আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিদেশে পাচার করা ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর গোয়েন্দা সেল

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। এদিকে, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তী সরকার। দেশি-বিদেশি খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. আজ রোববার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।
    • রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার। একইসাথে জামিন পেয়েছেন ওই রিকশাচালক।
    • বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এ দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন পরিণত হতে না পারে, সেটি আমাদের লক্ষ্য।”
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সোমবার হোয়াইট হাউজে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে আজ জেলেনস্কির সাথে ভার্চুয়াল বৈঠকে করেছেন ইউরোপের নেতারা।
    • বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, জাতীয় নির্বাচনে 'না' ভোটের বিষয়ে দলটি কখনো প্রস্তাব করেনি।
    • বগুড়া সদরের ছোট কুমিরায় মারকাজ মসজিদের পেছনের একটি খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
    • বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।
    • দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানি।
    • গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।
    • পাকিস্তানের পাঞ্জাবে ভারী বৃষ্টিপাত ও বন্যার সতর্কবার্তা জারি, ভূমিধসের আশঙ্কা।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য ধন্যবাদ। দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়...

  2. বিদেশে পাচার করা ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর গোয়েন্দা সেল

    বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

    আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক প্রধান উপদেষ্টার কাছে এসব তথ্য তুলে ধরেন।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

    এছাড়াও নয়টি দেশে ৩৫২টি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে কিছু বাংলাদেশি অর্জন করেছে বলে জানানো হয়েছে।

    দেশগুলো হচ্ছে অ্যান্টিগুয়া অ‍্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডমেনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ‍্যান্ড নেভিস, নর্থ মেসিডোনিয়া, মালটা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক।

    এ সময় আহসান হাবিব বলেন, দেশে বসেই বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন।

    আরও অনুসন্ধান চলমান আছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা ৩৪৬টি সম্পত্তির সন্ধান মিলেছে।

    এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসা এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে সিআইসি কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

    ছয়টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে।

    তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা যা পেয়েছি এটি "টিপ অব দ্য আইসবার্গ"। আমাদের কাছে এখনো প্রচুর তথ্য রয়েছে যা উন্মোচনে আরও সময় প্রয়োজন।”

    এই অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা শেখ হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডাটবেজ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় নিজেদের লোক বসিয়ে বহু তথ‍্য গায়েব করে দিয়েছে জানিয়ে বলে জানান সিআইসির মহাপরিচালক।

    “আশার বিষয় হচ্ছে মুছে দেওয়া তথ‍্য উদ্ধারে দক্ষতা অর্জন করেছে সিআইসি” বলেন তিনি।

    পরে প্রধান উপদেষ্টা অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    তিনি বলেন, “এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে।”

    সিআইসিকে অনুসন্ধান কাজ চলমান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    দেশের অর্থনৈতিক খাতের এই লুটপাটকে ভয়াবহ দেশদ্রোহিতা হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন‍্য একটি সুন্দর দেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই এই লুটেরাদের আইনের আওতায় আনতে হবে।”

  3. এ দেশ যেন চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে: তারেক রহমান

    বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এ দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন পরিণত হতে না পারে, সেটি আমাদের লক্ষ্য।”

    আজ রোববার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় কবিতা পরিষদ এই মতবিনিময় সভার আয়োজন করে।

    তিনি বলেন, “আমাদের সাথে আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যা না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সকলে এক। এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের সকল নাগরিক।”

    এ জন্য দেশে একটি দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন মি. রহমান।

    “এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকার প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন” বলেন তিনি।

    আর তাহলেই কবি – লেখকদের লেখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা গড়ে তোলা যাবে বলে মন্তব্য করেন মি. রহমান।

  4. ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজী হয়েছেন পুতিন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শুক্রবারের আলাস্কা সফরের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

    মি. উইটকফ সিএনএনকে জানান, “যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে, এ বিষয়ে পুতিন সম্মত হয়েছেন।” এই বিষয়টিকে তিনি ‘গেম চেঞ্জিং’ বলে মন্তব্য করেছেন।

    তিনি এই অ্যারেঞ্জমেন্টকে নেটোর গুরুত্বপূর্ণ বিধান ‘আর্টিকেল -৫’ এর মতো বলে বর্ণনা করেছেন।

    প্রসঙ্গত, নেটো চুক্তি অনুযায়ী, কোনো একটি সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণকে সকল সদস্য দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হয়।

    মি. উইটকফ আরো বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে আর কোনো ভূখণ্ডে না যাওয়ার বিষয়েও রাজী হয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

  5. বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ

    বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ের হত্যা মামলায় একটি বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।

    যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওই হত্যা মামলায় মি. উদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

  6. মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন

    রাজধানীর মহাখালীতে যমুনা পেট্রোল পাম্প নামে একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। তবে আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

    তেজগাঁও ফায়ার স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. তামিম হোসেন বিবিসি বাংলাকে এ খবর নিশ্চিত করেন।

    তিনি জানান, এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস।

    সন্ধ্যা সাতটার পর এ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় প্রায় আধা ঘন্টা পর তা নিয়ন্ত্রনে এসেছে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

    বেশ কয়েকটি গণমাধ্যমে সাংবাদিকরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়া হচ্ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। প্রথমে পাম্পের লোকজন আগুন নেভাতে চেষ্টা করে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

  7. হোয়াইট হাউস সফরের আগে জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন ইউরোপের নেতারা

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সোমবার হোয়াইট হাউজে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে জেলেনস্কির সাথে ভার্চুয়াল বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা।

    এই বৈঠকে আরও যোগ দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

    ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী এবং অন্যান্য ইউরোপীয় নেতারা “ পুনরায় আলোচনার পরবর্তী এই ধাপকে সমর্থন করতে প্রস্তুত এবং ইউক্রেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করবেন।”

    ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আজ রোববার ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং অন্যান্য মিত্রদের সাথে এই ভার্চুয়াল বৈঠক করছে।

    এরই মধ্যে ভার্চুয়াল এই বৈঠক শুরু হয়েছে। এতে নেটোর নেতারাও অংশ নিয়েছেন।

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এই বৈঠকটি আয়োজন করেছেন। তিনি বৈঠকে অংশগ্রহণকারী সকলকে বিশেষ করে অস্ট্রেলিয়া ও জাপান বৈঠকে যোগ দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

    “আমাদের বেশ কয়েকটি লক্ষ্য রয়েছে ” জানিয়ে ম্যাক্রোঁ এজেন্ডার যে আউটলাইন দিয়েছেন তাতে “ওয়াশিংটন ডিসিতে আগামীকাল জেলেনস্কির সফরের আগে কৌশল নির্ধারণ” অন্তর্ভূক্ত রয়েছে।

    ভিডিও কলে স্যার কিয়ের স্টারমার, জর্জিয়া মেলোনি এবং ফ্রেডরিক মার্জকেও দেখা গেছে। জেলেনস্কির বামপাশে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বসে রয়েছেন।

    কাল ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত শুক্রবার বৈঠকে ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন।

  8. 'না' ভোটের বিষয়ে বিএনপি কখনো প্রস্তাব করেনি: নজরুল ইসলাম খান

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, জাতীয় নির্বাচনে 'না' ভোটের বিষয়ে দলটি কখনো প্রস্তাব করেনি।

    আজ রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মি. খান জানান, 'না' ভোটের ব্যাপারে বিএনপি এই প্রস্তাব কখনো করে নাই। এক এগারোর সরকারের সময়ে এটা একটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিন্তু নিয়ম হলো যখন নির্বাচিত সরকার থাকে না বা ইন বিটুইন টু পার্লামেন্ট সেশনস, রাষ্ট্রপতি অধ্যাদেশ করে আইন করতে পারে। সে রকম করে আইন করা হয়েছিলো না ভোটের বিধান।

    “ কিন্তু একমাত্র ২০০৮ সালের নির্বাচনে এই না ভোটের বিধানটা কার্যকর ছিলো। কিন্তু না ভোট খুব একটা পরে না আমাদের দেশে। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয় নাই। এটা কিছু বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে হইছিলো” বলেন মি. খান।

    ২০০৯ সালে যারা দায়িত্ব নিয়েছিল এক মাসের ভিতরে তাদেরই ওই অধ্যাদেশগুলো অনুমোদন করার কথা ছিলো। তারা এই না ভোটের বিধান অনুমোদন না করায় এটি আইনে পরিণত হয় নাই বলে জানান মি. খান।

    একইসাথে এবার আবার না ভোটের যে প্রস্তাব করা হচ্ছে, সেটি আবার নতুন প্রস্তাব এবং বিএনপি এই প্রস্তাব করেনি বলে জানান তিনি।

    মি. খান বলেন, “ বিষয়টি এখনও আমাদের কাছে বিবেচনার জন্য আসেনি। যদি নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো পরিবর্তন করতে চায় আরপিওতে তারা আমাদেরকে জানাবে। জানালে আমরা দলে আলোচনা করে মতামত দিব।”

    ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন শঙ্কার বিষয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নির্বাচন হওয়ার কথা জানেন বলেও উল্লেখ করেন মি. খান।

    আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো হয়নি বলে জানান মি. খান।

  9. বগুড়ায় খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী

    বগুড়া সদরের ছোট কুমিরায় মারকাজ মসজিদের পেছনের একটি খাল থেকে ছয়টি গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

    সদর থানার ওসি মো. হাসান বাসির বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    বেলা দুইটা থেকে এই অভিযান শুরু হয়ে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে এখনও এই অভিযান চলছে বলে জানান তিনি। প্রাথমিকভাবে দেখে গ্রেনেডগুলো অন্তত ১০ – ১৫ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তবে বিশেষজ্ঞ দল এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    “বেলা দুই ঘটিকার সময় সংবাদ পাই মাছ ধরার সময় গ্রেনেড সদৃশের একটা জিনিস যে ছেলেরা মাছ ধরছিলো তারা খুঁজে পেয়েছে। পরে দ্রুত আমি ঘটনাস্থলে চলে আসি। এসে আমরা চারটা গ্রেনেড দেখতে পাই। আমরা সনাক্ত করে ফেলি এগুলো জেনুইন গ্রেনেড কিন্তু পুরোনো” জানান মি. বাসির।

    পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানানো হলে তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা এসে চারটি গ্রেনেড ‘কর্ডন’ করে।

    পরে আবারও তল্লাশী চালিয়ে আরও দুইটি গ্রেনেড পাওয়া যায় বলে জানিয়েছেন ওসি মি. বাসির।

    সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছুলে গ্রেনেডগুলোর বিষয়ে ব্যবস্থা করবেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

  10. শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা কার্যক্রম শুরু

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে ঘিরে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেওয়ার অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

    আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।

    ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় আলোচিত একটি বই ছিল শেখ মুজিবের জীবনী নিয়ে লেখা এই ‘অসমাপ্ত আত্মজীবনী’।

    ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। তবে সম্প্রতি বাংলাদেশের একটি গণমাধ্যমে প্রতিবেদনে ভিন্ন তথ্য প্রকাশ করা হয়।

    এতে বলা হয়েছে, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে থাকা ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।

    দুদকের মহাপরিচালক মি. হোসেন জানিয়েছেন, এ ঘটনার তদন্তে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুদক।

    ২০১২ সালে বইটি প্রকাশের পর বইটির সম্পাদক এবং প্রকাশকরা বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, এই আত্মজীবনীতে মূলত ঠাঁই পেয়েছে ১৯৫৪ সাল পর্যন্ত শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের প্রথম পর্বের ঘটনাবলী।

    ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লিখতে শুরু করেন শেখ মুজিবুর রহমান। আত্মজীবনীর পাশাপাশি এই নেতা আরও বেশ কয়েকটি বিষয় তার লেখনীর মাধ্যমে তুলে ধরেন।

    এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।

  11. হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার

    দাম নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করতে পারবে।

    আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএসএস এ সংবাদ প্রকাশ করেছে।

    তিনি বলেন, দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ টন পেঁয়াজ আমদানির জন্য সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে।

    ইউসুফ আলী বলেন, আমদানিকারক ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রত্যেককে ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। তারা পেঁয়াজ আমদানি করতে পারবেন যে কোনো সময়। আমদানির ক্ষেত্রে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

    বন্দরের পাইকারি ব্যবসায়ী মো. রিয়াজুল হক বলেন, পেঁয়াজ আমদানির খবরে দুই দিনের ব্যবধানে আজ দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। গত দুইদিন যে পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ ওই পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

    হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, অনুমতি প্রাপ্ত ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানির জন্য আজ এলসি খোলা শুরু করেছে। আশা করা যায়, আগামীকাল সোমবার ভারত থেকে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হবে।

  12. শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হবে: প্রসিকিউটর

    গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম।

    এই মামলায় আজ রোববার চতুর্থ দিনে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। ৮১ জন সাক্ষীর মধ্যে চারদিনে ৯ জনের সাক্ষ্য নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    নাঈম শিকদার নামে আন্দোলনে আহত একজন আদালতে দেয়া তার সাক্ষ্যে জানান, কিডনি, লিভার ও স্পাইনাল কর্ডসহ তার শরীরের বিভিন্ন জায়গায় এখনো পাঁচ শতাধিক স্প্রিন্টার নিয়ে তিনি ধুঁকছেন।

    আরেক সাক্ষী আবদুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা তুলে ধরেন তার সাক্ষ্যে।

    আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজও ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    গত ১০ই জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এছাড়া রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও তিনটি মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    এসব মামলায় প্রসিকিউশন সময় আবেদন করলে তদন্ত রিপোর্ট দাখিলের সময় পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল।

  13. ধানমন্ডির ৩২ নম্বরে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার

    রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

    দায়েরকৃত মামলায় রিকশাচালক আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

  14. একনেকে ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০ প্রকল্পের অনুমোদন

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ছয় হাজার ৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

    আজ রোববার পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

    এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৮২১ কোটি ৫৮ লাখ টাকা, প্রকল্প ঋণ দুই হাজার ৪২৮ কোটি চার লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা।

    প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি, সংশোধিত প্রকল্প দুইটি এবং ব্যয় - বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প রয়েছে।

  15. ধানমন্ডি ৩২ নম্বরে আটক রিকশাচালককে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত

    ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছে আদালত।

    আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।

    এরই মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আজ সকালে জানিয়েছে, তাকে হত্যা মামলায় আসামি করা হয়নি। পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গত শুক্রবার ১৫ই অগাস্ট ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান।

    পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

    এরই মধ্যে কোনো কোনো পত্রিকায় খবর প্রকাশ হয় যে, শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের চৌঠা অগাস্ট সাইন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    ধানমন্ডি থানায় এ মামলা করা হয় গত দোসরা এপ্রিল। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

  16. বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না: পরিবেশ উপদেষ্টা

    বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    গত শুক্র ও শনিবার বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অন্তত দুইটি মিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তবে, শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে বলেছেন বলেও তারা জানিয়েছেন। তবে, এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

    রাষ্ট্রপতির ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন তৈরি হয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে।

    এমন অবস্থায় রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

    বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোন প্রভাব ফেলবে না।

    অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের কারণে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না।

  17. ডা. নিতাই হত্যা মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত

    জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যাকাণ্ডের এক যুগের বেশি সময় পর সেই মামলায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৩ বছর আগের এ ঘটনায় আজ রায় দিয়েছে বিচারিক আদালত।

    একইসাথে আরও চার জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

    আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত - ১০ এর বিচারক মো. রেজাউল করিমের আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ডা. নিতাইয়ের গাড়িচালক কামরুল হাসান অরুণ, বকুল মিয়া, মাসুম মিন্টু ওরফে মিন্টু, মো. হোসেন মিজি ও সাঈদ ব্যাপারী।

    মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

    ২০১২ সালের ২৩শে অগাস্ট মহাখালীতে নিজের বাড়িতে খুন হন ডা. নিতাই। এ ঘটনায় ডা. নিতাইয়ের বাবা তড়িৎ কান্তি দত্ত ওই দিনই বনানী থানায় মামলা করেন।

    এজাহারে বলা হয়েছে, চুরি করার সময় দেখে ফেলায় ডা. নিতাইকে হত্যা করা হয়। আসামিরা নগদ পাঁচ লাখ টাকা ও দুইটি স্বর্ণের বালা নিয়ে যায়।

  18. সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি পেছাল

    গত বছরের জুলাই-অগাস্টে আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম হত্যা মামলা বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা আবেদনের শুনানি দুই মাস পিছিয়েছে।

    রোববার হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা ছিল।

    তবে আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আগামী ২৬শে অক্টোবর নতুন দিন নির্ধারণ করা হয়েছে।

    গত বছরের ১৮ই জুলাই আব্দুল কাইয়ুম হত্যার অভিযোগে করা মামলায় গত ২৪শে জুলাই ঢাকার ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিনে তাকে কারাগারে পাঠানো হয়।

    এ মামলার কার্যক্রম স্থগিত ও জামিন চেয়ে সাবেক বিচারপতি খায়রুল হক ৭ই অগাস্ট আবেদনটি করেন।

    পরে গত ১১ই অগাস্ট এই বেঞ্চেই খায়রুল হকের জামিন আবেদনের শুনানি নিয়ে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়। সেদিন আদালত শুনানির জন্য আজকের তারিখ অর্থাৎ ১৭ই অগাস্ট ধার্য করেন।

  19. রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন ৩০শে সেপ্টেম্বর

    রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান।

    রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

    খলিলুর রহমান সংবাদিকদের বলেন, এই সম্মেলন হলো রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য আশু সমাধানের পথ নির্দেশিকা দেওয়ার একটি স্থায়ী সুযোগ। আমরা সেই কারণে রোহিঙ্গাদের ভয়েস, তাদের কথা, তাদের আশা-আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এসব আমরা সেখানে নিয়ে যেতে চাই।

    ওই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আগামী ২৫শে অগাস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথাও জানিয়েছেন তিনি।

    এজন্য ঢাকায় থাকা বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের রোহিঙ্গা ইস্যুতে রোববার সকালে ব্রিফ করার কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

    ব্রিফিং শেষে খলিলুর রহমান বলেন, ‘একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এখন যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে।’

  20. ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালককে হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

    ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে আটক করার পর তাকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

    পুলিশের দাবি, তাকে সন্দেহভাজন আসামী হিসেবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে।

    রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গত শুক্রবার ১৫ই অগাস্ট ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

    এরইমধ্যে কোনো কোনো পত্রিকায় খবর প্রকাশ হয় যে, শেখ হাসিনার সরকার পতনের আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ঠা অগাস্ট সাইন্সল্যাব এলাকায় গুলিবিদ্ধ মো. আরিফুল ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ধানমন্ডি থানায় এ মামলা করা হয় গত ২রা এপ্রিল।

    এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক সমালোচনা হয়।

    নানা আলোচনা-সমালোচনার মুখে ডিএমপির সংবাদবিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

    পুলিশের দাবি, প্রকৃতপক্ষে আটক মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা।

    এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে ডিএমপি।