ইরান ও ইসরায়েল 'সম্পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ট্রাম্পের ঘোষণা

কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যদিও এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলা ছিল 'খুব দুর্বল,' এবং এখন শান্তির সময়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না বলে একমত জোট: নেটো প্রধান

    নেটো প্রধান

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, নেটো প্রধান

    নেটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছে জোট।

    হেগে সামিট চলার সময়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি।

    মি. রুট বলেন, “ ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে নেটোর অবস্থানের কথা বলতে গেলে বলতে হয়, ইরান অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, এই বিষয়ে দীর্ঘদিন ধরেই একমত হয়েছে জোটের সদস্যরা।”

    “ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তাদের বাধ্যবাধকতা পূরণের জন্য মিত্ররা বারবার ইরানকে আহ্বান করেছে।”

    ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, “ইরান সেখানে গুরুতরভাবে জড়িত। ইরান এমন ড্রোন সরবরাহ করেছে যা রাশিয়া ইউক্রেনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা করতে ব্যবহার করছে।"

  2. ইরানের হরমুজ প্রণালী অবরোধ বিশ্বাসযোগ্য, কিন্তু অসম্ভব: সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ

    হরমুজ প্রণালি
    ছবির ক্যাপশান, হরমুজ প্রণালির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয়

    বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে, এমন সম্ভাবনার বিশ্বাসযোগ্য পরিস্থিতি হলেও অসম্ভব বলে মন্তব্য করেছেন একজন সমুদ্র নিরাপত্তা বিশেষজ্ঞ।

    বিবিসি রেডিও ফোর এর ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানে পরামর্শদাতা সংস্থা কন্ট্রোল রিস্কসের সামুদ্রিক নিরাপত্তা পরিচালক করম্যাক ম্যাকগ্যারি বলেন, ইরানের জন্য এই প্রণালী বন্ধের চেষ্টা সত্যিই আরো খারাপ পরিস্থিতি তৈরি করবে।

    “এর মাধ্যমে তারা মূলত পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর ওপর আঘাত হানবে। একইসাথে চীনের ওপরও, কেননা তেল আমদানির একটি বড় অংশ পরিবহনের জন্য এই প্রণালীর ওপর নির্ভর করে।”

    প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালী দিয়ে সরবরাহ করা হয়।

    ম্যাকগ্যারি বলেন, ইরান ও অন্যান্য আরব উপসাগরীয় রাষ্ট্রগুলো তেল সরবরাহের জন্য এই পথের ওপর নির্ভর করে।

    তিনি বলেন, “তেল সরবরাহকারী এবং পণ্য ট্যাঙ্কারগুলোর পাশাপাশি আপনি এমন কন্টেইনার জাহাজের কথাও বলছেন যা দুবাই এবং কুয়েতের মতো জায়গায় সব উপকরণ পরিবহন করে। সেখানকার লোকেদের যার যা প্রয়োজন তা সরবরাহ করে। ল্যাপটপ আমদানি থেকে শুরু করে ইলেকট্রনিক্স এবং খাবার পর্যন্ত সবকিছু।”

  3. ইসরায়েলের আশদদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণ

    ইসরায়েলের আশদদ
    ছবির ক্যাপশান, ইসরায়েলের আশদদে বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণ

    আজ সোমবার ইরান ও ইসরায়েল হামলার এগারতম দিনেও একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে।

    ইসরায়েলের শহর আশদদের একটি বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এর ফলে ব্যাপক বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

    তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

  4. তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালী থেকে সরে গেছে

    হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, আজ ভোরে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজকে যাত্রা করতে দেখা গেছে, যেগুলো সরে গেছে সেগুলোর একটি না।

    হরমুজ প্রণালী থেকে তিনটি তেলবাহী ট্যাংকার সরে গিয়ে গতিপথ পরিবর্তন করেছে।

    মেরিন ট্রাফিক ডাটা রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    খালি তেল ও রাসায়নিক ট্যাংকারগুলোর মধ্যে রয়েছে ম্যারি সি এবং রেড রুবি। ট্যাংকারগুলো এখন সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর ফেলেছে।

    হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে ব্যস্ততম তেল পরিবহন লেন। ধারণা করা হচ্ছে হামলার প্রতিশোধ হিসেবে ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে।

  5. তেহরানের এভিন কারাগার ও বাসিজ মিলিশিয়া সদর দফতরে হামলা: ইসরায়েল

    ইরানের এভিন কারাগার

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, তেহরানের এভিন কারাগার ও বাসিজ মিলিশিয়া সদর দফতরে হামলা: ইসরায়েল

    ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ তেহরানে ইরানি সরকারের কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা উল্লেখ করেছেন।

    তিনি বলেন, তাদের টার্গেটে বাসিজের সদর দপ্তর অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি মিলিশিয়া বাহিনীর সদর দপ্তর। প্রায়শই বিক্ষোভ দমনের জন্য এই মিলিশিয়া বাহিনী ব্যবহার করে ইরানি সরকার।

    কাৎজ আরও বলেন, এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে যেখানে রাজনৈতিক বন্দি এবং ‘শাসনামলে শত্রুদের’ বন্দি করে রাখা হয়।

    বিবিসি ভেরিফাই কারাগারের প্রবেশ পথে একটি বিস্ফোরণের ভিডিও ফুটেজ নিশ্চিত করেছে।

    ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর অনুমোদিত সংবাদ সংস্থা ফার্স আরও জানিয়েছে, “মনে হচ্ছে এভিন কারাগারের প্রবেশপথটি ড্রোন অথবা সীমিত বিস্ফোরক ব্যবহার করে লক্ষ্যবস্তু করা হয়েছে।”

    তবে কারাগার থেকে কেউ পালিয়ে যাওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

    এদিকে, ইরানের বিচার বিভাগ তেহরানের এভিন কারাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে ''প্রজেক্টাইল’ কারাগারে আঘাত করেছে এবং এতে কারাগারের কিছু অংশের ক্ষতি হয়েছে।''

    কিন্তু পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’ বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর অনুমোদিত সংবাদ সংস্থা ফার্স।

  6. তেহরানের একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্নের প্রভাব

    ইসরায়েলি হামলার পর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হচ্ছেন উত্তর তেহরানের বাসিন্দারা।

    ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানির জানিয়েছে, এ হামলায় রাজধানীর উত্তরাঞ্চলীয় দুইটি জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

    “কিন্তু যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে ” বলে জানিয়েছে সংস্থাটি।

    এদিকে, ইরানের রাষ্ট্রীয় টিভি নিশ্চিত করেছে রাজধানীর কিছু অংশে “অস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট” হয়েছে।

  7. জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

    ছবির উৎস, RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK

    ছবির ক্যাপশান, ইরান সংক্রান্ত জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

    রোববার ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একইসাথে “ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন” বলে অভিহিত করেছে দেশটি।

    মি. শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সাথে ফোনে কথা বলেন এবং পাকিস্তানের সংহতি প্রকাশ করেন।

  8. মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ‘সম্পূর্ণ মনোযোগী’ যুক্তরাজ্য: স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

    ছবির উৎস, PA Media

    ছবির ক্যাপশান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ‘সম্পূর্ণ মনোযোগী’ যুক্তরাজ্য: স্টারমার

    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, “মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাজ্য সম্পূর্ণ মনোযোগী।”

    আজ সকালে বিবিসিকে এ কথা বলেছেন তিনি।

    তিনি ব্যাখ্যা করে বলেন, “ এর কারণ হলো, এরকম উত্তেজনার ফলে ওই অঞ্চল ও এর বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তেমনি আমাদের অর্থনীতির ওপরও এর প্রভাব পড়তে পারে।”

  9. ইরানে ১১দিনের হামলায় প্রায় পাঁচশ জন নিহত বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন

    ইরানে ১৩ ই জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ‘প্রায় ৫০০’ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

    এতে আরও বলা হয়েছে, তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

    তবে ইরানের একটি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান’ নিহত মানুষের সংখ্যা এর প্রায় দ্বিগুণ বলে মনে করে।

  10. ইরানের ওপর হামলা ‘একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন’: পুতিন

    ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা চলছে।

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ইরানের ওপর হামলা ‘একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন’: পুতিন

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ওপর হামলাকে “একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসন” এর সাথে তুলনা করেছেন।

    ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা চলছে।

    রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, “ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসনের কোনও ভিত্তি বা যুক্তি নেই।”

    পুতিন আরও বলেন, “মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসাথে চিন্তা করার সুযোগ দেবে।”

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন রাশিয়ার সাথে তার দেশের “খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে”যা “ কৌশলগত প্রকৃতির ” হয়ে উঠেছে।

    তিনি বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা “আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন।”

    এই বছরের শুরুতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা তাদের দেশের মধ্যে একটি “ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” স্বাক্ষর করেছেন।

    কিন্তু এটি কোনও সামরিক জোট নয় যেটি রাশিয়াকে তেহরানের প্রতিরক্ষায় বা পক্ষে দাঁড়াতে বাধ্য করবে না।

  11. ফোর্দোর প্রবেশ পথগুলো লক্ষ্যবস্তু: আইডিএফ

    ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    এক বিবৃতিতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, “ওই স্থাপনায় প্রবেশের পথগুলো বাধাগ্রস্ত করার জন্য তারা এটি করেছে।”

    এর আগে, রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইরানের স্থানীয় কর্মকর্তারাও বলেছিলেন ইসরায়েল ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা করেছে।

  12. ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার সর্বশেষ অবস্থা

    তেল আভিভের একটি ভূ - গর্ভস্থ আশ্রয় কেন্দ্রে ২৩শে জুন ইসরায়েলিরা আশ্রয় নিয়েছে

    ছবির উৎস, AFP/Getty Images

    ছবির ক্যাপশান, ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার সর্বশেষ অবস্থা

    সোমবার সকাল থেকেই ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

    নিচে এই সংঘাতের সর্বশেষ পরিস্থিতি দেয়া হলো।

    ইসরায়েল

    ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান।

    এর ফলে ইসরায়েলে দক্ষিণে প্রায় আট হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইসরায়েলের একটি প্রধান জ্বালানি কোম্পানি তাদের একটি স্থাপনার কাছে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।

    তবে এখন পর্যন্ত কোন হতাহতের কথা জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ।

    ইরান

    ইসরায়েল ইরানের ওপর তাদের হামলার তীব্রতা বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ সেখানে ‘নজিরবিহীন শক্তি’ দিয়ে হামলার কথা জানিয়েছেন।

    কাৎজ আরও বলেন, তেহরানে যেসব লক্ষ্যবস্তু করা হয়েছে সেগুলো ওই “শাসনামলের প্রতীক”।

    সপ্তাহ শেষে ইরানের পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানিয়ান “শাসনামলের পরিবর্তন” এর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর ইরানিয়ান সামরিক নেতারা “ চূড়ান্ত প্রতিক্রিয়া” দেয়ার হুমকি দিয়েছেন।

    বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির জন্য জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিতে পারে বলেও উদ্বেগ রয়েছে।

  13. ফোর্দো সাইটে উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা থাকলেও পরিমাপ করা সম্ভব নয়: আইএইএ প্রধান

    ইরানের ফোর্দো সাইট

    ছবির উৎস, Maxar

    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর স্যাটেলাইট ছবিতে ইরানের ফোর্দো সাইটে গর্ত দেখা যাচ্ছে

    জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানি পারমাণবিক কেন্দ্র ফোর্দোতে খুবই উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

    ইরানের ৬০ ভাগ ইউরেনিয়াম সমৃদ্ধ স্থান ফোর্দো।

    ভিয়েনাতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে কথা বলার সময় মি. গ্রোসি বলেছেন, পাহাড়ের গভীরে যে ধরনের গর্ত দেখা যায় সেরকম গর্ত ফোর্দো সাইটে দেখা যাচ্ছে।

    কিন্তু কেউই এখন এই ভূ-গর্ভস্থ ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে নিরূপণ করতে পারবে না বলে জানান তিনি।

    যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এবং ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের সংবেদনশীলতা বিবেচনা করে সেখানে উল্লেখযোগ্য পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    ইরানি এই পারমাণবিক কেন্দ্রে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকরা যাতে প্রবেশ করতে পারে সেজন্য যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

    মি. গ্রোসি বলেন, “ ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হতে পারবে না এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ব্যবস্থার অব্যাহত কার্যকারিতা অর্জনের জন্য আমাদের আলোচনায় ফিরে আসতে হবে।”

  14. ইরানে ‘নজিরবিহীন শক্তি’ ব্যবহার করে হামলা করছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

    প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

    ছবির উৎস, EPA

    ছবির ক্যাপশান, তেহরানে ‘নজিরবিহীন শক্তি’ ব্যবহার করে হামলা করছে ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

    ইসরায়েলে ইরানের হামলার পর হাজার হাজার ইসরায়েলি বিদ্যুৎবিহীন হয়ে পড়লেও, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে “নজিরবিহীন শক্তি” ব্যবহার করে হামলা করছে।

    প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, “ ইসরায়েলি হোম ফ্রন্টে চালানো প্রতিটি গুলির” প্রতিক্রিয়ায় ‘ওই শাসনের প্রতীকের’ওপর হামলা চালানো হয়েছে।

    তিনি সতর্ক করে বলেছেন, “ইরানি স্বৈরশাসককে শাস্তি দেওয়া হবে এবং পূর্ণ শক্তিতে হামলাগুলো অব্যাহত থাকবে।”

  15. দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ

    আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা

    ইসরায়েলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে, সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী।

    দেশটির বিভিন্ন স্থানে যেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে, সেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে।

    একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের কাছে।

    এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

    জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে ইসরায়েলি পুলিশ। একইসাথে ওই এলাকাগুলো সুরক্ষিত করার জন্য কর্মকর্তারা এবং বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

  16. ইরানে আরেক দফা বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

    ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আরেক দফা হামলা শুরু করেছে।

    ইসরায়েলের বিমান বাহিনী ইরানে 'ধারাবাহিক' হামলা চালাচ্ছে বলে বলা হচ্ছে।

    ইরানের রাজধানীতে বিস্ফোরণ এবং ওই শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে, এরকম একটি ভিডিও সে দেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরই ইসরায়েলের বিমান বাহিনী এই বিবৃতি দিয়েছে।

  17. খামেনির হুমকির পর ইসরায়েলের উপর ইরানের নতুন হামলা

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, হুমকি দিয়ে এক্সে খামেনির পোস্টের পর ইসরায়েলের উপর ইরানের নতুন হামলা

    ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

    এই খবর ঘোষণার সাথে সাথে ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালার্ম বেজে ওঠে। কয়েক ঘণ্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে।

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলকে হুমকি দিয়ে একটি পোস্ট দেয়ার কয়েক ঘণ্টা পরেই ইসরায়েলে নতুন করে হামলা শুরু করে ইরান।

    আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, "জায়নিস্ট শত্রু (ইহুদি শত্রু) একটি বড় ভুল করেছে, একটি বড় অপরাধ করেছে। এবং তাকে শাস্তি পেতে হবে। শাস্তি পাচ্ছে, এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে।”

  18. যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের

    সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি

    ছবির উৎস, IRGC

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে আবারও হুঁশিয়ারি দিয়েছে।

    সংগঠনটির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ শুরু করেছে এবং ইরানের "পবিত্র মাটিতে" আঘাত করেছে।

    তিনি জানান, এর ফলে যুক্তরাষ্ট্রকে “ভয়াবহ, অনুশোচনা করার মতো, অপ্রত্যাশিত পরিণতি” ভোগ করতে হবে, যা হবে “শক্তিশালী ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান”-এর মাধ্যমে।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে জোলফাঘারি বলেন, “মি. ট্রাম্প, জুয়ারি! আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু শেষ করবো আমরা!”

