জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই, তবে পরেও থাকবে স্বাক্ষরের সুযোগ: আলী রীয়াজ

বাংলাদেশে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানা আগুন নিয়ন্ত্রণে আসেনি, ২০টি ইউনিট কাজ করছে। দিনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা ঘটেছে:

    • রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানের পর সেটির আর সংশোধনের সুযোগ থাকবে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে কোনো দল যদি এই অনুষ্ঠানে জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন, সেক্ষেত্রে পরেও তারা স্বাক্ষর করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
    • আট ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন, বরং আগুন ছড়িয়ে পড়ে অন্য তলাগুলোতেও। গোটা সাততলা ভবনই দাউ দাউ করে জ্বলতে থাকে। এ অবস্থায় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে ভবনের ভেতরে আর কেউ নেই, সেজন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সিইপিজেড কর্তৃপক্ষ।
    • জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
    • উপদেষ্টা পরিষদের কয়েক জন সদস্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যাবে কি-না, সেটি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
    • সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    • জুলাই সনদ স্বাক্ষরের জন্য শুক্রবার জাতীয় সংসদভবন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
    • শুক্রবার স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের খসড়ার সঙ্গে পুরোপুরি একমত হতে না পারায় তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থি চারটি রাজনৈতিক দল। দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
    • বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরও রয়েছেন।
    • চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরই পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে মশাবাহিত রোগটির কারণে ২৪৩ জনের মৃত্যু হলো।
    • রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।
    • ঢাকার মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর জানতে ওয়েব সাইটের বিবিসি বাংলার মূল পাতায় ক্লিক করুন।

  2. আগুন ছড়িয়ে পড়েছে পুরো ভবনে, ধসে পড়ার শঙ্কা

    গোটা সাততলা ভবনই এখন দাউ দাউ করে জ্বলছে

    ছবির উৎস, Shyamol Nandi

    ছবির ক্যাপশান, গোটা সাততলা ভবনই দাউ দাউ করে জ্বলছে

    আট ঘণ্টা পরেও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন, বরং আগুন ছড়িয়ে পড়েছে অন্য তলাগুলোতেও।

    গোটা সাততলা ভবনই এখন দাউ দাউ করে জ্বলছে। এ অবস্থায় ভবনটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

    আগুন আশপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ফলে পাশ্ববর্তী ভবনগুলো থেকেও সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

    এদিকে, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যোগ হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌবাহিনী মিলিয়ে বর্তমানে ২৩টি ইউনিট সেখানে কাজ করছে।

    কিন্তু আগুনের তীব্রতা আগের চেয়ে বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

    গোটা ভবনে আগুন ছড়িয়ে পড়ায় মাঝে মধ্যেই বিভিন্ন তলায় ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ অবস্থায় দূরে নিরাপদ স্থা্ন থেকেই পানি নিক্ষেপ করে আগুন নেভানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

    এদিকে, সিইপিজেড কর্তৃপক্ষ সাংবাদিকদের জানিয়েছে যে, আগুন লাগার পরপরই ভবনটিতে কর্মরত সব শ্রমিক-কর্মকর্তাকে নিরাপদে সরিয়ে ফেলা হয়েছে।

    বর্তমানে ভবনের ভেতরে আর কেউ নেই। সেজন্য কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

  3. কয়েকজন উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, অভিযোগ জামায়াত সেক্রেটারির

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

    ছবির উৎস, TV Screen Grab

    ছবির ক্যাপশান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

    উপদেষ্টা পরিষদের কয়েক জন সদস্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

    বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    "আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি (অধ্যাপক মুহাম্মদ ইউনূস) যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, দুই-একজন উপদেষ্টা আপনাকে চারিপাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানাভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। এর থেকে আপনি সাবধান থাকবেন, সতর্ক থাকবেন," বলেন মি. পরওয়ার।

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী যাবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, "আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি, তার যে প্রচেষ্টা অব্যাহত আছে, সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, তাহলে আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি, আমরা কালকে কী ভূমিকা রাখবো।"

  4. খালেদা জিয়া ও তারেক রহমানকে জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো ঐকমত্য কমিশন

    বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে দাওয়াতপত্র তুলে দেন ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা

    ছবির উৎস, BNP Media Cell

    জুলাই সনদ স্বাক্ষরের জন্য আগামীকাল জাতীয় সংসদভবন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

    বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে অনুষ্ঠানের দাওয়াতপত্র তুলে দেন।

    বর্তমানে বিএনপি চেয়ারপারসন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে গিয়েই তার হাতে দাওয়াতপত্র তুলে দেন ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা।

  5. জুলাই সনদের খসড়া আর সংশোধনের সুযোগ নেই, তবে পরেও থাকবে স্বাক্ষরের সুযোগ: আলী রীয়াজ

    জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ

    ছবির উৎস, BSS

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, আগামীকালের স্বাক্ষর অনুষ্ঠানের পর সেটির আর সংশোধনের সুযোগ থাকবে না বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

    তবে কোনো দল যদি আগামীকাল জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন, সেক্ষেত্রে পরেও তারা স্বাক্ষর করতে পারবেন বলে জানিয়েছেন তিনি।

    "আমাদের অবস্থানটা হচ্ছে, সবচেয়ে বেশি লোককে অংশগ্রহণ করানো। সেজন্যই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না," বিবিসি বাংলাকে বলছিলেন অধ্যাপক রীয়াজ।

    "আমরা বলছি যে, কোনো কারণে কেউ যদি আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারেন, তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন। তবে আমরা চাই, জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন," বলেন তিনি।

    এদিকে, তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। এ দফায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ১৫ দিন মেয়াদ বাড়ানো হয়েছে।

    "এটি বাড়ানো হয়েছে, কারণ আমরা এই মেয়াদকালের মধ্যে জুলাই সনদের সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে সরকারের কাছে সুপারিশ জমা দেবো। পাশাপাশি আমরা সরকারকে বলবো যেন কমিশনের এই মেয়াদ কার্যকর থাকা অবস্থাতেই তারা যেন জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়ন শুরু করে," বলেন অধ্যাপক রীয়াজ।

  6. জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত বামপন্থি চার দলের

    সিপিবি কার্যালয়ে চার দলের যৌথ সংবাদ সম্মেলন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, সিপিবি কার্যালয়ে চার দলের যৌথ সংবাদ সম্মেলন

    শুক্রবার স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের খসড়ার সঙ্গে পুরোপুরি একমত হতে না পারায় তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বামপন্থি চারটি রাজনৈতিক দল।

    দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্কসবাদী) এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

    বৃহস্পতিবার বিকেলে ঢাকার পুরনো পল্টনে অবস্থিত সিপিবি কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানিয়েছে।

    তারা দাবি করেছে, জুলাই সনদের প্রথম অংশে পটভূমিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপিত হয়নি।

    "সংবিধানের ১৫০ (২) অনুচ্ছেদে ক্রান্তিকালীন বিধানে ৬ষ্ঠ তফসিলে থাকা স্বাধীনতার ঘোষণা ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ এবং ৭ম তফসিলে থাকা ‘প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্স’ বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি, তা বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই থাকে না," সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

    তাছাড়া জুলাই সনদের অঙ্গীকারনামায় ‘জুলাই সনদ নিয়ে কেউ আদালতের শরণাপন্ন হতে পারবে না’ বলে যে কথা উল্লেখ করা হয়েছে, সেটি নাগরিকের "মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী" বলে মনে করে দলগুলো।

    এ অবস্থায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সেটাতে সংশোধন আনার দাবি জানিয়েছে দলগুলো।

  7. ডেঙ্গুজ্বরে আরও এক জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৫ জন

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে
    ছবির ক্যাপশান, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে মশাবাহিত রোগটির কারণে ২৪৩ জনের মৃত্যু হলো।

    গত একদিনে ঢাকাসহ বিভিন্ন জেলায়ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে গত ১০ মাসে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল গত সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৬৬ জন।

  8. পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কারখানার আগুন, দাউ দাউ করে জ্বলছে ভবন

    কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে

    ছবির উৎস, Shyamol Nandi

    আগুন লাগার পর পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন।

    সন্ধ্যা সাতটার দিকেও কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

    এ অবস্থায় ফায়ার সার্ভিসের ১৫টির সঙ্গে নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সবমিলিয়ে এখন ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    সাততলা ভবনটির ওপরের তলাটি কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

    সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

    তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

    আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে দুই ডজনের মতো ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

  9. রাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল ও শিবিরের প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ

    রাকসু নির্বাচনের ভোটারদের লাইন

    ছবির উৎস, TV Screen Grab

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

    এর মধ্যে ছাত্রদল সমর্থিত 'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবির অভিযোগ করেছেন, ভোট চলাকালে বহিরাগতদের ক্যাম্পাসে এনে অস্ত্রমজুত করে সাধারণ ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন করেছে শিবিরের নেতারা।

    এছাড়া নির্বাচনে জাল ভোট দেওয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

    বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মি. আবির।

    অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা অভিযোগ করেছেন যে, ছাত্রদলের নেতারা 'পরিকল্পিতভাবে' তাদের বিরুদ্ধে অনলাইনে নানান ধরনের গুজব ছড়াচ্ছেন।

    বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত বিএনপি নেতাকর্মীদের আনার অভিযোগও তুলেছেন তিনি।

    এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।

    যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এমন অভিযোগ অস্বীকার করেছেন।

    এদিকে, রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পক্ষ অস্ত্রের মহড়া দিচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হচ্ছে, সেটির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে পুলিশ।

    বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

    উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ছয়টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

  10. মিরপুরে গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের সাত সদস্যের কমিটি গঠন

    আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় অনেকেই স্বজনের মরদেহ শনাক্ত করতে পারছেন না

    ছবির উৎস, AFP via Getty Images

    ঢাকার মিরপুরে গার্মেন্টস ও রাসায়নিক গুদামে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

    বৃহস্পতিবার বাহিনীটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে এই কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির অন্য সদস্যদের মধ্যে বুয়েটের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খানও রয়েছেন।

    অগ্নিকাণ্ডের প্রকৃত কারণসহ বিভিন্ন বিষয় তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

