আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিদেশে পাচার করা ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর গোয়েন্দা সেল

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। দেশি-বিদেশি খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

    গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে দুই জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হচ্ছে।

    এরিমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

    আজ এই মামলায় দুজন সাক্ষ্য দেবেন। এর আগে গত ৬ই অগাস্ট মামলার তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

    সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন।

    গত ১০ই জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

  2. পাকিস্তানের পাঞ্জাবে ভারী বৃষ্টিপাত ও বন্যার সতর্কবার্তা জারি, ভূমিধসের আশঙ্কা

    খাইবার পাখতুনখোয়ায় আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা, অবকাঠামো ধ্বংস, সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এনডিএমএ ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে।

    পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।

    পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পিডিএমএ) জানিয়েছে, রোববার থেকে ২৩শে অগাস্ট পর্যন্ত সারা প্রদেশে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ থেকে ২৩শে অগাস্টের মধ্যে পাঞ্জাবে প্রবল ঝড়ো বৃষ্টি এবং উওর পাঞ্জাবে মেঘের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

    এনডিএমএ জানিয়েছে, তোরঘর, বাটগ্রাম, শাঙলা, লোয়ার কোহিস্তান, তত্তাপানি, গিলজিত, হুনজাসহ বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের তীব্র ঝুঁকি রয়েছে।

    পর্যটকদের সতর্ক থাকতে ও অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।

    পিডিএমএ জানিয়েছে, ১৭ থেকে ১৯শে অগাস্টের মধ্যে চেনাব ও ঝিলম নদীতে মাঝারি থেকে বড় ধরণের বন্যার আশঙ্কা রয়েছে।

    এছাড়া সিন্ধু, শতলুজ, ঝিলম ও চেনাব নদীতে পানির প্রবাহ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

    পিডিএমএ’র মুখপাত্র বলেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

    পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংবেদনশীল স্থানে উদ্ধারকর্মীদের মোতায়েন এবং হাসপাতালে পর্যাপ্ত কর্মী উপস্থিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    অন্যদিকে, এনডিএমএ গিলগিত-বালতিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করে পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

    যেভাবে চলছে উদ্ধারকাজ

    প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পাকিস্তানের জাতীয় সংস্থা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশে এনডিএমএ–এর একটি দল ত্রাণ কার্যক্রম তদারকির জন্য পেশোয়ারে পৌঁছেছে।

    ক্ষতিগ্রস্ত এলাকায় পিডিএমএসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন, রেসকিউ ১১২২ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

    এনডিএমএ বলেছে, তারা খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সরকার ও পিডিএমএকে পূর্ণ সহযোগিতা দেবে।

    সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা প্রাদেশিক সরকারকে ত্রাণসামগ্রী সরবরাহ করছি এবং এনডিএমএ সব সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক সংস্থার সঙ্গে পূর্ণ সমন্বয় বজায় রাখছে।”

    এনডিএমএ আরও জানিয়েছে, “উত্তরাঞ্চলে সম্ভাব্য বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা আরো বাড়তে পারে।”

    সংস্থাটি জনগণকে বৃষ্টি ও বন্যার সময় সতর্ক থাকতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পর্যটকদের আগামী পাঁচ থেকে ছয় দিন দুর্গত অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে।