আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প

রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনে সিইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার পর ভারতে একশো জনের বেশি নিখোঁজ। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার যা যা হলো:

    • বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নিয়ম অনুযায়ী, এরপরে কবে ভোটগ্রহণ করা হবে, সেটা নির্ধারণ করতে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী তারা তফসিল ঘোষণা করবে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০-শতাংশে। মি. ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে।
    • মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ১০০ র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলেছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
    • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে’ বিএনপির ‘বিজয় র‍্যালি’ পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
    • কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।
    • জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২৯শে জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়।
    • নোয়াখালীর বেগমগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। পুলিশ ও নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি তাদের ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে তাদের বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।
    • স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও অফিসার-ইন-চার্জ (ওসি)-দের লটারির মাধ্যমে বদলি করা হবে।
    • গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা। জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা "ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে"।

    বিবিসি বাংলার লাইভ পাতাটি আজকের মতো এখানেই শেষ হলো।

    নতুন খবর নিয়ে বৃহস্পতিবার আবার লাইভ পাতা চালু হবে।

    বিবিসি বাংলার আরো খবর পড়তে ভিজিট করুন আমাদের মুলপাতা

  2. রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

    বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

    প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়ে বলেছে, এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

    নিয়ম অনুযায়ী, এরপরে কবে ভোটগ্রহণ করা হবে, সেটা নির্ধারণ করতে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী তারা তফসিল ঘোষণা করবে।

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন বলে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে বলা হয়, গত ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া তাঁর ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার কথা বলেন।

    তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়।

    নির্বাচন কমিশনে পাঠানো পত্রে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন।

    বিগত পনের বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

    শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

  3. রাশিয়ার তেল কেনার শাস্তি, ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছেন।

    এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়ালো ৫০-শতাংশে।

    মি. ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই আদেশ জারির একুশ দিন পর থেকে এটি কার্যকর হবে।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ভারতের শুল্ক বাড়ানো হতে পারে বলে সতর্ক করেছিলেন। তখন তিনি বলেছিলেন ‘ইউক্রেনে রাশিয়ান অস্ত্রে কত মানুষ মারা যাচ্ছে তা ভারত আমলে নিচ্ছে না’।

    এরই মধ্যে গত ৩১শে জুলাই ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছিন মার্কিন প্রেসিডেন্ট।

    তখন ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিলো।

    ডোনাল্ড ট্রাম্প পরে বলেছিলেন, আগামী শুক্রবার বা আটই অগাস্টের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হয়, তাহলে এই দেশের সাথে এখনো বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।

    তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা।

    ওদিকে ভারতেও ওপর আরও শুল্ক চাপানোর হুমকি দিয়ে ট্রাম্প যা বলেছিলেন তা ভারতও প্রতিক্রিয়া দেখিয়েছিলো।

    রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে যে নিশানা করছে, অথচ তারা নিজেরাই তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালাচ্ছে বলে উল্লেখ করেছে দিল্লি।

    দিল্লি বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতকে নিশানা করছে।

    বর্তমানে ভারত রাশিয়ার খনিজ তেলের সব থেকে বড় আমদানিকারক দেশ। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনের ওপরে আক্রমণ করার পর থেকে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য কমিয়ে দিয়েছে, তবে সেই সময় থেকেই রাশিয়ার কাছে ভারত একটা বড় বাজার হয়ে উঠেছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছর কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সাড়ে তিনশো কোটি ডলারের বাণিজ্য চালিয়েছে।

    ভারত স্পষ্ট করে দিয়েছে, যে কোনো বৃহৎ অর্থনীতির মতোই নিজেদের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষা করতে ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

  4. মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার পর ভারতে একশো জনের বেশি নিখোঁজ

    মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাৎ বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ১০০ র বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

    উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কার সিং ধামি বলেছেন, এখন পর্যন্ত কমপক্ষে ১৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

    উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ মঙ্গলবার মেঘভাঙা বৃষ্টির পর অকস্মাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়।

    কোনো ছোট এলাকায় (এক থেকে দশ কিলোমিটার বিস্তৃত) এক ঘণ্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হলে সেই ঘটনাকে ক্লাউডবার্স্ট বা মেঘ ভাঙা বলে চিহ্নিত করা হয়।

