আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার দায় স্বীকার ইসরায়েলের, কয়েকজন নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানি শীর্ষ নেতাকে হত্যায় "সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটাবে", বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরাসরি কভারেজ

  1. ইরান-ইসরায়েল সংঘাতে সোমবার সারা দিন যা যা ঘটেছে:

    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। হামলায় কর্মীদের অনেকেই নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
    • ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।
    • ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে 'সময় থাকতেই' ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিৎ বলে মনে করেন তিনি।
    • ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা।
    • তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে "অবিলম্বে" অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।
    • ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
    • ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এরদোয়ান।
    • ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
    • ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন, সেজন্য 'হটলাইন' চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস।
    • 'আয়রন ডোমে' আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা।
    • ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনা বাহিনী।
    • পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
    • ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।
    • রোববার রাতে ইরানের হামলায় ইসরায়েলে আট জন নিহত হয়েছেন।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার সকালে নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।

    ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।

    দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. ইরানি শীর্ষ নেতার হত্যায় "সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটাবে", বললেন নেতানিয়াহু

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনিকে হত্যার সম্ভাবনা নাকচ করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    ইরানি নেতার হত্যার সম্ভাব্য পরিকল্পনা ইরান ও ইসরায়েল মধ্যকার চলমান সংঘাতকে "আরও বাড়িয়ে তুলবে না, বরং সংঘাতের অবসান ঘটাবে" বলে মন্তব্য করেছেন তিনি।

  3. ইরানের টেলিভিশন ভবনে হামলায় বেশ কয়েক জন নিহত

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কী, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা।

    টেলিভিশনটির একজন সাংবাদিক বিবিসিকে জানিয়েছেন যে, হামলার সময় তারা ভবনটিতে কাজ করছিলেন। তখন সরাসরি সম্প্রচার চলছিল।

    কিন্তু আকস্মিক হামলার পর কিছুক্ষণের জন্য সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    কয়েক মিনিট পর অবশ্য পুনরায় সম্প্রচার কাজ চালু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ।

    একপর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্তমাখা একটি কাগজ নিয়ে পর্দায় হাজির হন।

    সেটি দেখিয়ে তিনি বলেন, তারা "শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন"।

    গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল "সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার" চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ।

    ইসরায়েলের হামলার আগ মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পর্দায় উপস্থাপিকাকে দেখা যাচ্ছিলো।

    হামলার সময় উপস্থাপিকাকে দ্রুত সরে যেতে দেখা যায়।

    অন্যদিকে, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

  4. ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায়, বললেন ট্রাম্প

    ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে 'সময় থাকতেই' ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিৎ বলে মনে করেন তিনি।

    "অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের এখনই কথা বলা উচিত," কানাডায় জি-সেভেন সম্মেলনে অংশ নিয়ে বলেন মি. ট্রাম্প।

    চলমান যুদ্ধে ইরান জিতছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

  5. ইরানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হটলাইন চালু করেছে দূতাবাস

    ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন, সেজন্য 'হটলাইন' চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস।

    সেইসঙ্গে, ঢাকাতেও আরেকটি হটলাইন স্থাপন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    তেহরানে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বার: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ এবং +৯৮৯১২২০৬৫৭৪৫।

    আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন নাম্বার: +৮৮০১৭১২০১২৮৪৭।

    নম্বরগুলোতে হটসঅ্যাপও চালু রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত তাদের স্বজনদেরকে জরুরি প্রয়োজনে উপরের ফোন নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  6. ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, তেহরানের স্থানীয় বাসিন্দাদের সরে যেতে বলার পরে ওই হামলাটি চালানো হয়েছে।

    "ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুন না কেন, তাকে আঘাত করা হবে," বিবৃতিতে বলেন মি. কাৎজ।

    অন্যদিকে, গণমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল "সত্যের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার" চেষ্টা করছে বলে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ।

  7. ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার মুহূর্তের কিছু ছবি

  8. ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

    ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

    কয়েক মিনিট পরে সেটি পুনরায় সম্প্রচারে আসে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়-ক্ষতির বিষয়ে এখনও সুর্নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুমকির কিছুক্ষণের মধ্যেই হামলা ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

    হামলার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দ্রুতই ‘অদৃশ্য হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন মি. কাৎজ।

    হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল।

  9. দলে দলে তেহরান ছাড়ছেন বাসিন্দারা

    ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

    এর আগে, তেহরানের তেল পাম্পগুলোতেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছিলো। গাড়িতে তেল ভরতে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

    গত কয়েক দিনে অসংখ্য মানুষ শহর ছেড়ে অন্যত্র সরেও গেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ঘটনার অসংখ্য ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

    এ অবস্থায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও ইরানের কর্মকর্তারা সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

    এর মধ্যেই সোমবার ইসরায়েল তেহরানের যে অংশে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে, সেখানে তিন লাখেরও বেশি মানুষের বসবাস বলে জানা যাচ্ছে।

    ইসরায়েল দ্রুত সময়ের মধ্যে তাদেরকে এলাকা ছাড়তে বলায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে।

  10. তেহরানের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেছে ইসরায়েল

    তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে "অবিলম্বে" অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।

    "আগামী কয়েক ঘন্টার মধ্যে আইডিএফ ওই অঞ্চলে অভিযান চালাবে," এক্সে এক পোস্ট বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই।

    "ফলে এই এলাকায় উপস্থিতি আপনার জীবনকে বিপন্ন করতে পারে," সতর্ক করেছেন তিনি।

  11. পশ্চিম তেহরানে আবারও বড় বিস্ফোরণের শব্দ

    ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার আবারও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।

    ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিয়ন্ত্রিত বার্তা সংস্থা 'ফার্স নিউজ এজেন্সি' জানিয়েছে যে, তেহরানের পশ্চিমাংশে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।

    তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে।

  12. ইসরায়েল বিজয় অর্জনের পথে, দাবি নেতানিয়াহু'র

    ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

    "আমরা বিজয় অর্জনের পথে," সোমবার ইসরায়েলি বিমান ঘাঁটি পরিদর্শনকালে একথা বলেন মি. নেতানিয়াহু।

    এর আগে, তেহরানের আকাশ "পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন" করার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা।

    সেইসঙ্গে, ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ারও দাবি করেন তারা।

    সেই দাবিই পুনর্ব্যক্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আমরা আমাদের দু'টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি: পারমাণবিক হুমকি নির্মূল এবং ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা।"

    ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে ইরান হামলার লক্ষ্যবস্তুে পরিণত করেছে বলে অভিযোগ করেন মি. নেতানিয়াহু।

    বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, "আপনাদের ধন্যবাদ। সৃষ্টিকর্তার সাহায্যে আমরা পদক্ষেপ গ্রহণ করবো এবং সফল হবো। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা (যুদ্ধ) চালিয়ে যাবো।"

  13. ইরানের হাসপাতালে ইসরায়েলের হামলা

    ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

    সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে তিনি এই দাবি করেন।

    বিবিসি ওই হাসপাতালে ক্ষয়-ক্ষতির ভিডিও যাচাই করেছে। তবে হাসপাতালটিকে সরাসরি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    আন্তর্জাতিক আইন বলা হয়েছে, সশস্ত্র সংঘাতকালে হাসপাতালে কোনো হামলা চালানো যাবে না। এই আইনের লঙ্ঘনকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায়।

    ফারাবি হাসপাতালে হামলার ঘটনা আন্তর্জাতিক আইনের "গুরুতর লঙ্ঘন" এবং "যুদ্ধাপরাধ" বলে উল্লেখ করেছেন মি. বাঘাই।

  14. ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এরদোয়ান

    ইরান ও ইসরায়েলের মধ্যে গত চারদিন ধরে যে পাল্টা-পাল্টি হামলা চলছে, সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান।

    উভয়ই আলাদাভাবে জানিয়েছেন, সংঘাত বন্ধের লক্ষ্যে তারা মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছেন।

    "সংঘাত নিরসনের জন্য রাশিয়ার আগের প্রস্তাব এখনও বহাল রয়েছে। যদিও পরিস্থিতি এখন আরও জটিল হয়ে পড়েছে," বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

    সমস্যার সমাধানে রাশিয়া বিবাদমান পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে ক্রেমলিন।

    এদিকে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, রেচেপ তাইপ এরদোয়ান সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

    ইসরায়েলের সাথে সংঘাতের অবসান ঘটাতে তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত বলে ইরানকে জানিয়েছেন মি. এরদোয়ান।

  15. ইরানের সঙ্গে 'সাময়িকভাবে' সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান

    ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

    সোমবার ইরানের সীমান্তঘেঁষা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইরানের সঙ্গে তাদের প্রদেশের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

    পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

  16. ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে পোল্যান্ড

    ইসরায়েল থেকে প্রায় দুইশ' নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড। আগামী দুই-এক দিনের মধ্যেই তাদেরকে নিজ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

    "আমরা শুধুমাত্র সেইসব নাগরিকদেরকেই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি, যারা ভ্রমণ বা অন্য কোনো উদ্দেশ্যে অল্পকিছু দিনের জন্য ইসরায়েলে গিয়ে আটকা পড়েছেন," সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন হেনরিকা মোসিকা-ডেন্ডিস।

    তবে ইসরায়েলি আকাশসীমা আপাতত বন্ধ থাকায় তাদেরকে বিমানে করে দেশে ফিরিয়ে নিতে পারছে না পোল্যান্ড।

    এক্ষেত্রে নাগরিকদের প্রথমে স্থলপথে জর্ডানের রাজধানীতে নেওয়া হবে বলে জানিয়েছেন মিজ মোসিকা-ডেন্ডিস

    তারপর সেখান থেকে বিমানে করে তারা পোল্যান্ডে ফিরবে বলে জানান তিনি।

  17. 'আয়রন ডোমে' আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা

    ইসরায়েলি নাগরিকদের বড় অংশই নিজেদের অত্যাধুনিক 'আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা'কে এতদিন 'দুর্ভেদ্য' বলে মনে করতেন।

    কিন্তু গত তিন দিনের ইরানি হামলায় তাদের সেই অনুভূতিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

    বিশেষ করে, হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আগের মত আস্থা রাখতে পারছেন না।

    যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের বহুস্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও যথেষ্ট শক্তিশালী। তবে ব্যবস্থাটি যে পুরোপুরি "নিখুঁত নয়", সেটি অবশ্য স্বীকার করছেন কর্মকর্তারা।

  18. ইরানের মিসাইল লঞ্চারের 'এক তৃতীয়াংশ' ধ্বংস করার দাবি ইসরায়েলের

    ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনা বাহিনী।

    "আমরা ইরান সরকারের 'ভূমি থেকে ভূমিতে' ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রের এক তৃতীয়াংশই ধ্বংস করে দিয়েছি," সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন।

    এছাড়া তেহরানের আকাশসীমায় নিজেদের "পূর্ণ নিয়ন্ত্রণ" অর্জনেরও দাবি করেছেন তিনি।

  19. তেহরানের বাসিন্দাদের ক্ষতি করার কোনও ইচ্ছা নেই: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    তেহরানের বাসিন্দাদের ক্ষতিসাধনের কোনও ইচ্ছা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    যদিও এর আগে তিনি ইরানকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েলে হামলা চালানোর জন্য তেহরানের বাসিন্দাদের "মূল্য দিতে হবে"।

    ইরানের সাধারণ মানুষের ওপর হামলার এই হুমকি ঘিরে সমালোচনা শুরু হওয়ার পর মি. কাৎজ এখন তার আগের বক্তব্যের নতুন ব্যাখ্যা সামনে এনেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, "তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই"।

  20. ট্রাম্পের এই সংঘাত অবসানের ক্ষমতা আছে - সাবেক ইসরায়েলি কূটনীতিক

    ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের অবসানের ক্ষমতা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে বলে মনে করেন সাবেক সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস।

    বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে নিউজডে-কে মি. পিঙ্কাস বলেন, ট্রাম্প শান্তি চুক্তি নিয়ে আলোচনা করার অবস্থানে আছেন।

    তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট তেহরানের কাছে এমন একটি প্রস্তাব দিতে পারেন যা তাদের মুখ বাঁচাতে এবং আলোচনার মাধ্যমে শান্তি গ্রহণের সুযোগ করে দেবে।

    কিন্তু ইরান যেহেতু আলোচনার দুর্বল অবস্থানে রয়েছে, এটি যুদ্ধ চালিয়ে যেতে এবং ইসরায়েলের আরো ক্ষতি করার ব্যাপারে আগ্রহী হতে পারে।

    "অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ফোন ধরে মি. নেতানিয়াহুকে বলতে পারেন 'যথেষ্ট হয়েছে - এই লড়াই শেষ করার জন্য আপনার কাছে ২৪ ঘন্টা সময় আছে,'" তিনি বলেন।

    "তিনি কি এই দুটির কোনটি করবেন? আমি জানি না।"