আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরতে পারেন তারেক রহমান, জানিয়েছেন তার উপদেষ্টা

আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, একথা জানিয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সরাসরি কভারেজ

  1. ট্রাম্পের নতুন শুল্ক চালু, বাণিজ্যযুদ্ধ আরও বাড়ছে

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অনেক দেশের ওপর নতুন করে যেসব শুল্ক বসিয়েছেন, যা আজ থেকে কার্যকর হয়েছে। এতে ট্রাম্পের নেতৃত্বে চলা বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হলো।

    ট্রাম্প মধ্যরাতে তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!”

    সবশেষ আলোচনার পর বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্কের হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। তবে আগে থেকে বাংলাদেশের পণ্যে গড়ে ১৬.৫ শতাংশ মার্কিন শুল্ক ছিল, ফলে এখন মোট শুল্কহার দাঁড়াবে ৩৬.৫ শতাংশে।

    তবে বুধবার ট্রাম্প ভারতের ওপর শুল্ক আরও বাড়িয়ে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। কারণ তিনি চান বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশটি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করুক।

    ভারত এই সিদ্ধান্তকে “অন্যায়, অযৌক্তিক ও ভিত্তিহীন” বলে জানিয়েছে। ভারতের ওপর এই শুল্ক ২৭শে অগাস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

    তিনি আরো বলেন, যদি প্রযুক্তি কোম্পানিগুলো আমেরিকায় বিনিয়োগ না করে তাহলে বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

    এরপর অ্যাপল ঘোষণা দেয় তারা আমেরিকায় ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে।

    এর আগে ট্রাম্প প্রশাসন নতুন করে আমদানি পণ্যের তালিকা তৈরি করে এবং দেশগুলোকে চুক্তি করার সময় দেয় ৭ই অগাস্ট পর্যন্ত।

    অনেক দেশ এখন আমেরিকার সঙ্গে চুক্তি করতে ব্যস্ত হয়ে পড়ে, যাতে শুল্ক কমানো বা বাদ দেওয়া যায়। ট্রাম্প মনে করেন, আমেরিকাকে বাকি দুনিয়া ঠিকমতো বাণিজ্যের সুযোগ দেয় না।

    এই শুল্ক আরোপের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যেমন লাওস ও মিয়ানমার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ওপর ৪০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, যেসব দেশের সঙ্গে চীনের ভালো ব্যবসায়িক সম্পর্ক আছে, ট্রাম্প সেসব দেশকেই টার্গেট করছেন।

    তবে যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো কিছু বড় দেশ আগেই আমেরিকার সঙ্গে চুক্তি করে শুল্ক কমিয়ে নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও একটি চুক্তি করেছে, যেখানে তারা ১৫ শতাংশ শুল্ক মেনে নিয়েছে।

    তাইওয়ানের ওপর ২০ শতাংশ শুল্ক বসানো হয়েছে, তবে তাদের প্রেসিডেন্ট বলেছেন এটা অস্থায়ী এবং আলোচনাও চলছে।

    কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, কারণ ট্রাম্প বলছেন, তারা মাদক পাচার ঠেকাতে সাহায্য করছে না।

    তবে কানাডার বেশিরভাগ পণ্য আগের এক চুক্তির কারণে এই শুল্কের বাইরে থাকবে। মেক্সিকোর ওপর বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে, আলোচনা চলছে।

    বুধবার ট্রাম্প বলেন, বিদেশে তৈরি সেমিকন্ডাক্টরের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। তবে যেসব কোম্পানি আমেরিকায় অনেক বিনিয়োগ করেছে, যেমন- টিএসএমসি, স্যামসাং, এসকে হাইনিক্স তারা এই শুল্ক থেকে রেহাই পাবে।

    ব্রাজিলের ওপরও ৫০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট আমেরিকার প্রযুক্তি কোম্পানিকে অন্যায়ভাবে আক্রমণ করছেন এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে মামলা চালানোকে উইচ হান্ট বলছেন।

    চীন ও আমেরিকা একসঙ্গে বসে আলোচনা করছে যাতে ১২ই অগাস্ট শেষ হতে যাওয়া ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা বাড়ানো যায়।

    আরও পড়ুন-

  2. ভারতে মেঘভাঙা বৃষ্টি: এখনো নিখোঁজ ১৬ জন, চারশ পর্যটক আটকা

    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মেঘভাঙা বৃষ্টির ঘটনায় ধ্বংসস্তূপ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

    মহারাষ্ট্র থেকে গঙ্গোত্রীর পথে রওনা হওয়া ১৬ জনের সঙ্গে ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পরে এখনো কোনো যোগাযোগ করা যায়নি।

    মঙ্গলবার দুপুরে উত্তরাখণ্ডের উত্তরকাশী এলাকার ধরালি গ্রামে হঠাৎই প্রবল জল-পাথর-মাটির স্রোত নেমে আসে। বহু হোটেল-রিসর্ট এবং বাসভবন স্রোতে ভেসে যেতে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে।

    ওই এলাকাটি গঙ্গোত্রী যাওয়ার পথে একটি জনপ্রিয় পর্যটনস্থল।

    রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান বলছেন, প্রায় চারশ পর্যটক এখনও ওই এলাকায় আটকে আছেন। তাদের হেলিকপ্টারে করে সরিয়ে আনার কাজ চলছে।

    উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন।

    সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বৃহস্পতিবার সকাল থেকে আবারও হেলিকপ্টার ওড়া শুরু হয়েছে এবং ৪৪ জনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ।

    জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী – এনডিআরএফ, সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ওই অঞ্চলে।

    গঙ্গোত্রী পর্যন্ত রাস্তা বহু জায়গায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ফলে উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে বলে জানাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

    রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইন্সপেক্টর জেনারেল অরুণ মোহন যোশী জানিয়েছেন অত্যাধুনিক সরঞ্জাম সঙ্গে নিয়ে বৃহস্পতিবার যদি উদ্ধারকারী দল হর্ষিল এলাকায় পৌঁছে যেতে পারেন, তাহলে উদ্ধার কাজে আরও গতি আসবে।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে