ইরান ও ইসরায়েল 'সম্পূর্ণ ও সর্বাত্মক' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ট্রাম্পের ঘোষণা
কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যদিও এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলা ছিল 'খুব দুর্বল,' এবং এখন শান্তির সময়। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
সরাসরি কভারেজ
মিশর ও কুয়েতের এয়ারলাইন্সের বিমান চলাচল বন্ধ
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অনেকগুলো দেশের বিমান সংস্থাগুলো সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
মিশর এয়ার ও কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত ওই অঞ্চল দিয়ে তাদের কোনও বিমান চলাচল করবে না।
এর আগে কাতার, বাহরাইন ও ইরাক তাদের দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।
মার্কিন হতাহতের কোন খবর নেই: পেন্টাগন
মার্কিন
প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, কাতারে অবস্থিত উদেইদ মার্কিন সামরিক ঘাঁটিকে
লক্ষ্যবস্তু করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র।
ইরান
থেকে আল উদেইদ বিমান ঘাঁটিতে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
হামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত কোন আমেরিকান হতাহতের খবর নেই।
মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিস্থিতি
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, "আরও তথ্য আসলে তা সরবরাহ করা হবে।"
এক্স
এ করা একাধিক পোস্টে মন্ত্রণালয় বিপদ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছে, “বিপদ
কেটে না যাওয়া পর্যন্ত” বাসিন্দাদের কোন ভবন বা অন্যান্য আচ্ছাদিত (নিরাপদ স্থান)
এলাকায় আশ্রয় নেওয়া উচিত।
এই
পোস্টে বাসিন্দাদের ‘বিকট বিস্ফোরণের ক্ষেত্রে’ ‘সতর্কতা অবলম্বন’ করে পূর্ব সতর্কতামূলক
প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাতারের আকাশে ক্ষেপণাস্ত্রের ছবি
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, ছবিতে আলোর উৎস ঠিক কোথায় তা স্পষ্ট নয়। তবে হামলার আশঙ্কায় কাতার আগেই তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল
কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার সময় দেশটির আকাশে ক্ষেপণাস্ত্র দেখা যাওয়ার ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্সের নিচের এই ছবিতে কাতারের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্রের আলো দেখা যাচ্ছে।
ইরানের হামলার খবর পাওয়ার পর এটিই প্রথম ছবি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে সেখানকার সামরিক
বাহিনী কাতারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে নিশ্চিত
করেছে।
অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের বিমান
প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে।
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার খবর পাওয়ার পর আকাশে আলো দেখা যাচ্ছে এমন ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা সিচুয়েশন রুমে
জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান
জেনারেল ড্যান কেইন এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বর্তমানে হোয়াইট হাউসের
সিচুয়েশন রুমে অবস্থান করছেন।
এই দুই ব্যক্তি মার্কিন
প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক এবং সামরিক কর্মকর্তা। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক
হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট করেন।
তবে পূর্বে ঘোষিত জাতীয়
নিরাপত্তা পরিষদের এই বৈঠক পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে কি না তা স্পষ্ট নয়।
মার্কিন বিমান ঘাঁটিতে হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে কাতার
উদেইদ বিমান ঘাঁটিতে হামলার
তীব্র নিন্দা জানিয়েছে কাতার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র মাজেদ আল আনসারী
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন, “আমরা এটিকে কাতার রাষ্ট্রের
সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং
জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন বলে মনে করি।”
তিনি বলেছেন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা “হামলা
সফলভাবে প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে বাধা দিয়েছে ” এবং ঘাঁটিটি
আগেই খালি করা হয়েছে।
তিনি আরও বলেছেন, “ ঘাঁটিতে থাকা কর্মীদের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছিল। যার মধ্যে কাতারি