    এই জাতীয় বৃষ্টির ফলে পার্বত্য অঞ্চলে প্রায়শই ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা এবং ল্যান্ডস্লাইড বা ভূমিধস দেখা যায়।

    ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন বিশেষত উত্তরাখণ্ডের মতো পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে।

    গঙ্গোত্রী ধামের প্রায় ২০ কিলোমিটার আগে অবস্থিত ধরালি। প্রতি বছর চারধাম যাত্রার সময় বিপুল সংখ্যক ভক্তের সমাগম দেখা যায়।

    গত কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ব্যাপক বিপর্যয় দেখা দেয়।

    প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেন কাদা, বোল্ডার মিশ্রিত জলের তীব্র স্রোত গ্রামের দিকে ধেয়ে আসছে। মুহূর্তে ওই অঞ্চলের বাসভবন, হোটেল, দোকানঘর ভাসিয়ে নিয়ে যায় অকস্মাৎ বন্যা।

  5. জুলাই ‘গণ অভ্যুত্থানে’ আহত ৭৮ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে

    মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, গণঅভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর,রাশিয়া এবং তুরস্কে প্রেরণ করা হয়েছে এবং তাদের চিকিৎসা বাবদ ৯৭ কোটি ৫০ লাখ ২৮ হাজার ১০২ টাকা ব্যয় করা হয়েছে ।

    তিনি জানান, ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত জুলাই ছাত্র - শ্রমিক গণ অভ্যুত্থানে নিহত শহিদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, আহত ব্যক্তিরা প্রতি মাসে ক্যাটাগরি অনুযায়ী ভাতা পাবেন । 'ক' শ্রেণির জুলাই যোদ্ধারা ২০ হাজার, 'খ' শ্রেণির জুলাই যোদ্ধারা ১৫ হাজার এবং 'গ' শ্রেণির জুলাই যোদ্ধারা ১০ হাজার টাকা করে।

    “তারা এককালীন অনুদানও পেয়েছেন। আহতদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে, যা সরকারের সব হাসপাতালে প্রযোজ্য হবে। এই উদ্দেশ্যে তাদের একটি হেলথ কার্ডও প্রদান করা হয়েছে,” বলেছেন তিনি।

  6. ভিন্নমত থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভিন্নমত থাকলেও জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।

    “গণতন্ত্রের অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি। প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে। কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে,” বিএনপির বিজয় র‍্যালি–পূর্ব সমাবেশে ভার্চুয়ালি দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

    শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে’ এই ‘বিজয় র‍্যালি’ করছে বিএনপি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।

    সমাবেশের পর বিজয় র‍্যালী শুরু হয় এবং র‍্যালীটি পল্টনে মোড় থেকে জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা, মৎস্যভবন মোড় ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সড়ক হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এদিন ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে একযোগে বিজয় শোভাযাত্রা করে বিএনপি।

    এ কর্মসূচির কারণে পুরো এলাকায় তীব্র যানজট তৈরি হয় এবং যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে অসংখ্য মানুষকে।

    সমাবেশে দেয়া বক্তৃতায় তারেক রহমান বলেন, অন্ধকার থেকে আলোর পথের যাত্রা শুরু হয়েছে এবং ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমবাদ যেন আলোর পথে রেখা টেনে দিতে না পরে সেজন তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানান।

    “যিনি যে রাজনৈতিক দলের সদস্যই হন না কেন, আমাদের অবশ্যই সবার কথা মনে রাখা দরকার। দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে, তাহলে আমরা কেউই নিরাপদ নই। একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই আমাদের নিরাপত্তা দিতে পারে,” বলেছেন তিনি।

  7. সংসদ নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে পুলিশের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের প্রতিটি কেন্দ্রেই বডি-ওর্ন ক্যামেরা দেয়া হবে।

    “আমাদের ৪৭ হাজার ভোট কেন্দ্রের প্রতি কেন্দ্রেই একটি করে বডি-ওর্ন ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে৷ পুলিশের মধ্যে যিনি সিনিয়র পদধারী থাকবেন, তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে,” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন তিনি।

    প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন ইতোমধ্যেই বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য তারাও তাদের প্রস্তুতি গ্রহণ করছে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী, আনসার, পুলিশসহ বিভিন্ন প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন।

    “সব বাহিনীকেই প্রশিক্ষণ দেয়া হবে৷ প্রিজাইডিং অফিসাররা যেন কারো বাসায় না থেকে নির্বাচনি কেন্দ্রে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে৷ তাদের সাথে আনসার এবং পুলিশ সবাই থাকবে৷ বাহিনীগুলোর প্রশিক্ষণের পর তাদের মহড়া দেয়ার ব্যবস্থাও করা হবে। নির্বাচনটা যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালোভাবে হতে পারে সে অনুশীলন করা হবে,” বলেছেন তিনি।

  8. নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও অফিসার-ইন-চার্জ (ওসি)-দের লটারির মাধ্যমে বদলি করা হবে।

    নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি আজ সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

    উপদেষ্টা বলেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি৷ তিনি বলেন, এ সভায় নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে৷

    “নির্বাচনের সময় দেখা যায় প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে পদায়ন করতে চান৷ কিন্তু আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করবো। লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পদায়ন করা হবে,” বলেছেন তিনি।

  9. কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি

    কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

    দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

    এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।

    দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- ‘গতকাল ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি’।

    এতে আরও বলা হয়: “এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহবায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি”।

    প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিলো।

    স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিলো, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন।

    তবে অস্বীকার করে খবরটি "গুজব" বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

    "এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না," কক্সবাজার থেকে তখনই বিবিসি বাংলাকে বলছিলেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

    "হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি," বলেছিলেন মি. পাটওয়ারী।

  10. গাজায় অভিযানের আকার বাড়লে পরিণতি হবে ‘বিপর্যয়কর'- সতর্কতা জাতিসংঘের

    গাজায় ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারিত হলে ‘বিপর্যয়কর পরিণতির’ বিষয়ে সতর্ক করেছেন জাতিসংঘের একজন শীর্ষ কর্মকর্তা।

    জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল মিরস্লাভ জেনকা বুধবার নিরাপত্তা পরিষদের সভায় বলেছেন, আন্তর্জাতিক আইনের আওতায় গাজা "ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ও তা হয়েই থাকবে"।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার পুরোটাই দখল করতে চাইছেন বলে ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসার পর এমন সতর্কতা এলো।

    ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা বৃহস্পতিবার বৈঠকে বসবে। এ ধরনের কার্যক্রমের জন্য এই মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হবে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎয বলেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে।

    এর আগে আইডিএফ প্রধান ইয়াল জামির গাজার পূর্ণাঙ্গ দখলের পরিকল্পনার বিরোধিতা করছেন বলে দেশটির সংবাদ মাধ্যমে খবর এসেছে।

    প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ইসরায়েলের রাজনীতিকরা সিদ্ধান্ত নেয় এবং আইডিএফ তা বাস্তবায়ন করে পেশাদারিত্বের সাথে।

    ওদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে গাজায় অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩-এ দাঁড়িয়েছে।

  11. দ্রুত অধ্যাদেশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

    ঢাকার সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এর এক পর্যায়ে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে কিছুক্ষণ অবরোধ পালন করেছে তারা।

    তবে বেলা তিনটার দিকে পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ঢাকা কলেজের দিকে সরে গেছে।

    এর আগে আজ সকালে প্রথমে ঢাকা কলেজের সামনে জড়ো হয় তারা। এরপর সেখান থেকে বিক্ষোভ ও মিছিল কর্মসূচি শুরু করে।

    বেলা একটার দিকে তারা সড়ক অবরোধ করলে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়।

    প্রায় আধাঘণ্টার মতো তারা সেখানে অবস্থান করে বলে পুলিশ জানিয়েছে।

    প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তালিকায় থাকা এসব কলেজকে আলাদা করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করা হবে চলতি বছরের মার্চে জানায় সরকার।

    পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।

    কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

  12. নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার

    নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

    নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এবং আগামী ৩১শে অগাস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি, নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

    সেইসাথে, সেপ্টেম্বরের মাঝে সকল কেনাকাটা সম্পন্ন হবে উল্লেখ করে সিইসি আরও জানান যে নির্বাচনের আগে মিডিয়াসহ সকল অংশীজনের সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন।

    "একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ... আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনও ঘাটতি আছে কিনা। আমরা লুকিয়ে কোনও কাজ করতে চাই না," তিনি যোগ করেন।

  13. আবু সাঈদ হত্যার বিচার শুরু

    জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

    আজ বুধবার দুপুরে বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল এ আদেশ দেন।

    গত ২৯শে জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে গত ৩০শে জুলাই এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজ ছয়ই অগাস্টকে ধার্য করে ট্রাইব্যুনাল।

  14. চাইলে তিন মাসের মাঝে নির্বাচন সম্ভব: মির্জা ফখরুল

    "১৯৯১ সালে একটি ছাত্র গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিলো। তখন তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এখন এই নির্বাচন আরও সম্ভব, কারণ জনগণ এটি চায়। জনগণই আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।"

    দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কি না, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আজ বুধবার সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, "আমরা (বিএনপি) ও পুরো জাতি মনে করে, দ্রুত নির্বাচনই একমাত্র পথ, যা দিয়ে আমরা বর্তমানে রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে পারি।"

    তিনি আরও বলেন, "প্রফেসর ইউনূস এখন পর্যন্ত যতগুলো কাজ করেছেন, তাতে উনি প্রমাণ করেছেন, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য উনি এমন কিছু করবেন না, যাতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।"

    সংবাদ সম্মেলনে তার সাথে আরও ছিলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

    এ সময় সালাহউদ্দিন আহমেদও আরেকটি পৃথক প্রশ্নের জবাবে বলেন, গতকালের ঘোষণাপত্রে বলা হয়েছে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার-সংশোধনী বাস্তবায়ন করবে। এটিই বৈধ, আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া।

  15. শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে।

    বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এর আগে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন।

    এর আগে, গত ১০ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের তিনজনের বিচার শুরুর আদেশ দেয়।

  16. নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাত জন নিহত

    নোয়াখালীর বেগমগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন।

    আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া।

    তিনি জানান, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে ড্রাইভারসহ একই পরিবারের ১২ জন ছিলেন। তাদের মাঝে সাতজনই ঘটনাস্থলে মারা যান। বাকিরা আঘাত পেলেও প্রাণে বাঁচতে পেরেছেন।

    কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, জানতে চাইলে তিনি বলেন যে এটি আপাতদৃষ্টিতে সড়ক দুর্ঘটনা। তবে এখানে ওই মাইক্রোবাসটিকে অন্য কোনো যানবাহন এসে ধাক্কা দেয়নি।

    "চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলো। পরে এক পর্যায়ে গাড়টি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা খালে পড়ে যায়। যারা মারা গেছেন, তারা মূলত পানিতে ডুবে মারা গেছেন। ওই পাঁচজন বের হতে পারছিলেন শুধু।"

    পুলিশ ও নোয়াখালীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে জানা গেছে, ওই পরিবারটি তাদের ওমান প্রবাসী এক আত্মীয়কে আনতে ঢাকায় গিয়েছিলেন। কিন্তু ঢাকা থেকে তাদের বাড়ি লক্ষ্মীপুরে ফেরার পথে এই ঘটনা ঘটে।

  17. ভারতের উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ অন্তত ৫০ জন

    ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন।

    উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চার জন নিহত এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে প্রাথমিক তথ্য অনুসারে, "ঘটনায় ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।"

    সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহবিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে মনে করা হচ্ছে।

    দুর্যোগের ভিডিওতে দেখা গেছে যে বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে।

    স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানিয়েছেন যে তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

    সেনাবাহিনীর তথ্যমতে, ভূমিধস ও মেঘ ভাঙনের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মেঘ ভাঙন হলো অল্প সময়ের মধ্যে একটি ছোট এলাকায় হঠাৎ করেই বৃষ্টিপাত, যা প্রায়শই আকস্মিক বন্যার সৃষ্টি করে।

    এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ত্রাণ দল মোতায়েন করা হয়েছে।

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরও পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর পড়তে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে