আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, তাতে 'তীব্র নিন্দা' জানিয়েছে চীন ও রাশিয়া।

সরাসরি কভারেজ

  1. ইরানের শাসন সংশ্লিষ্ট টার্গেটে হামলা করছে ইসরায়েল

    ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের শাসক গোষ্ঠী সংশ্লিষ্ট টার্গেটগুলোতে হামলা শুরু করেছে।

    “গত একদিনে ইসরায়েল ডিফেন্স ফোর্স বড় আকারের বিমান হামলা চালিয়েছে, যাতে করে ইরানের আকাশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান করা এবং তেহরানের দিকে যাওয়ার পথ তৈরি করা যায়,” আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে।

    ইরানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  2. ইরানের উর্ধ্বতন এক গোয়েন্দা কর্মকর্তা নিহত

    ইসরায়েলি এবং যুক্তরাষ্ট্রের হামলায় মোহাম্মদ বাসরি নামে ইরানের একজন উর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

    সংবাদ সংস্থা ইসনা এই সংবাদ প্রকাশ করেছে।

    যদিও ইন্টেলিজেন্স মিনিস্ট্রির এই উর্ধ্বতন কর্মকর্তা কোথায় হত্যা হয়েছেন সেই স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানায়নি সংবাদ সংস্থাটি।

    ইসলামী প্রজাতন্ত্রের নেতা ছাড়াও সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের কমান্ডার, রেভোলিউশনারি গার্ডস এর কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান নিহত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

  3. পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইরান

    পারস্য উপসাগর এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ইরানের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো হামলা চালিয়েছে।

    ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ আমির হাতামি ইরান নিউজ নেটওয়ার্ককে এ কথা জানিয়েছেন।

    এক বিবৃতিতে সেনাবাহিনী আরো জানিয়েছে, তারা “কয়েকটি পর্যায়ের অভিযান চালিয়েছে”, তবে বিস্তারিত আর কিছু জানায়নি।

  4. দুবাই, দোহা ও বাহরাইনে নতুন করে ইরানি হামলা

    বিবিসি ফার্সির খবরে বলা হয়েছে, নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৪ জন আহত হয়েছে।

    অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে।

    ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে।

    ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।

  5. মিনাব গার্লস স্কুলে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮

    মিনাব কাউন্টির প্রসিকিউটর জানিয়েছেন সেখানে গার্লস স্কুলে হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন ১৪৮ জনে দাঁড়িয়েছে।

    এব্রাহিম তাহেরি ইরানের সংবাদমাধ্যমে বলেছেন, আহতের সংখ্যা এখন ৯৫ জন।

    তিনি জানান, নিহত ও আহতদের বেশিরভাগই শিক্ষার্থী।

    বিবিসি ফার্সির ফ্যাক্ট ফাইন্ডিং বিভাগ জানিয়েছে স্কুলটির অবস্থান ইরানের বিপ্লবী গার্ডের একটি কমপ্লেক্সের কাছে।

    এটি মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয় বলে আগে খবর পাওয়া গিয়েছিল।

  6. মধ্যপ্রাচ্যে হামলা সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

    ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুরপর ইরানের প্রতিশোধমূলকঅবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ঘটেচলেছে ও সাইরেন বাজছে।

    এখানে যা জানা উচিত:

    যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী হামলা

    ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতাবা খালেদির মতে, এই হামলা ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে আঘাত হেনেছে।

    বিবিসি ভেরিফাই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে তেহরানে ‘লিডারশিপ হাউস’, যেটি খামেনির কার্যালয়, সেই কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসের প্রমাণ পেয়েছে।

    রোববার ভোরে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে যে আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ে নিহত হয়েছেন।

    ইরানজুড়ে এ পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে বিস্ফোরণে অন্তত ১০৮ জন নিহত।

    ইরানের পাল্টা হামলা

    ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে এবং তেলআভিভে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলে কমপক্ষে একজন নারী নিহত এবং ১২০ জন আহত হয়েছেন বলে জরুরি সেবাগুলো জানিয়েছে।

    ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে।

    দুবাই, দোহা এবং কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে—দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ঘটনার পর চারজন আহত হয়েছেন, যা বিশ্বের ব্যস্ততম বিমান চলাচল কেন্দ্রগুলোর একটি।

    এ ছাড়া বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনারও প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসিকে জানানো হয়েছে।

  7. তেহরানের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ

    তেহরানের পূর্বাঞ্চল ও আরব অংশের দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিবিসি ফার্সি খবর দিয়েছে।

    তাদের সংবাদে বলা হয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চল ও আজাদি স্টেডিয়ামের কাছেও হামলার লক্ষ্যবস্তু ছিল।

  8. ইরবিল বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ

    ইরাকে কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরে আজ সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    এই বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অবস্থান আছে।

    “বিমানবন্দর এলাকার আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে,” এএফপির খবরে বলা হয়েছে।

    সংবাদ সংস্থাটি বলেছে: “ইরবিলে আমেরিকান বাহিনীর ওপর ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী ছোট একটি গোষ্ঠী”।

    যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী বলেছে, তারা ইরবিলে গতকাল কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

    এর আগে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রগুলো খবর দিয়েছে যে, ইরাকি রেজিস্ট্যান্স ইরাকি কুর্দিস্তানে আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে।

  9. ‘বৈঠক করার সময়’ ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত

    ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

    ইরানি টেলিভিশন জানিয়েছে, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আবদুলরহিম মৌসাভি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্যান্য কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারের সঙ্গে নিহত হয়েছেন।

    খবরে বলা হয়েছে, শনিবারের ওই হামলায় নিহতদের তালিকায় মৌসাভির নামের সঙ্গে আরও রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের চেয়ারম্যান আলী শামখানি।

    ইরানের টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, তারা “একটি প্রতিরক্ষা পরিষদের বৈঠকের সময়” নিহত হন।

  10. দুবাই ও ইসরায়েলে ক্ষয়ক্ষতির কিছু ছবি

    ইরান রাতভর ও আজ সকালে দুবাই ও ইসরায়েলে হামলা চালিয়েছে। এসব হামলায় ক্ষয়ক্ষতির ছবি আসতে শুরু করেছে।

    দুবাইতে ইরানের লক্ষ্যবস্তুতে ছিল ইমিরেটস আন্তর্জাতিক বিমানবন্দর।

    এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র শনিবার সন্ধ্যায় তেলআভিভের কিছু আবাসিক ভবনে আঘাত করেছে।

  11. শিগগিরই গঠিত হচ্ছে ইন্টেরিম লিডারশিপ কাউন্সিল: আলী লারিজানি

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি রেকর্ড করে প্রচারিত একটি সাক্ষাৎকারে বলেছেন, আজই একটি সাময়িক লিডারশিপ কাউন্সিল গঠনের চেষ্টা হচ্ছে এবং সংবিধান অনুযায়ী তাদের ওপর অর্পিত দায়িত্বসমূহ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    মি. লারিজানি বলেন সংবিধানের ১১১ অনুচ্ছেদে বলা আছে যে কোনো কারণে নেতা না থাকলে প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি পরবর্তী নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িকভাবে নেতৃত্ব গ্রহণ করবেন।

    সেটাই যত শিগগির সম্ভব করা হবে বলে জানান তিনি।

  12. ইরানের স্পিকার বললেন- 'ট্রাম্প ও নেতানিয়াহু সীমা অতিক্রম করেছে, মূল্য দিতে হবে'

    ইরানি টেলিভিশনে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার হয়েছে।

    মি. গালিবাফ তার রেকর্ড করা বার্তায় বলেছেন, “ট্রাম্প ও নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের মূল্য দিতে হবে”।

    “আমরা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পরের জন্য পরিকল্পনা করা হয়েছে,” বলেছেন তিনি।

  13. খামেনির সমর্থকদের রাস্তায় নামার খবর সরকারি বার্তা সংস্থায়

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ঘোষণার পর তার কিছু সমর্থক রাস্তায় নেমে এসেছেন বলে খবর দিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো।

    মাশাদের ইমাম রেজার প্রাসাদের পতাকা শোকের রঙ্গে আচ্ছাদিত করা হয়েছে। ইরানের কিছু শহর ছাড়াও ইরাকের বাগদাদ ও কারবালা এবং কাশ্মীরে লোকজন জমায়েত হয়েছে।

    ফার্স নিউজ এজেন্সি বলেছে ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর শুনে সূর্য ওঠার আগেই তেহরানে লোকজন রেভোলিউশন স্কয়ারের দিকে যেতে শুরু করে।

    এটাও সত্যি যে খামেনির সমর্থকদের একটি বড় অংশকেই প্রকাশিত ভিডিওতে দেখা যায়নি।

  14. খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তী পরিষদ সদস্যের প্রথম বার্তা

    গোলাম হোসেইন মোহসেনি-ইজেই ইরানের বিচার বিভাগের প্রধান। তিনি এখন ইন্টেরিম কাউন্সিল বা অন্তর্বর্তী পরিষদের একজন সদস্য। এই পরিষদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার দায়িত্ব পালন করছে।

    ইরনা জানিয়েছে, গোলাম হোসেইন মোহসেনি-ইজেই তার প্রথম বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ‘মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে এমন অপরাধের মাধ্যমে কখনোই ব্যাহত করতে পারবে না’।

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি। তারাও গতকালের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।

    ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।

  15. ‘আগে কখনো হয়নি এমন শক্তি প্রয়োগের’ হুমকি ডোনাল্ড ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন।

    নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন: “ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচন্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!”

    ইরানের বিপ্লবী গার্ডের যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বিবৃতি দিলেন।

    "অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে,” কয়েক ঘণ্টা আগে তারা বলেছে।

  16. আয়াতুল্লাহ আলী খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

    বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্যরা নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে।

    তিন দশকেরও বেশী সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে।

    এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

    সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়।

    এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্তেও তার মতামত দরকার হয়।

    এ নিয়ে বিবিসির রিপোর্টটি পড়তে পারেন এখানে।

  17. খামেনির মৃত্যুতে ইরানে একদিকে শোক, অন্যদিকে আনন্দ করছে মানুষ

    ইরানের কিছু মানুষ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর উদযাপন করছে।

    বিবিসি ফার্সি সার্ভিস গত রাতে কয়েকটি শহরে এমন উদযাপনের ভিডিও যাচাই বাছাই করে দেখেছে।

    অন্যদিকে, রোববার সকালে রাস্তায় সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতেও দেখা গেছে বলে ফার্সি সার্ভিস খবর প্রকাশ করেছে।

    যদিও দেশটিতে এখনো খুব সকাল এবং দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

    মধ্য ইরানের ইশফাহান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেখানে লোকজন আনন্দ করছে ও গাড়ির হর্ণ বাজিয়ে উল্লাস করছে।

    আরেকটি ভিডিওতে দেখা যায়, আতশবাজির আলোয় রাতের আকাশ আলোকিত এবং মানুষজন এক জায়গায় আগুনের চারপাশে জড়ো হয়েছে।

    নিহত বিক্ষোভকারীদের কারো কারো পরিবারও রাস্তায় এবং নিজেদের বাড়িতে এ খবর উদযাপন করেছে।

    তেহরানের কাছে কাজারেও লোকজন উল্লাস করছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    অন্যদিকে, রাজধানী তেহরানের রাস্তায় খামেনির ছবি নিয়ে শোক প্রকাশ করতে দেখা যাচ্ছে লোকজনকে।

    আরো পড়তে পারেন:

  18. খামেনির মৃত্যুকে স্বাগত জানালেন রেজা পাহলভী

    আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির শেষ শাহ-এর (রাজা) নির্বাসিত পুত্র রেজা শাহ পাহলভী।

    ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি প্রথমেই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এই জন্য যে, তিনি ইরানের জনগণের উদ্দেশে বলেছিলেন, “তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে।”

    মি. পাহলভি লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামি প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে, বিশ্বজুড়ে সংঘাত উস্কে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে।

    তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সবচেয়ে ‘জঘন্য অপরাধ’ সংঘটিত হয়েছে দেশের ভেতরেই, যার মধ্যে আছে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা।

    পাহলভির মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত। এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।

    “ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে। কিন্তু এমন সময় আসে, যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে,” লিখেছেন তিনি।

    আরো পড়তে পারেন:

  19. ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করলো সরকারি বার্তা সংস্থা

    ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে বার দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

    কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

    ইরান-ইরাক যুদ্ধের সময়, তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

    মি. শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

    পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

  20. ইরানের স্কুলে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১০৮

    ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে বিস্ফোরণে এখন পর্যন্ত কমপকেষ ১০৮ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একে ‘বর্বোরোচিত কাজ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি "আগ্রাসকদের দ্বারা সংঘটিত অসংখ্য অপরাধের ধারাবাহিকতায় আরেকটি কালো অধ্যায়"।

    স্কুলটি ইরানের বিপ্লবী গার্ডের একটি ঘাঁটির কাছে অবস্থিত, যা হামলার লক্ষ্যবস্তু ছিল।

    তবে স্কুলে হামলার বিষয়টি ওই দুই দেশের দিক থেকে নিশ্চিত করা হয়নি।

    ওদিকে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, হামলায় সারাদেশে ২০১ জন প্রাণ হারিয়েছে। এছাড়া আর ৭৪৭ জন আহত হয়েছে।

    রেডক্রস ও রেডক্রিসেন্ট কর্মকর্তারা জেনেভায় জানিয়েছেন, ঘটনার পর তারা সেখানে রেসপন্স টিম পাঠিয়েছে।