সশস্ত্র বাহিনী, বন্ধুত্বপূর্ণ বাহিনী এবং অন্যান্যরাও অন্তর্ভুক্ত রয়েছে।”
“আমরা নিশ্চিত করছি হামলার ফলে কোনও আহত বা মানুষের হতাহতের
ঘটনা ঘটেনি” বলেন মি. আনসারী।
তিনি আরও মুখপাত্র বলেন, “এই নির্লজ্জ আগ্রাসনের প্রকৃতি
এবং মাত্রার সাথে সমানভাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতারের রয়েছে।”
কাতারের বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে
কাতারের স্থানীয় সময় আজ
সন্ধ্যায় রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এএফপির বরাত দিয়ে বিবিসি এরাবিক
এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র
মন্ত্রণালয় নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।
এজেন্সি ফ্রান্স প্রেসের
তথ্য অনুযায়ী দোহার মধ্যাঞ্চল এবং কাতারের রাজধানীর উত্তরে লুসাইলে বিস্ফোরণের
শব্দ শোনা গেছে। একইসাথে আকাশে প্রজেক্টাইল উড়তে দেখা গেছে।
কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান: সশস্ত্র বাহিনী
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে,
“ইয়া আবা আব্দুল্লাহ আল হুসেইন” সাংকেতিক নাম ধারণ করে বিপ্লবী গার্ড বাহিনী কাতারের
মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী
জানিয়েছে ‘বাশারাত ফাতেহ’ অপারেশনে কাতারের উদেইদ ঘাঁটিকে “বিধ্বংসী এবং শক্তিশালী
ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু” করে হামলা হয়েছে।
এই অভিযান “সুপ্রিম
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশে এবং খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর
দপ্তরের নেতৃত্বে পরিচালিত হয়েছে” বলে জানানো হয়েছে বিবৃতিতে।
কিছুক্ষণ আগে রাজধানী দোহা
এবং এর উপকণ্ঠ লুসাইল এ বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে
প্রজেক্টাইল দেখা যাচ্ছে।
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি
কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, “এই সফল অভিযানে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইরানের
পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ব্যবহার করেছিল তার
সমান ছিল। শক্তিশালী ইরানি বাহিনীর হামলায় যে ঘাঁটিটি লক্ষ্যবস্তু করা হয়েছিল তা
কাতারের নগর স্থাপনা এবং আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল।”
এর কয়েক মিনিট আগে, সংবাদ
সংস্থা তাসনিম জানিয়েছিল কাতার এবং ইরাকে মার্কিন ঘাঁটিতে ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া
আবা আব্দুল্লাহ’ কোড নামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে।
ব্রেকিং, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ইরানি বার্তা সংস্থার
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিম জানাচ্ছে, 'বিশারাত ফাতেহ' এবং 'ইয়া আবা আবদুল্লাহ' নামে এসব হামলা চালানো হয়েছে।
এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, এই প্রথমবার এই ক্ষেপণাস্ত্র কোনও হামলায় ব্যবহার করা হলো।
সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।
ব্রেকিং, কাতারের দোহায় বিস্ফোরণের শব্দ
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি জানিয়েছে, কাতারের দোহা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এক্সিওস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি অ্যারাবিক জানিয়েছে, কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
বিবিসি পার্সিয়ান অ্যাক্সিওস ওয়েবসাইটের বরাত দিয়ে জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে ওই ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে।
এই ওয়েবসাইটে বলা হয়েছে, কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ছয়টি
ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর কিছুক্ষণ আগে, ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমেরিকান কর্মকর্তার
উদ্ধৃতি দিয়ে বলেছিল ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীকে হামলা করার জন্য
ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছে।
এএফপি ও রয়টার্স বলছে কাতারে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা
গেছে। এক ঘণ্টা আগে কাতার তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে।
এ অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি কাতারে অবস্থিত।
কাতারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা যাচ্ছে
ছবির উৎস, Getty Images/BLOOMBERG