    এর আগে, গত বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

    আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

    গত মঙ্গলবারের ওই আগুনের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে কারখানা ও গোডাউনের মালিকরা পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  11. চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস

    চট্টগ্রাম ইপিজেডে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে, বলছে ফায়ার সার্ভিস

    ছবির উৎস, Shyamol Nandi

    চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি কারখানায় আগুন লেগেছে। সাততলা ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

    বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

    তবে ভেতরে সুতা ও তুলা জাতীয় উপকরণ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে। ইতোমধ্যেই কারখানায় কর্মরত দুই ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

    তবে কারখানার ভেতরে আর কেউ আটকে পড়েছেন কি-না, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা।

    কীভাবে আগুন লাগলো, সেটিও এখনও নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

  12. শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন

    শেখ হাসিনা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শেখ হাসিনা, ফাইল ছবি

    জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

    বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সামনে যুক্তিতর্ক উপস্থাপন শেষে শাস্তি হিসেবে ওই দুইজনের মৃত্যুদণ্ডের দাবি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

    এসময় মামলার পলাতক আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় চান।

    সেটি আমলে নিয়ে আগামী সোমবার থেকে যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

    এদিকে, মামলার অপর অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। সেজন্য তার শাস্তির ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সুপারিশ না রেখে বিষয়টি ট্রাইব্যুনালের বিচারকদের হাতে ছেড়ে দিয়েছে প্রসিকিউশন টিম।

  13. পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে: মির্জা ফখরুল

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়ে টেবিলে হাত রেখে মাইকের সামনে কথা বলছেন, পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন

    ছবির উৎস, BNP

    ছবির ক্যাপশান, ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সমাবেশে বক্তব্য দের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সংখ্যানুপাতিক ভোট বা পিআর পদ্ধতির ভোট কেউ বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, “কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। পিআর বোঝে না কেউ। ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে?”

    ঠাকুরগাঁওয়ে বিএনপির এক সমাবেশে তিনি আজ এই কথা বলেন।

    মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে “দুর্বল সরকার” অভিহিত করে তিনি বলেন, “তাকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন করতে না পারে। জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নাই। আপস হবো না। পিআর টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে৷”

    দাবি-দাওয়া নিয়ে নির্বাচিত সংসদে আলোচনা হবে–– এই মন্তব্য করে তিনি বলেন, “মারামারি আর করতে চাই না, প্রাণ দিতে হবে না শিশুদের। রাজধানীতে যাওয়া যায় না, আন্দোলন আর আন্দোলন।“

  14. ওবায়দুল কাদেরের ভাইসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

    আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়
    ছবির ক্যাপশান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়

    বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরও রয়েছেন।

    গতকাল ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

    তবে ঠিক কোন অভিযোগ বা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেটি এখনও স্পষ্ট করেননি কর্মকর্তারা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।

  15. এখন থেকে ছাত্রছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

    শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

    ছবির উৎস, bss

    ছবির ক্যাপশান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

    চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য নম্বরই পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। এখন থেকে ছাত্র-ছাত্রীরা যেটুকু খাতায় লিখবে, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হবে এবং কাউকে বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হবে না, বলেছেন তিনি।

    আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নই শিক্ষা বোর্ডগুলোর মূল উদ্দেশ্য হওয়া উচিত। ফলাফল মানে শুধু পরিসংখ্যান নয়; এটি পরিবারের আশা, পরিশ্রম ও শিক্ষার্থীর ভবিষ্যতের গল্প।

    এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনেককেই বিস্মিত করেছে, পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা আগের বছরের তুলনায় কম। "এর উত্তর জটিল নয়, অস্বস্তিকর" বলে মন্তব্য করেছেন মি. আবরার।

    তিনি বলেন, "দেশের শিক্ষার মূল সংকট প্রাথমিক স্তর থেকেই শুরু হয়। সেই ঘাটতি বছরের পর বছর জমা হয়। দীর্ঘদিন আমরা সেই বাস্তবতার মুখোমুখি হইনি। আমরা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছি যেখানে সংখ্যাই সত্য হয়ে উঠেছে। পাশের হার সেখানে সাফল্যের প্রতীক, আর জিপিএ-৫ এর সংখ্যা তৃপ্তির মানদণ্ড।"

    "ভালো ফলাফল দেখাতে গিয়ে আমরা অজান্তেই শেখার প্রকৃত সংকট আড়াল করেছি। সেই সংস্কৃতির পরিবর্তন চাই। আমি চাই, শিক্ষা ব্যবস্থা আবারও বাস্তবতাকে প্রতিফলিত করুক।"

    উপদেষ্টা বলেন, "সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছি ভবিষ্যতে বিশেষ করে এইচএসসি পরীক্ষার মূল্যায়নে, সীমান্তরেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখতে। একই সঙ্গে ফলাফলের বাস্তবতা বিকৃত যেন না হয় তা খেয়াল রাখতে।"

    প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার স্বতন্ত্র পর্যালোচনা প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদের নিয়ে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে যারা তথ্য বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবে, জানান শিক্ষা উপদেষ্টা।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে