বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটেছে:
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানের পর সেটির আর সংশোধনের সুযোগ থাকবে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে কোনো দল যদি এই অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন, সেক্ষেত্রে পরেও তারা স্বাক্ষর করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
- আট ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন, বরং আগুন ছড়িয়ে পড়ে অন্য তলাগুলোতেও। গোটা সাততলা ভবনই দাউ দাউ করে জ্বলতে থাকে। এ অবস্থায় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে ভবনের ভেতরে আর কেউ নেই, সেজন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিইপিজেড কর্তৃপক্ষ।
- জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
- উপদেষ্টা পরিষদের কয়েক জন সদস্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যাবে কি-না, সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
- সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার জাতীয় সংসদভবন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
- শুক্রবার স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের খসড়ার সঙ্গে পুরোপুরি একমত হতে না পারায় তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থি চারটি রাজনৈতিক দল। দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
- বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরও রয়েছেন।
- চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরই পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
- বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে মশাবাহিত রোগটির কারণে ২৪৩ জনের মৃত্যু হলো।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
- ঢাকার মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
বিবিসি বাংলার লাইভ পাতায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর জানতে ওয়েব সাইটের বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।