  19. পাকিস্তানের ট্রাম্পকে শান্তিতে নোবেল মনোনয়ন এখন “বিব্রতকর”, আজাদেহ মোশিরি, পাকিস্তান প্রতিনিধি

    পাকিস্তান এখন এক কঠিন পরিস্থিতিতে পড়েছে। প্রশ্ন একটাই, নিজেদের প্রতিবেশী দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার সমর্থন না করেই কিভাবে তারা হোয়াইট হাউজের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে আবার প্রতিবেশী দেশেরও পাশে থাকতে পারে।

    শনিবার, পাকিস্তানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “সত্যিকারের শান্তির দূত” বলে প্রশংসা করে এবং তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়।

    কিন্তু মাত্র একদিন পরই ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে ইসরায়েলের পক্ষে সক্রিয়ভাবে যোগ দেয়। একে পাকিস্তান “বর্বরতা” বলে আখ্যা দিয়েছে।

    ট্রাম্পের “অসাধারণ রাষ্ট্রনায়কত্বের” প্রশংসা করার পর এখন পাকিস্তান সেই হামলার কঠোর নিন্দা করছে এবং বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

    এই হঠাৎ পরিবর্তন অনেকে নজরে এনেছেন। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি রাজনীতিক ও সাধারণ মানুষ “বিব্রতকর” এবং “লজ্জাজনক” শব্দ ব্যবহার করছেন।

    যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, “তেল মারা কখনও নীতিমালা হতে পারে না।”

    সেনেটের প্রতিরক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মোশাহিদ হুসাইন প্রথমে নোবেল মনোনয়নকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন, “ট্রাম্পের অহংকারে ঘি ঢাললেও সমস্যা নেই, কারণ ইউরোপিয়রাও তাই করেছে।”

    কিন্তু একদিন পর তিনিই বলেছেন, তিনি সরকারের নিন্দা সমর্থন করেন এবং পাকিস্তানকে উচিত সেই মনোনয়ন পুনর্বিবেচনা, প্রত্যাহার ও বাতিল করা। তিনি ট্রাম্পকে “যুদ্ধবাজ” বলে আখ্যা দেন।

    এই “ভারসাম্য রক্ষা” এখন ভয়াবহ কঠিন হয়ে পড়েছে।

  20. তেহরান ও কারাজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়

    ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, তেহরান ও কারাজের আকাশে ছোট আকারের বিমানের উপস্থিতি শনাক্ত হওয়ার পর সেখানে আকাশ প্রতিরক্ষা (অ্যান্টি-এয়ারক্রাফট) ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

    এই প্রতিরক্ষা ব্যবস্থা ছোট বিমানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলেও তারা জানিয়েছে।

    তেহরান থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল বিভিন্ন এলাকা, যেমন: ফাতেমি স্কয়ার ও কেশাভার্জ বুলেভার্ডের আশপাশ, সাদাত আবাদ, পারচিন সামরিক এলাকা এবং তেহরানের পূর্ব দিকের কয়েকটি জায়গা।

    রোববার সন্ধ্যার পর থেকে কারাজ শহরের বহু বাসিন্দা বিস্ফোরণ ও বিমান হামলার শব্দ শুনেছেন বলে জানিয়েছেন।

    এদিকে, ইরান দাবি করেছে, তারা রবিবার সন্ধ্যায় ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনীও ঘোষণা দেয় যে, তারা তেহরান ও পশ্চিম তেহরানে বিমান অভিযান চালাচ্ছে এতে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে।