

    এ দফায় নির্বাচন সুষ্ঠু না হলে দেশে 'গৃহযুদ্ধে'র কবলে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন করে জাতীয় পার্টির মহাসচিব।

    "একটা গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠ না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে," বলেন মি. পাটোয়ারী।

  4. নির্বাচনে পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন ২০০ পর্যবেক্ষক পাঠাতে পারে: ইসি সচিব

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রায় ২০০ জন পর্যবেক্ষক পাঠাতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

    বুধবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

    মি. আহমেদ জানান, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের একটি প্রশাসনিক চুক্তি হয়েছে।

    সেই চুক্তির আলোকেই আসন্ন সংসদ নির্বাচনে ইইউ একটি প্রতিনিধি দল পাঠাবে।

    "আমাদের ধারণা দেওয়া হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের বিস্তারিত সূচি পরে জানানো হবে," বলেন কমিশন সচিব আখতার আহমেদ।

    চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সুবিধা দেওয়া, বিশেষ করে পর্যবেক্ষকদের যাতায়াতের ক্ষেত্রে নির্বাচন কমিশন সহযোগিতা করবে বলেও জানান সচিব।

  5. 'কোনো বিচ্ছিন্নতাবাদীদের আমাদের ভূমিতে আশ্রয় দেবো, এই সরকার অবশ্যই সেটা করবে না'

    ভারতের 'বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে' বাংলাদেশে আশ্রয় দেওয়ার হুমকি দিয়ে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    আজ বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মি. হোসেন বলেন, "কোনো বিচ্ছিন্নতাবাদীদের আমাদের ভূমিতে আশ্রয় দেবো, এই সরকার অবশ্যই সেটা করবে না। এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট-রাজনীতিক বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয়।"

    প্রসঙ্গত, সোমবার ঢাকার শহীদ মিনারে আয়োজিত একটি সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমারদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে- মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এ দেশের সন্তানকে বিশ্বাস করে না, আপনারা (ভারত) যেহেতু তাদের আশ্রয়–প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই–– ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদের আশ্রয়-প্রশয় দিয়ে যে সেভেন সিস্টার্স আছে সেটাকে ভারতে থেকে আলাদা করে দেবো।"

  6. বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের 'উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য', মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার

    নির্বাচন নিয়ে "প্রতিবেশী কোনো দেশের উপদেশ বাংলাদেশ চায় না" বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব কথা বলেন মি. হোসেন।

    "এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে, আমরা একটা অত্যন্ত উচ্চমানের, মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। যে পরিবেশ গত ১৫ বছর ছিল না। এখন ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি," বলেন মি. হোসেন।

    এই 'অগ্রহণযোগ্য' মনে করার কারণ ব্যাখ্যা করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "তারা জানে যে গত ১৫ বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সঙ্গে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলো প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটি শব্দও উচ্চারণ করেনি।"

    "এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসীহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো, যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দিবে, তারাই নির্বাচিত হবে," বলেন মি. হোসেন।

  7. ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে': পররাষ্ট্র উপদেষ্টা

    ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্কে 'টানাপোড়েন আছে' বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার যেভাবে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনারকে ডেকে পাঠিয়েছেন, সেটিও 'খুব অপ্রত্যাশিত কিছু না' বলে মনে করেন তিনি।

    বুধবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মি. হোসেন এসব কথা বলেন।

    "এটা (দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব) খুব অপ্রত্যাশিত কিছু না। সাধারণত এটা ঘটে। একজনকে ডাকলে আরেকজনকে ডাকা হয়," বলেন পররাষ্ট্র উপদেষ্টা মি. হোসেন।

    তিনি আরও বলেন, "এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে, আসলে এই সরকারের শুরু থেকে আজ পর্যন্ত (সম্পর্কে) টানাপোড়েন তো আছেই ভারতের সাথে।"

    তবে 'সম্পর্কের এই টানাপোড়েন' মেনে নিয়েই বর্তমান সরকার ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।

    "তবে আমরা চাইলেই যে হবে, এমন কোনো কথা নেই। দুইপক্ষ থেকেই সম্পর্ককে এগোনোর চেষ্টা করতে হবে," বলেন মি. হোসেন।

  8. অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান সিপিজে'র

    সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে বিনা শর্তে সাংবাদিক আনিস আলমগীরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।

    বুধবার একটি বিবৃতিতে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সিপিজে বলে, ''জাতীয় নির্বাচনের মাত্র কয়েকমাস আগে এভাবে সন্ত্রাসবিরোধী আইনে একজন সাংবাদিককে গ্রেফতার করা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার নিয়ে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে''।

    ''বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে আনিস আলমগীরকে মুক্তি দিতে হবে এবং সরকারের সমালোচনা করায় গণমাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করার প্রবণতা বন্ধ করতে হবে,'' বলেছেন সংগঠনটির এশিয়া-প্রশান্ত অঞ্চলের কর্মসূচি সমন্বয়ক কুনাল মজুমদার।

    আনিস আলমগীর অতীতে আজকের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশো ও সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় সরকারের নানা কর্মকাণ্ড ও বক্তব্যের সমালোচনা করে বক্তব্য দিতে দেখা গেছে তাকে।

    সাংবাদিক আনিস আলমগীরকে গত ১৪ই ডিসেম্বর আটক করে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। পরে জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স নামের একটি সংগঠনের একজন সংগঠন থানায় আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেন।

    পরে সেই অভিযোগ সন্ত্রাসবিরোধী আইনে মামলা হিসেবে নিয়ে আনিস আলমগীরকে গ্রেফতার দেখানো হয়। তাকে বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    তার এই গ্রেফতারের নিন্দা জানিয়েছে টিআইবি, আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

  9. জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল

    সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    আগামী ২১শে ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার শুনানি শেষে গুমের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মি. আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেওয়ার নির্দেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    এর আগে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়ার জন্য আবেদন করেন।

    সেই প্রেক্ষিতেই শুনানি শেষে অভিযোগগুলো আমলে নেওয়ার নির্দেশ দেয় আদালত।

    জিয়াউল আহসানকে গত বছরের অগাস্টের মাঝামাঝি সময়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতারের তথ্য জানানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

  10. ঢাকায় তল্লাশি বাড়ানোর তথ্য জানালো পুলিশ

    ঢাকা মহানগরীর 'নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি ব্যবস্থা জোরদার' করার তথ্য জানিয়েছে পুলিশ।

    বুধবার বিকেল থেকে মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    ঢাকার যেসব এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়েছে সেগুলোর মধ্যে বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, কমলাপুর-বাসাবো রাস্তায়, গাবতলী, তিনশ ফিট, আব্দুলাহপুর ব্রিজ, কামারপাড়া, ধৌড় ব্রিজ ইত্যাদি রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

  11. ওসমান হাদির ওপর 'হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার, নম্বর প্লেট ভুয়া'

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

    ঢাকার আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচ তলার পার্কিং থেকে হেলমেটসহ মোটরসাইকেলটি উদ্ধার করার তথ্য জানাচ্ছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।

    তারা আরো জানিয়েছে, পাশের একটি ম্যানহোল থেকে মোটরসাইকেলের নম্বর প্লেট উদ্ধার করা হয়, তবে নম্বর প্লেটটি যাচাই করতে গিয়ে পুলিশ দেখেছে যে সেটি আসলে 'ভুয়া'।

    বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেটটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

    আট ব্যক্তির হাতবদল হয়ে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের 'সহযোগী' মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয় বলে জানতে পেরেছে পুলিশ। মোটরসাইকেলের প্রকৃত মালিক শনাক্তে তদন্ত চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

    যদিও মোটরসাইকেল মালিক সন্দেহে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব এবং তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

  12. ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় ইসলামবাগের আগুন নিয়ন্ত্রণে

    ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার ইসলামবাগের প্লাস্টিক কারখানার আগুন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

    এর আগে, বুধবার দুপুর দেড়টার দিকে ওই কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা।

  13. 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

    'জুলাই ঐক্য' নামে একটি প্ল্যাটফর্মের ডাকা 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে।

    বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করলে পুলিশ পথে উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

    মিছিলে অংশগ্রহণকারীরা এরপর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দিতে শুরু করেন।

    এর আগে, 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিকে সামনে রেখে দুপুর থেকে ঢাকার রামপুরা ব্রিজ এলাকা একত্রিত হন বিক্ষোভকারীরা।

    ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এসে তারা বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বিঘ্নিত হয়।

  14. পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

    পাবনায় বিএনপি'র স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

    নিহত বীরু মোল্লা লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে ছিলেন।

    পারিবারিক বিরোধের জের ধরে মি. মোল্লা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্ত শেষে সাংবাদিকদের জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান।