ছবির ক্যাপশান, কাতারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানা যাচ্ছে
এখন পর্যন্ত কাতারের পরিস্থিতি সম্পর্কে যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তা হলো:
বিবিসির নিরাপত্তা সংবাদদাতা
ফ্র্যাঙ্ক গার্ডনারের প্রতিবেদন অনুযায়ী, কাতারের আল-উদাইদে অবস্থিত যুক্তরাষ্ট্র পরিচালিত কোয়ালিশন এয়ার অপারেশনস
সেন্টারের ওপর একটি ‘বিশ্বাসযোগ্য হুমকি’ রয়েছে।
কয়েক ঘণ্টা আগে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের
‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ নিরাপদ আশ্রয়স্থলে থাকার নির্দেশ দিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও নির্দিষ্ট
বিবরণ দেওয়া হয়নি। তবে বলা হয়েছে ‘বাড়তি সতর্কতার কারণে’ এ সতর্কতা জারি করা হয়েছে।
এরপর যুক্তরাজ্যের
পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি কাতারে অবস্থিত যুক্তরাজ্যের নাগরিকদের জন্যও একই
পরামর্শ দেন।
এরইমধ্যে কাতার সাময়িকভাবে নিজেদের
আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দোহা থেকে
বিমানগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন ট্রাম্প
ছবির উৎস, Bernd Debusmann Jr/BBC News
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর একটার দিকে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি এমন সময় এই বৈঠকে বসছেন, যখন কাতারের মার্কিন ঘাটির ওপর 'বিশ্বাসযোগ্য হুমকি' রয়েছে বলে বিবিসি জানতে পেরেছে।
ইতোমধ্যে কাতারে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। সেই সাথে নিজেদের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করে দিয়েছে কাতার।
নেটো সম্মেলনে অংশ নেয়ার জন্য আগামীকাল নেদারল্যান্ডসে যাওয়ার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের।
ইরান যুক্তরাষ্ট্রের প্রতি ‘উপযুক্ত জবাব’ দেবে: সশস্ত্র বাহিনীর প্রধান
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ইরানের তিনটি
পারমাণবিক স্থাপনায় হামলার পর “ক্ষতির পরিমাণ
নির্বিশেষে” দেশটি আমেরিকাকে উপযুক্ত জবাব দেবে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর এর সাথে সম্পর্কিত
সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
একটি ভিডিও বার্তায় মেজর জেনারেল
আবদুর রহিম মুসাভি বলেছেন, “ট্রাম্পের পদক্ষেপ হতাশা থেকে উদ্ভূত এবং এর লক্ষ্য
তার প্রক্সি বাহিনী ইসরায়েল এবং “নেতানিয়াহুকে” উদ্ধার করা।”
তিনি আরও বলেন, যখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘পতনের
লক্ষণ’দেখেন তখন ইরানে হামলা চালিয়ে তাকে “কৃত্রিম
শ্বাস-প্রশ্বাস” দেওয়ার সিদ্ধান্ত নেন।
১৩ই জুন ইসরায়েল মি. মুসাভির পূর্বসূরী মোহাম্মদ হোসেইন
বাঘেরিকে হত্যা করার পর তাকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
আগামী দিনগুলোতেও তেহরানে হামলা অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে আইডিএফ
আগামী দিনগুলোতেও তেহরানে হামলা অব্যাহত থাকবে বলে সতর্ক
করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
তেহরানে বসবাসকারী জনগণের
জন্য একটি ‘জরুরি সতর্কতা’ জারি করে তারা বলেছে আগামী দিনগুলোতে শহরের বিভিন্ন
লক্ষবস্তুতে হামলা চালিয়ে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স
এ আইডিএফের ফারসি অ্যাকাউন্টে করা একটি পোস্টে ইসরায়েল
প্রতিরক্ষা বাহিনী জনগণকে তেহরানে ইরানি নেতৃত্বের সাথে সম্পর্কিত সামরিক এবং
অন্যান্য নিরাপত্তা এবং উৎপাদন কেন্দ্র থেকে দূরে থাকতে বলেছে।
সাময়িকভাবে নিজেদের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করেছে কাতার
কাতারের পররাষ্ট্র
মন্ত্রণালয় সাময়িকভাবে নিজেদের দেশের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত করার ঘোষণা
দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে
করা এক পোস্টে বলা হয়েছে, এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির কারণে সতর্কতামূলক
ব্যবস্থার অংশ হিসেবে এটি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন
সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত।
পররাষ্ট্র দফতরের তথ্য
অনুযায়ী, সেখানে প্রায় আট হাজার মার্কিন নাগরিক রয়েছেন।
ব্রেকিং, যুক্তরাষ্ট্রের কাতার ঘাঁটির উপর হামলার বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, বিবিসি জানতে পেরেছে যে, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর ঘাঁটি আল-উদেইদ ওপরে হামলার বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে।
বিবিসি জানতে পেরেছে যে, কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর ঘাঁটি আল-উদেইদ ওপরে হামলার বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে।
এর মধ্যেই কাতারের আকাশসীমায় সাময়িকভাবে সবরকমের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিবিসির সাংবাদিক ফ্রাঙ্ক গার্ডনার বলছেন, কাতারের ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে। এসব ঘাঁটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারের রাজধানী দোহার বাইরে আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে।
ছবির ক্যাপশান, ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ইরান
কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করতে পদক্ষেপ
নিয়েছে।
মি. ল্যামি যুক্তরাষ্ট্রের পরিচালিত হামলার পুনরাবৃত্তি করে
তার বক্তব্য শুরু করেন।
তিনি বলেন, “ ব্রিটেন হামলায় জড়িত ছিল না। যেমন ব্রিটেন
ইসরায়েলের অভিযানেও জড়িত ছিল না।”
তিনি যুক্তরাজ্য সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন “ইরান
কখনও পারমাণবিক অস্ত্র রাখতে পারে না এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার জন্য
পদক্ষেপ নিয়েছে।”
মি. ল্যামি জানিয়েছেন ইসরায়েলে
সংঘাতের সময় একজন ব্রিটিশ নাগরিক আহত হয়েছেন।
যুক্তরাজ্য চলমান পরিস্থিতির
প্রতি দ্রুত সাড়া দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ব্রিটিশ বেসামরিক নাগরিক এবং কর্মীদের
নিরাপত্তাই অগ্রাধিকার।”
তেল আভিভে ব্রিটিশ দূতাবাস এবং জেরুজালেমে ব্রিটিশ
কনস্যুলেট খোলা রয়েছে বলে জানান তিনি।
একইসাথে ৬৩ জন ব্রিটিশ নাগরিককে সাইপ্রাসে সরিয়ে নেওয়ার জন্য রয়্যাল
এয়ার ফোর্সের একটি বিমান তেল আভিভে গেছে। পরে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হবে।
মি. ল্যামি আরও জানান ইরানে লোকজনকে সহায়তা করা কঠিন কারণ আকাশপথ এখনও
বন্ধ রয়েছে এবং ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে।
কাতারের ব্রিটিশ ও আমেরিকান নাগরিকদের ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে’ থাকার পরামর্শ
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের ‘নিরাপদ
স্থানে আশ্রয় নিতে’ পরামর্শ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য দেয়া হয়েছে।
কারণ হিসেবে 'ব্যাপক সতর্কতা' অবলম্বনের কথা বলা হয়েছে।
অন্য আর কোন বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
এদিকে,মধ্যপ্রাচ্যের
বৃহত্তর অঞ্চলের ব্রিটিশ নাগরিকদের সরকারের ভ্রমণ নির্দেশিকা অনুসরণ করা উচিত বলে
জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি।
তিনি বলেন, “কাতারে বসবাসকারী
ব্রিটিশ নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় নেওয়ার সুপারিশ করছে
সরকার।”
পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে
প্রকাশিত এক আপডেটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জনগণকে সতর্কতা অবলম্বন করে একই কাজ করতে বলার ফলে এই নির্দেশিকা এসেছে।
৫০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা করেছে তেহরানে: আইডিএফ
ইসরায়েলি সেনাবাহিনী
জানিয়েছে আজ তারা ইরানের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য সংখ্যক লক্ষ্যবস্তুতে হামলা
চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া
এক আপডেটে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে ইসরায়েলি বিমান
বাহিনীর ৫০ টিরও বেশি যুদ্ধ বিমান তেহরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
আইডিএফ জানিয়েছে, ‘সাম্প্রতিক
ধারাবাহিক হামলা’র সময় সামরিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে যুদ্ধবিমানগুলো।
“যে স্থানগুলোতে আঘাত করা
হয়েছে তার মধ্যে তেহরানের ক্ষেপণাস্ত্র ও রাডার উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র
সংরক্ষণের অবকাঠামো রয়েছে” বলা হয়েছে আইডিএফের ওই বার্তায়।
গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ইউরোপীয় নাগরিককে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ
ইসরায়েলের
হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপীয় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ইউরোপীয় নাগরিক 'পর্যটক' হিসেবে ইরানে প্রবেশ করেছিলেন। তার লক্ষ্য ছিল নেটওয়ার্ক স্থাপন করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং ইরানি আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিষ্ক্রিয় করা।"
তবে ওই ব্যক্তির জাতীয়তা এবং ইরানে প্রবেশের তারিখ এখনও প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষ।