আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলার দায় স্বীকার ইসরায়েলের, কয়েকজন নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় সেখানকার বেশ কয়েক জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ইরানি শীর্ষ নেতাকে হত্যায় "সংঘাত বাড়বে না, বরং অবসান ঘটাবে", বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। ইরান উত্তেজনা নিরসনের বিষয়ে কথা বলতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরাসরি কভারেজ

  1. ১২ জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে: ইসরায়েলি জরুরি সেবা

    ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম-এমডিএ জানিয়েছে, ১২ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    “রকেট হামলার পর, এমডিএ টিম এখন পর্যন্ত ১২ জন আহত রোগীকে হাসপাতালে নিয়েছে, যাদের মধ্যে দুই জনের অবস্থা কিছুটা গুরুতর এবং বাকিরা হালকা আঘাত পেয়েছেন।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  2. হাইফায় ইরানি হামলার কয়েকজন আহত হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম

    তেল আবিব থেকে ৯০ কিলোমিটার দূরের ইসরায়েলি বন্দর নগরী হাইফায় ইরানের সাম্প্রতিক হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান।

    সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, ঘটনাস্থলে আগুন লেগেছে।

    জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলার পর তারা "ক্ষতিগ্রস্ত স্থানে" ছুটে যাচ্ছে।

    ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আরো পড়তে পারেন:

  3. তেল আবিবের আকাশে মিসাইলের ছবি

    তেল আবিবের রাতের আকাশে ছুটে চলা মিসাইলের ছবি দেখা গিয়েছে।

    ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ আগেই জানিয়েছিল যে, তারা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোঁড়া নতুন মিসাইল শনাক্ত করেছে।

  4. ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় রোববার সারা দিন যা যা ঘটেছে

    • ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
    • শনিবার রাতভর ইরানের হামলায় ইসরায়েলে অন্তত দশ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ইরানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ইসরায়েলি হামলায় ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
    • হামলা না থামালে ইসরায়েলকে "আরও কঠোর জবাব" দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে, ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে 'চড়া মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
    • ইরান ও ইসরায়েলের মধ্যে 'শিগগিরই' শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের।
    • ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান।
    • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'পুরোপুরি সমন্বিতভাবে' কাজ করছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তিনি, আমেরিকানদের সমর্থন চেয়েছিলেন।
    • ইসফাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে "বেশখানিকটা" ক্ষতিগ্রস্ত করেছে বলেও দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
    • জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
    • ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, বলেছেন ইরানের প্রেসিডেন্ট।
    • 'সরকার পরিবর্তনের জন্য এটি একটি সুযোগ', বলেছেন ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভি।

    বিবিসি বাংলার অন্যান্য খবর পড়তে মূল পাতায় ক্লিক করুন।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়। রিপোর্ট করছেন সানজানা চৌধুরী।

    বিবিসি বাংলায় আরো খবর পেতে ক্লিক করুন এখানে