    পুলিশ আরো বলছে, যিনি গুলি করেছেন, তিনি সম্পর্কে নিহত বীরু মোল্লার চাচাতো ভাই এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

  15. হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই মস্তিষ্কে অপারেশন, জানিয়েছে ইনকিলাব মঞ্চ

    গুলিতে আহত শরিফ ওসমান হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অংশ সক্রিয় রয়েছে বলে বুধবার নিজেদের ফেসবুক পেইজে প্রকাশিক এক বিবৃতিতে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

    এতে বলা হয়, মস্তিষ্ক সক্রিয় করার জন্য অপারেশন করা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে সার্বিকভাবে শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় মস্তিষ্কে এখনই অপারেশন করা সম্ভব হচ্ছে না।

    মি. হাদির চিকিৎসার সব খরচ বাংলাদেশের সরকার বহন করছে বলেও আরেকটি বার্তায় জানানো হয়েছে।

  16. টকশো, সংলাপ, সাক্ষাৎকারে কোনো দল বা প্রার্থীকে ‘কটূক্তি করা যাবে না’

    সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে এবং অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্য কোনো অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সব প্রার্থী যাতে সমান সুযোগ পায় এবং কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে কোনো বক্তব্য বা কটূক্তি যাতে প্রচার না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বা ইসি।

    ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি লক্ষ্য রাখা প্রয়োজন।

    রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫ এর বিধি২৫-এ উল্লেখ রয়েছে–– ''গণমাধ্যমে নির্বাচনী সংলাপ-নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যম আয়োজিত নির্বাচনী সংলাপে অংশ নিতে পারবেন, তবে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো বক্তব্য দিতে পারিবেন না।''

    এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে “সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ” করতে বলা হয়েছে তথ্য মন্ত্রণালয়কে।

  17. ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১টি ইউনিট

    ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

    বুধবার দুপুর দেড়টার দিকে ওই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দুপুর দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন কর্মীরা।

    বিকাল সাড়ে তিনটা পর্যন্ত পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনের সূত্রপাত ও হতাহতের এখনও কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

  18. বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাল দিল্লি

    ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক নেতার উসকানিমূলক ভারত-বিরোধী বক্তব্যের ‘কূটনৈতিক প্রতিবাদ’ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ-কে তলব করেছে।

    এই তলবের ঘটনা ঘটল এমন এক প্রেক্ষাপটে, যখন জুলাই ঐক্য নামের একটি সংগঠন বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও করার ঘোষণা দিয়েছে। এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    তিনদিন আগে গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ‘ক্রমশ অবনতির দিকে যাওয়া’ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহ-কে অবহিত করা হয়েছে।

    মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দিয়েছে।”

    ভারত জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলি যে ‘ভ্রান্ত বয়ান’ তৈরি করার চেষ্টা করছে, তা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।

    বিবৃতিতে আরও বলা হয়, “দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং সংশ্লিষ্ট ঘটনাগুলি সম্পর্কে ভারতের সঙ্গে কোনও অর্থবহ প্রমাণও ভাগ করে নেয়নি।”

    গত বেশ কিছুদিন ধরেই ভারত ও বাংলাদেশ সরকার মধ্যে বিবৃতির যুদ্ধ চলছে, তারা একে অন্যের রাষ্ট্রদূতকেও হামেশাই তলব করে নানা ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছে।

  19. ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ ঘোষণা

    ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম আজ বুধবার দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

    ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা আইভ্যাক-এর ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার কারণে দিনের কার্যক্রম বন্ধ করা হচ্ছে।

    আজকের দিনে ভিসা আবেদন জমার স্লট যাদের রয়েছে, তাদেরকে পরবর্তী অন্যদিনে স্লট দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

    প্রসঙ্গত, ভারতীয় হাইকমিশন অভিমুখে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন আজ দুপুর ৩টায় মার্চ ডেকেছে। এই পরিস্থিতির মধ্যে আইভ্যাকের এই ঘোষণা দেওয়া হলো।

  20. 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি জুলাই ঐক্যের

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতের পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়া, 'ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের ষড়যন্ত্রে'র প্রতিবাদে বুধবার বিকালে 'মার্চ টু হাইকমিশন' কর্মসূচির ডাক দিয়েছে জুলাই ঐক্য নামের একটি মোর্চা।

    বুধবার বিকাল তিনটায় রামপুরা ব্রিজ এলাকা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

    তাদের এই কর্মসূচি ঘিরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।