ইরান-ইসরায়েল সংঘাতে সোমবার সারা দিন যা যা ঘটেছে:
- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কিছুক্ষণের জন্য টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেলেও পরে সেটি পুনরায় চালু হয়। হামলায় কর্মীদের অনেকেই নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
- ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।
- ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে 'সময় থাকতেই' ইরান ও ইসরায়েলের আলোচনার টেবিলে বসা উচিৎ বলে মনে করেন তিনি।
- ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবরে দলে দলে তেহরান ছাড়ছেন সেখানকার বাসিন্দারা।
- তেহরানের একটি বড় অংশের বাসিন্দাদের এলাকা ছেড়ে "অবিলম্বে" অন্যত্র সরে যেতে বলেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)।
- ইরানের সঙ্গে সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
- ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরায়েল 'সরাসরি' হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
- ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত পুতিন এবং এরদোয়ান।
- ইরান-ইসরায়েল পাল্টা-পাল্টি হামলা অব্যাহত থাকায় আপাতত ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
- ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা জরুরি প্রয়োজনে যেন যোগাযোগ করতে পারেন, সেজন্য 'হটলাইন' চালু করেছে তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস।
- 'আয়রন ডোমে' আগের মতো ভরসা পাচ্ছেন না সাধারণ ইসরায়েলিরা।
- ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 'এক তৃতীয়াংশ ধ্বংস' করে দেওয়ার দাবি করেছে ইসরায়েলের সেনা বাহিনী।
- পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
- ইসরায়েলের বিরুদ্ধে ইরানিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।
- রোববার রাতে ইরানের হামলায় ইসরায়েলে আট জন নিহত হয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার সকালে নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
দেশ-বিদেশের অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।






















